বঙ্গবন্ধুর ফিরবার পথে যত ফুল ও কাঁটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসা l ছবি: ম. আ. পলাশ
ভালোবাসা l ছবি: ম. আ. পলাশ

ফিরে এলে বঙ্গবন্ধু আজ দুঃখই পেতেন। দেখতে পেতেন, তাঁর মুখ ঢেকে গেছে অজস্র উঠতি নেতার বিজ্ঞাপনে। তাঁরই নামে, তাঁরই দলের লোকেরা তাঁকে ঢেকে ফেলছেন লজ্জাহীন পোস্টারে পোস্টারে। সেখানে তাঁর বলিষ্ঠ পিতৃসুলভ মুখ যেন জড়সড়, তাঁর জন্য জায়গা কম। তাঁকে ঢেকে দিয়ে প্রকটভাবে মুখ বাড়িয়ে আছেন নবীন লীগাররা। শোকের শক্তিকে তাঁরা আত্মপ্রচারের বাণিজ্য মেলা বানিয়ে ছেড়েছেন।
শোককে তাঁরা বদলে ফেলেছেন হট্টগোলের উৎসবে আর বিরিয়ানি ভক্ষণে। বঙ্গবন্ধু ফিরে এলে আজ দেখতে পেতেন, তাঁর স্মৃতি, তাঁর কণ্ঠ, তাঁর প্রয়াণের আবহ এইসব শোকসভার বাইরেই বরং বেশি সৎ ও শুদ্ধ। মফস্বলের যে মধ্যবয়সী ভদ্রলোক পঁচিশ বছর আগে বাড়ির সামনের মাঠে ভাড়া করা ভিসিআরে সাতই মার্চের ভাষণ শোনাতেন প্রতিবেশীদের, তিনি এই পনেরোই আগস্টে কোথাও যাননি, কিছুই করেননি! সেটা ছিল বিএনপির আমল, জায়গাটা ছিল মুজিববিরোধীদের দুর্গ। তা সত্ত্বেও শোকের যে আগুন সেসব মানুষকে পোড়াত, আজ চারপাশে তার প্রকাশ বিরল। রাজধানীর কথা জানি, সংসদ ভবন চত্বরে বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কিংবা বনানী কবরস্থান ছাড়া সাধারণ নাগরিকদের শোকার্ত জমায়েতের সুযোগ তেমন ছিল না। পাড়ার যেসব নেতা-কর্মীকে ভয় পেতে হয়, তাঁরাই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজনের সর্বেসর্বা। মঞ্চে তাঁরা, দর্শকসারিতেও তাঁরা, পোস্টার-ব্যানারেও তাঁরা।
বঙ্গবন্ধুকে নিয়ে পনেরোই আগস্টের পোস্টারের বিবর্তনও দেখার মতো। একসময় পনেরোই আগস্টের পোস্টারে কেবলই বঙ্গবন্ধুর মুখচ্ছবি শোভা পেত। সাদা-কালো কিংবা কালো ও লালে ছাপানো পোস্টারে লেখা থাকত শোক ও স্মরণের বাণী, কিংবা দুই চরণ কবিতা। হাহাকার আর প্রতিবাদের গম্ভীর শপথ সেসব পোস্টারে জোরালো ছিল। এরপর এল বঙ্গবন্ধুর পোস্টারের ওপরে বা নিচে তাঁর কন্যা শেখ হাসিনার ছবি। এ পর্যন্ত ঠিকই ছিল। পিতা ও তাঁর রাজনৈতিক উত্তরসূরি একত্রেই তো বিরাজ করবেন। তবে দিনে দিনে পোস্টারের মুখের সংখ্যা বাড়তে থাকল। শেখ হাসিনার পাশে বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয়ও এলেন। এখানেই থেমে থাকল না। এলাকার হবু নেতা তাঁর নেতার নামে পোস্টার করছেন। উপলক্ষ জাতীয় শোক দিবস। কিন্তু শুধু আঞ্চলিক কমিটির নেতাকে রাখলে হচ্ছে না, জেলা পর্যায়ের নেতার ছবিও রাখতে হচ্ছে। আর সাংসদকে ছাড়া চলে কী করে? তাহলে গুনুন তো, কতজন হলো? বঙ্গবন্ধু বাদে বঙ্গবন্ধুর পোস্টারে চলে এলেন আরও সাতজন! এই সাতজনের ছবি যেন দূর থেকেও বোঝা যায়, তাই মুখগুলো বড় করে দিতে হলো। স্লোগান, আহ্বান, বাণীও থাকল—যদিও বেশির ভাগই দুর্বল ও ভুল ভাষায়। এই সাতজন এবং তাঁদের জগাখিচুড়ি বচনের ভিড়ে বঙ্গবন্ধুর মুখ দিনে দিনে ছোট হতে থাকল। তিনি আর শোক দিবসের লক্ষ্য থাকলেন না, হয়ে পড়লেন উপলক্ষ।
পনেরোই আগস্টের ক্ষণগণনা শুরু হয় ১৪ আগস্ট মধ্যরাতের পর থেকেই। তখন থেকেই সবখানে বাজতে থাকে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্মবোধক গান। সকাল থেকে বাসে করে দলের লোকজন বিভিন্ন দিকে ছুটতে থাকে। এসব দলযানেও বিকট শব্দে মাইক বাজে। শুরু হয় চলমান হট্টগোল। কেউ কেউবা বাস বা ট্রাকের মধ্যে নেচে–কুদে শোক প্রকাশ করে। এত সব রগড় আর এলোমেলো আওয়াজে বঙ্গবন্ধুর ভাষণের মহাকাব্যিক আবেদনটা ফিকে হতে বাধ্য। তার মধ্যে হঠাৎ হঠাৎ বাজে চটুল হিন্দি গান। বঙ্গবন্ধু লজ্জায় মুখ লুকান।
মৃত্যুর পরের চল্লিশ দিনের শোকের রেওয়াজ মুসলমানদের মধ্যে আছে। একে বলে শোকচল্লিশা। চল্লিশার দিন মানুষ খাইয়ে শোক পেরিয়ে স্বাভাবিক জীবন শুরু হয়। কিন্তু বঙ্গবন্ধু মৃত্যুর পরের চল্লিশ বছরেও যথাযথ শোক পেলেন না। তাঁর নাম নেওয়ায় বাধা ছিল। শোকের উদ্যাপনে স্বস্তি ছিল না। একদা রাষ্ট্রীয় ইতিহাসে, দরবারি বয়ানে তিনি সুপ্রতিষ্ঠিত ছিলেন না। সেই চাপিয়ে দেওয়া ইতিহাসের বিরুদ্ধে ছিল কেবল জনমানুষের স্মৃতি। সেই যৌথ স্মৃতির মধ্যে জারি থাকল তাঁর দ্বিতীয় জীবন। স্মৃতি কখনো-সখনো ইতিহাসের ভ্রান্তিনাশকের কাজ করে।
শোক ও বিষণ্নতাকে আলাদা ভাবতেন মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড। শোকের মাধ্যমে মানুষ প্রিয়জনকে বিদায় দিয়ে একপর্যায়ে শান্ত হয়। কিন্তু যাঁর জন্য শোক করা যায়নি, যাঁর প্রয়াণের শূন্যতার আসল ক্ষতি কী, সে বিষয়ে যখন জাতীয়ভাবে উপলব্ধি জন্মায়নি, তখন তিনি হয়ে ওঠেন ট্র্যাজিক আর তাঁর প্রতি ভালোবাসা হয় বিষণ্ন। বিপর্যয় থেকে স্বাভাবিকতায় ফেরার জন্যই শোকের কান্নাটা জরুরি। তাঁর হত্যাকারীদের বিচার এবং রাষ্ট্রীয় শোক দিবস প্রচলনের মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিষাদের ব্যাধি থেকে শোকের সুস্থতায় ফিরতে পারল। তাতেও যথার্থ শোক হতে পারল না। তাঁর দলের শোকসভায় জনমানুষের স্থান নেই। রাজনৈতিক দুর্বৃত্তরা সেসব সভায় গদিনসিন। তাঁদের শোক মেকি মনে হয়। মনে হয়, এঁদের মধ্যেই তো ছিল খোন্দকার মোশতাক! তাই বঙ্গবন্ধুর স্মরণ আবারও বিষণ্নতায় পর্যবসিত হলো। এদিকে শুরু হলো শোকের দেখনদারি। পনেরোই আগস্টে ৩২ নম্বরে গিয়ে ফেসবুকে সেলফি দিয়ে ঊর্ধ্বতনদের খুশি করা, শোকসভায় বেমানান আচরণ, শোক মিছিলের সংঘাতে একজনের মৃত্যু—ইত্যাকার মেকি ফুলঝুরিতে শোকের পবিত্র সৌন্দর্য নষ্ট হয়। বঙ্গবন্ধু এভাবে আবার বন্দী হয়ে পড়তে থাকেন একদল উৎকট স্তাবকের ঘেরাটোপে। শোক এখন আর তাঁদের শক্তি নয়, এই শোক এখন তাঁদের রাজনৈতিক প্রতিষ্ঠার পুঁজি।

আত্মপ্রচারে ঢাকা পড়া বঙ্গবন্ধু l ছবি: প্রথম আলো
আত্মপ্রচারে ঢাকা পড়া বঙ্গবন্ধু l ছবি: প্রথম আলো

কিন্তু এটাই শেষ কথা নয়। নতুন বাংলাদেশের নতুন তরুণদের মধ্যে তিনি আবার জেগে উঠছেন। ফিরে এলে তিনি দেখতে পেতেন, ফেসবুক থেকে শুরু করে ব্যক্তিগত স্তরে এই তরুণেরা তাঁকে বড় আকারে ফিরিয়ে আনছেন। লোকের অন্তরে তাঁর অদৃষ্টপূর্ব পুনরুত্থান ঘটেছে। ইতিহাসে তাঁর স্থান নিয়ে বিতর্ক থেমে এসেছে। বাঙালির অবিসংবাদিত নেতার আসন সর্বাংশেই তাঁর; এ নিয়ে আর দ্বিধা নেই। অপর বাংলাতেও তিনি সুভাষ বসুর মতোই শ্রদ্ধাভাজন। বাঙালি তরুণেরা জাতীয় আইকন হিসেবে বিশ্বের সামনে তাঁর নাম গর্বের সঙ্গে উচ্চারণ করছে। তাঁর প্রতিষ্ঠা করা দলের বিরুদ্ধেও যাঁরা, তাঁরাও তাঁকে খাটো করবার সাহস পান না। যেসব শঠ ব্যক্তি তাঁকে স্বভূমে পরবাসী রাখতে চেয়েছিলেন, তাঁদের বিষোদ্গারে মানুষ আর কান পাতে না।
ফিরে এলে বঙ্গবন্ধু দেখতে পেতেন, নতুন শতাব্দীর বিশ্বায়িত মঞ্চেও তিনি আছেন। এই দুনিয়ায় এখন বানোয়াট মহামানবদের রমরমা। মিডিয়া ও বিজ্ঞাপন মোহনীয় আঠা দিয়ে তাঁদের ছবি জনতার চোখে সেঁটে দেয়। সেসব ডিঙিয়ে অবলীলায় উঠে আসেন গত শতকের এই দীর্ঘদেহী নেতা। লাতিন আমেরিকার মুক্তিদাতা সিমন দা বলিভারকে দেড় শ বছর পর ফিরিয়ে এনেছেন বিপ্লবী প্রেসিডেন্ট শাভেজ ও মোরালেস। বঙ্গবন্ধুও সামনের দিনে আরও বড় ও প্রতিবাদী ভাবমূর্তিতে আসতে থাকবেন। বাংলাদেশ যখনই ভেতর ও বাহির থেকে অস্তিত্বের হুমকিতে পড়বে, তখনই বঙ্গবন্ধুর উঁচানো তর্জনীর ডাকের কথা মনে পড়বে।
মৃত্যুর কিছুদিন আগে তাঁর এক কর্মীকে বলেছিলেন বঙ্গবন্ধু, তাঁর কবর যেন হয় কোনো বাঁশবাগানের ছায়াঘেরা নির্জন স্থানে। যেখানে সোনালি ধানের সুবাস ভেসে আসবে, পাখির কূজন শোনা যাবে। বঙ্গবন্ধুর নামে যাঁরা শোকের প্রদর্শনে রাজনৈতিক ক্যারিয়ার গড়ছেন, গণবিরোধী মূর্তি ঢাকতে বঙ্গবন্ধুর ভাব ব্যবহার করছেন, বঙ্গবন্ধু যেন তাঁদের শাসাতেই আঙুল উঁচিয়ে বলে চলেছেন, ‘আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কী অন্যায় করেছিলাম?’
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
[email protected]