বছরটি ছিল প্রতিরোধের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

তারা কোনোভাবেই মানতে পারছিল না যে ট্রাম্প তাদের প্রেসিডেন্ট। তাদের কেবল একটাই সান্ত্বনা ছিল তাদের যে ওবামার অভিষেকের অনুষ্ঠানের মতো ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে এত মানুষ হয়নি। সেদিনের মতো রাস্তায় এত ভিড় ছিল না। সবাই কোনো অসুবিধা ছাড়াই হাঁটাচলা করতে পেরেছে।

এমন আনন্দহীন একটি দিনে কিছু ঘটনা অবশ্য আশার আলো ছড়ায়। ওই দিন শিকাগো থেকে আসা সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি ফ্লাইটের কেবিনগুলোতে গোলাপি আলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কারণ ওই ফ্লাইটের সবাই নারীদের সমাবেশে অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। ট্রেনগুলো নারী যাত্রীতে পূর্ণ ছিল, বাসগুলোও ছিল নারী যাত্রীতে পরিপূর্ণ এবং জানুয়ারির ২১ তারিখও একই রকম পরিস্থিতি ছিল। ট্রাম্পবিরোধী হাজার হাজার বিক্ষোভকারী শহরের মধ্যে ঢুকে পড়েছিল। তবে শুধু ওয়াশিংটনেই নয়, যুক্তরাষ্ট্রজুড়েই লাখ লাখ মানুষ ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। তখনই বোঝা গিয়েছিল এই প্রতিরোধ অব্যাহত থাকবে।

এ রকম ভয়ানক ও কদাকার একটি বছরের অবসান হতে যাচ্ছে। তবে এই প্রতিরোধ আমাদের মনে আশাও জাগিয়েছে। ইন্ডিভিজিবল নামে একটি প্রতিরোধ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন, ‘এক বছর আগে আমরা ভয় পেয়েছিলাম যে নতুন প্রশাসন এবং কংগ্রেস খুব দ্রুতই বড় বড় কাজ করতে যাচ্ছে’ এবং তখন এটা স্পষ্ট ছিল না যে মনোবলহীন ডেমোক্র্যাটরাও কর্তৃত্ববাদের বিরুদ্ধে তাদের অবস্থান ধরে রাখার চেষ্টা করবে।’ লেভিন আরও বলেন, ‘ট্রাম্পের সমর্থকেরা যখন এখানে জাপানি শিবির পুনর্নির্মাণের ব্যাপারে ইতিবাচক কথাবার্তা বলছিল, তখন একই সময়ে ডেমোক্র্যাটরাও বলে যে তারা শিবিরের অবকাঠামো গঠনের ব্যাপারে ট্রাম্পের সঙ্গে কাজ করবে।’

যখন ট্রাম্প সাত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আসা নিষিদ্ধ করেন, তখন হাজার হাজার মানুষ প্রধান প্রধান শহরগুলোর বিমানবন্দরে জমায়েত হয় প্রতিবাদ জানাতে, আর নারীরা ছিলেন অগ্রভাগে। (গত ফেব্রুয়ারি মাসে একজন ফেডারেল বিচারক ট্রাম্পের এই আদেশ স্থগিত করেন) যখন ডেমোক্রেটিক নেতা, নিউইয়র্কের সিনেটর চাক শুমার নতুন প্রেসিডেন্টের সঙ্গে একো চুক্তি করতে যান, তখন ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীরা বারবার তার ব্রুকলিনের অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এমনকি প্রচণ্ড শীতের মধ্যেও তাঁরা বিক্ষোভ দেখান। যতক্ষণ চাক শুমার বিক্ষোভকারীদের দাবি না মেনেছেন, ততক্ষণ তাঁরা বিক্ষোভ অব্যাহত রাখেন।

ফেব্রুয়ারি মাসজুড়ে ক্ষুব্ধ নাগরিকেরা বিক্ষোভ দেখিয়েছে। ইন্ডিভিজিবল, মুভ অন ও ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির মতো আন্দোলনরত গোষ্ঠীগুলোর আয়োজনে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচিতে তারা অংশ নেয়। তারা সাশ্রয়ী মূল্যের ওবামা কেয়ার অ্যাক্ট রক্ষা করার দাবিতে কংগ্রেসনাল টাউন হলে সমবেত হয়ে বিক্ষোভ দেখায়। ট্রাম্পের তৎপরতা দেখে মনে হচ্ছিল জানুয়ারিতেই এই অ্যাক্ট বাতিল হবে। কিন্তু তা হয়নি। জুলাই মাসে আবার বাতিলের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তখনো তা ব্যর্থ হয়। একই রকমভাবে সেপ্টেম্বর মাসের একটি উদ্যোগও ব্যর্থ হয়।

আমি গণজাগরণের এই বিষয়টিকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারতাম না যদি আমি এপ্রিল মাসে জর্জিয়ায় না যেতাম। সেখানে তখন প্রতিনিধি পরিষদে টম প্রাইসের ছেড়ে যাওয়া আসনে বিশেষ নির্বাচন হচ্ছিল। টম প্রাইস ট্রাম্পের স্বাস্থ্য ও মানবসেবা সচিব হয়েছিলেন। (ট্রাম্পের অন্য কর্মকর্তাদের মতো তিনি অবমাননার শিকার হয়ে পদত্যাগ করেছেন) এই নির্বাচনের খবরাখবর সংগ্রহ করতে আমি সেখানে যাই। নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জন ওসফ হেরে যান। তবে ওই এলাকার রাজনীতিতে জড়িত নয় এমন সব নারীদের শক্তি ও স্পৃহা দেখে আমি অবাক হয়ে যাই। ট্রাম্পের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তাঁরা নিজেদের স্থানীয় রাজনীতিতে জড়ান। যে রাতে অসফ হেরে যান, সে রাতে এ রকম কয়েকজন নারীর দেখা পাই আমি। আমি দেখলাম তাঁরা হতাশ হওয়ার পরিবর্তে আগামী নির্বাচনের প্রচারাভিযানের পরিকল্পনা করছেন। চলতি ডিসেম্বর মাসে রাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর জেন জর্ডানকে তাঁরা জেতাতে সাহায্য করেন।

প্রকৃতপক্ষে এ বছর যেমন ডেমোক্র্যাটরা দেশজুড়ে জয়ী হয়েছেন, তেমনি ট্রাম্পের প্রতি সমর্থন ক্রমেই কমেছে। প্রগতিশীল ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টি ২০১৭ সালে ১ হাজার ৩৬ জন প্রার্থীকে সমর্থন করেছে, তাঁদের প্রায় দুই-তৃতীয়াংশ জিতেছে। ভার্জিনিয়ায় ডেমোক্র্যাটরা বিপুল ভোটে বিজয় পেয়েছেন এবং আলাবামায় সিনেটের একটি আসনের বিশেষ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বিজয়ী হয়েছেন।

৮ ডিসেম্বর ফ্লোরিডা অঙ্গরাজ্যের পেনসাকোলায় এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প সিনেটের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রয় মুরকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এই মুরের বিরুদ্ধে অল্প বয়সী মেয়েদের সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগ রয়েছে। ট্রাম্প ওই সমাবেশে যেসব নাগিরক তাঁর প্রশাসনের বিরোধী, তাঁদের ব্যঙ্গ করে বলেন, প্রতিরোধ আর প্রতিরোধ। তিনি চিৎকার করে বলেন, যাঁরা এসব করছেন, তাঁরা আমেরিকার জনগণের ইচ্ছাকে প্রতিরোধ করছেন।

আমেরিকার বেশির ভাগ জনগণের ইচ্ছায় ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন। তা সত্ত্বেও সাম্প্রতিক এক জরিপে দেখা যায় যে ৫৩ শতাংশ ভোটার তাঁর পদত্যাগ চান। প্রতিরোধের কারণে ট্রাম্পের কর্মসূচিগুলোর বাস্তবায়নের গতি ধীর হলেও থামানো যায়নি। দেখেশুনে মনে হচ্ছে রিপাবলিকানরা তাদের কর বিলটি পাস করতে পারে, যা অসাম্যকে আরও বাড়িয়ে তুলবে এবং ট্রাম্প ও তাঁর সন্তানদের সমৃদ্ধ করার পাশাপাশি সাশ্রয়ী মূল্যের কেয়ার অ্যাক্টকে ক্ষতিগ্রস্ত করবে। সুপ্রিম কোর্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার তৃতীয় সংস্করণ কার্যকর করতে অনুমতি দিয়েছেন। তাঁর প্রশাসন এফবিআই ও ইপিএর মতো সংস্থাগুলোর সংস্থার পেশাদার কর্মীদের আক্রমণের লক্ষ্যবস্তু করছে।

প্রেসিডেন্ট ট্রাম্প একবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, যদি তাঁর পতন ঘটে তাহলে তিনি রিপাবলিকান পার্টিকে তাঁর সঙ্গে নিয়ে যাবেন। প্রতিরোধকে ধন্যবাদ, এখনো ট্রাম্পের সে সুযোগ আছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস, অনুবাদ: রোকেয়া রহমান।

মিশেল গোল্ডবার্গ: মার্কিন সাংবাদিক ও লেখক।