বঞ্চিতদের পদোন্নতি এবং এ নিয়ে কিছু কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

অতি সম্প্রতি সরকার ৮৫ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে। এর তিন দিনের মধ্যেই ৭৩ ও ৭১ জন উপসচিব ও সিনিয়র সহকারী সচিবকে পদোন্নতি দেওয়া হয়েছে যথাক্রমে যুগ্ম সচিব ও উপসচিব পদে। বলা হচ্ছে, আগে তাঁরা বঞ্চিত হয়েছিলেন। কাউকে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চনা অযাচিত। এ ধরনের বঞ্চনার সমাধান প্রশংসনীয়। তবে কীভাবে এ বঞ্চনার ঘটনা ঘটল আর এই প্রতিকারের পথটিই বা কী নেওয়া হলো—এ বিষয়ে কিছু আলোচনা প্রাসঙ্গিক।
যদি ওই কর্মকর্তারা আগের দফায় পদোন্নতির সময়ে অন্যদের ন্যায় যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হন, তাহলে তা অন্যায্য হয়েছে। এ ক্ষেত্রে স্বাভাবিকভাবে মনে করা হয় রাজনৈতিক বিবেচনা থেকে এমনটা করা হয়েছিল। আর এরূপ হয়ে আসছে প্রায় আড়াই দশক। মাত্রার হেরফের হতে পারে। তবে দুটো প্রধান দলের সরকারগুলোর সময়কালে এমনটাই ঘটে চলছে। তাহলে কি আমরা ধরে নেব এ বঞ্চনার ইতি টেনে সরকার জনপ্রশাসনকে একটি সবুজ বার্তা দিল? তবে জানা যায়, এবারেও বঞ্চিত হয়েছেন কেউ কেউ। তবে তাঁদের প্রয়োজনীয় যোগ্যতা ছিল কি না, এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। দেখা দরকার কী প্রক্রিয়ায় এ সমাধান করা হলো।
ঢাকার একটি ইংরেজি দৈনিকের তথ্যানুযায়ী এ পদোন্নতির ফলে সরকারের অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২। অথচ অনুমোদিত পদ ১২০টি। ঠিক তেমনি ৩৫০ ও ৮৩০টি যুগ্ম সচিব ও উপসচিব পদের বিপরীতে পদোন্নতির আগে ছিলেন যথাক্রমে ৮৮২ ও ১২৯৮ জন কর্মকর্তা। পদোন্নতি পাওয়া অতিরিক্ত সচিবদের অনেকেই বর্তমান পদে কাজ করতে থাকবেন—এমনটা বলছে সরকারি সূত্র। তবে যেটি বলা হয়নি তা হলো, ১২০টি অনুমোদিত পদের বিপরীতে এই পদোন্নতির আগেই ৩৬৭ জন অতিরিক্ত সচিব নিয়োজিত ছিলেন। তাঁদের দুই শতাধিক যে নির্ধারিত পদে কর্মরত ছিলেন না, এটা তো পাটিগণিতের হিসাব। কেউ নিম্ন পদে, বেশ কয়েকজন বেমানান প্রেষণ পদে রয়েছেন। কজন তো ওএসডিও আছেন। রুলস অব বিজনেস অনুসারে সচিবালয়ে অনুবিভাগের প্রধান থাকবেন অতিরিক্ত কিংবা যুগ্ম সচিব। এখন প্রায় সব অনুবিভাগই অতিরিক্ত সচিবদের নিয়ন্ত্রণে। তাতেও পদের সংকুলান হচ্ছে না। যুগ্ম সচিবরা অনেকেই উপসচিবের অধিশাখার দায়িত্ব পেয়েছেন অনুবিভাগ নামে। কোথাও বা সেই যুগ্ম সচিবরা অতিরিক্ত সচিবের মাধ্যমেই নথি পেশ করেন। সে ক্ষেত্রে তাঁকে অনুবিভাগপ্রধানও বলা যাবে না।
প্রকৃতপক্ষে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবেরা সচিবালয় প্রশাসনের অনেকটা মেরুদণ্ডের মতো। তাঁরা গুটিকয় ক্ষেত্র ব্যতীত সরাসরি মন্ত্রীর কাছে নথি উপস্থাপন করতে পারেন। সে মেরুদণ্ডের আকৃতি স্বাভাবিকের চেয়ে বড় হয়ে গেলে কী হয়, তা সবাই বোঝেন। এ প্রসঙ্গে আর আলোচনা নিষ্প্রয়োজন। উপসচিবেরা তো বলতে গেলে শাখার দায়িত্ব পালন করছেন। এ হ-য-ব-র-ল অবস্থাটা সাম্প্রতিক কালের নয়। ২০০৬-এর শেষে চারদলীয় জোট সরকার ক্ষমতা ছাড়ার ঠিক আগে কোনো পদ ছাড়াই দুই শতাধিক কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয়। এখন এটা ষোলোকলায় পূর্ণ হতে যাচ্ছে। অবশ্য এটা বলা প্রয়োজন যে, সেই পদোন্নতিপ্রত্যাশীরা যদি সত্যি আগে বঞ্চিত হয়ে থাকেন, তা দেওয়াই সংগত। কিন্তু এর ফলাফল বিশ্লেষণ করে ভবিষ্যৎ পদোন্নতির জন্য হাত দেওয়া যথার্থ হবে।
পিরামিড আকৃতির প্রশাসন নিচ থেকে ওপরের দিকে ক্রমান্বয়ে সরু হয়ে আসবে। শীর্ষে থাকবে একটি বিন্দু। চাকরিতে যোগ দিলে পদোন্নতির প্রত্যাশা সবাই করেন। তবে সব দেশেই সরকার পদ সৃষ্টি করে জনস্বার্থে। আমরাও এ নিয়মের বাইরে নই। ঠিক তেমনি পদোন্নতি দেওয়ার কথা একটি নির্ধারিত শূন্য বা শিগগিরই সম্ভাব্য শূন্য পদের বিপরীতে। যাঁর প্রত্যাশা যেখানেই থাকুক, এখানে সরকারের প্রয়োজনীয়তা তথা জনস্বার্থই একমাত্র বিবেচ্য বিষয়। কারও মানমর্যাদার বিষয় এখানে একটি ক্ষুদ্র উপাদান বটে। উচ্চতর পদে গেলে তাঁর সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। এটা অস্বীকার করা যায় না। কর্মস্পৃহাও বাড়তে পারে। তবে তা যাবেন যে কজনের চাহিদা সরকারের রয়েছে, তাঁরাই। এ ক্ষেত্রে বাছাই-প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও নৈর্ব্যক্তিক। তা করা গেলে যাঁরা পদোন্নতির তালিকায় আসবেন না, তাঁদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হবে না।
আর দীর্ঘদিন আলোচিত এ সরকারের সময়কালে খসড়া সিভিল সার্ভিস আইনে তো উপসচিব আর যুগ্ম সচিব পদে পিএসসির মাধ্যমে পরীক্ষা নিয়ে পদোন্নতির প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে ভিন্ন নামে আবার বর্তমান নিয়মাবলি জোরদার করতেই আরেকটি খসড়া ঝুলন্ত আছে। এতে ঈপ্সিত ফল লাভ হবে না। একটি নিরপেক্ষ সংস্থার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনায় রেখে শূন্য পদের বিপরীতে উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়, তবে সমস্যাটি ধীরে ধীরে কেটে যেতে পারে।
যখনই পরীক্ষার মাধ্যমে পদোন্নতির কথা বলা হয়, তখন আগের বা চলমান নজির টানেন এখনকার পদোন্নতিপ্রত্যাশী কর্মকর্তারা। তাঁরা বলতে চান, আগের কর্মকর্তারা তো কোনো পরীক্ষা ছাড়াই পদোন্নতি পেয়েছেন। এখনো তাই হওয়া সংগত। কিন্তু সবারই অনুধাবন করা যৌক্তিক, দীর্ঘকাল প্রশাসনে এ ধরনের অসামঞ্জস্যপূর্ণ পদবিন্যাস এর ভিত্তিকে নড়বড়ে করে দিচ্ছে। তা ছাড়া, জনপ্রশাসনের সামনে এখনকার যত চ্যালেঞ্জ, আগে তেমনটা ছিল না। আর ছিল না এত সুযোগ-সুবিধাও। তাই স্তরে স্তরে যোগ্যতার ছাপ রেখেই তাঁদের ওপরের দিকে যেতে হবে। তাই কারও কোনো স্তরে অনেক দিন কেটেছে কিংবা অবসর সন্নিকটে—কেবলমাত্র এগুলো বিবেচনায় রেখে পদোন্নতি দেওয়া যায় না।
এখন তো মোটামুটি দ্বিতীয় গ্রেড পর্যন্ত পদোন্নতি অনেকটা অধিকারের মতো ধরে নিচ্ছেন কিছুসংখ্যক কর্মকর্তা। আর দুর্ভাগ্যজনকভাবে এগুলো মেনেও নেওয়া হচ্ছে। এরূপ ঘটতে থাকলে কিছুদিন পরে প্রথম গ্রেডে উন্নতির জন্য বিকৃত দাবি উঠবে না—এমনটা কি বলা যায়? সমস্যাটির গোড়ায় হাত না দিলে এ ধরনের দাবিরও শেষ থাকবে না। কোন ক্যাডারে পদোন্নতির সুযোগ কতটুকু, লাইন পোস্টে কোথায় দ্রুত ওঠা যায়, তা সবাই জেনেই চাকরিতে এসেছেন। তাই সচিবালয়ের পদে চাকরির ব্যথা আর আনন্দও মেনে নিতে হবে। একটির সঙ্গে সঙ্গে আরেকটি সব ক্ষেত্রে তুলনা করা যাবে না। আর আমলে নেওয়া যাবে না এসব দাবি।
পদোন্নতি সবাই চাইতে পারেন। কিন্তু তা বিবেচনা করা সম্ভব নয়। বিষয়টি লক্ষ করা যাবে সামরিক বাহিনীর সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করলে। সেখানে মেজর বা সমমানের পদ থেকে বিপুলসংখ্যক কর্মকর্তা অবসরে যান। এর পরের প্রতিটি স্তরও দুর্ভেদ্য। জনপ্রশাসনের একটি অংশকেও উপসচিব পদ থেকে অবসরে যেতে হবে। কথাটি অপ্রিয়। কিন্তু এটা অপ্রিয় সত্য। অবশ্য সে বাছাই-প্রক্রিয়া রাজনৈতিক বিবেচনা ও পক্ষপাতদুষ্ট হলে চলবে না। আর সমাধানের প্রচেষ্টাও নেওয়া হচ্ছে একটি অস্বাভাবিক প্রক্রিয়ায়। তবে যেকোনো অবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য আবশ্যক হবে একটি দক্ষ সিভিল সার্ভিস।
তাই একে সরলরেখায় আনার প্রচেষ্টা একটি সময়ে এসে নিতেই হবে। ভুল আর বিলম্ব অনেক হয়েছে বটে। তবে এগুলো থেকে আমরা শিখছিও। সংকট কিন্তু নতুন সুযোগও সৃষ্টি করে দেশে দেশে বিভিন্ন সময়ে। আমরা প্রচেষ্টা নিলে এমনটা হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। প্রয়োজন আজ সেদিকে ঠেলে দিচ্ছে। নীতিনির্ধারণী পদগুলোতে এ ধরনের গুচ্ছ গুচ্ছ পদোন্নতি ব্যবস্থাটিকে ক্ষতিগ্রস্তই করছে। পদোন্নতির সঙ্গে দায়িত্বের পরিসর না বাড়লে তা সংশ্লিষ্ট কর্মকর্তার মান কতটা বাড়াবে, সেটাও প্রশ্নবিদ্ধ। কিন্তু প্রতিষ্ঠানটি জনসমক্ষে প্রশ্নবিদ্ধ ও ক্ষেত্রবিশেষে হাস্যকর হচ্ছে। আর সরকারকে বহন করতে হয় অতিরিক্ত ব্যয়ের বোঝা।
মন্ত্রণালয় বা বিভাগগুলোর প্রশাসনিক প্রধান, সচিবদের থাকতে হয় সদা বিব্রত। কাকে, কোথায় বসাবেন আর কাজই দেবেন কী, এটা নিয়েই চাপে থাকছেন তাঁরা। আর বারবার বঞ্চিতদের ক্ষোভ হ্রাস করে কাজ করানোর ব্যবস্থাও নিতে হয় তাঁদের। তাই মোহিনী মায়া থেকে ফেরার পথ খুঁজতে হবে। রবীন্দ্রনাথের ‘এবার ফিরাও মোরে’ নামক কবিতার নিম্নোক্ত পঙ্ক্তিগুলো আমাদের সে প্রেরণাই দেয়:
এবার ফিরাও মোরে, লয়ে যাও সংসারের তীরে
হে কল্পনে রঙ্গময়ী! দুলায়ো না সমীরে সমীরে
তরঙ্গে তরঙ্গে আর, ভুলায়ো না মোহিনী মায়ায়।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]