
২৩ জুলাই প্রথম আলোতে প্রকাশিত বদরুদ্দীন উমরের ‘বিশেষ সাক্ষাৎকার’-এর একটি প্রসঙ্গে আমার খটকা লাগল।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘একাত্তর সালে কমিউনিস্টদের বিরাট নির্বুদ্ধিতার কারণে ভীষণ ক্ষতি হলো। মস্কোপন্থী পার্টি তো আওয়ামী লীগের ভেতরে ঢুকে গেল, আর পিকিংপন্থী বলে যাঁরা ছিলেন, তাঁদের কাণ্ডজ্ঞান ছিল বলে তো মনে হয় না। আমি তো পিকিংপন্থীদের সঙ্গে ছিলাম। একাত্তর সালে আমি তাঁদের সঙ্গে আলোচনা করে দেখেছি, দেশের বাস্তব পরিস্থিতি সম্পর্কে তাঁদের কোনো ধারণাই নেই।’
তিনি আরও বলেছেন, যুদ্ধের সময় সবাইকে নিয়ে একটা যুক্তফ্রন্ট গঠন করা দরকার, এই বিষয়টা গুরুত্ব পায়নি, অবশ্য প্রথমে সিদ্ধান্ত হয়েছিল এমনকি আওয়ামী লীগের সঙ্গেও, মাওলানা ভাসানীও একটা চিঠি দিয়েছিলেন ইত্যাদি। পরে ১৪ এপ্রিল চৌ এন লাইয়ের ‘বার্তা’ থেকে পিকিংপন্থীরা জানলেন, ‘পূর্ব পাকিস্তানে যে লড়াই চলছে সেটা কতিপয় বিচ্ছিন্নতাবাদীর কাজ।’
বদরুদ্দীন উমর তখন যশোরের গ্রামে ছিলেন, খবরটা শুনে ‘তাড়াতাড়ি ঢাকায়’ ছুটে এলেন; এসে দেখলেন ‘সর্বনাশ’ হয়ে গেছে, প্রথমদিকে নেওয়া সিদ্ধান্ত উল্টে গেছে। আওয়ামী লীগকে শত্রু মনে করতে হবে, দুই কুকুরের লড়াই আরম্ভ হয়ে গেছে। তাঁর সঙ্গে তাঁর পার্টির দ্বন্দ্ব শুরু হয়ে যায় এবং তিনি ডিসেম্বরে পার্টি থেকে ইস্তফা দেন।
বদরুদ্দীন উমরের কথা থেকে মনে হয়, তিনি ১৯৭১ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত একটা ‘দ্বন্দ্ব’ নিয়ে তাঁর পার্টিতে ছিলেন। ডিসেম্বরে তিনি ‘পার্টি থেকে ইস্তফা’ দিলেন। তাহলে কি বিষয়টি এই দাঁড়াল না যে তিনি মুক্তিযুদ্ধের সময়, এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আট মাস ‘দুই কুকুরের’ লড়াইকে দ্বন্দ্বের বোধ নিয়ে সমর্থন করে গেছেন? তা যদি না হবে, তাহলে তিনি যশোর থেকে ফিরে যখন বুঝলেন যে ‘সর্বনাশ’ হয়ে গেছে, তখনই কেন পার্টি থেকে ইস্তফা দিলেন না?
বদরুদ্দীন উমর জানেন কি না জানি না, তবে আমার জানা আছে: মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করতে যাওয়ার পথে কিংবা যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে ফিরে আসার পর অনেক মুক্তিযোদ্ধাকে পিকিংপন্থীরা ‘কুকুরের’ মতো গুলি করে মেরেছে।
জাহিদ হায়দার: কবি ও লেখক।