
পদত্যাগে বাধ্য হওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে ধন্যবাদ যে তিনি বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে তাদের প্রযুক্তিনির্ভর ব্যাংকিংব্যবস্থা পর্যালোচনায় বাধ্য করেছেন। অর্থবাজার এবং আর্থিক খাতের খবরাখবর দেওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলোর অন্যতম ব্লুমবার্গ ১৫ মার্চ এক প্রতিবেদনে সে কথাই জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মাহেন্দ্রা ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে বিশ্বজুড়ে বাংলাদেশের এই ঘটনা প্রতিধ্বনিত হচ্ছে, এমনকি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ তাদের নিজস্ব বার্তাবিনিময়-ব্যবস্থা (মেসেজেং সিস্টেম) পর্যালোচনা করছে। অর্জনা মাহেন্দ্রা বলেছেন যে এটি সবার জন্য একটি ঘুম ভাঙানোর ডাক (ওয়েক-আপ কল)। নজরদারি প্রয়োজন, আমাদের সিস্টেমগুলোকে সব সময়ই পর্যালোচনা করা দরকার। ডিজিটালাইজেশন এসব সিস্টেমকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
আতিউর রহমান একজন গুণী মানুষ এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে গৎবাঁধা দায়িত্বের বাইরে অনেক নতুন ধরনের উদ্যোগের জন্য তিনি বিভিন্ন সময়ে প্রশংসিতও হয়েছেন। তবে, সেই সব গুণ যে কেন্দ্রীয় ব্যাংক পরিচালনায় কোন কাজে আসে না, সেটা বুঝতে সাত বছর ব্যয় করায় ক্ষতিটা হলো অনেক বড়। রাষ্ট্রের গচ্ছিত সম্পদের ১০ কোটি ডলার খোয়ানোর ঘটনা সামাল দিতে না পারার দায় নিয়ে এখন তিনি সরে গেলেন। তাঁর বাংলাদেশ ব্যাংক ছেড়ে যাওয়ার পক্ষে-বিপক্ষে সংবাদপত্র আর রেডিও-টিভিতে যতটা আলোচনা বা বিচার-বিশ্লেষণ হচ্ছে, তার চেয়ে ঢের বেশি হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে (ফেসবুক ও ব্লগ)। সোশ্যাল মিডিয়ার আলোচনায় মোটাদাগে যেসব প্রশ্ন উঠেছে তার মধ্যে অনেকেই বলছেন যে মাটি থেকে উঠে আসা এই অর্থনীতিবিদ কৃষকের ব্যথা বুঝতেন এবং সে কারণে কৃষকদের জন্য মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করে এক বড় ধরনের রূপান্তর ঘটিয়েছেন। তিনি মোবাইল ব্যাংকিংয়ের সম্প্রসারণে ভূমিকা রেখেছেন (এই কাজটিতে তাঁর চেয়েও মোবাইল ফোন কোম্পানিগুলোর আগ্রহই যে বেশি ছিল সেটা বলার অপেক্ষা রাখে না)। এমনকি, স্কুলের বাচ্চাদের জন্যও ব্যাংকের দরজা খুলে দিয়েছেন। তাঁর সর্বসাম্প্রতিক সংবাদ সম্মেলনের বক্তব্যকে উদ্ধৃত করে তাঁর গুণমুগ্ধরা বলছেন যে বাংলাদেশে কেউ যেখানে কোনো ভুলের দায় নেয় না, সেখানে তিনি পদত্যাগ করে একটা উচ্চতর নৈতিক অবস্থান করে নিয়েছেন। এঁদের অনেকেরই প্রশ্ন দায়দায়িত্বের বোঝা শুধু ব্যাংক গভর্নরের ঘাড়েই চাপবে কেন? তার ওপরে রাজনৈতিক পর্যায়ে আর কারও কি কোনো দায় নেই?
তবে, যাঁরা বিষয়টাকে অনেকটা নির্মোহভাবে দেখছেন তাঁরা এখানে নৈতিকতার কোনো আলামত দেখছেন না। তাঁদের অনেকের বরং প্রশ্ন যে তাঁকে পদত্যাগের সুযোগ দেওয়াটা কতটা যৌক্তিক। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় কোষাগারের তালা ভাঙার বিষয়টিকে রাষ্ট্রের শীর্ষ নির্বাহীদের নজরের আড়াল করার চেষ্টা যদি নির্বোধের দায়িত্বহীনতাও হয়ে থাকে তাহলে তার মূল্য যে অন্তত ৮ কোটি ১০ লাখ ডলার, সেটি আমরা ভুলে যাব কীভাবে? রাজকোষের দায়িত্বে রাষ্ট্র যাঁকে বসিয়েছিল তাঁকে অর্থমন্ত্রী ‘দায়িত্বহীনতা’র জন্য দায়ী করার পরও তিনি কীভাবে মহিমান্বিত হন? রাজকোষের টাকা খোয়ানোর পর তা রাষ্ট্রের প্রধান নির্বাহীদের না জানানোর দায়টা কোনোভাবেই উপেক্ষার নয়। তবে, এ রকম গুরুতর ঘটনা আড়াল করার পেছনে যে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না, সেটাই বা সরকার নিশ্চিত হলো কীভাবে? একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত কেউ কি দায়মুক্তি পেতে পারেন?
আতিউর রহমান তাঁর সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি ‘মাথা উঁচু করে, বীরের মতো’ বিদায় নিচ্ছেন এবং উত্তরসূরির কাছে রেখে যাচ্ছেন ২ হাজার ৮০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তিনি মুদ্রাস্ফীতি ৬ শতাংশের নিচে রাখতে পারারও কৃতিত্ব দাবি করেছেন। এসব দাবির জবাবে প্রশ্ন উঠেছে যে ২ হাজার ৮০০ কোটি ডলার রিজার্ভ গড়ার কৃতিত্ব কি তাঁর, নাকি বিদেশে পরিশ্রম করা অভিবাসী এবং রপ্তানি খাতের শ্রমিকদের? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির একটা ভূমিকা থাকে ঠিকই। কিন্তু, বাস্তবতা হচ্ছে বিশ্ববাজারে অব্যাহত তেলের মূল্যপতন এবং অন্যান্য মৌলিক পণ্যের বাজার নিস্তেজ থাকার কারণে বিশ্বজুড়েই মূল্যস্ফীতির হার বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী।
নানা পরিসংখ্যানে বলা হয়ে থাকে বাংলাদেশের অভিবাসী শ্রমিকের সংখ্যা অন্তত ৮০ লাখ। সুতরাং, সেই হিসাবে প্রতি অভিবাসী শ্রমিকের রক্ত-ঘামের কামাই ১০টি করে ডলার খোয়া গেছে এই রাজকীয় হ্যাকিংয়ে। নৈতিক দায়বোধের কৃতিত্ব দাবির কী অদ্ভুত এক দৃষ্টান্ত!
>টাকা উদ্ধারের বিষয়কে অগ্রাধিকারই শেষ কথা হতে পারে না। ব্যাংকিং খাতের এই ঘটনার প্রভাব এতটাই সুদূরপ্রসারী যে সব ব্যাংককেই এখন তাদের অনলাইন ব্যাংকিংয়ের নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। প্রযুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। আর সেই পরিবর্তনগুলোর জন্যই প্রয়োজন যথাযথ অনুসন্ধান, দায় নির্ধারণ ও জবাবদিহি
ফিলিপাইনের সিনেটে যে শুনানি অনুষ্ঠিত হয়েছে তাতে উঠে আসা বিবরণগুলো থেকে দেখা যাচ্ছে অঘটন ঘটার পর যে মূল্যবান তিন-চার দিন সময় তাঁরা হেলায় নষ্ট করেছেন, সেই সময়ের মধ্যে প্রযুক্তি সচেতনতা এবং বিপৎসংকেত দেওয়ার ঊর্ধ্বমুখী ব্যবস্থা বহাল থাকলে টাকা স্থানান্তরের প্রক্রিয়াটি আটকে দেওয়া সম্ভব ছিল। এমনকি, ফিলিপাইনের ব্যাংকটিতে টাকা চলে যাওয়ার পর তা জুয়ার বোর্ডে যাওয়ার মাঝখানে যে সময় চলে গেছে, সেই সময়টুকুকেও কাজে লাগানো হয়নি।
উন্নয়ন অর্থনীতির বিশেষজ্ঞ হিসেবে পরিচিত এই অর্থনীতিবিদ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিযুক্ত হওয়ায় অনেকেই কিছুটা বিস্মিত হয়েছিলেন। আতিউর রহমানকে ৩০ বছর ধরে চেনেন ইংল্যান্ডের বাথ ইউনিভার্সিটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ের ইমেরিটাস প্রফেসর জিওফ উড। তিনি ব্লুমবার্গ টিভির বিজনেস প্রোগ্রামে বলেছেন তিনিও ওই নিয়োগে বিস্মিত হয়েছিলেন। উডের ভাষায় ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটি খুবই রাজনৈতিক পদ। তিনি একজন জনমুখী বুদ্ধিজীবী এবং সক্রিয় উন্নয়নকর্মী। আমরা তাঁকে কখনো একজন ক্ল্যাসিক ব্যাংকার হিসেবে দেখিনি।’ সাত বছর কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে থেকেও তিনি ব্যাংকার হয়ে উঠতে পেরেছিলেন কি না, সেটা এখন আবারও বড় প্রশ্ন হিসেবে সামনে চলে আসছে। গভর্নর হাউসের সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে আতিউর রহমান তাঁর দেশপ্রেম, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল আস্থা এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আনুগত্যের কথা যে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, তাতে প্রফেসর উডের বিস্ময়ের একটা জবাব মেলে। শর্তহীন রাজনৈতিক আনুগত্যই যে ওই পদপ্রাপ্তির প্রধান যোগ্যতা, সে কথা ব্যাংকিং খাতের অনেকেই নিচুস্বরে বলে থাকেন। আতিউর যখন দেশপ্রেমের কথা বলছিলেন তখন প্রশ্ন করতে মন চাইছিল যে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর যে একজন ভিনদেশি (কানাডীয়) নাগরিক, সে কথাটি কি তিনি ভুলে গেছেন? নাগরিকত্বের চেয়ে পেশাদারত্বই যে জরুরি, ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর মার্ক কারনিই তার প্রমাণ।
বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলো তাঁর নজরদারির মধ্যেই ঘটেছে। তা-ও আবার রেকর্ডের পর রেকর্ড। হল–মার্ক, ডেসটিনি, বিসমিল্লাহ গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলোর ব্যাংকিংব্যবস্থা থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়া, বেসিক ব্যাংকের লুণ্ঠন, শেয়ারবাজারে ব্যাংকগুলোকে ফাটকাবাজিতে বিনিয়োগ করতে দেওয়া এবং বিদেশে অর্থ পাচার। রেগুলেটরি বা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এই প্রতিষ্ঠানটির ব্যর্থতার তুলনীয় কোনো দৃষ্টান্ত বিরল। তারপরও, রাষ্ট্রীয় কোষাগার দেখভালের দায়িত্বটি ঠিকভাবে পালন করতে করতে না পারার দায়কে তিনি শুধু এরর অব জাজমেন্ট বা বিবেচনাগত ভুল বলে এড়িয়ে গেলেন। তাঁর আত্মপক্ষ সমর্থনের যুক্তিগুলো শুনে মনে হলো ব্যাংকিংজগৎ বদলে যাবে, কিন্তু আমরা বোধ হয় বদলাব না।
রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় অনেকেই এখন বলছেন যে টাকা ফেরত আনাই এখন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। কিন্তু টাকা উদ্ধারের বিষয়কে অগ্রাধিকারই শেষ কথা হতে পারে না। ব্যাংকিং খাতের এই ঘটনার প্রভাব এতটাই সুদূরপ্রসারী যে সব ব্যাংককেই এখন তাদের অনলাইন ব্যাংকিংয়ের নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। প্রযুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। আর সেই পরিবর্তনগুলোর জন্যই প্রয়োজন যথাযথ অনুসন্ধান, দায় নির্ধারণ ও জবাবদিহি।
কামাল আহমেদ: সাংবাদিক।