বধ্যভূমি গুজরাটে এবার জাতপাতের যুদ্ধ
এক.
ভারতে লোকসভার নির্বাচনের পর যে দুটি রাজ্যের ভোট জাতীয় গুরুত্ব পায়, তার একটি গুজরাট (অপরটি নিশ্চিতভাবেই উত্তর প্রদেশ)। অথচ ১৯৪৭-এর দীর্ঘ ১৩ বছর পর ভারতের মানচিত্রে রাজ্য হিসেবে গুজরাটের গোড়াপত্তন। ১৯৪৭ সাল ভারতকে স্বাধীনতা এনে দিলেও আজকের গুজরাট অঞ্চলের অনেক ‘স্বাধীন দেশীয় রাজ্য’-এর অস্তিত্ব বিলীন করে দিয়েছে, যে রাজ্যগুলোয় ছিল দারুণ সব জাতিগত, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য।
এই বৈচিত্র্যের শক্তি আঁচ করা যায় গুজরাটের ‘মধ্য বানিয়া’ মোহনদাস করমচাঁদ গান্ধী (পরবর্তী সময়ে মহাত্মা গান্ধী) ও ইসমাইলিয়া পরিবারের মোহাম্মদ আলী জিন্নাহর রাজনৈতিক মননের দৃঢ়তা ও পোশাক-আশাকের চমৎকারিত্ব থেকে। আঁচ করা সম্ভব একই জনপদের পারসি সংস্কৃতির গোদরেজ ও টাটাদের অর্থনৈতিক বিবর্তন থেকেও। আজকে বৈশ্বিক ধনী হিসেবে খ্যাত আজিম প্রেমজি বা ধীরুভাই আম্বানিদের জন্ম-পরিচয় লেখার সময় অবলীলায় গুজরাটের নাম উল্লেখ করা হলেও আসলে তাঁরা ছিলেন যথাক্রমে সেখানকার কুচ ও জুনাগড়ের বাসিন্দা—ব্রিটিশ শাসনে যেগুলো ছিল পুরোদস্তুর স্বাধীন দেশীয় রাজ্য।
তবে জাতিগত, সংস্কৃতিগত ও ভৌগোলিক—এসব বৈচিত্র্য হারিয়ে বিগত কয়েক দশকে গুজরাট বহির্বিশ্বে প্রায় বধ্যভূমির ভাবমূর্তি পায়। গুজরাট মানেই যেন দাঙ্গা। গত ৫০ বছরে বড় ধরনের অন্তত পাঁচটি দাঙ্গা হয়েছে প্রায় ৭৫ হাজার বর্গমাইলের এই রাজ্যে (১৯৬৯, ১৯৮৫, ২০০২, ২০০৬ ও ২০১৫ সালে) এবং কোনো কোনোটিতে মৃত ব্যক্তির সংখ্যা ছিল সরকারি হিসাবেই হাজারের ওপরে। সহায়-সম্পদ হারিয়েছে লাখ লাখ মানুষ।
বলা বাহুল্য, ৮৯ শতাংশ হিন্দু জনসংখ্যার গুজরাটে কথিত ‘দাঙ্গা’য় নিহত ব্যক্তিরা অধিকাংশই ছিল মুসলমান—সংখ্যায় যারা রাজ্যের সাত কোটি মানুষের মাত্র ১০ শতাংশ। তবে সংখ্যায় অল্প হলেও অতীতে নির্বাচন এলেই গুজরাটের ভোটে হিন্দু-মুসলমান সমীকরণটি গুরুত্ব পেত। মুসলমানদের বিবিধ বিষয়কে নির্বাচনী ইস্যু করে হিন্দুত্বকে ব্যবহার করে ভোটে বিজয়ী হওয়ার একটা সহজ ফর্মুলা বের করেছিল স্থানীয় বিজেপি-আরএসএস পরিবার। যার বদৌলতে প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদি ২০০১ সাল থেকে ১৩ বছর মুখ্যমন্ত্রী হিসেবে নির্বিঘ্নে কাটিয়ে এসেছেন গুজরাটে। ২০১২ সাল পর্যন্ত কংগ্রেস সংখ্যালঘু মুসলমানদের দীর্ঘদিন ভোটব্যাংক হিসেবে পেলেও তাদের রক্ষায় সামান্যই ভূমিকা রেখেছে। ফল হয়েছে এই, গত নির্বাচনের পর এক গবেষণায় দেখা গেছে—২২ শতাংশ মুসলমান ভোটার বিজেপিকে ভোট দিয়েছেন।
মুসলমানরা কেন বিজেপিকে ভোট দিচ্ছে, বিশেষ করে গুজরাটের মতো তাদের বধ্যভূমিতে, সেটা ভারতের বাইরে অনেকের পক্ষে বোঝা দুষ্কর। কিন্তু বাস্তবতা হলো, গুজরাটের নির্বাচনী পরিস্থিতিতে এক ধাপ ‘অগ্রগতি’ ঘটে গেছে। ধর্মীয় সমীকরণকে পেছনে ফেলে এখন সেখানে ব্যবহৃত হচ্ছে বর্ণ, শ্রেণি ও পেশাভিত্তিক এক জটিল সমীকরণ। অর্থাৎ ধর্ম বা উন্নয়নসংক্রান্ত বিষয়ের চেয়ে জাতপাতই ভারতের এই রাজ্যে কংগ্রেস ও বিজেপির নির্বাচনী হিসাব-নিকাশের মুখ্য বিবেচনা হয়ে উঠেছে। বিশুদ্ধ হিন্দু বা মুসলমান ভোটব্যাংক বলে এখন আর আপাতত কিছু নেই সেখানে। গুজরাটের এই ‘জাতযুদ্ধ’-এর মনস্তাত্ত্বিক ছাপ পড়ছে তাদের সীমান্তের বাইরেও। মনে হচ্ছে, এবার গুজরাটেই ভারতের ভবিষ্যৎ জাতীয় ভোটযুদ্ধের ছকটি সাজতে চলেছে।
এটা বিস্ময়কর যে জাতীয়ভাবে ভারতের প্রধান নীতিনির্ধারকেরা যখন চীনা পণ্য সামলাতে অর্থনৈতিক আধুনিকায়ন, বিনিয়োগ আর শিল্প-উৎপাদন বাড়ানোকে একমাত্র করণীয় বলে দিনরাত প্রচার করছেন, গুজরাটে সেই একই নেতৃত্ব আগামী ৯ ও ১৪ ডিসেম্বরের নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে খুঁজে বেড়াচ্ছেন কে পাতিদর, কে ওবিসি, কে দলিত!
দুই.
গুজরাটের জাতপাতের সমীকরণটি মোটেই ধর্মীয় সমীকরণের মতো সহজ নয়। হিন্দুদের মধ্যে এখানে উচ্চবর্ণ সম্প্রদায় রয়েছে তিনটি—ব্রাহ্মণ, বানিয়া ও রাজপুত। এরা মোট ভোটের ১০ শতাংশ। কিন্তু মধ্যবর্ণ পাতিদররা একাই ১২ শতাংশ। অতীতে নির্বাচনকালে ১০ শতাংশ মুসলমানের ভোটের অভিমুখ নিয়ে প্রচারমাধ্যমে গবেষণা হতো। এবার সেই গবেষকদের মনযোগ কেড়ে নিয়েছে পাতিদররা। গুজরাটের শক্তিশালী জাত ‘প্যাটেল’রাই প্রচারমাধ্যমে পাতিদর নামে পরিচিত। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল হলেন এই সম্প্রদায়ের ‘গর্বের প্রতীক’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও অন্যতম আদর্শ তিনি। গুজরাটের সর্বশেষ বিজেপি মন্ত্রিসভায় পাতিদর ছিলেন নয়জন। কিন্তু এই মুহূর্তে পাতিদরদের নেতা হয়ে উঠেছেন ২৪ বছর বয়সী এক তরুণ—হার্দিক প্যাটেল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভারতজয়ী নরেন্দ্র মোদির জন্য এ মুহূর্তে ভয়ানক দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছেন তাঁর নিজ রাজ্যের বয়সে ৪৩ বছরের ছোট এই পাতিদর চমক।
শুরুতে হার্দিকের এজেন্ডাটা ছিল সামান্য। প্যাটেলদের ওবিসি (আদার ব্যাকওয়ার্ড ক্লাস) কোটায় অন্তর্ভুক্তির দাবি তুলেছিলেন তিনি, যাতে শিক্ষা ও চাকরিতে তারাও কোটা সুবিধা পায়। এই ডাকে সাড়া দিয়ে পুরো প্যাটেল-সমাজ রাস্তায় নেমে আসে এবং ধীরে ধীরে তা গুজরাটের রাজনীতির পুরোনো ‘যুদ্ধরেখা’ বদলে দেয়।
তিন.
‘ওবিসি’ হলো ভারতজুড়ে ছোট ছোট নিম্নবর্গীয় জাতের প্রশাসনিক নাম। গুজরাটে এ রকম ‘ছোট জাত’ আছে ১৪৬টি! যদিও কোলি, থাকর, চৌধুরী, আহির—এরা হলো ওবিসিদের মাঝে সংখ্যায় বেশি। ওবিসিরা শিক্ষা ও চাকরির জগতে কিছু বিশেষ সুবিধা পেয়ে থাকে। কৃষিজীবী ও হীরকশিল্পের সঙ্গে জড়িত কর্মী পাতিদরদের অবস্থা ওবিসিদের মতো খারাপ নয়—এই বিবেচনায় তারা কোটাবহির্ভূত।
মোদি ও বিজেপি এত দিন গুজরাটকে ভারতজুড়ে উন্নয়নের ‘মডেল’ হিসেবে দেখিয়ে এসেছিল। আর প্যাটেলরা ছিল গত তিন দশক গুজরাটে বিজেপির স্থায়ী এক ভোটব্যাংক। অথচ সেই প্যাটেলরা কোটা-সুবিধার জন্য বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ করায় মোদির গুজরাট মডেলের সফলতা নিয়েই গুরুতর প্রশ্ন ওঠে। হার্দিকের নেতৃত্বে প্যাটেল তরুণেরা কোটার দাবিতে আন্দোলনে নামে। এরপর দেখা গেল, প্যাটেল সম্প্রদায়ের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও তাতে শামিল হচ্ছে। কারণ, তারা করপোরেটদের কাছে হারাচ্ছে জমি, হারাচ্ছে পুরোনো ছোট ব্যবসা। তাই কেবল হিন্দুত্বের আবেদনে এই প্যাটেলদের অনেককেই বিজেপি ধরে রাখতে পারছে না। আবার প্যাটেলদের দেখাদেখি আরেক মধ্যবর্ণ কুর্মিরাও ওবিসি কোটা চাইতে শুরু করেছে।
স্বভাবত বিজেপির জন্য হার্দিককে থামানো জরুরি ছিল। কারণ, গুজরাট বিধানসভার ১৮২টি আসনের মধ্যে অন্তত ৬০টিতে প্যাটেলরা রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়। অন্যদিকে, কেবল মোদি নন, বিজেপি সভাপতি অমিত শাহর বাড়িও গুজরাটে। আরএসএস পরিবারের হিন্দুত্ববাদী রাজনীতির অন্যতম পরীক্ষাগারও গুজরাট। সুতরাং গুজরাটের নির্বাচন বিজেপির জন্য মর্যাদার প্রতীকও বটে।
কংগ্রেসের জন্যও এই নির্বাচন কম গুরুত্বপূর্ণ নয়। ৩২ বছর আগে ১৯৮৫ সালে সর্বশেষ গুজরাটে নির্বাচনে জিতেছিল তারা। আবার আগামী বছর দেশে জাতীয় নির্বাচন। গুজরাট নির্বাচনকে তাই রাহুল গান্ধী চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন বলে মনে হলো এবং প্রচারের শুরু থেকে কংগ্রেস রাজনীতির পুরোনো ‘সেক্যুলার স্টাইল’ থেকে বেরিয়ে জাতপাতের ক্যালকুলাসকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করেন তিনি। ইতিমধ্যে কংগ্রেস গুজরাটের ওবিসি নেতা আলপেস থাকরকে দলে যোগদান করিয়ে এবং হার্দিক প্যাটেলদের আন্দোলনকে সমর্থন দিয়ে বিজেপির দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। তরুণ দলিত সংগ্রামী জিগনেস মেভানিকেও রাহুল গান্ধী কাছে টানার চেষ্টা করছেন। ৩৫ বয়সী আইনজীবী জিগনেস হলেন হার্দিকের মতোই গুজরাটের নতুন আরেক তারকা, যিনি মূলত কথা বলছেন দলিতদের পক্ষে। এই রাজ্যে বিজেপির গোরক্ষা সন্ত্রাসের অন্যতম শিকার দলিতরা।
রাহুল জানেন, মুসলমানদের একাংশের ভোট অবধারিতভাবেই কংগ্রেস পাবে এবং পাশাপাশি প্যাটেল-ওবিসি-দলিত মৈত্রী কংগ্রেস শিবিরে অন্তত ১২০টি আসনে বাড়তি প্রাণ সঞ্চার করবে। গুজরাটে দলিত রয়েছে প্রায় ৭ শতাংশ। আর হিন্দুদের মাঝে ওবিসি ভোটব্যাংকই সবচেয়ে বড়। এই ওবিসিদের মাঝে আবার বড় জাত হলো থাকর সম্প্রদায়। বেশ চোখে পড়ছে, রাহুল নির্বাচনী সভাগুলোয় তরুণ থাকর নেতা আলপেসকে সঙ্গে রাখছেন। তবে এও সত্য, রাহুল বড় এক বাজিকরের ভূমিকায় নেমেছেন। কারণ, ওবিসি ‘থাকর’ ও ‘প্যাটেল’রা সামাজিক সুযোগ-সুবিধার লড়াইয়ে পরস্পরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু কংগ্রেস তাদের উভয়ের সঙ্গে মৈত্রী করে মোদিকে নিজ মাঠে হারাতে চাইছে। যদিও সর্বশেষ রাজ্য নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের ব্যবধানটি ছিল বিশাল। বিজেপির ১২০টি আসনের বিপরীতে কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৩টি আসন।
কংগ্রেস বলছে, তারা বিজয়ী হলে পাতিদরদের শিক্ষা ও চাকরিতে ২০ শতাংশ কোটা দেবে। বিষয়টি জনসভায় বলা যত সহজ, প্রশাসক হিসেবে করা ততই কঠিন। কারণ, কাদের হিস্যা কেটে এনে পাতিদরদের খুশি করা হবে, সেটা অনিশ্চিত।
তবে জাতপাতের খেলায় বিজেপি যে এবার কিছুটা নার্ভাস, সেটা বোঝা যায় মাত্র দুই বছর আগে রাজনীতিতে আগত হার্দিক প্যাটেলকে সামাল দিতে একের পর এক মামলা-মোকদ্দমা এবং সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে যৌন ভিডিও ছড়ানো দেখে। প্যাটেলদের সামাল দিতে উচ্চবর্ণের ব্রাহ্মণ ও বানিয়াদের যেকোনো উপায়ে কাছে টানারও উদ্যোগ নিয়েছে তারা। আবার দলীয় প্রার্থী তালিকায় বিজেপি ২৫টি আসন ছেড়ে দিয়েছে ওবিসিদের। এভাবেই গুজরাটের অতীতের ধর্মযুদ্ধ এ মুহূর্তে বর্ণযুদ্ধে পরিণত হয়েছে। ভারতীয় প্রচারমাধ্যমে তাই এ রাজ্যের হিন্দু-মুসলমান আন্তসম্পর্ক নিয়ে উত্তেজক কিছু নেই। মুসলমানরা ইতিমধ্যে সেখানে রাজনৈতিকভাবে প্রায় নিঃস্ব হয়ে গেছে। জনসংখ্যায় ১০ শতাংশ হয়েও গত বিধানসভায় মুসলমান এমএলএ ছিলেন মাত্র দুজন, ১৯৮০ সালে যা ছিল ১২। ওবিসি ও পাতিদরদের উত্থানে তাদের প্রতি বড় দুই দলের মনযোগ এবার আরও কম। নির্বাচনী প্রচারের ফাঁকে ফাঁকেই গুজরাটজুড়ে বিভিন্ন মন্দিরে গিয়ে রাহুল গান্ধীও সংখ্যাগুরুদের বার্তা দিচ্ছেন, কংগ্রেস আর অতীতের মতো মুসলমানদের প্রতি বিশেষ মনোযোগী নয়।
চার.
অনেক ভারতীয় রাজনৈতিক পর্যবেক্ষকের ধারণা, আগামী বছরের জাতীয় নির্বাচনও অতীতের ধর্মীয় বিবেচনাকে পেছনে ফেলে জাতপাতের বিভাজনকে সামনে নিয়ে আসবে। গুজরাটে তারই প্রাথমিক নমুনা দেখা যাচ্ছে। কংগ্রেস ও সেক্যুলার মিডিয়াও এটাকেই মোদিবিরোধী সঠিক যুদ্ধকৌশল ভাবছে। কয়েকটি কারণে এমন ঘটছে। প্রথমত, জাতীয় পরিসরে ওবিসি, ট্রাইবাল ও দলিতদের মধ্য থেকে অনেক তরুণ সংগ্রামীর জন্ম হচ্ছে, যাঁরা নিজ নিজ ‘সমাজ’-এর দুঃখ-বেদনা নানান সৃজনশীল আন্দোলনের মধ্য দিয়ে নতুন করে জাতীয় পরিসরে নিয়ে আসছেন। হার্দিক, জিগনেস, আলপেসদের আবির্ভাবের মধ্য দিয়ে এটা মোটাদাগে স্পষ্ট হলো। মোদির উন্নয়ন রাজনীতি এদের জীবনে কার্যত কোনো গুণগত পরিবর্তন আনতে পারেনি বলেই মনে হচ্ছে। তবে বিজেপি কিছু চমক সৃষ্টিকারী উদ্যোগের মধ্য দিয়ে এই হতাশা সামাল দেওয়ার চেষ্টা করছে। যেমন দলিত রামনাথ কোবিন্দকে তারা রাষ্ট্রপতি বানিয়েছে। ২০১৫ সালে ‘ওবিসি মোর্চা’ নামে দলে একটি নতুন শাখা খুলে এই জাতসমূহকেও কাছে টানার কৌশল নিয়েছে বিজেপি।
কিন্তু চিন্তা ও মতপ্রকাশের ক্ষেত্রে আরএসএস-সমর্থকেরা প্রথমে মুসলমান ও পরে দলিতদের বিরুদ্ধে যে আধিপত্যবাদী নীতি নিয়েছে, সেটা দলিত-ট্রাইবাল-মুসলমান মৈত্রীর এক বৃহৎ পরিসর তৈরি করছে ভারতজুড়ে। তবে এই নতুন পরিস্থিতি আসন্ন দিনগুলোয় ভারতীয় সমাজের কাঙ্ক্ষিত গণতন্ত্রায়ণের জন্ম দেবে, নাকি প্রায় অর্ধমৃত কংগ্রেসকে কেবল নতুন জীবনী শক্তি দিয়ে নিঃশেষ হয়ে যাবে, সেটাই দেখার বিষয় এখন।
আলতাফ পারভেজ: দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক