বনভিত্তিক চাষপদ্ধতি ভূমিকা রাখতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উত্তর-পূর্বাঞ্চলে খাসি জাতির অ্যাগ্রোফরেস্ট্রি বা বনভিত্তিক চাষাবাদ চাষপদ্ধতি জীবিকা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের এক বিশেষ ও অনন্যসাধারণ উদাহরণ। বনের মানুষ বা পাহাড়ি মানুষ দ্বারা উদ্ভাবিত এবং চর্চিত এ প্রথাগত চাষপদ্ধতি ভূমির সর্বোত্তম ব্যবহার করার পাশাপাশি পরিবেশে বহুবিধ অবদান রাখে। খাসি জাতি এ পদ্ধতিতে পান চাষ করে আসছে। গড়ে তুলেছে পানজুম এলাকা। কোনো প্রকার রাসায়নিক সার, কীটনাশক বা ওষুধ ব্যবহার না করে খাসি ভাষায় ‘ব্রি’ নামে প্রচলিত এ অ্যাগ্রোফরেস্ট্রি চাষপদ্ধতির চর্চা বাংলাদেশ এবং ভারতের পাহাড়ি প্রাকৃতিক বনাঞ্চলে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে৷

অ্যাগ্রোফরেস্ট্রি চাষপদ্ধতি বনভূমি সুরক্ষার পাশাপাশি মাটি সংরক্ষণ, নির্মল বায়ু এবং বায়ুস্তরে বিশুদ্ধতা বজায় রাখতে ও উৎপাদন করতে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখতে সক্ষম৷ অথচ এ সম্পর্কে ধারণা ছাড়াই অজ্ঞতা বা মূর্খতা থেকে এবং প্রকৃত ও বাস্তব অবস্থা না জেনে অথবা জেনেও উদ্দেশ্যমূলকভাবে কিছু লোক পান চাষের ফলে বনের ক্ষতি হচ্ছে এটা বলে থাকে।

 ২

যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের সিমোনা কাজী সিলেট বন বিভাগের সহযোগিতায় দীর্ঘ কয়েক বছর সিলেটের বিভিন্ন বনাঞ্চলে অবস্থান করে প্রাকৃতিক বন, বাগানসহ বনের অবস্থা, জীববৈচিত্র্য, বন সংরক্ষণে খাসি পান চাষের ভূমিকা বিষয়ে গবেষণা করেছেন৷ তঁার ‘আন্ডারস্ট্যান্ডিং ড্রাইভারস অব ফরেস্ট ডাইভার্সিটি অ্যান্ড স্ট্রাকচার ইন ম্যানেজড ল্যান্ডস্কেপস: সেকেন্ডারি ফরেস্টস, প্ল্যান্টেশনস, অ্যান্ড অ্যাগ্রোফরেস্ট ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাপত্রে তিনি দেখিয়েছেন, যেকোনো ‘সেকেন্ডারি ফরেস্ট’ বা বন-বাগানের চেয়ে খাসি পানজুম এলাকা বৃহৎ পরিসরে এবং অধিকতরভাবে উদ্ভিদ ও প্রাণবৈচিত্র্যসমৃদ্ধ বন এবং জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে৷ তঁার গবেষণাকালীন তিনি সবচেয়ে বৃহৎ এবং পুরোনো বৃক্ষেরও সন্ধান পেয়েছেন পানজুম এলাকায়৷ গবেষণার উপসংহারে তিনি পরামর্শ দিয়েছেন, বর্তমান বিপুল জনসংখ্যার ভারে দেশের প্রাকৃতিক বনের ওপর চাপ সৃষ্টির কারণে জীববৈচিত্র্য যে ক্ষতির সম্মুখীন, এ অবস্থায় অ্যাগ্রোফরেস্ট্রি  পদ্ধতি ব্যবহার করে বন সংরক্ষণ করতে হবে। এশিয়ার অন্যান্য দেশের মতো প্রথাগতভাবে বনের সঙ্গে সামঞ্জস্য রেখে ঐতিহাসিকভাবে বাংলাদেশের সিলেটের বনাঞ্চলেও এই পদ্ধতি প্রাকৃতিক বন সংরক্ষণের সঙ্গে সঙ্গে জীবিকা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভারসাম্য রক্ষাকারী মডেল হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে৷

বন ও পরিবেশবিজ্ঞানের শিক্ষক এবং গবেষক সুব্রত নন্দী এবং আশীষ কুমার দাস তাঁদের ‘কমপেয়ারিং ট্রি ডাইভার্সিটি অ্যান্ড পপুলেশন স্ট্রাকচার বিটুইন এ ট্র্যাডিশনাল অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম অ্যান্ড ন্যাচারাল ফরেস্টস অব বরাক ভ্যালি, নর্থ ইস্ট ইন্ডিয়া’ গবেষণাপত্রে তুলনামূলক পরীক্ষায় খাসি পানজুম এলাকায়, প্রজাতির অনুপাত ও সংখ্যা এবং গাছপালা ও বনের ঘনত্ব, সাধারণ প্রাকৃতিক বনের চেয়ে বিস্ময়করভাবে উচ্চমাত্রায় বিদ্যমান পেয়েছেন৷ সাধারণত ঘন বনে আচ্ছাদিত ‘পানজুম’  ইকোসিস্টেম ও  জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পরীক্ষিতভাবে সক্ষম৷ পানজুমে প্রাকৃতিক প্রজাতি বা জীববৈচিত্র্যের প্রাচুর্য যেকোনো প্রাকৃতিক বন থেকে অনেক গুণে সমৃদ্ধ এবং পানজুমের জীববৈচিত্র্য ও প্রজাতির সমন্বয়ে গঠিত পরিবেশ প্রাণবৈচিত্র্য সংরক্ষণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে৷ এ পদ্ধতি অবলম্বন ও ব্যবস্থাপনার মাধ্যমে বহু প্রাচীন, চিরসবুজ, দেশজ গাছের প্রজাতি রক্ষিত হয়ে আসছে, যার ফলে একই প্রজাতির চিরসবুজ গাছপালা তুলনামূলকভাবে প্রাকৃতিক বনের চেয়ে পানজুমে উচ্চতর সংখ্যায় বিদ্যমান থাকে৷ কিছু কিছু বিলুপ্তপ্রায় প্রজাতির উদ্ভিদ ও গাছপালা প্রাকৃতিক বনে না থাকলেও পানজুমে এর দেখা পাওয়া যায় বলে গবেষক সুব্রত নন্দী এবং আশীষ কুমার দাস তাঁদের গবেষণায় পেয়েছেন৷

রহমান, রহমান এবং ইসলাম তাঁদের গবেষণাপত্র ‘ফিন্যান্সিয়াল ভায়াবিলিটি অ্যান্ড কনজারভেশন রোল অব বিটেল লিফ বেইসড অ্যাগ্রোফরেস্ট্রি: এন ইনডিজিনাস হিল ফার্মিং সিস্টেম অব খাসি কমিউনিটি ইন বাংলাদেশ’-এ সাংস্কৃতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনার কৌশল এবং প্রকৃতি সংরক্ষণে পানজুমের ভূমিকা নিয়ে গবেষণায় তাৎপর্যপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন৷ সিলেট বিভাগে খাসিদের অ্যাগ্রোফরেস্ট্রি চাষপদ্ধতিটি প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ও বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তাঁদের অভিমত৷

৩

অভিজ্ঞতায় দেখা যায়, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাহাড়ি মানুষের জ্ঞান ও প্রথাগত কৌশলকে অবহেলা ও অস্বীকার করা হয়৷ যার ফলস্বরূপ সত্যিকার অর্থে বন ও পরিবেশ সংরক্ষণে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো কখনো সম্ভব হয় না৷ পাহাড়ি ও স্থানীয় মানুষের অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হওয়া সত্ত্বেও এ ক্ষেত্রে তাদের জ্ঞানের স্বীকৃতি ও ব্যবহার অবহেলিত।

কনজারভেশন ওয়াচ জার্নালের এক নতুন গবেষণায় বলা হয়েছে, পাহাড়ি ও বনের স্থানীয় মানুষের বনভূমির ওপর তাদের ‘ন্যায্য ও আইনগত’ অধিকার প্রতিষ্ঠা, বন সংরক্ষণ এবং গাছ রক্ষার জন্য সবচেয়ে কার্যকরী কৌশল ও পদ্ধতির প্রয়োগ বন উজাড় হওয়া এবং প্রাকৃতিক সম্পদ ধ্বংস হওয়া থেকে পৃথিবীকে রক্ষা করবে। দ্য গার্ডিয়ান বলেছে, বনকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর উপায় হচ্ছে  (যেটা বৈশ্বিক উষ্ণতা কমানোয় গুরুত্বপূর্ণ উপাদান) বনের সবচেয়ে উত্তম সংরক্ষক আদিবাসীদের বনের মালিকানা দেওয়া৷ ক্রমান্বয়ে বর্ধিত হারে বিশ্বব্যাপী আদিবাসী বা পাহাড়ি মানুষের আরও বেশি ও ব্যাপকভাবে বন সংরক্ষণে ও জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলার জন্য গৃহীত নীতি কৌশলে অংশগ্রহণে নিয়োজিত করা বস্তুত বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের বোধোদয়ের প্রতিফলন৷

এ বিষয়টি নীতিনির্ধারকেরা যত দ্রুত বুঝতে সক্ষম হবেন, ততই আমাদের দেশের বনের জন্য, পরিবেশের জন্য, তথা এ জাতির জন্য মঙ্গল৷ বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে দেরি হলে যে ক্ষতি হবে, তা আর কখনো পূরণ করা সম্ভব হবে না৷

ইতিহাসে দেখা যায়, এককালে প্রাকৃতিক বনে আচ্ছাদিত সিলেটের বিশাল বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা চা চাষের কারণে  সংকুচিত হয়ে পড়ে৷ এখন যেটুকু বনাঞ্চল অবশিষ্ট আছে বা বন বিভাগের হিসাবে যে বন আছে, তার সিংহভাগ আসলে মানবসৃষ্ট বন-বাগান। বস্তুত, খাসি অধ্যুষিত এলাকা, যেখানে পানজুম আছে, সেটিই প্রকৃতপক্ষে প্রাকৃতিক বন৷ অবশিষ্ট যেটুকু প্রাকৃতিক বন আছে, সেসব বন এলাকাও যদি খাসিদের ব্যবস্থাপনায় দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে প্রাকৃতিক বন থাকবে৷ নতুবা একসময় দেখা যাবে, ‘প্রকল্প’ গ্রহণের মাধ্যমে বনায়ন বা বন-বাগান সৃষ্টি করতে হবে৷

পিডিশন প্রধান: সভাপতি, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম।