বনানীতে ছাত্রী ধর্ষণের ঘটনায় বিশিষ্টজনদের প্রতিক্রিয়া

দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে
শফিক আহমেদ
বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর যৌন নির্যাতনের ঘটনা একটি অত্যন্ত জঘন্য অপরাধ। এ ধরনের যৌন হয়রানির ঘটনা কখনোই কাম্য নয়। যারা এই ঘৃণ্য অপরাধ করছে, তাদের বিচারের আওতায় আনতে হবে এবং যত দ্রুত সম্ভব বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ নাগরিকেরা সোচ্চার হয়েছেন। আমি মনে করি, পুলিশকে আরও দায়িত্ববান হতে হবে। নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যে যৌন নির্যাতনের শিকার হয়েছে, তা এখন সবাই জানে। অপরাধীরা যত প্রভাশালী হোক, যত ক্ষমতাবানই হোক, কোনোভাবেই তাদের ছাড় দেওয়া যাবে না। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার ও সাজা হলে নারী নির্যাতন বন্ধের ক্ষেত্রে তা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
শফিক আহমেদ: সাবেক আইনমন্ত্রী

গাফিলতিরও জবাব চাই
সুলতানা কামাল
এটি একটি পূর্বপরিকল্পিত সংঘবদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে। যারা এই অপরাধ করছে, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। অপরাধীদের বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন করতে হবে। অপরাধ প্রমাণিত হলে তাদের সাজা নিশ্চিত করতে হবে।
আমরা লক্ষ করেছি, অনেক সময় এ ধরনের বিত্তবান ও প্রভাবশালী অপরাধীরা গ্রেপ্তার হলেও আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়। এবার এই মামলার ক্ষেত্রে পুলিশ যে আচরণ করেছে, তা দেখে এই বিচার শেষ পর্যন্ত স্বচ্ছ ও সুষ্ঠু হবে কি না সে বিষয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করার যথেষ্ট কারণ রয়েছে।
আমরা দেখতে পাচ্ছি, এই মামলার ক্ষেত্রে বিত্ত ও ক্ষমতার প্রভাব কাজ করছে। কাজেই পুরো বিষয়টিকেই নজরদারির মধ্যে রাখতে হবে। সচরাচর এ ধরনের বিষয়গুলোর বিচার হয় না। এর ফলে অপরাধীরা আরও সাহসী এবং বেপরোয়া হয়ে ওঠে। এ ক্ষেত্রেও তা-ই ঘটেছে। অপরাধীরা ধরা পড়ার পর দম্ভভরে বলছে, প্রশাসন তাদের কিছুই করতে পারবে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তাদের শাস্তির জোর দাবি করছি। এরই সঙ্গে এ ঘটনার আইনগত বিভিন্ন পর্যায়ে যারা গাফিলতি করেছে, তাদেরও জবাবদিহির আওতায় আনার দাবি করছি।
সুলতানা কামাল: মানবাধিকারকর্মী, টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন

মদ-মাদকের আড্ডা বন্ধ করতে হবে
আনিসুল হক
আমরা যাঁরা পিতা বা পরিবারের প্রধান, তাঁদের জন্য এ ধরনের ঘটনা একটি বড় দুঃসংবাদ। আমার বাড়িতে ছেলেও আছে, মেয়েও আছে। সুতরাং আমি একজন সচেতন এবং অনেকাংশে রক্ষণশীল পিতা। সমাজের বিভিন্ন স্তরে চলাফেরার সৌভাগ্য হচ্ছে আমার। স্পষ্ট দেখতে পাই কী করে তরুণ সমাজের একটি অংশ দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে। এর পেছনে অনেকটাই দায়ী বিত্তবান পিতা-মাতাদের সন্তানদের বেড়ে ওঠার পেছনে মনোযোগ না থাকা। তাঁরা সন্তানদের বাড়াবাড়িকে প্রশ্রয় দেন। কখনো কখনো পিতা-মাতা বিশেষ করে ছেলের অবাধ্যভাবে বেড়ে ওঠাকেই একধরনের শক্তি বলে মনে করেন। আজকাল এসব তথাকথিত আধুনিক তরুণ-তরুণীদের ক্লাব বা হোটেল-রেস্তোরাঁয় অনেক রাত পর্যন্ত মাদক-ইয়াবা নিয়ে হই-হুল্লোড় আড্ডায় ভরপুর থাকা একধরনের ফ্যাশন হয়ে গেছে। এর জন্য আমি একজন অভিভাবক হিসেবে নিজেদেরই দায়ী মনে করি। তারপর এই সমাজব্যবস্থায়, এই প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় কখনোই এসব বখে যাওয়া সন্তানদের শাস্তি হয় না। এই ঘটনাতেও হয়তো কয়েক বছর পর জড়িতরা রাস্তায় ঘুরে বেড়াবে। কষ্ট লাগে দুটি মেয়ের জন্য, যারা এই উদ্দামতার মধ্যে নিজেদের সর্বনাশ ডেকে এনেছে।
আমি মনে করি, প্রথমত এই পৈশাচিক ঘটনায় যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। শহরের যেসব স্থানে সারা রাত মদ-মাদকের উদ্দাম মেলা বসে, সেগুলো কঠোর হাতে দমন করতে হবে। নিয়ম ভাঙলে এ ধরনের হোটেল-ক্লাব বন্ধ করে দিতে হবে।
আনিসুল হক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র

ধর্ষকদের মন্তব্য অবমাননাকর
সেলিনা হোসেন
ধর্ষকেরা তাদের কিছু হবে না বলে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছে, এই দম্ভ নারী-পুরুষনির্বিশেষে পুরো সমাজের জন্য অবমাননাকর। আধিপত্যের জায়গা থেকে তারা যে কথা বলেছে, তা রাষ্ট্র ব্যবস্থাপনার জন্যও ভয়াবহ আপত্তিকর। তাদের কিছু করা যাবে না কেন? তাদের এই স্বেচ্ছাচারী বক্তব্য দেশবাসীকে শুনতে হবে কেন? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের প্রশ্ন।
ওরা ধৃষ্টতার যে দুঃসাহস দেখিয়েছে, তা আমাদের তরুণ সমাজের জন্য চ্যালেঞ্জ এবং আমরা মনে করি, তরুণ সমাজের প্রতিরোধের কাছে নতজানু হয়ে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।
আমরা বিভিন্ন সময় দেখেছি, প্রভাবশালীরা তাদের প্রভাব বিস্তার করে আইনের আওতা থেকে বেরিয়ে যায়। এটা খুবই অন্যায় এবং অবমাননাকর। আমরা বিচারহীনতার সাংস্কৃতিক বলয়ে নিজেদের নিমজ্জিত দেখতে চাই না। আমরা এ ধরনের আচরণের প্রতিরোধের জায়গা গড়ে তুলব।
সেলিনা হোসেন: কথাসাহিত্যিক

মামলা নিতে গড়িমসি অপরাধ
নূর মোহাম্মদ
গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনার পর পত্রপত্রিকা থেকে যে তথ্য জানতে পেরেছি তা হলো, ঘটনার পর মামলা হয়েছে। আসামি ধরা পড়েছে। তদন্ত চলছে। সবকিছুই হয়েছে। তবে প্রশ্ন হলো এবং যা নিয়ে বিতর্ক তা হলো, মামলাটা সঠিক সময়ে হলো কি না? এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মামলা সময়মতো রেকর্ড হয়নি। কেন হলো না তা দেখতে হবে। মামলা নিতে গড়িমসি করা বা দেরি করা মারাত্মক অপরাধ। যদি দেখা যায় দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির এ ক্ষেত্রে গাফিলতি ছিল, তার বিরুদ্ধে ‘স্ট্রং ডিসিপ্লিনারি অ্যাকশন’ নিতে হবে। তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। মামলা নিতে দেরি হলে মামলার আলামত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই ধর্ষণের ঘটনার সঙ্গে অস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ এসেছে। অস্ত্র কার ছিল? লাইসেন্স ছিল কি না? থাকলে তা কার নামে ছিল? অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরার বিষয়টিও তলিয়ে দেখতে হবে। ধর্ষকের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বাবাদের প্রভাব বিস্তারের বিষয়টিও দেখতে হবে।
ধর্ষণের এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আলাদা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি যে তথ্য পাবে জনগণ তা জানতে চাইবে, তা জানাতে হবে। শক্ত ব্যবস্থা নিতে হবে।
নূর মোহাম্মদ: পুলিশের সাবেক আইজি
আরও পড়ুন...