
লাস ভেগাসের হত্যাযজ্ঞ এবং তারপর যেটা ঘটল, তা একদম খাঁটি মার্কিন ঘরানার। এক উন্মত্ত লোক হোটেলের ৩২ তলার কক্ষে প্রায় দুই ডজন উচ্চ প্রযুক্তির অস্ত্র জড়ো করে কনসার্টে গুলি চালিয়ে মানুষ হত্যা করল। এর প্রতিক্রিয়ায় নতুন করে সাংস্কৃতিক যুদ্ধ শুরু হলো, বন্দুক নিয়ন্ত্রণের পক্ষপাতীরা বন্দুকের পক্ষের মানুষের সঙ্গে এক পরিকল্পিত লড়াইয়ে অবতীর্ণ হলেন। তা সত্ত্বেও এক গভীর সত্যের ব্যাপারে মতৈক্য আছে: কোনো কিছুরই তেমন একটা পরিবর্তন ঘটবে না। এই মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ার হৃদয় নিংড়ানো দৃশ্য টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার এক সপ্তাহ পর মার্কিন জীবন আগের মতো চলবে। এরপর আবার যখন হত্যাযজ্ঞ ঘটবে, তখন মানুষের দৃষ্টি আবারও এদিকে নিবদ্ধ হবে।
মার্কিন সংস্কৃতিতে এই গণহিংস্রতার শিকড়টা অনেক গভীরে। এই দেশটিতে ইউরোপীয় ঔপনিবেশিক প্রভুরা দুই দশক ধরে আদিবাসীদের যেভাবে গণহত্যা করেছে এবং দাস অর্থনীতির শিকড় সেখানে এতটা গভীরে চলে গিয়েছিল যে গৃহযুদ্ধের মধ্য দিয়েই কেবল তার অবসান ঘটানো সম্ভব হয়েছিল। জারের রাশিয়াসহ প্রায় সব দেশেই আইন প্রণয়নের মাধ্যমে দাসতন্ত্র ও ভূমি দাসত্বের অবসান ঘটানো হয়েছিল। এর জন্য তাদের চার বছর রক্ত ঝরাতে হয়নি। তো যুক্তরাষ্ট্রে যখন এর অবসান ঘটল, তখন সেখানে শতাব্দীকালের বর্ণবাদী ব্যবস্থা চালু হলো।
আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মানুষ হত্যা ও অন্তরীণ রাখার হার ইউরোপের কয়েক গুণ বেশি। প্রতিবছর সেখানে বেশ কটি বড় গুলিবর্ষণের ঘটনা ঘটে, যে দেশ আবার বিভিন্ন জায়গায় অনিঃশেষ যুদ্ধে লিপ্ত হয়েছে। সংক্ষেপে বললে যুক্তরাষ্ট্রে অতীতে যেমন বর্ণবাদ ছিল, তেমনি বর্তমানেও আছে। একই সঙ্গে সেখানে জাত্যভিমান ও গণহিংস্রতার ইতিহাস আছে।
লাস ভেগাসের গুলিবর্ষণের ঘটনায় অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা আবারও পরিষ্কার হলো। ১৯৯৪ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০০৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত যখন সেখানে নিষেধাজ্ঞা ছিল, তখন সেখানে গণগুলিবর্ষণের ঘটনা কমে এসেছিল। কিন্তু বন্দুক ব্যবহারে উৎসাহী ব্যক্তিদের কারণে কংগ্রেস এই নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করতে পারেনি। আবার এমনও নয় যে ফেডারেল পর্যায়ে এই নিষেধাজ্ঞা শিগগিরই আবার জারি হবে। তবে বন্দুকের যন্ত্রাংশ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার সম্ভাবনা আছে মনে হচ্ছে, যে জিনিস ব্যবহার করে লাস ভেগাসের গুলিবর্ষণকারী আধা স্বয়ংক্রিয় অস্ত্রকে পুরো স্বয়ংক্রিয় বানিয়েছিলেন। কিন্তু এর চেয়ে বেশি রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা কম।
অস্ট্রেলিয়া ১৯৯৬ সালে অ্যাসল্ট অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করলে গণগুলিবর্ষণের ঘটনা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের বন্দুকপ্রিয় মানুষেরা এসব তথ্য অগ্রাহ্য করেন। আর লাস ভেগাসের ঘটনার পর তাঁদের মনে এই প্রত্যয় আরও শক্তিশালী হয় যে এই বিপজ্জনক পৃথিবীতে আগ্নেয়াস্ত্রই তাঁদের প্রকৃত রক্ষাকবচ। সাম্প্রতিক বিশ্বাসযোগ্য জরিপের তথ্যানুসারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলের গ্রামীণ ও আধা শহর এলাকার শ্বেতাঙ্গ রিপাবলিকান সমর্থকদের মধ্যে বন্দুকপ্রিয়তা বিশেষভাবে গুরুতর। এই মানুষেরাই ট্রাম্পের মূল সমর্থক।
দেশে গভীর আদর্শিক বিভাজন থাকা সত্ত্বেও আশার আলো এখনো আছে। মার্কিন সংবিধান অনুসারে দেশটির রাজ্যগুলোর অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধ ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। আমার নিজের রাজ্য নিউইয়র্ক ইতিমধ্যে অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধ করেছে। এর সঙ্গে আরও কিছু রাজ্য এটা নিষিদ্ধ করেছে। ওয়াশিংটনের সঙ্গে আবারও যুদ্ধে লিপ্ত না হয়ে রাজ্যগুলোকে বরং নিজের অধিকার প্রয়োগে উৎসাহিত করা উচিত।
যুক্তরাষ্ট্রে এখন শুধু প্রগতিশীল ও রক্ষণশীল রাজ্য আছে তা নয়, বরং সেগুলো এখন কার্যত রাষ্ট্র হয়ে গেছে। অর্থাৎ পৃথক সংস্কৃতিসহ পৃথক অঞ্চল; যার বীর, ভাষা, অর্থনীতি ও স্বাধীনতার ধারণা ভিন্ন। নিউইয়র্ক সিটিতে স্বাধীনতা মানে হলো এই ভয় না থাকা যে শহরের সড়ক ও পার্কে মারণাস্ত্র হাতে বিদেশিরা ঘুরে বেড়ায়। আর টেক্সাস ও লাস ভেগাসে স্বাধীনতা মানে হলো আপনার আস্থাভাজন প্রিয় অস্ত্রটি নিয়ে যেখানে খুশি সেখানে যেতে পারা।
সময় এসেছে এই রাজ্যগুলোকে নিজেদের মতো করে চলতে দিতে হবে। আমাদের বন্ধন আলগা করতে আবার একটি গৃহযুদ্ধে জড়ানোর দরকার নেই। এ ক্ষেত্রে রক্ষণশীলেরা ঠিক কথা বলেছে, ফেডারেল সরকারের ক্ষমতা কমিয়ে রাজস্ব ও নিয়মকানুন প্রণয়নের ক্ষমতা রাজ্যের হাতে ফিরিয়ে আনতে হবে, যেটা আবার ক্ষমতার বিভাজন ও মৌলিক অধিকারবিষয়ক সাংবিধানিক সীমাবদ্ধতার ওপর নির্ভরশীল।
আমার নিজের রাজ্য আলগা ফেডারেশনের বদৌলতে আরও ফুলেফেঁপে উঠবে। সে তখন নিয়মকানুন কঠোরতর করে সামাজিক সেবার পরিসর বাড়াতে পারবে। কারণ, তখন ফেডারেল সরকারকে তার প্রদেয় করের পরিমাণ কমে আসবে। আর ফেডারেল সরকার দুর্বল হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধ করার স্পৃহা কমে আসবে। একপর্যায়ে বন্দুক নিয়ন্ত্রণে ফেডারেল আইন করতে হবে। যখন কংগ্রেস সদস্যরা অনুধাবন করতে পারবেন যে তাঁদের জীবন হুমকির মুখে, তখন তাঁরা জাতীয় পর্যায়ে আইন করবেন। কংগ্রেসের দুই সদস্যকে এই দশকেই গুলি করা হয়েছে। তবে এখন কংগ্রেস আপাতত দুই বিবদমান পক্ষের রাজনৈতিক ক্রসফায়ারে আটকা পড়ে থাকবে। ব্যাপারটা ভয়ংকর।
ট্রাম্পের যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা ও অস্থিতিশীলতা প্রতিদিনই উসকে দেওয়া হচ্ছে। জাতীয় পর্যায়ে দ্রুত বাস্তবায়ন করা যায় এমন সমাধান বের করাই আদর্শ। কিন্তু সেটা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের আরও রাজ্যকে বন্দুক নীতি বিষয়ে সুস্থভাবে অবস্থান নিতে দেওয়া শ্রেয়।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন।
জেফরি ডি স্যাকস: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়নের অধ্যাপক।