বাংলাদেশের টেলিভিশন অভিনেতা, প্রযোজক, পরিচালকেরা দাবি তুলেছেন, বিদেশি সিরিয়ালের সম্প্রচার বন্ধ করতে হবে। তাঁদের যুক্তি, এর ফলে অপসংস্কৃতির বিস্তার হচ্ছে। কেউ কেউ অবশ্য স্বীকার করেছেন, ভারতীয় টিভি চ্যানেলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা তাঁদের পক্ষে অসম্ভব। যে পরিমাণ অর্থ ভারতীয় সিরিয়াল নির্মাণে ব্যয় হয়, তার একাংশও বাংলাদেশে ব্যয় হয় না। ফলে দেশি নাটকগুলো গুরুত্ব হারাচ্ছে, শিল্পী-কলাকুশলীদের আয় কমে যাচ্ছে। কেউ কেউ এমন দাবিও তুলেছেন, দেশি পণ্যের বিজ্ঞাপন বিদেশি (অর্থাৎ ভারতীয়) চ্যানেলে দেখানো হচ্ছে, সেটাও বন্ধ করতে হবে। বিদেশি সিরিয়াল বাংলায় ডাব করে প্রচারেও তাঁরা আপত্তি করেছেন।
>প্রতিযোগিতায় পেরে উঠছি না, অতএব বিদেশি পণ্য আমদানি বন্ধ করো, এ কথা ৩০ বছর আগে বললে সে কথায় কান দেওয়া যেত। এখন নয়। এখন বাঙালিরা নিজেরাই পৌঁছে গেছে সারা বিশ্বের আনাচকানাচে
কিন্তু শুধু বিদেশি নাটক-সিরিয়াল নিষিদ্ধ করার দাবিতে থামলে চলবে কেন? বিদেশি লেহেঙ্গা, শাড়ি, পারফিউম বন্ধ করতে
হবে, গাড়ি বন্ধ করতে হবে, মায় বিদেশি বইও বন্ধ করতে হবে। আরও যেসব খাত বা পণ্য বিদেশি আক্রমণের হুমকির মুখে, আপনারা এখানে সেসব নাম তালিকাভুক্ত করতে পারেন।
একজন অত্যন্ত ধীমান অভিনেতা সাংবাদিকদের বলেছেন, ডিসকভারি চ্যানেল বা সে রকম ‘শিক্ষণীয়’ বিদেশি চ্যানেল অবশ্য থাকতে পারে। তার মানে সিএনএন, বিবিসি, তাবৎ স্পোর্টস চ্যানেল, সব বন্ধ করতে হবে। এর ফলে কতজন কেব্ল অপারেটরের রুটিরুজি জলে যাবে, সে হিসাব অবশ্য কেউ করে দেখাননি। সে হোক, তাঁরা তো আর অভিনেতা-শিল্পীদের মতো সমাজের গুরুত্বপূর্ণ মানুষ নন।
প্রতিযোগিতায় পেরে উঠছি না, এই যুক্তিতে নিজেদের ঘরের দরজায় খিল আঁটার দাবি যে এই প্রথম উঠল, তা নয়। একই যুক্তিতে আমরা ভারতীয় ফিল্ম আনা বন্ধ করেছি। এর ফলে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি শনৈঃশনৈঃ উন্নতি করেছে, এ কথা কেউ বলবেন না। বরং ষাটের দশকে যখন ভারতীয় সিনেমা অবাধে চলত, সে সময় আমরা শুধু শৈল্পিক মানসম্পন্ন ফিল্মই নয়, বাণিজ্যিকভাবে সফল এমন অনেক ফিল্মও পেয়েছি। আর এখন নিম্ন রুচির কারণে মানুষ আর সিনেমা হলে গিয়ে ছবি দেখে না, ফলে দেশের অধিকাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এর ফলে কত লোকের রুটিরুজি বন্ধ হলো, তার হিসাব কেউ নিয়েছে বলে মনে হয় না।
পাঠকদের মনে থাকার কথা, স্বাধীনতার পরপর ঢাকার এক জনপ্রিয় সাপ্তাহিক ভারতীয় বই আমদানির বিরুদ্ধে কলম ধরেছিল। শুধু ভারতীয় বাংলা বই, অন্য দেশের বা অন্য ভাষার বই নয়। ভারতীয় ফিল্ম ও পুস্তক আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে ‘পাইরেটেড’ বলে একটা জিনিস সারা দেশে ছড়িয়ে পড়েছিল। আমার মনে আছে, সুনীল গঙ্গোপাধ্যায় একবার অনুযোগ করে বলেছিলেন, পাইরেসির কারণে পশ্চিম বাংলার লেখকেরা নিজেদের ন্যায্য ‘রয়্যালটি’ পাচ্ছেন না।
ভারতীয় ফিল্ম বা পুস্তক নিষিদ্ধ করার দাবি মূলত রাজনৈতিক, এর পেছনে কোনো যুক্তিসংগত অর্থনৈতিক কারণ নেই। সম্প্রতি পাকিস্তান সে দেশের সিনেমা হলে ভারতীয় সিনেমা দেখানো নিষিদ্ধ করেছিল। ভারতের ফিল্মে পাকিস্তানি শিল্পী-গায়কদের অংশগ্রহণ নিষিদ্ধ করার প্রতিবাদে পাকিস্তান এ পদক্ষেপ নিয়েছিল। অবশ্য ১৯ ডিসেম্বর থেকে সে সিদ্ধান্ত উঠিয়ে নিয়েছে। পাকিস্তানের প্রেক্ষাগৃহগুলো আবার ভারতীয় চলচ্চিত্র দেখাতে শুরু করেছে। আসলে, পাকিস্তানে যাঁরা সিনেমা হলে ছবি দেখিয়ে রুটিরুজির ব্যবস্থা করেন, ভারতীয় ছবি ছাড়া তাঁদের চলে না। একজন পাকিস্তানি চলচ্চিত্র প্রদর্শক কথাটা ভেঙে বলেছেন এভাবে: বছরে আছে ৫২ সপ্তাহ। অধিকাংশ ফিল্মই সিনেমা হলে চলে এক সপ্তাহ। খুব জনপ্রিয় হলে দুই বা তিন সপ্তাহ। পাকিস্তান বছরে তৈরি করে গড়ে ১৫টি ফিল্ম। এর মধ্যে তিন বা চারটা হয়তো জনপ্রিয় হয়, বাকিগুলো রদ্দি মাল। যদি ‘হিট’ ফিল্মের সংখ্যা তার দেড়াও হয়, তাহলে বাকি থাকে ৪০-৪২ সপ্তাহ। সেসব সপ্তাহে আমরা কোন ফিল্ম দেখিয়ে দর্শক টানব?
এ তো গেল অর্থনীতির কথা। প্রতিযোগিতার যে একটা ভালো দিক আছে, সে কথাই বা অস্বীকার করি কী করে? বিদেশি বই বা ফিল্ম বা যেকোনো দ্রব্য আমরা বাজারে কিনতে পারি বলে তুলনা করে দেখতে পারি কোনটা ভালো, কোনটা রদ্দি। যদি সব দরজা বন্ধ করে দিই, তাহলে হয় ওই রদ্দি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, নয় তো পাইরেসি নামক ইন্ডাস্ট্রিতে নাম লেখাতে হবে। সেটা কি খুব ভালো হবে?
আমার ধারণা, ভারতীয় ও অন্যান্য দেশের পুস্তক আমাদের দেশে এখন আমদানি করা যায় বলেই বাংলাদেশের পুস্তকশিল্প উন্নতি করতে পেরেছে। কি ছাপায়, কি অঙ্গ সৌকর্যে। একইভাবে ভারতীয় সিরিয়ালের সঙ্গে প্রতিযোগিতায় আমাদের সিরিয়ালের মান বাড়তে পারে। মানছি, সিরিয়ালের নামে ভারতীয় চ্যানেলগুলোতে যা দেখানো হয়, তা অতি নিম্ন মানের। তো, তাদের মান যদি নিম্ন হয়, তাহলে প্রতিযোগিতায় না পেরে ওঠার প্রশ্ন ওঠে কীভাবে? তারপরও যদি অপসংস্কৃতির দোহাই দিয়ে সেগুলো দেখানো বন্ধ করা যুক্তিযুক্ত মনে করি, তাহলে সে সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দিই না কেন?
খিল আটকে একলা ঘরে বসে না থেকে সে দরজা খুলে ভিনদেশি হাওয়া আসতে দিলে কী লাভ হয়, তার একটা উদাহরণ আমাদের ক্রিকেট। আমরা এখন বিদেশ থেকে শুধু কোচ বা ট্রেইনারই আনছি না, বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা গড়ে তুলেছি। সারা বিশ্ব থেকে ছেঁকে আমরা সেরা খেলোয়াড় আমন্ত্রণ করে এনেছি, তাঁদের সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছে আমাদের দেশের ১৭-১৮ বছরের ছেলেরা।
প্রতিযোগিতায় পেরে উঠছি না, অতএব বিদেশি পণ্য আমদানি বন্ধ করো, এ কথা ৩০ বছর আগে বললে সে কথায় কান দেওয়া যেত। এখন নয়। এখন বাঙালিরা নিজেরাই পৌঁছে গেছে সারা বিশ্বের আনাচকানাচে। অন্য সবার সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে ট্রফি জিতে আনছে বিদেশ থেকে। আমাদের দেশের পণ্য বিক্রি হচ্ছে বিশ্বের সেরা দোকানগুলোতে। ডোনাল্ড ট্রাম্প নিজের নাম-সংবলিত যে শার্ট বিক্রি করেন, তা তৈরি হয় বাংলাদেশে। বন্ধ করা কেন? আমাদের প্রতিটি দরজা এখন খুলে দিতে হবে।
যাঁরা দরজায় খিল দিতে চান, তাঁদের একটা গল্প শোনাতে চাই। বেশ কয়েক বছর আগে বাংলাদেশের এক সরকারি কর্মকর্তা এশিয়ার এক দেশে বেড়াতে গিয়ে দেখেন, সেখানে কবি-সাহিত্যিকদের জন্য ‘রাইটার্স ক্লাব’ আছে। ব্যাপারটা ভদ্রলোকের খুব ভালো লাগল। ভাবলেন, আমাদের দেশেই বা একটা রাইটার্স ক্লাব থাকবে না কেন? কীভাবে কী করা যায়, তা নিয়ে আলোচনার জন্য তিনি দেশের লেখক-শিল্পীদের ডেকে পাঠালেন। সভা শুরুর আগেই এক নামী লেখক হাত তুলে বললেন, কোনো রাইটার্স ক্লাব করার আগে ভারতীয় বই আমদানি বন্ধ করতে হবে। বাংলাদেশের সাহিত্যকে বাঁচিয়ে রাখতে হলে এর বিকল্প নেই।
কর্তা ভদ্রলোক সব শোনার পর জিজ্ঞেস করলেন, ‘ওদের মতো আপনারা লিখতে পারেন না কেন? তাহলে তো আর আমদানি বন্ধ করার কোনো প্রয়োজন পড়ে না।’
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।