
চলে গেলেন তিন দশককালের জনপ্রিয় সাময়িক পত্রিকা সচিত্র সন্ধানীর প্রকাশক-সম্পাদক, বন্ধুবৎসল, শিল্প-সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক গাজী শাহাবুদ্দীন আহমদ। আজকের দিনের মানুষের দীর্ঘ আয়ুষ্কালের এই সময়ে তাঁর আরও বেশ কিছুকাল বেঁচে থাকাটাই ছিল প্রত্যাশিত। কিন্তু ভাগ্য তা হতে দিল না।
আমার দীর্ঘ ৬০ বছরের সাংবাদিকতার জীবনে যে স্বল্পসংখ্যক সাংবাদিকের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, গাজী শাহাবুদ্দীন তাঁদের একজন। তাঁর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক অর্ধশতাব্দীকালের বেশি সময়ের। গাজী শাহাবুদ্দীন ছিলেন আমার বছর পাঁচ-ছয়ের ছোট। কিন্তু বয়সের এই ব্যবধান আমাদের বন্ধুত্বের সম্পর্কে সৃষ্টি করতে পারেনি কোনো বেড়াজাল। আমার চেয়েও বেশি বয়সের লোকের সঙ্গে তাঁর ছিল বন্ধুত্ব।
গাজী শাহাবুদ্দীনের সঙ্গে আমার প্রথম পরিচয় ১৯৫৬ সালের শেষ দিকে, এক বিব্রতকর ঘটনার মধ্য দিয়ে। আমি তখন ঢাকায় একটি দৈনিক, দুটি সাপ্তাহিক ও একটি মাসিক পত্রিকার কাজে নিয়োজিত। তার মধ্যে সাহিত্য পত্রিকা সওগাত ও মহিলা সাপ্তাহিক বেগম-এর সম্পাদনার কাজে যেতাম প্রায় প্রতিদিনই দুপুরের দিকে। এমনি এক দুপুরে আমি কাজে ব্যস্ত পুরোনো শহর এলাকার পাটুয়াটুলীতে বেগম অফিসে। সে সময় একদিন হঠাৎ করে প্রায় সাত-আটজন তরুণী উত্তেজিতভাবে ঘরে ঢুকে বেগম সম্পাদিকা নূরজাহান বেগমকে জিজ্ঞেস করলেন, ‘হুমায়ুন সাহেব কে?’ জানালেন, তাঁরা এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেল থেকে। বেগম সম্পাদিকা আমার দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। তারপর তরুণীরা ঝাঁপিয়ে পড়লেন আমার ওপর। শাসানোর ঝাঁজ নিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বললেন, ‘আপনি আমাদের সম্পর্কে কুৎসিত একটি লেখা প্রকাশ করলেন কেন? আপনাকে আমরা ছাড়ব না।’ আমি হতভম্ব। কুৎসিত দূরের কথা, আমি তো মেয়েদের সম্পর্কে কোথাও কিছু লিখিনি। পরে জানা গেল, সেটি লিখেছেন তখনকার সাপ্তাহিক সচিত্র সন্ধানীর সম্পাদক হুমায়ুন খান। আমার ডাকনাম হুমায়ুন, আর এ নামেই আমি ঢাকায় বন্ধুমহলে এবং সওগাত, বেগম কার্যালয়ে পরিচিত। বেগমসম্পাদিকার হস্তক্ষেপে তরুণীদের হাত থেকে সেই যাত্রা রেহাই পেলাম এবং ভুল জায়গায় অভিযান পরিচালনার জন্য ক্ষমা প্রার্থনা করলেন তাঁরা।
পরদিনই আমি নয়াপল্টনে সচিত্র সন্ধানী কার্যালয়ে গেলাম এবং পরিচিত হলাম পত্রিকার প্রকাশক গাজী শাহাবুদ্দীনের সঙ্গে। তারপরই আমাদের বন্ধুত্বের সম্পর্ক। তখন থেকে প্রায় প্রতি সপ্তাহেই আমরা কয়েকজন বন্ধু আড্ডা দিতাম তোপখানা রোডে প্রেসক্লাবের কাছেই একটি চায়ের দোকানে। গাজী শাহাবুদ্দীনের সেই আড্ডায় যোগ দিতেন আতাউস সামাদ, সন্ধানীর তখনকার সম্পাদক হুমায়ুন খান, শরফুদ্দীন আহমদ এবং আবিদুর রহমান (পরবর্তীকালে ইংরেজি দৈনিক দ্য পিপল-এর প্রকাশক-সম্পাদক)। এ ছাড়া মাঝেমধ্যে আমি আর আতাউস সামাদ হাজির হতাম নয়াপল্টনে গাজী শাহাবুদ্দীনের পৈতৃক ভবনে। এখন যেটি বহুতলের ‘গাজী ভবন’, তখন সেটি ছিল একটি দোতলা বাড়ি। এই বাড়ির নিচতলায় এক প্রান্তে ছিল গাজীর থাকার জায়গা। সেখানে কখনো কখনো বেশি রাত হলে আমরা থেকে যেতাম বাকি রাতটা।
গাজী শাহাবুদ্দীনের সঙ্গে আমার এই সুদীর্ঘ বন্ধুত্বের কালে তাঁকে দেখেছি অত্যন্ত সাহসী ও নীতিমান সাংবাদিক হিসেবে। অন্যায়-অনাচার-দুর্নীতির বিরুদ্ধে কাগজে-কলমে ছাড়াও ব্যক্তিগতভাবে তাঁর সাহসী উদ্যোগের কোনো অভাব ছিল না। এমনি একটি ঘটনা আজও আমার স্মৃতিপটে উজ্জ্বল: ১৯৫৮ সালের শেষ দিকে পাকিস্তানে আইয়ুব খানের ক্ষমতা দখলের পর ঢাকায় প্রাদেশিক গভর্নর হয়ে এলেন সাবেক পুলিশ কর্মকর্তা জাকির হোসেন। তিনি কেন্দ্রীয় সরকারের নির্দেশে গণমাধ্যমের সঙ্গে প্রশাসনের ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য উদ্যোগ নিলেন প্রদেশের সব সাপ্তাহিক-মাসিক পত্রপত্রিকার সম্পাদক ও মালিকদের একটি সম্মেলন অনুষ্ঠানের। ঢাকায় এই অনুষ্ঠান প্রতিবাদ–বিক্ষোভের সম্মুখীন হতে পারে আশঙ্কায় স্থির করা হলো সম্মেলন ময়মনসিংহে করার। আমন্ত্রণপত্রে বলা হলো, সম্মেলনে ‘ইস্ট পাকিস্তান পিরিওডিক্যালস এডিটরস কাউন্সিল’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হবে, যার দায়িত্ব হবে সংবাদপত্র ছাপার কাগজ নিউজপ্রিন্ট ন্যায্যমূল্যে সমভাবে বণ্টনের। ঢাকায় তখন নিউজপ্রিন্টের খুবই অভাব, বিদেশ থেকে আমদানি করা এই কাগজ চড়া দামে কালোবাজারে কিনতে হয়, আর সেই কালোবাজারিতে সংশ্লিষ্ট রয়েছেন কয়েকজন বর্ষীয়ান সাংবাদিক। জানা গেল, তাঁদের দুজন এই কাউন্সিলের প্রেসিডেন্ট ও সেক্রেটারির পদ অলংকৃত করার উদ্যোগ নিচ্ছেন।
গাজী শাহাবুদ্দীনের প্রস্তাব—আমরা দুজন ময়মনসিংহ সম্মেলনে এই উদ্যোগ রুখে দেব। কিন্তু সমস্যা হলো, ঢাকার বাইরে যেসব সাপ্তাহিক পত্রপত্রিকা রয়েছে, সেগুলোর সম্পাদক-প্রকাশকদের সঙ্গে আমাদের পরিচয় নেই এবং সম্ভবত ঢাকায় নিউজপ্রিন্টের কালোবাজারিদের কথা তাঁদের জানা নেই। তা সত্ত্বেও আমরা তিন দিনব্যাপী ময়মনসিংহ সম্মেলনে যোগ দিলাম এবং গভর্নর জাকির হোসেন সেই সম্মেলনে সভাপতিত্ব করলেন। সম্মেলনের বাইরে আমরা প্রদেশের বিভিন্ন স্থান থেকে আসা সম্পাদক-প্রকাশকদের সঙ্গে মেলামেশা শুরু করলাম এবং তাঁদের ঢাকায় নিউজপ্রিন্টের কালোবাজারির কথা জানালাম আর সেই সঙ্গে তাঁদের সমর্থন চাইলাম সৎ ও যোগ্য লোকদের নিয়ে কাউন্সিল গঠনের প্রচেষ্টায়। সম্মেলনের দ্বিতীয় দিনে গাজী শাহাবুদ্দীনের কাছে জানলাম, কুমিল্লার সাপ্তাহিক আমোদ নামে একটি পত্রিকার প্রকাশক-সম্পাদক ফজলে রাব্বী, সিলেটের যুগভেরী নামে একটি সাপ্তাহিকের মালিক, পাবনায় একটি ধর্মীয় সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এককালের ব্রিটিশবিরোধী খেলাফত আন্দোলনের নেতা সুপণ্ডিত আবদুল্লাহেল কাফি আল-কোরেশী এবং আরও কয়েকজন আমাদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। ক্রমে এই প্রতিশ্রুতির সংখ্যা আরও বাড়ল। সম্মেলনের শেষ দিন স্থির হলো যে নতুন কাউন্সিলের প্রেসিডেন্ট ও সেক্রেটারির নাম আমি প্রস্তাব করব আর গাজী শাহাবুদ্দীন তাতে সবার সমর্থন ঘোষণা করবেন। সেই অনুযায়ী বর্ষীয়ান সাংবাদিক ও সৎ মানুষ হিসেবে পরিচিত আবদুল্লাহেল কাফি আল-কোরেশীর নাম প্রেসিডেন্ট পদের জন্য প্রস্তাব করা হলো এবং তিনি সহজেই নির্বাচিত হলেন। এমনি করেই গাজী শাহাবুদ্দীন আর আমি জয়ী হলাম সম্মেলনে।
গাজী শাহাবুদ্দীন ছিলেন অসাধারণ বন্ধুবৎসল। তিনি পুরানা পল্টন এলাকায় এপিপি সংবাদ সংস্থার (বাংলাদেশের স্বাধীনতার পর যার নামকরণ করা হয় বিএসএস) পেছনে কথাকলি প্রিন্টারস নামে একটি মুদ্রণালয় প্রতিষ্ঠা করেন। এই প্রেসের ম্যানেজারের অফিসের পাশে তিনি বন্ধুবান্ধবের আড্ডার জন্য একটি প্রশস্ত কক্ষ নির্মাণ করেন। এই কক্ষটি শীততাপ নিয়ন্ত্রিত করা হয় এবং তাতে বন্ধুবান্ধবকে আপ্যায়নের যাবতীয় ব্যবস্থা রাখা হয়। এই আড্ডায় আসেননি ঢাকায় এমন শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক কমই ছিলেন। আড্ডায় আসতেন কবি শামসুর রাহমান, শিল্পী কাইয়ুম চৌধুরী, কবি শহীদ কাদরী, লেখক সৈয়দ শামসুল হক, যায়যায়দিন-খ্যাত শফিক রেহমান, শিল্পী দেবদাস চক্রবর্তী, নিতুন কুন্ডু, জাহানারা ইমামসহ অনেকে। ১৯৭৬ সালে ওয়াশিংটনে ভয়েস অব আমেরিকায় যোগ দেওয়ার পর তৃতীয়বারের মতো ১৯৯২ সালে আমি ঢাকায় গিয়েছিলাম ছুটিতে। সে সময়ও দেখেছি গাজী শাহাবুদ্দীনের বন্ধুবান্ধব আপ্যায়নের এই আড্ডা।
গাজী শাহাবুদ্দীন বই-পুস্তক প্রকাশের জন্য প্রতিষ্ঠা করেন ‘সন্ধানী প্রকাশনা’র। এখান থেকে প্রকাশিত হয় জহির রায়হান আর সৈয়দ শামসুল হকের প্রথম উপন্যাস। এ ছাড়া গাজী শাহাবুদ্দীন বন্ধুদেরসহ আরও অনেকের গ্রন্থ প্রকাশ করেন এবং সেগুলোর বেশির ভাগই বিনা মূল্যে।
গাজী শাহাবুদ্দীন জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি নামে একটি গ্রন্থ প্রকাশ করেন এবং এটি পাঠকদের বিপুল জনপ্রিয়তা অর্জন করে। এসব বই প্রকাশনার ক্ষেত্রে তিনি বিশেষভাবে সহযোগিতা লাভ করেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী, কালাম মাহমুদ, রফিকুন নবী প্রমুখেরও।
একসময় তিনি চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গেও যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে সৈয়দ মোহাম্মদ পারভেজের সঙ্গে ছিল তাঁর সখ্য।
বন্ধুবান্ধবের হৃদয়ে গাজী শাহাবুদ্দীন থাকবেন চিরভাস্বর। তাঁর সুউজ্জ্বল স্মৃতি অম্লান রইবে সর্বকাল।
সৈয়দ জিয়াউর রহমান: সাংবাদিক। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক সিনিয়র এডিটর।