
৫০ দিন আগে চক্ষু বিশেষজ্ঞ এবং জনহিতৈষী ডা. সাইদুর রহমানের জীবনাবসান হয়েছে। আজ তাঁর প্রথম মরণোত্তর জন্মদিন।
ময়মনসিংহের শহরতলির শানকিপাড়ায় আমাদের শৈশব কেটেছে রাস্তার এপার-ওপার বাড়িতে। স্কুলে সে আমার দুই বছর ওপরে পড়ত, কিন্তু সে দূরত্ব ঘনিষ্ঠ বন্ধুত্বের বাধা হতে পারেনি। তার অন্যান্য বন্ধুর মতো আমিও তাকে তার পারিবারিক ব্যবহারের নাম ‘খসরু’ বলে সম্বোধন করতাম। এই নিবন্ধে সেই নামটি ব্যবহার করব। উত্তরকালে তার অনুজার সঙ্গে আমার বিবাহ আমাদের বন্ধুত্বের সঙ্গে সম্পর্কমুক্ত স্বতন্ত্র ঘটনা হলেও এই আত্মীয়তা আমাদের বন্ধুত্বকে গাঢ়তর করেছিল। এই বহুমাত্রিক বন্ধুত্বের অন্যতম ভিত্তি ছিল বামপন্থী রাজনৈতিক এবং সামাজিক ভাবনার প্রতি আমাদের আনুগত্য।
পঞ্চাশের দশকের দ্বিতীয়ার্ধে খসরু ঢাকা মেডিকেল কলেজে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছিলাম। এমএ পরীক্ষার পর কয়েকটি সাময়িক বাধা বিপর্যয়ের ফলে উচ্চশিক্ষার জন্য আমার বিদেশযাত্রা বিলম্বিত হয়। আমি ১৯৬৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় যোগ দিতে সক্ষম হই এবং সেখানে সস্ত্রীক বসবাস শুরু করি। খসরু ইতিমধ্যে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং পাঠোত্তর শিক্ষানবিশি শেষ করে। চক্ষু চিকিৎসায় উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড যাওয়ার উদ্দেশে অর্থ সঞ্চয়ের জন্য সে ১৯৬৩-এর গ্রীষ্মে সৌদি আরবে এক বছরের মেয়াদে চাকরিতে যোগ দেয়। ১৯৬৪-এর সেপ্টেম্বর সে লন্ডনে চক্ষু চিকিৎসা বিদ্যার স্নাতকোত্তর পাঠক্রমে যোগ দেয়। এক বছরের পাঠক্রম শেষ করে সে লন্ডনের অনতিদূরে অবস্থিত গিল্ডফোর্ড শহরে ‘রয়াল সারে কাউন্টি হাসপাতালে’ চাকরি শুরু করে। লন্ডন এবং গিল্ডফোর্ড থেকে সে প্রায়ই আমাদের কেমব্রিজের বাসায় সপ্তাহান্তের ছুটি কাটাতে আসত।
পড়া শেষ করে ১৯৬৬-এর অক্টোবরে আমরা আমার কর্মস্থল করাচিতে ফিরে আসি। চার বছর পর ১৯৭০-এর সেপ্টেম্বরে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজে ফেলো নির্বাচিত হয়ে কাজে যোগ দিই। খসরু তখনো গিল্ডফোর্ডে কর্মরত। এর কয়েক মাস পরে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়। এই সময় খসরু ব্রিটেনের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতির ভূমিকায় মুক্তিযুদ্ধের সপক্ষে বাঙালি ডাক্তারদের সংগঠিত করার আন্দোলনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমি ১৯৭২-এর এপ্রিলে দেশে ফিরে নবগঠিত পরিকল্পনা কমিশনে যোগ দিই। খসরু দেশে ফিরে আসে তার কয়েক মাস পরে।
ঢাকার ছাত্রজীবনে এবং ইংল্যান্ডের প্রবাসকালে খসরুর রাজনৈতিক ক্রিয়াকর্ম কমিউনিস্ট পার্টিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। দেশে ফেরার পর প্রায় দুই যুগ তার জীবন দুটি সমান্তরাল ধারায় বহমান ছিল। মণি সিংহ-ফরহাদের কমিউনিস্ট পার্টির কর্মী, আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের সাধারণ সম্পাদক ইত্যাকার রাজনৈতিক কর্মস্রোতের ধারক ছিল প্রথম ধারাটি। মানুষের কল্যাণ, সাম্প্রদায়িক বিভেদের অবসান, আন্তর্জাতিক শান্তি—এসব মহৎ লক্ষ্য তার রাজনৈতিক কর্মকে অনুপ্রাণিত করেছে।
তার জীবনের দ্বিতীয় ধারাটি ছিল জীবিকাকেন্দ্রিক। চক্ষু চিকিৎসায় সে প্রতিষ্ঠা অর্জন করেছিল। এই ধারার পরিণতিতে সে ডা. ইব্রাহিম প্রতিষ্ঠিত বারডেমের চক্ষু বিভাগের প্রধান হয়েছিল; স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষায় অধ্যাপক হিসেবে খ্যাতি অর্জন করেছিল। আশির দশকে খসরু বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছিল। সম্ভবত সর্বকালে এই পদে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে সে ছিল অন্যতম বয়োকনিষ্ঠ। এই দুই ধারার মিলন তার কর্মজীবনকে প্রায়ই চিহ্নিত করেছে। তার নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চলে আই-ক্যাম্প স্থাপন করে চিকিৎসকেরা বিনা খরচে অনেক দরিদ্র মানুষের অন্ধত্ব নিরাময় করেছেন।
নব্বইয়ের দশকের গোড়া থেকে তার জীবনের এই দুই ধারার বহমানতায় পরিবর্তন আসে। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচলিত সমাজতান্ত্রিক ব্যবস্থার পতনের পর দেশের কমিউনিস্ট সংগঠনেও নতুন বিভাজন দেখা দেয়। এই সময়ে সে সাংগঠনিকভাবে বিভক্ত গোষ্ঠীগুলো থেকে নিজেকে সরিয়ে আনে। এর ফলে তার অস্তিত্বের এক বৃহৎ অংশে একধরনের শূন্যতার সৃষ্টি হয়। কিন্তু এই বিপর্যয়কে অগ্রাহ্য করে তার মৌলিক বিশ্বাসের জগৎ ছিল অপরিবর্তিত। তার অবশিষ্ট জীবনের কর্ম নিয়ন্ত্রিত হয়েছে সাম্প্রদায়িক বিভেদ, সন্ত্রাস এবং মৌলবাদের বিরোধিতা করে।
তার জীবনের সম্মাননা এবং অর্জন সম্বন্ধে আমার জ্ঞান নিতান্তই অসম্পূর্ণ। তৎসত্ত্বেও জানি যে ব্রিটিশ চক্ষু চিকিৎসা সংস্থা তাকে সাম্মানিক ডিগ্রি দিয়েছিল; কয়েক বছর সে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছিল। জীবিকা এবং রাজনীতি ছাড়াও ব্যক্তিজীবনে সে শিল্প ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগ পোষণ করত। তার ব্যক্তিগত সংগ্রহে ছিল অনেক সমসাময়িক শিল্পীর ছবি এবং বিভিন্ন দেশের বিচিত্র মুখোশ। বিনা পারিশ্রমিকে বহু মানুষের চিকিৎসা, দরিদ্র শিক্ষার্থীদের জন্য নীরব এবং গোপন দান—এ সবই ছিল তার নিত্যকর্ম।
যারা তার সান্নিধ্যে এসেছিল তাদের স্মৃতিতে সব ছাপিয়ে উজ্জ্বল হয়ে থাকবে তার বন্ধুবাৎসল্যের স্মৃতি। বাক্চাতুর্য বা যুক্তিজাল বিস্তার দিয়ে নয়, নিছক পাশে বসে থেকে, চোখে মৃদু হাসি বিস্তার করে সে আমাদের সুখসঙ্গের কারণ হতো। আমার স্মৃতিতে তার যে রূপ সদাভাস্বর, তার বর্ণনা পাই মৌলানা জিয়াউদ্দিনের অকাল মৃত্যুর পরে রচিত রবীন্দ্রনাথের কবিতায়। সম্পূর্ণ কবিতাটি নবজাতক কাব্যগ্রন্থে ‘মৌলানা জিয়াউদ্দিন’ শিরোনামে গ্রন্থিত হয়েছে। স্থানাভাব হেতু কয়েকটি পঙ্ক্তি মাত্র উদ্ধৃত করলাম:
‘কারো কবিত্ব, কারো বীরত্ব,
কারো অর্থের খ্যাতি—
কেহ-বা প্রজার সুহৃদ সহায়,
কেহ-বা রাজার জ্ঞাতি—
তুমি আপনার বন্ধুজনেরে
মাধুর্যে দিতে সাড়া,
ফুরাতে ফুরাতে রবে তবু তাহা
সকল খ্যাতির বাড়া।’
আজিজুর রহমান খান: ইমেরিটাস অধ্যাপক, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইড।