
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি একাত্তরের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের মানুষের পাশাপাশি ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মণিপুরের মানুষের একটি আবেগের জায়গা রয়েছে। কিন্তু আবেগ দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক নির্ধারিত হয় না। দিল্লিতে আইএসসিএসের সম্মেলনে বাংলাদেশের একজন প্রতিনিধি, যিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা-সেনা কর্মকর্তা, ভারতের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেও বলেছেন, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার শুরুও হয়েছিল বিজয়ের অব্যবহিত পরে। সম্প্রতি সিআইএর অবমুক্ত করা দলিলেও তখনকার বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েনের কথা জানা যায়।
আবার একাত্তরকে দেখা নিয়েও বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে দৃষ্টিভঙ্গিগত ফারাক। বাংলাদেশের মানুষের কাছে এটি মুক্তিযুদ্ধের বিজয় হলেও ভারতের কাছে পাকিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ বিজয়’। অনেক বছর আগে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান জগজিৎ সিং অরোরা, যিনি ঢাকায় ১৬ ডিসেম্বর যৌথ কমান্ডের পক্ষে পাকিস্তানিদের আত্মসমর্পণ দলিলে সই করেন, এই লেখককে বলেছিলেন, ‘যুদ্ধটা বাংলাদেশের মানুষই করেছেন। আমরা সহায়তা করেছি মাত্র।’ কিন্তু ভারতের অনেক রাজনীতিক-আমলা বিষয়টি এভাবে দেখেন না। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রীও বলেছেন, ‘রাবণের হাত থেকে যেমন সীতাকে উদ্ধার করা হয়েছিল, আমরাও বাংলাদেশকে সেভাবে উদ্ধার করেছি।’ এ ধরনের মন্তব্যে ঔদার্য নয়, অহংকারই প্রকাশ পায়।
মুক্তিযুদ্ধের কথা উঠলে আমরা অনেকেই আবেগতাড়িত হয়ে পড়ি। তবে সেই আবেগের কথা স্বীকার করেও দুই দেশের প্রতিনিধিরা অনেক কঠিন সত্য সামনে নিয়ে এসেছেন। গত ৪৫ বছরে পদ্মা-যমুনায় অনেক পানি গড়িয়েছে (যদিও মমতা ব্যানার্জির কারণে তিস্তার পানি বাংলাদেশে গড়াতে পারছে না।), ভূরাজনীতি অনেক বদলে গেছে। আগের বন্ধু ‘শত্রু’ না হলেও আগের ‘শত্রু’ বন্ধুত্বের হাত বাড়িয়েছে। ভারতের ক্ষেত্রে আমেরিকা, বাংলাদেশের বেলায় চীন। মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে পাকিস্তানের চেয়ে ভারতের সম্পর্ক ভালো। এবার ভারতের প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাঁকে নিয়ে দিল্লিতে যে সমারোহ চলছিল, তা অনেক সরকার বা রাষ্ট্রপ্রধানের সফরেও দেখা যায় না।
এই প্রেক্ষাপটে সম্মেলনে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথাটি বলেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি। তাঁর মতে, ‘কূটনীতি মানেই নিজের স্বার্থরক্ষা।’ বাংলাদেশের কূটনীতিক হুমায়ুন কবীরও লিখেছেন, ‘বলা বাহুল্য আন্তরাষ্ট্রীয় সম্পর্কের বিষয়টি ভাবাবেগ দ্বারা পরিচালিত নয়; বরং এটি একটি গভীর স্বার্থের বিষয়। এখানে প্রয়োজনে ছাড় দিতে হবে; প্রয়োজনে কূটনৈতিকভাবে দর-কষাকষি করে নিজের স্বার্থ রক্ষা করতে হবে।’ (প্রতিচিন্তা, প্রথম বর্ষ, দ্বিতীয় সংখ্যা ২০১১)
কূটনীতিতে প্রতিটি দেশ নিজের স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। আধুনিক কূটনীতিতে তিনিই প্রকৃত বন্ধু, যিনি নিজের স্বার্থ আদায়ের পাশাপাশি অন্যের যাতে ক্ষতি না হয়, সেটিও আমলে নেবেন। দুই প্রতিবেশীর মধ্যে স্বার্থের বিরোধ থাকবেই এবং সেটি নিরসনের উত্তম উপায় হলো আলোচনা, যুক্তির ভাষায় কথা বলা। তাদের অবস্থান হবে, ‘দেবে আর নেবে মিলাবে মিলিবে।’ যদি দুটি পক্ষ সব বিষয়ে একমত হয়, তাহলে আলোচনারই দরকার হয় না। আমাদের মানতে হবে যে প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেকগুলো সমস্যা আছে; কিন্তু কোনোভাবেই সমাধানের বাইরে নয়।
দিল্লির সম্মেলনটি এমন সময়ে অনুষ্ঠিত হয়, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ভারত সফরের বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপকভাবে আলোচিত। গেল ডিসেম্বরে এই সফর হওয়ার কথা ছিল। এরপর গণমাধ্যমে খবর বের হয়, ফেব্রুয়ারিতে তিনি দিল্লি যাবেন। সর্বশেষ খবর হলো, সফর আরও পিছিয়ে যাচ্ছে। ডিসেম্বরে সফর না হওয়ার পক্ষে যুক্তি দেওয়া হয়েছিল, বাংলাদেশ কূটনৈতিকভাবে প্রস্তুতি শেষ করতে পারেনি। এখন ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, ৩১ জানুয়ারি বাজেট অধিবেশন, এরপর উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্যে বিধানসভার ভোট। বিশেষ করে অখিলেশ সিং যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের জোট গঠনের পর উত্তর প্রদেশে নির্বাচনটি শাসকদলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি নেতাদের দাবি, প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় নেতারা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন।
সম্মেলনের বাইরে ব্যক্তিগত আলাপে ভারতের আমলা-কূটনীতিকেরা বলেছেন, ‘সফর তো হবেই।’ কীভাবে হবে, কবে হবে, সেই প্রশ্নের সদুত্তর কেউ দিতে পারেননি বা দিতে চাননি। এ ব্যাপারে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রধানমন্ত্রী সফর কি স্থগিত হয়ে গেছে? তিনি বললেন, ‘যেখানে সফরের সময়সূচিই ঠিক করা হয়নি, সেখানে সেটি স্থগিত বা পুনর্নির্ধারণের প্রশ্ন আসে কেন?’
এই সম্মেলনে ভারতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে অনেক কথা বললেও প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে কোনো মন্তব্য করেননি। এর আগে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিস্তার বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্মতি আদায়ের চেষ্টা চলছে। সেটি সম্ভব না হলে কেন্দ্র এককভাবে সিদ্ধান্ত নেবে। দিল্লির রাজনৈতিক ও কূটনৈতিক মহল মনে করে, মোদি হয়তো সেই ঝুঁকি নেবেন না।
কেন্দ্রীয় সরকারের বস্ত্রমন্ত্রী ও সাবেক অভিনেত্রী স্মৃতি ইরানির চমৎকার বাংলা উচ্চারণে সেমিনারের অভ্যাগতদের চমকে দিয়েছিল। তাঁকে প্রশ্ন করি, তিনি কীভাবে এত ভালো বাংলা শিখলেন? স্মৃতি ইরানির জবাব, ‘আমি মায়ের দিক থেকে বাঙালি, বাগচী পরিবারের মেয়ে।’ তাঁর কাছে পরের প্রশ্ন ছিল, বাংলাভাষী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আপনার কবে বাংলায় কথা হবে। স্মৃতিও প্রশ্নটি এড়িয়ে গিয়ে বললেন, ‘তিনি (শেখ হাসিনা) সম্ভবত জানেন না যে আমি ভালো বাংলা বলি।’
নেহরু মেমোরিয়াল জাদুঘরের পরিচালক শক্তি সিনহার মতে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার আমলেই উচ্চপর্যায়ে পৌঁছেছে; এমনকি ইন্দিরা-মুজিব আমলের চেয়েও এক ধাপ এগিয়ে। আমি তাঁকে জানাই, কিন্তু সম্পর্কের সূচনা হয়েছিল মনমোহন সিংয়ের সময়ই। তিনি এটা মানতে চাইলেন না। বললেন, নরেন্দ্র মোদি সীমান্ত চুক্তি সংসদে পাস করিয়েছেন, মনমোহন সিং পারেননি। তাঁর কথা সঠিক হলেও অস্বীকার করা যাবে না যে বিজেপি তখন চুক্তির বিরোধিতা করেছিল। দ্বিপক্ষীয় সম্পর্কে ওঠানামার পেছনেও থাকে দলীয় রাজনীতি। তবে সিনহা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, ‘অর্থের কোনো ধর্ম নেই।’ তাঁর কথাটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারতে আমরা ধর্মীয় জঙ্গিবাদের বিপদ নিয়ে সোচ্চার হলেও এর পেছনে যে বিশ্বমোড়লদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ আছে, সে সম্পর্কে কিছু বলছি না। জঙ্গিবাদ এতটা আশকারা পেত না, যদি পৃথিবীজুড়ে অর্থনৈতিক ও সামরিক দুর্বৃত্তায়ণ খামোশ করা যেত।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের বিলম্বের কারণ হিসেবে দিল্লির কূটনৈতিক মহল থেকে ৩১ জানুয়ারি থেকে লোকসভা বাজেট অধিবেশন এবং ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশসহ ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা বললেও বাংলাদেশের কূটনৈতিক মহল মনে করে, আসল কারণ ভিন্ন। গত অক্টোবরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ সফরের পরই দিল্লির নীতিনির্ধারক মহলে নতুন করে ‘বোঝাপড়া’ শুরু হয়। ওই সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে ২ হাজার ৮০০ কোটি ডলারের ঋণচুক্তি সই হয় এবং আরও অনেক প্রকল্পে সহায়তার প্রস্তাব দেওয়া হয়।
চীন থেকে বাংলাদেশের সাবমেরিন কেনার বিষয়টি ভারত যে সহজভাবে নিতে পারেনি, তা সেখানকার সাবেক সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকদের কথাবার্তায় স্পষ্ট। ভারতের নৌবাহিনীর সাবেক প্রধান অরুণ প্রকাশ বলেছেন, ‘তিন দিকে ভারতবেস্টিত বাংলাদেশ যে অর্থনৈতিক অবস্থায় আছে, তাতে সাবমেরিন কেনা কেবল অযৌক্তিক নয়, উসকানিমূলকও। (সূত্র: ডিফেন্স নিউজ, ২৩ নভেম্বর ২০১৬)। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরণ সিং বলেছেন, বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরেই চীনা অস্ত্রশস্ত্র কিনে আসছে। কিন্তু সাবমেরিন সংগ্রহ এ অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ভারতের উদ্বেগ হলো, চীন সাবমেরিন রপ্তানির মাধ্যমে বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তার করতে চাইবে।
এ ব্যাপারে বাংলাদেশের কূটনীতিক-বিশ্লেষকদের কথা হচ্ছে, সাবমেরিন যে দেশেরই হোক, এটি পরিচালনা করবে বাংলাদেশ। অতএব ভারতের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বি.দ্র: ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৬০০ কোটি ডলারের। গতকালের লেখায় ভুলবশত তা ১০০ কোটি ডলার ছাপা হয়েছে।
আগামীকাল: দর-কষাকষির ক্ষমতা বেড়েছে বাংলাদেশের
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]