বন্যাদুর্গতের জন্য সরকার কী করছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব বাংলার বন্যা সমস্যাকে বিশেষ গুরুত্ব দিতেন মাওলানা ভাসানী। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মতো বাংলাদেশের সেচব্যবস্থা ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন পানি ও নদ-নদী বিশেষজ্ঞ বি এম আব্বাস। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘বন্যা সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং নদীভাঙন কীভাবে কমানো যায়, তা নিয়ে মাওলানা খুব চিন্তিত ছিলেন।’ তথ্যসূত্র : [কাগমারী সম্মেলন, সৈয়দ আবুল মকসুদ, প্রথমা প্রকাশন]

বাংলাদেশে বহু কাল আগে থেকে বন্যা হয়। সুতরাং বন্যা সমস্যা সমাধানের রূপরেখা স্বাধীনতা–পরবর্তী সরকারগুলোর কাছ থেকে আসা উচিত ছিল। ছাত্রদের ১১ দফাভিত্তিক উত্তাল উনসত্তরে যে গণ–অভ্যুত্থান হয়, তার অষ্টম দফায় দাবি তোলা, পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ ও জল সম্পদের সার্বিক ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপর স্বাধীনতা এসেছে, স্বাধীন বাংলাদেশের বয়স প্রায় অর্ধশতাব্দী হতে চলল, কিন্তু বন্যা সমস্যার স্থায়ী সমাধান আজও আসেনি। বর্ষাকাল চলছে। উজান থেকে আসা ঢল ও মৌসুমি বৃষ্টিপাতের কারণে এই সময়ে বাংলাদেশে বন্যা অস্বাভাবিক নয়। কিন্তু এবারের বন্যা স্বাভাবিক পর্যায়ে থাকেনি। সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণ বলছে, বন্যায় আক্রান্ত এলাকা ও পানির উচ্চতা ১৯৮৮ সালের চেয়ে এবার বেশি। গত ১৮ জুন ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ১৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। গত ১০০ বছরের ইতিহাসে এ রকম ভয়াবহ বন্যার রেকর্ড নেই। বন্যা ও নদী বিশেষজ্ঞদের মতে, এবারের বন্যার বিস্তৃতি ও স্থায়িত্ব বেড়েছে। পানি নামছে ধীরে। ফলে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া চলমান বন্যা স্বাভাবিক হতে আগস্টের পুরো সময় লাগতে পারে।

পানির নাম যে জীবন আবার সেই পানিই যে মৃত্যুর কারণ, তা কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুরে না গেলে এ মুহূর্তে বোঝা যাবে না। লোকজন বলছে, শতাব্দীর মধ্যে তারা এত বড় বন্যা দেখেনি। ১০ থেকে ২৭ জুলাই পর্যন্ত বন্যায় ১১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসংখ্য সহায়-সংসার ভেসে গেছে। কৃষকের জমির ফসল তলিয়ে গেছে। বিশুদ্ধ খাওয়ার পানি নেই, খাবার নেই। সব মিলে এ এক ভীষণ দুর্যোগ। আবুল মনসুর আহমেদ তাঁর ‘রিলিফ ওয়ার্ক’ নামের গল্পে লিখেছেন এমন বন্যার কথা,‘...সারা দেশ ভাসিয়া গিয়াছে। গ্রামকে গ্রাম ধুধু করিতেছে। বিস্তীর্ণ জলরাশির কোথাও কোথাও ঘরের চাল ও বাঁশের ঝাড়ের ডগা জাগাইয়া লোকালয়ের অস্তিত্ব ঘোষণা করিতেছে।...দুপাশের দু-দশখানা গ্রামের সমস্ত লোক আসিয়া এই সড়কের উপর আশ্রয় লইয়াছে। রেল সড়কে তিল ধারণের স্থান নাই। মানুষ, পশু, গরু, মহিষ, ছাগল, ভেড়া গা ঘেষাঘেষি করিয়া সড়কের উপর ভিড় করিয়া নৈসর্গিক বিপদের সাম্য-সাধনা-ক্ষমতা ঘোষণা করিতেছে।’ গল্পের বর্ণনা আজও প্রাসঙ্গিক। দেশ-দুনিয়ায় কত উন্নতি হলো, বনাকবলিতদের ভাগ্যে এতটুকু পরিবর্তন হলো না।

কিন্তু বন্যাদুর্গত মানুষের জন্য সরকার কী করছে? দু–একজন মন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন, চিকিৎসা, ত্রাণসহায়তা সব যেন রুটিন ওয়ার্কের মতো। অনেকের অভিযোগ, এবার বিপর্যয়ের মাত্রা যত বেশি, সরকারি-বেসরকারি সাড়া তত কম। একসময় আমাদের জাতীয় নেতারা সাধারণ মানুষের দুঃখ–দুর্দশা নিয়ে চিন্তা করতেন, পাশে দাঁড়াতেন। সত্তরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে উপকূল এলাকায় গিয়ে সরকারের উদ্দেশে মাওলানা ভাসানী বলেছেন, ‘ওরা এবারও আসেনি’। বঙ্গবন্ধুর বইতে আছে, ‘খবরের কাগজে এসেছে...সিলেটে বন্যায় দেড় লক্ষ লোক গৃহহীন, ১০ জন মারা গেছে। কত যে গবাদিপশু ভাসাইয়া নিয়ে গেছে তার কি কোনো সীমা আছে। কি করে এ দেশের লোক বাঁচবে তা ভাবতেও পারি না’ [কারাগারের রোজনামচা, পৃষ্ঠা ৮৭ ]। সাধারণ মানুষের নিয়ে ভাবার সেই নেতাও নেই, দুঃখ বোঝার লোকও নেই। চলতি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রহ্মপুত্র অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুর জেলা। দাবি উঠেছিল, এসব জেলাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করে বন্যার সময়ে এবং বন্যা–পরবর্তী সময়ে পুনর্বাসনসহ যথাযথ ব্যবস্থা নেওয়ার। কিন্তু সরকারের সাড়া কোথায়? ঢাকায় কুড়িগ্রামের শিক্ষার্থী ও কর্মজীবীরা বন্যার্তদের সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে কনসার্টের আয়োজন করেছিলেন, কিন্তু তাঁদের অনুমতি দেওয়া হয়নি! সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা আছে। বন্যাদুর্গত এলাকায় খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, চিকিৎসা নেই, শিশুদের শিক্ষা পর্যন্ত বন্ধ। তাহলে মানুষের মৌলিক অধিকারের আর কী অবশিষ্ট আছে?

যেকোনো দুর্যোগে বা বিপদে এ দেশের সাধারণ মানুষ এগিয়ে আসে। সহমর্মিতার হাত বাড়ায়। তখন ‘মানুষ মানুষের জন্য’ কথাটি খুব শক্তি ও সাহস জোগায়। দেরিতে হলেও এবারও তেমন কিছু উদ্যোগ দেখা যাচ্ছে। দেশ-বিদেশ থেকে কত মানুষ নানাভাবে সহযোগিতা করছেন। অর্থাৎ যাঁর পাশে কেউ নেই, তাঁর জনগণ আছে।

একসময় চীনের হুয়াং হো নদীকে বলা হতো চীনের দুঃখ। প্রায়ই নদীটি ফুলে উঠে সবকিছু বন্যায় ভাসিয়ে দিত। চীনের জনগণের জীবনে নেমে আসত অবর্ণনীয় দুঃখ–দুর্দশা। কিন্তু ১৯৪৯ সালে সেই নদী–তীরবর্তী জনসাধারণের নিরাপত্তা পর্যন্ত সুরক্ষিত করেছিল সমাজতান্ত্রিক বিপ্লবের চীন সরকার। বাংলাদেশকেও বন্যা সমস্যার সমাধান করতে হবে।

জহির রায়হান: একটি বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মী
[email protected]