বন্যায় নিরাপদ পানের পানি পাওয়াই প্রধান সমস্যা। অথচ বন্যার পানিকে আমরা পানের উপযোগী করে নিতে পারি, ডায়রিয়া, টাইফয়েড, কলেরা ইত্যাদির রোগজীবাণু মেরে ফেলতে পারি। এ কাজটি কিন্তু কঠিন নয়। পানিকে মাত্র ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে সে তাপমাত্রায় আধা ঘণ্টা ধরে রাখতে পারলেই ক্ষতিকর জীবাণু মরে যায়। আর এর থেকে বেশি তাপমাত্রায় আরও কম সময়েই কাজ হয়। যেমন ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লাগে মাত্র ১৫ সেকেন্ড। এ পদ্ধতিকে বলা হয় পাস্তুরিতকরণ। পানি ফোটে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সে তাপমাত্রায় মুহূর্তও লাগবে না। তাহলে পানি ফুটতে শুরু করলেই তাপ দেওয়া বন্ধ করে দিতে পারি।
তবে বন্যার ঘোলা পানিতে অনেক সূক্ষ্ম মাটির কণা থাকে। গরম করার আগে ঘন বুনটের কাপড় দিয়ে পানি ছেঁকে নিন। এর আগে সামান্য ফিটকিরি দিয়েও এসব কণাকে থিতিয়ে নিতে পারেন। তবে বন্যার সময় পানি গরম করার জন্য চুলা ও জ্বালানি পাওয়াটা কঠিন হতে পারে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগে আমরা এমন একটি যন্ত্র উদ্ভাবন করেছি, যেটি দিয়ে সূর্যের কিরণে সহজে পানিকে পাস্তুরিতকরণ করে জীবাণুমুক্ত করা যায়। বড় কথা হলো মাত্র কয়েক শ টাকায় স্থানীয় বাজারে পাওয়া জিনিসপত্র দিয়ে আপনি নিজেই এটি বানিয়ে নিতে পারবেন। ‘সোলার পাস্তুরাইজেশন’ যন্ত্র তৈরির জন্য আপনার যা যা লাগবে: (ক) প্রায় ৩০ ইঞ্চি ব্যাসবিশিষ্ট একটি বাঁশের ডালা, (খ) ছোট এক কৌটা কালো এনামেল পেইন্ট ও ব্রাশ, (গ) এক কেজি শুকনো খড়, (ঘ) একটি স্বচ্ছ পলিথিনের বড় ব্যাগ (৩০ ইঞ্চি বাই ৪০ ইঞ্চি) বা কাছাকাছি আকারের এবং (ঙ) দুটি স্বচ্ছ পলিথিনের শিট, ৪ ফুট বাই ৪ ফুট আকারের। আগেই বাঁশের ডালাটির ওপরের তলটিকে কালো রং করে সম্পূর্ণ শুকিয়ে নিন। শুকোতে কয়েক ঘণ্টা লাগতে পারে। তবে এ কাজটি একবারই কেবল করতে হবে। সংরক্ষণ করার জন্য পলিথিনের ব্যাগ ও শিট দুটোকে একটি পাইপ বা বাঁশের দণ্ডের ওপর জড়িয়ে রাখলে ভালো থাকবে। ভাঁজ করলে ফুটো হয়ে যেতে পারে।
এবার যন্ত্রটি স্থাপন করার জন্য এমন একটি শুকনো সমতল জায়গা বেছে নিন, যেখানে কমপক্ষে ঘণ্টা দুয়েকের জন্য পরিষ্কার সূর্যের আলো থাকে। খড়গুলোকে মাটির ওপরে বিছিয়ে দিন যেন চার ইঞ্চির মতো পুরু হয়। এর ওপর রং করা বাঁশের ডালাটি রাখুন। এবার বড় পলিথিনের ব্যাগটিকে ডালার ওপরে বিছিয়ে দিন যেন খোলা মুখটি একদিকের উঁচু ধারের ওপর দিয়ে বাইরে বেরিয়ে থাকে। ব্যাগটি ডালা থেকে বেশ বড় হলে অপর দিকটিও ডালার বাইরে থাকতে পারে, এতে অসুবিধা নেই। এবার ছেঁকে নেওয়া বন্যার পানিকে একটি মগ বা বাটির সাহায্যে পলিথিনের ব্যাগের ভেতর ঢোকান। খেয়াল রাখবেন, পানির গভীরতা যেন আঙুলের এক কড়ের বেশি না হয় (১ ইঞ্চি থেকে একটু কম)। আর পানি যেন ব্যাগের বাইরে ডালার ভেতর বা খড়ের বিছানায় না পড়ে।
৩০ ইঞ্চি ব্যাসের ডালা হলে প্রায় ৫ লিটার পানি দিতে পারবেন। এবার দেখুন পানি সব জায়গায় সমান গভীর আছে কি না। না থাকলে নিচের খড় নাড়াচাড়া করে সমান করে নিন। আর দেখুন, ব্যাগে পানির ওপরে বাতাসের বুদ্বুদ আছে কি না। থাকলে আঙুল দিয়ে আলতোভাবে চাপ দিয়ে খোলা মুখ দিয়ে বাতাস বের করে দিন। বুদ্বুদ থাকলে সেখানে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সূর্যের আলো ঢুকতে বাধা দেয়। এবার পানিভরা ব্যাগের ওপরে তিন-চারটি খড়ের নাড়া ছড়িয়ে দিন এবং প্রথম পলিথিনের শিটটি দিয়ে সবকিছু ঢেকে দিন। খড়ের নাড়া দেওয়ার উদ্দেশ্য হলো যে মাঝে যেন বাতাসের একটি স্তর থাকে, পলিথিনের শিটটি যেন কোথাও ব্যাগের সঙ্গে লেগে না যায়। এরপর আবারও তিন-চারটি খড়ের নাড়া প্রথম পলিথিনের শিটের ওপর ছড়িয়ে দিন ও দ্বিতীয় পলিথিনের শিট দিয়ে সবকিছু ঢেকে দিন। আবারও খেয়াল করবেন যেন শিট দুটি মাঝখানে কোথাও লেগে না যায়। এ বাতাসের স্তর দুটি ওপর দিকে তাপ যেন হারিয়ে যেতে না পারে তার ব্যবস্থা করে। এবার চার-পাঁচটি ওজন দিয়ে বিছানো পলিথিনের শিট দুটোকে চারদিকে এমনভাবে চাপা দিন, যেন শিটগুলো মাঝখানে টান টান থাকে। এতে শিটগুলোর একটির সঙ্গে আরেকটি লেগে থাকার আশঙ্কা কমে যাবে।
পরিষ্কার আকাশ থাকলে এ অবস্থায় দেড় থেকে দুই ঘণ্টা রোদে ফেলে রাখুন। দুই ঘণ্টায় পানি যথেষ্ট গরম হয়ে যাবে। পানি যথেষ্ট গরম হয়েছে কি না পরীক্ষা করতে চাইলে ওপরের শিট দুটোর একটি কোনা একটু তুলে ব্যাগের পানির ওপর আঙুল দিয়ে স্পর্শ করে দেখুন, আঙুল সঙ্গে সঙ্গে সরিয়ে নিতে হলে বুঝবেন যথেষ্ট গরম হয়ে গেছে। এরপর ওপরের শিট দুটো তুলে সংরক্ষণ করুন। এবার ব্যাগের পেছন দিকের এক ধার ও সামনের দিকের এক ধার শক্ত করে ধরে একটি পরিষ্কার পাত্রে পানি ঢেলে নিন।
পাস্তুরিতকরণের জন্য প্রয়োজন কমপক্ষে ৬০ ডিগ্রি সেলসিয়াস। তবে আমাদের উদ্ভাবনে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মিও পানিতে ঢুকতে পারে। তাই ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও জীবাণু ধ্বংস হয়। এ জন্য মাঝেমধ্যে মেঘ এলেও দুই-তিন ঘণ্টা রোদ পেলে জীবাণু ধ্বংস হবে। তবে আকাশ পুরো মেঘলা থাকলে অবশ্যই এ পদ্ধতি ব্যবহার করবেন না।
একটি ব্যাপারে অবশ্যই সাবধান হবেন, যে পানিতে শিল্পের বর্জ্য, কীটনাশক, আর্সেনিক ইত্যাদি আছে সে পানির জন্য ওপরের পদ্ধতি ব্যবহার করা যাবে না। কারণ, ফোটালেও এসব বিষাক্ত পদার্থ যায় না।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ এবং সেন্টার অব অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের অণুজীব বিজ্ঞানীরা আমাদের তৈরি সোলার পাস্তুরাইজারে গরম করা পানি নিয়ে বহু বছর ধরে পরীক্ষা করে দেখেছেন যে সেখানে ডায়রিয়া গোত্রীয় সব পানিবাহিত রোগের জীবাণু ধ্বংস হয়েছে।
খোন্দকার সিদ্দিক-ই রব্বানী: অনারারি প্রফেসর, বায়োমেডিকেল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।