বর্তমান বিশ্বনেতৃত্ব ও জঙ্গিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকেই নেতৃত্বের বিষয়েও বলেন। জাতীয় নেতৃত্বের গুণাগুণ নিয়ে পত্রিকায় উপসম্পাদকীয়ও লেখা হয়। তবে স্থানীয় ও জাতীয় নেতৃত্ব নিয়ে লেখালেখি হলেও আন্তর্জাতিক নেতৃত্ব নিয়ে, তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা ও বিচার-বিশ্লেষণ আমাদের দেশে খুব কমই হয়।
হাজার হাজার বছরের মানবসভ্যতার ইতিহাস নেতৃত্বের সফলতা ও ব্যর্থতারই ইতিহাস। অতীতে দেখা গেছে, এক এক শাসকগোষ্ঠীর নেতৃত্বে এক-একটি মহান সভ্যতা গড়ে উঠেছে বিভিন্ন দেশে। অযোগ্য নেতৃত্বের হাতে পড়ে অনেক জনগোষ্ঠীর সভ্যতা ধ্বংস হয়ে গেছে। মানুষের জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। কুড়ি শতকে আমরা দেখেছি হিটলার ও মুসোলিনির মতো নেতৃত্ব। দেখেছি দুই মহাযুদ্ধে সাম্রাজ্যবাদী জাপানের নেতাদের ভূমিকা। তাঁদের কারণে চীন ও কোরিয়ার মানুষের জীবনে নেমে এসেছিল অভিশাপ।
যুক্তরাষ্ট্রের কোনো কোনো প্রেসিডেন্ট খ্যাতি পেয়েছেন তাঁদের দক্ষতা ও যোগ্যতার কারণে। এবং যুদ্ধের বিপরীতে শান্তি প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকার জন্য। প্রথম মহাযুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন শান্তি প্রতিষ্ঠায় স্মরণীয় অবদান রাখেন। জার্মানির দাঁতভাঙা জবাব দেন। প্যারিস শান্তি সম্মেলনে তাঁর উত্থাপিত ১৪ দফা প্রস্তাব ইতিহাসের অংশ। দ্বিতীয় মহাযুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল অবিস্মরণীয় ভূমিকা রাখেন। তখনই সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছিলেন জোসেফ স্তালিন।
চল্লিশ, পঞ্চাশ ও ষাটের দশকে পৃথিবীতে বহু বড় বড় শুভবুদ্ধিসম্পন্ন নেতা ছিলেন। বিশ্বরাজনীতিতে তাঁদের ভূমিকা বিরাট। তাঁদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই, চেয়ারম্যান মাও সেতুং, মিসরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের, যুগোস্লাভিয়ার রাষ্ট্রনায়ক মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ, ভিয়েতনামের নেতা হো চি মিন উল্লেখযোগ্য। সোভিয়েত নেতা লিওনিদ ব্রেঝনেভ ও নিকিতা ক্রশ্চভ বিশ্বরাজনীতির রঙ্গমঞ্চে গুরুত্বপূর্ণ কুশীলব ছিলেন। বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার পশ্চিম ইউরোপীয় বন্ধুদের ষড়যন্ত্র প্রতিহত করতে তাঁদের ভূমিকা অতুলনীয়। নেহরু-চৌ-নাসেরদের জোটনিরপেক্ষ আন্দোলনে সোভিয়েত নেতাদের সমর্থন গতিবেগ সঞ্চার করে। পঞ্চাশ ও ষাটের দশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ও ফরাসি প্রেসিডেন্ট শার্ল দ্য গল তাঁদের যুদ্ধবাদী নীতি সত্ত্বেও বিশ্বরাজনীতিতে সাবলীল ভূমিকা রাখেন। তাঁরা ছিলেন উঁচু ব্যক্তিত্বসম্পন্ন।
আজ পৃথিবীর সব বড় দেশ নষ্ট নেতৃত্বের কবলে। এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার কোনো দেশেই প্রজ্ঞাবান, দূরদৃষ্টিসম্পন্ন, মানবপ্রেমিক রাষ্ট্রনায়ক নেই। প্রথাগত গণতন্ত্রে জনগণের ভোটে নির্বাচিত হলেই তাঁকে ভালো নেতা বলা যায় না। সেকালে জনগণের নেতা জওহরলাল নেহরু কাজ করেছেন সামরিক বাহিনী থেকে আসা কর্নেল নাসেরের সঙ্গে এবং চীনের বিপ্লবী নেতা চৌ এনলাইয়ের সঙ্গে। আজ পৃথিবীর নির্বাচিত নেতাদের কেউ ঘোরতর সাম্প্রদায়িক, অন্য ধর্মের মানুষকে অন্তরের গভীর থেকে ঘৃণা করেন, কেউ ভয়াবহ বর্ণবাদী।
এক দেশের সঙ্গে আরেক দেশের প্রথাগত যুদ্ধ চিরকাল ছিল। আমাদের এই অঞ্চলেও সে রকম যুদ্ধ হয়েছে। ১৯৭৯ সালের জানুয়ারিতে চীন-ভিয়েতনাম যুদ্ধ হয় মাত্র চার-পাঁচ দিন, যদিও দুই দেশ দীর্ঘদিনের বন্ধু। ১৯৬৫ সালের সেপ্টেম্বরে ভারত-পাকিস্তান যুদ্ধ হয় ১৭ দিন। তারপর দুই দেশের নেতৃত্ব শান্তি প্রতিষ্ঠা করেন। পাকিস্তানের সামরিক শাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান ও ভারতের গান্ধীবাদী প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাসখন্দে গিয়ে চুক্তি করে শান্তি স্থাপন করেন। আইয়ুব-শাস্ত্রীর মতো নেতৃত্বও আজ নেই।
বিশ্বরাজনীতিতে প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়নকে ভাঙার জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই যা আমেরিকা সিআইএকে দিয়ে করায়নি। দেশের ভেতরে দালাল তৈরি করে। সবচেয়ে বড় পরমাণু বিজ্ঞানী আন্দ্রেই সাখারভ দালালের খাতায় নাম লেখান। তাঁকে ওই পথে নিতে তাঁর দ্বিতীয় স্ত্রী এলেনা বন্নের জঘন্য ভূমিকা পালন করেন। তিনি আমেরিকা ও পশ্চিমে ইউরোপের গুপ্তচরের কাজ করতেন। সোভিয়েত ইউনিয়ন ভাঙা শুধু নয়, সমগ্র পূর্ব ইউরোপটাকেই তছনছ করে দেওয়া হয়। বিশ্বরাজনীতিতে প্রথম পর্যায়ের ষড়যন্ত্র অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। কমিউনিজম ঠেকাতে ইসলামি মৌলবাদকে দেশে দেশে শক্তিশালী করে যুক্তরাষ্ট্র। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সব সময়ই সব ব্যাপারে যুক্তরাষ্ট্রের সহযোগী।
গত শুক্রবার প্যারিসের কনসার্ট হলে, ফুটবল খেলার মাঠে, ক্যাফে ও পানশালায় যে রক্তপাত ঘটেছে, তা যেকোনো সুস্থ মানুষকেই মর্মাহত করেছে। নিরপরাধ মানুষের ওপর এই বর্বরতা জঘন্য অপরাধ। ইসলামি জঙ্গিগোষ্ঠী আইএস দায় স্বীকার করেছে। তারা দায় স্বীকার করুক বা না করুক, যে কারও বুঝতে অসুবিধা হয়নি যে এ কাজ কোনো না কোনো ইসলামি জঙ্গি সংগঠনের জিহাদিদের। অবশ্য হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই। ফ্রান্সে ৫০ হাজারের মতো বাংলাদেশি বাস করেন। তাঁদের ৯০ ভাগই মুসলমান।
আইএসের জঙ্গিদের হাতে এই ১৩২ জনই যে শুধু নিহত হলেন, তা নয়। প্যারিসে নিহত ব্যক্তিদের সবাই সম্ভবত অমুসলমান; কিন্তু আইএস জঙ্গিরা হাজার হাজার ভিন্নমতাবলম্বী মুসলমানকেও হত্যা করছে। তারা রক্তের বন্যা বইয়ে দিচ্ছে ইরাক ও সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এর আগের দিন রাতেই লেবাননের বৈরুতে তাদের আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে ৪৩ জন শিয়া মুসলমান।
প্যারিসের এই নারকীয় হত্যাকাণ্ডে যেকোনো সুস্থ মানুষই ধিক্কার জানাবে। সব দেশের মানুষ তা জানাচ্ছেও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, এই হত্যাকাণ্ড ‘অল অব হিউম্যানিটি অ্যান্ড ইউনিভার্সাল ভ্যালুজ’ বা সমগ্র মানবজাতি ও বিশ্বজনীন মূল্যবোধের ওপর হামলা। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, জঙ্গিদের রুথলেসলি বা নৃশংসভাবে নির্মূল করা হবে।
প্রেসিডেন্ট ওবামার নিন্দার ভাষায় প্রবল আবেগ ছিল, যুক্তি ও সংযম ছিল না। সমগ্র মানবজাতি এক বিরাট ব্যাপার। মানবজাতির মধ্যে অন্তর্ভুক্ত আফগানিস্তান, ইরাক, পাকিস্তান, সিরিয়া, লিবিয়া এবং ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের সব মানবসন্তান। নয়া ঔপনিবেশিক ব্যবস্থাপনার আগে প্রত্যক্ষ ঔপনিবেশিক আমলে ফরাসিদের হাতে আলজেরিয়া, মরক্কো, কঙ্গো প্রভৃতি দেশের লাখ লাখ মানুষ নিহত হয়েছে, যাদের ৯৯ ভাগের বেশি ছিল সাধারণ মানুষ—অজস্র নারী ও শিশু। ফরাসি সাম্রাজ্যবাদ মার্কিন ও ব্রিটিশ সরকারের সহযোগিতায় ভিয়েতনামে ৩০ বছরের বেশি সময় ধরে প্রায় ৩১ লাখ মানুষকে হত্যা করেছে, গ্রামের পর গ্রাম নাপাম বোমায় পুড়িয়ে দিয়েছে। শুধু স্বাধীনতাকামী গেরিলাদের নয়, হত্যা করা হয়েছে পাঁচ লাখের বেশি শিশু-কিশোর। মার্কিন ও ফরাসি সেনাদের দ্বারা ধর্ষিত হয়েছেন অগণিত নারী। তাঁরাও ছিলেন ‘হিউম্যানিটি’ বা মানবজাতির অংশ। গত বছর গাজায় ইসরায়েলি হামলায় ২ হাজার ৩০০ মনুষ্য সন্তান নিহত হয়েছে, যাদের মধ্যে প্রায় ৮০০ শিশু। তারাও ‘হিউম্যানিটি’র অংশ। আমরা একজন মানুষেরও অপমৃত্যু চাই না, তা তিনি যে ধর্মের, যে জাতির, যে রাষ্ট্রের নাগরিকই হোন না কেন।
দীর্ঘ ঔপনিবেশিক শাসন-শোষণ ও নির্যাতনের ফলে এবং নেতৃত্বহীনতা ও জ্ঞানের অভাবে পৃথিবীর মুসলমানরা পিছিয়ে রয়েছে। অজ্ঞতা ও দারিদ্র্যের কারণে যেকোনো অপশক্তি তাদের একটি অংশকে বিভ্রান্ত করে জঙ্গিবাদের দিকে টেনে নিতে পারে এবং নিয়েছে। ওই ক্ষুদ্র ক্ষুদ্র জঙ্গি গোষ্ঠীগুলোর কাণ্ডজ্ঞানহীনতার কারণে সমস্ত পৃথিবীর মুসলমানরাই পশ্চিমা বর্ণবাদী নেতাদের সন্দেহভাজন। তবে মুসলমানদের মধ্যে যে ৯৯ শতাংশ জঙ্গিবাদকে ঘৃণা করে, তাদের মনের মধ্যেও ক্ষোভের জন্ম হওয়া স্বাভাবিক। তারা দেখছে, মধ্যপ্রাচ্যে প্রতিদিন রক্ত ঝরছে মুসলমানদের শরীর থেকে। তারা টেলিভিশনের পর্দায় দেখেছে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে প্রকাশ্যে রাজপথে শিয়াল-কুকুরের মতো হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা। তারা দেখেছে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে অকল্পনীয় নির্মমতায় ফাঁসি দেওয়ার নামে হত্যা করা হয়েছে। দুর্বলকে খুব বেশি নির্যাতন ও অপমান করতে নেই। দুর্বল দাবি করে সহানুভূতি। দুর্বল যখন সবার সঙ্গে সম্মুখযুদ্ধে লড়তে পারে না, তখন সে চোরাগোপ্তা পথ বেছে নেয়।
সাম্প্রতিক সময়ের পশ্চিমের দুর্বল ও নষ্ট নেতৃত্ব ভুলটা করেছে ওইখানে যে তারা মুসলমানদের দিয়ে মুসলমানদের মারার পরিকল্পনা বিচিত্রভাবে বাস্তবায়ন করতে গেছে। নষ্ট নেতৃত্বের কারণে আজ সমস্ত পৃথিবীতে নেমে এসেছে ঘনঘোর অমানিশা। তাঁরা স্বল্পমেয়াদি সুবিধার জন্য দীর্ঘমেয়াদি সমস্যা সৃষ্টি করেছেন। এখন তাঁরা এক দিনের বিমান হামলাতেই আইএসকে গুঁড়িয়ে দিতে পারবেন, কিন্তু সন্ত্রাসের বীজ নির্মূল হবে না। বরং ধ্বংস হবে সিরিয়া। আজকের নিম্নমানের নেতৃত্ব একদিন ইতিহাস থেকে হারিয়ে যাবেন, অথবা ইতিহাসের ফুটনোটে থাকবেন, কিন্তু যে ক্ষত তাঁরা রেখে যাচ্ছেন, তা মানবেতিহাসের পাতায় থাকবে চিরকাল। পশ্চিমা নেতারা পৃথিবীর মানুষকে রেখে যাচ্ছেন ছুরির নিচে অথবা বারুদের ভেতরে।
প্যারিস হামলার পর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা সব দাঙ্গাবাজ ও জঙ্গিকে প্রতিহত করতে প্রস্তুত। কোন সময় কী পরিস্থিতিতে কী প্রসঙ্গে কী ভাষায় কথা বলতে হয়, তা আমরা জানি না। আগে দেখিনি, বছর দুই যাবৎ দুই-তিনজন স্বঘোষিত নিরাপত্তা বিশেষজ্ঞের আবির্ভাব ঘটেছে। তাঁদের লেখা পড়ে ও টক শোর বক্তব্য শুনে মানুষ বুঝতে পারে না তাঁরা দেশের মানুষের নিরাপত্তা নিয়ে ভাবেন, না অন্য দেশের নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। প্যারিসে সন্ত্রাসী হামলার পরে তাঁদের বক্তব্যে হতাশ হয়েছি। বিএনপি সংসদে নেই, জনগণের মধ্যে নেই, তাদের নিজেদের পার্টি অফিসেও নেই। বস্তুত বাংলাদেশের জনগণের পাশে কেউ নেই, তারা নিরাপত্তাহীন।
যেখানে হিংসা আছে, সেখানে প্রতিহিংসা থাকবে। যেখানে হিংসা-প্রতিহিংসা আছে, সেখানে সন্দেহ থাকবে। ইউরোপে যে কয়েক লাখ অভিবাসী বাংলাদেশি রয়েছেন, তাঁরা শুধু হিংসার শিকার নন, তাঁরা সন্দেহের পাত্র। ইউরোপ সংগত কারণেই অভিবাসী নীতিতে পরিবর্তন আনবে। সেই নীতির শিকার শুধু ওই মধ্যপ্রাচ্যের মুসলমান অভিবাসীরা নন, বাংলাদেশিরাও হবেন। দায়িত্বজ্ঞানহীন উক্তি
করে দেশের ভেতরের জনগণের এবং অভিবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। এই কঠিন সময়ে প্রয়োজন নীতিনির্ধারকদের পরিণামদর্শিতা ও সাবধানতা।
সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক৷