গ্রামে যেমন বাল্যবিবাহের আধিক্য, তেমনি শহরের বস্তি এলাকাগুলোতেও বাল্যবিবাহ হচ্ছে। সেখানে বাল্যবিবাহের হার প্রায় শত ভাগ। এখানে বসবাসকারী মেয়েদের সাধারণত ১৩ থেকে ১৫ বছরের মধ্যে বিয়ে হয়ে যায়। বাল্যবিবাহটা এখানে একটি স্বাভাবিক ব্যাপার। ১৫ বছর বয়সেও বস্তি এলাকায় মেয়েদের বিয়ে না হলে তাদের আইবুড়ো বা অলক্ষ্মী ভাবা হয়। কারও কারও দশের পর অর্থাৎ বয়ঃসন্ধিকাল শুরুর আগেই বিয়ে হয়ে যায়। অনেক ক্ষেত্রে বরের বয়সও ২১ বছরের নিচে থাকে। এদের বেশির ভাগই স্বেচ্ছায় কম বয়সে বিয়ে করে। সম্প্রতি রাজধানীর কয়েকটি বস্তি এলাকা ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।রায়েরবাজার বস্তির মেয়ে রোজী আক্তারের বিয়ে হয় ২০১১ সালের ১৪ এপ্রিল। বছর না ঘুরতেই তার স্বামী মারা যায়। রোজীর যখন বিয়ে হয়, তখন তার বয়স ছিল ১২ বছর। নিজের পছন্দে একই বস্তির ছেলেকে বিয়ে করেছে। প্রথমে বিয়েতে মায়ের মত ছিল না, কিন্তু মেয়ের জেদের কাছে তাঁকে হার মানতে হয়। কমলাপুরের বস্তিতে থাকে বিলকিস। ১৬ বছর বয়সে নিজে পছন্দ করে বিয়ে করেছে। বছর না ঘুরতেই মা হয় সে। এখন তার সন্তানের বয়স ১০ মাস। মারাত্মক অপুষ্টিতে ভুগছে শিশুটি। বিলকিস নিজেও অপুষ্টিতে ভুগছে। কিন্তু এ সম্পর্কে তার কোনো ধারণা নেই। এরই মধ্যে আবার সে অন্তঃসত্ত্বা হয়েছে। মোহাম্মদপুর বস্তির আসমা বেগমও নিজের পছন্দে কম বয়সে বিয়ে করেছে। কথা হয় আসমার মা ফজিলত বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘নয় মাস আগে এক পোলার লগে পলাই গিয়া বিয়া করছে। এখন ছয় মাসের পোয়াতি। মাইয়ার কম বয়স (১৩)। শরীলে অসুখ, কিছু খাইতে পারে না। ট্যাকার অভাবে ডাক্তারও দেহাইতে পারি না।’ মোহাম্মদপুর বস্তির ফিরোজা বেগমের বিয়ে হয় ১১ বছর বয়সে। ১৩ বছরে প্রথম সন্তানের জন্ম। বড় ছেলের বয়স এখন সাত বছর। ছোট ছেলের বয়স দুই বছর। দুজনই অপুষ্টিতে ভুগছে। ডায়রিয়া লেগেই থাকে। ফিরোজা নিজেও অপুষ্টির শিকার। তবে এ নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। ফিরোজা বলেন, ‘বাসাবাড়িতে কাম করি। সকালে যাই, রাতে আসি। পুষ্টি নিয়া চিন্তা করলে জীবন চলব না।’ তাঁর স্বামী ঠেলাগাড়িচালক। বাজার করার জন্য বললে কয় দিন আগে পিটিয়ে ফিরোজার হাত ভেঙে ফেলেন।গেন্ডারিয়া বস্তির সুমিকে তার মা-বাবাই বিয়ে দিয়েছেন। বিয়ের সময় সুমির বয়স ছিল ১৪ বছর। এখন সুমির বয়স ১৮। পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে সুমি। মেয়ের লেখাপড়ার ইচ্ছা থাকলেও বস্তির প্রতিকূল পরিবেশের কারণে বাধ্য হয়েই সুমিকে বিয়ে দিতে হয়েছিল বলে জানালেন সুমির মা রহিমা খাতুন। তিনি আরও বলেন, ‘দিনে আমরা বাড়িত থাহি না, কাজে যাই। ঘরের সামনে আজেবাজে পোলাগো আড্ডা। মদ-গাঁজা খাইয়া তারা নেশা করে। মাইয়া বাড়িতে একা থাকত। ডরে বিয়া দিছি।’ সুমির মায়ের মতো একই কথা বলেছেন আরও অনেক অভিভাবক। তাঁরা জানান, বস্তি এলাকায় ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ খুব একটা পায় না। তাদের বেশির ভাগের বিদ্যার দৌড় নাম লেখা পর্যন্ত। তারা নিজেরা পছন্দ করে বিয়ে করে। বাবা-মা মেনে নিলে ভালো, নয়তো নিজেরা পালিয়ে গিয়ে বিয়ে করে। ছেলেমেয়েদের এ ধরনের মানসিকতার জন্য অভিভাবকেরা বস্তি এলাকার পরিবেশকে দায়ী করেছেন।তাঁরা জানান, দারিদ্র্যের কারণে মেয়েদের অল্প বয়সে বিয়ে হচ্ছে, এমনটি নয়। বস্তি এলাকায় ছেলেমেয়েদের প্রেম-বিয়ের প্রতি অল্প বয়সেই একধরনের আসক্তি জন্মায়। এর কারণ হচ্ছে, মা-বাবাকে সকাল হলেই কাজে যেতে হয়। বাসায় ফেরেন বিকেলে। সারা দিন ছেলেমেয়েরা একা থাকে। এই সুযোগে অন্য ছেলেমেয়েদের সঙ্গে মেলামেশা হয়। তা থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অনেক অভিভাবক অবশ্য এ ধরনের সম্পর্ক গড়ে ওঠার পেছনে কেব্ল টিভি ও মুঠোফোনকে দায়ী করেছেন। তবে ভালো ছেলে পেলে অভিভাবকেরা তাকে হাতছাড়া করেন না। মেয়ের বয়স যত কমই হোক না কেন, তাকে বিয়ে দেন। ভালো ছেলে বলতে তাঁরা বোঝেন ঠিকমতো আয়-রোজগার করে। নেশা করে না। সংসারের খেয়াল রাখে। বাজার-সদাই করে। এ ছাড়া অনেক সময় বস্তির প্রভাবশালী ব্যক্তি বা সন্ত্রাসীদের চাপেও মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হন অভিভাবকেরা।