ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল সম্পর্কে সম্প্রতি ব্রিটেনে একটি চুটকি চালু হয়েছে। কেউ যদি এখন জানতে চান, কর ফাঁকি বা ট্যাক্স অ্যাভয়ডেন্সের অর্থ কী, তাহলে তা জানার জন্য আর গুগল সার্চ করার প্রয়োজন নেই। কেননা, গুগলই হচ্ছে কর ফাঁকির প্রতীক। গুগলসহ কয়েকটি শীর্ষস্থানীয় বহুজাতিক ও বহুলপরিচিত ব্র্যান্ড এখন এক নতুন বিতর্কের কেন্দ্রে। এসব কোম্পানির কৌশলে কর না দেওয়ার সংস্কৃতি মুক্তবাজার অর্থনীতিতে নৈতিকতার বিতর্ক উসকে দিয়েছে। কেননা, এদের বিরুদ্ধে আইন ভাঙার কোনো অভিযোগ নেই—অভিযোগ হচ্ছে আয়-ব্যয়ের হিসাবে নীতিবিবর্জিত কৌশল অনুসরণের। কর আইন অনুযায়ী, যেকোনো কোম্পানি তার নিরীক্ষিত হিসাবে প্রদর্শিত মুনাফার ওপর করপোরেট ট্যাক্স দিতে বাধ্য। কিন্তু অভিযুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর ক্ষেত্রে এই হিসাবেই রয়েছে শুভংকরের ফাঁকি।কর না দেওয়ার বা যতটা সম্ভব কম কর দেওয়ার এ কৌশল অনুসরণের খেসারত যে কতটা ক্ষতিকর হতে পারে, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কফিশপের চেইন স্টারবাকস। ব্রিটেনে স্টারবাকস ব্যবসা করছে ১৩ বছর ধরে। সারা ব্রিটেনে তাদের শাখার সংখ্যা প্রায় ৭৫০। ১৩ বছরে তারা কফি বিক্রি করে আয় করেছে ৩১০ কোটি পাউন্ড। কিন্তু জাঁদরেল অ্যাকাউনট্যান্টদের কাজে লাগিয়ে তারা কর না দেওয়ার উপায় খুঁজে নিয়েছে। ফলে গত ১৩ বছরে সরকারি কোষাগারে তারা এক পয়সাও কর দেয়নি। একই রীতি অনুসরণ করেছে এ রকম আরও কয়েকটি বৈশ্বিক ব্র্যান্ড, যাদের মধ্যে অন্তত তিনটি নাম ইতিমধ্যেই জনসমক্ষে প্রকাশ পেয়েছে। এগুলো হলো অনলাইনে বিকিকিনির দুটি পোর্টাল আমাজন (amazon) ও ইবে (e-bay) আর সার্চ ইঞ্জিন গুগল (google)। আমাজন, ইবে ও গুগল অবশ্য একেবারেই কোনো কর দেয়নি, তা নয়। তবে মুনাফার তুলনায় অবিশ্বাস্য রকম কম কর দিয়েছে।এসব বৈশ্বিক ব্র্যান্ডের এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের খবর প্রথম ফাঁস হয় বছর খানেক আগে। ইউরোপ ও আমেরিকায় মন্দার কারণে সরকারগুলো যখন বড় আকারে ব্যয় সংকোচনের নীতি অনুসরণ করে কল্যাণমূলক নানা সেবা খাতে বরাদ্দ হ্রাস করতে শুরু করে, তখনই বড় কোম্পানিগুলোর আচার-আচরণে ভোক্তাদের নজর পড়তে শুরু করে। সরকারের ব্যয় সংকোচনের কারণে একদিকে যখন লোকজন চাকরি হারাচ্ছে, তখন অন্যদিকে সামাজিক নিরাপত্তার প্রচলিত সুযোগ-সুবিধাও কমিয়ে দেওয়া হয়েছে। মুদ্রাস্ফীতির কারণে বাড়ছে দ্রব্যমূল্য। মূল্য সংযোজন কর বা ভ্যাটের মতো পরোক্ষ করের হার বাড়ায় সাধারণ মানুষের ওপর করের বোঝাও বেড়েছে। ফলে লাখ লাখ মানুষকে অর্ধাহারে কিংবা দাতব্য প্রতিষ্ঠানের সাহায্যের ওপর নির্ভর করে জীবন কাটাতে হচ্ছে। কিন্তু বিপরীতে করপোরেট-জগতে চাকচিক্য তেমন কমেনি। সর্বসাম্প্রতিক তথ্যেও দেখা যাচ্ছে, লন্ডন স্টক এক্সচেঞ্জের শীর্ষস্থানীয় ১০০টি কোম্পানির (যা ফুটসি হান্ড্রেড নামে পরিচিত) পরিচালকদের আয় বৃদ্ধির হার আগের মতোই ঊর্ধ্বমুখী। স্বভাবতই এসব কিছু সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিভিন্ন রূপে গড়ে উঠেছে একাধিক ভোক্তা এবং নাগরিক অধিকার গোষ্ঠী; তাদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে ‘ইউকে আনকাট’ নামের একটি গোষ্ঠী। এ গোষ্ঠীই প্রথম বড় ব্র্যান্ডের কোম্পানিগুলো ও তাদের পরিচালকদের মুনাফা ও পারিশ্রমিকের দিকে নজর দেয়। তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে যে মোবাইল ফোন কোম্পানি ভোডাফোন ৮০০ কোটি পাউন্ডের করখেলাপি। ফ্যাশন ব্র্যান্ড নেক্সটের গরিষ্ঠ মালিকানার অধিকারী স্যার ফিলিপ গ্রিন তাঁর স্ত্রী ব্রিটেনে অনিবাসী হওয়ার কারণে কোটি কোটি পাউন্ড মুনাফা বিদেশে স্থানান্তর করে ব্রিটিশ কর কর্তৃপক্ষের এখতিয়ার থেকে অব্যাহতির সুযোগ নেন। ইউকে আনকাটের যুক্তি, এসব খেলাপি কর আদায় করা গেলে সরকারকে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমাতে হয় না। গত বছর হঠাৎ করেই এসব আন্দোলনকারী তাদের পাশে পেয়ে যায় পার্লামেন্টের একটি অত্যন্ত ক্ষমতাধর কমিটিকে। লেবার পার্টির জ্যেষ্ঠ রাজনীতিক মার্গারেট হজের নেতৃত্বাধীন পাবলিক অ্যাকাউন্টস কমিটি সরকারের রাজস্ব দপ্তরের কার্যক্রম পর্যালোচনায় হাত দেয়। রাজস্ব দপ্তরে বৃহৎ করদাতাদের হিসাব-নিকাশ দেখাশোনার দায়িত্ব যাদের, সেই ইউনিট অবশ্য শুরুতেই যুক্তি দেয় যে করদাতার গোপনীয়তার অধিকার লঙ্ঘন করা তাদের পক্ষে সম্ভব নয়। সে কারণে কোন কোম্পানি বছরওয়ারি কত কর দিয়েছে, সেই তথ্য প্রকাশে তারা অসম্মতি জানায়। কিন্তু মার্গারেট হজ দমার পাত্র নন। কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিজ হাউস, সেখানে প্রতিবছরই সব কোম্পানিকে তাদের নিরীক্ষিত হিসাব জমা দিতে হয়। তা ছাড়া সাধারণ শেয়ার হোল্ডারদের কাছেও যায় সেই হিসাব। সুতরাং, তাঁর কমিটি সন্দেহজনক কোম্পানিগুলোর প্রকাশিত হিসাব পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নেয়। এসব হিসাব দেখে কমিটির সদস্যরা এতটাই বিস্মিত হন যে তাঁরা স্টারবাকস, গুগল ও ইবের প্রধান নির্বাহীদের তাঁদের কমিটিতে ডেকে পাঠান।ওই শুনানিতে মার্গারেট হজ বহুজাতিক কোম্পানি স্টারবাকসের প্রতিনিধির কাছে জানতে চান, ১৩ বছর ধরে একটি কোম্পানি কোনো মুনাফা না করেও বছর বছর তার নতুন নতুন শাখা খোলে কী করে? টোরি পার্টির অস্টিন মিচেল বলেন, জালিয়াতি না করা হলে এভাবে ব্যবসা করা অসম্ভব। কিন্তু স্টারবাকসের প্রধান হিসাব কর্মকর্তা, ট্রয় অ্যালস্টেড কর ফাঁকির অভিযোগ অস্বীকার করে যুক্তি দেখান যে বিভিন্ন রকমের চ্যালেঞ্জের কারণে মুনাফায় হেরফের হয় এবং আলোচিত সময়ে তাঁদের কোম্পানি কোনো করযোগ্য মুনাফা করেনি। একই ধরনের যুক্তি দেন গুগল ও ইবের প্রতিনিধিরাও।কমিটির অনুসন্ধানে দেখা যায়, মুনাফা কম দেখানোর জন্য যেসব কৌশল এ কোম্পানিগুলো অনুসরণ করে এসেছে তার মধ্যে একটি হচ্ছে, যে দেশে করের হার সবচেয়ে কম, সেই দেশে নিবন্ধিত কোম্পানিটির শাখা থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে বছর শেষে সুদ ও অন্যান্য সার্ভিস চার্জ-বাবদ তাদের বিশাল অঙ্ক পরিশোধ করা। ফলে একদিকে ব্রিটেনে মুনাফা কম দেখিয়ে কর এড়ানো সম্ভব হচ্ছে, অন্যদিকে অপর দেশটিতে যে কর দিতে হচ্ছে তা খুবই সামান্য। গার্ডিয়ান পত্রিকার এক অনুসন্ধানে আমাজনের এ কৌশল প্রথমবারের মতো উন্মোচিত হয়। ইউরোপের ছোট দেশ লুক্সেমবার্গের সরকারের সঙ্গে আমাজনের যে সমঝোতা তাতে কোম্পানিটি সে দেশে বড় ধরনের কর রেয়াত পেয়ে থাকে। ফলে ব্রিটেনে গত বছর তাদের বিক্রি ৩৫০ কোটি পাউন্ডের বেশি হওয়ার পরও মুনাফা হয় মাত্র সাড়ে সাত কোটি পাউন্ড, যার ওপর তারা করপোরেট ট্যাক্স দিয়েছে মাত্র এক কোটি ৪০ লাখ পাউন্ড। স্টারবাকস ব্রিটেনে গত বছর ব্যবসা করেছে প্রায় ৪০ কোটি পাউন্ড। বৈশ্বিক কোম্পানি হিসেবে যুক্তরাষ্ট্রে প্রকাশিত তাদের হিসাবে গত বছরেও মুনাফা আগের বছরের তুলনায় কিছুটা বেশি ছিল। কিন্তু ব্রিটেনে তারা কোনো মুনাফা দেখায়নি এবং কোনো করও দেয়নি। এসব তথ্য প্রকাশিত হওয়ায় জনমনে ব্যাপক ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মার্গারেট হজ পার্লামেন্টে সরকারিভাবে এসব কোম্পানির নাম প্রকাশ করে কর ফাঁকিদাতা হিসেবে তাদের লজ্জা দেওয়ার দাবি জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে এ দাবি নাকচ করা হলেও অর্থ মন্ত্রণালয়ের কনিষ্ঠ মন্ত্রী ড্যানি আলেকজান্ডার ও বাণিজ্যমন্ত্রী ভিন্স ক্যাবল রেডিও-টিভিতে সাক্ষাৎকারে বলেছেন যে তাঁরা স্টারবাকসের কফি খাচ্ছেন না, তাদের বর্জন করছেন। ভোক্তাদের মধ্যেও এ বর্জনের প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ম্যানচেস্টার বিজনেস স্কুলের করপোরেট রেপুটেশন বিষয়ের অধ্যাপক গ্যারি ডেভিস স্টারবাকসের ওপর এই নেতিবাচক প্রচারণার প্রভাব সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে বলেছেন যে এর ফলে কোম্পানিটির আয় প্রায় ২৪ শতাংশ পরিমাণে কমে যেতে পারে।এ ধরনের নেতিবাচক প্রতিক্রিয়ার পটভূমিতে স্টারবাকস কয়েক দিন আগে ঘোষণা করেছে, তারা এ বছর ও আগামী বছর এক কোটি পাউন্ড করে কর দেবে। কিন্তু তাদের এ স্বেচ্ছামূলক ঘোষণার প্রতিক্রিয়াটা ইতিবাচক না হয়ে হয়েছে উল্টো। এমনকি রাজস্ব দপ্তর বিবৃতি দিয়ে বলেছে, কর আইনগতভাবে সরকারের প্রাপ্য এবং তা যথাযথ হিসাবের ভিত্তিতেই আদায়যোগ্য। কোন বছরে কত আয় হচ্ছে তা না জেনে এভাবে স্বেচ্ছায় আগাম কোনো সংখ্যা বলে দেওয়ার কোনো সুযোগ নেই। আর ‘ইউকে আনকাট’ বলছে, এ ধরনের ঘোষণা দিয়ে অতীতের অপরাধ মোচন করা যাবে না। প্রাতিষ্ঠানিকভাবে কর এড়ানোর এ কৌশলকে তারা অনৈতিক হিসেবে অভিহিত করে প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানিয়েছে। সংগঠনটি স্টারবাকসের কিছু দোকান সাময়িক সময়ের জন্য দখলে নিয়ে সেখানে নারীদের আশ্রয় শিবিরের ব্যানার লাগিয়ে কিছু সময় অবস্থানের প্রতীকী কর্মসূচি পালন করেন।বহুজাতিক কোম্পানিগুলোর প্রতাপ-প্রতিপত্তির একটি ভিত্তি তাদের বৈশ্বিক নেটওয়ার্ক। তারা ছোট ছোট দেশের সরকারগুলোর সঙ্গে দর-কষাকষি করে নানা ধরনের সুযোগ-সুবিধা নিয়ে থাকে। ইউরোপের ছোট দেশগুলোও তার ব্যতিক্রম নয়। আমাজনের মতো গুগলেরও ইউরোপীয় ব্যবসার প্রাণকেন্দ্র হচ্ছে আইরিশ প্রজাতন্ত্র, যেখানে তারা অপেক্ষাকৃত কম হারে কর দেওয়ার সুবিধা পায়। ব্রিটেনে তারা এত দিন যুক্তি দিয়ে এসেছে যে সেখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান করছে, অর্থনৈতিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু রক্ষণশীল সরকারের কৃচ্ছ্রসাধন নীতির মধ্যেও যখন ধনী-দরিদ্রের বৈষম্য বেড়েই চলেছে, তখন এসব বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানের অর্জিত মুনাফার ওপর কর না দেওয়ার সংস্কৃতি স্বভাবতই জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে। বৃহৎ পুঁজির এ ধরনের অনৈতিক মুনাফাতাড়িত ব্যবসায়িক কৌশলকে প্রশ্রয় দেওয়া তাই এখন ক্যামেরন সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী ক্যামেরন তাই বলেছেন, তিনি এমন একটি আন্তর্জাতিক সমঝোতার উদ্যোগ নেবেন, যাতে বহুজাতিক কোম্পানিগুলো কোনো দেশে ব্যবসায় অর্জিত মুনাফা কোনো ধরনের আবরণ বা খোলস ব্যবহার করে অন্য দেশে স্থানান্তরের মাধ্যমে সে দেশে প্রযোজ্য কর এড়াতে না পারে। তবে ক্যামেরন নিজেও স্বীকার করেছেন যে এ ধরনের একটি বৈশ্বিক চুক্তিতে পৌঁছানো বেশ কঠিন ও সময়সাপেক্ষ। সুতরাং, ইত্যবসরে ভোক্তাদের সরব ও উদ্যোগী হওয়া ছাড়া আর বিকল্প কী? ভোক্তাদের বর্জনের হুমকি যে কিছুটা হলেও কাজে লাগে, তার প্রমাণ তো স্টারবাকস। কামাল আহমেদ: প্রথম আলোর লন্ডন প্রতিনিধি।