
বহুদলীয় গণতন্ত্র জিনিসটি এমন নয় যে, যে দেশে যত বেশি দল এবং সেসব দলে যত বেশি নেতা, সে দেশেই গণতন্ত্র সবচেয়ে পোক্ত হবে। যদি তাই হতো তাহলে বঙ্গীয় বদ্বীপটি হতো পার্লামেন্টারি ডেমোক্রেসির লীলাভূমি। যদি তাই হতো তাহলে পৃথিবীর মানুষ এসে অবাক বিস্ময়ে দেখে যেত এবং নিজ নিজ দেশে ফিরে গিয়ে বলত: হ্যাঁ, দেখে এলুম একটি বহুদলীয় গণতান্ত্রিক দেশ আছে বটে!
একটি দক্ষ, নিরপেক্ষ এবং অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন দেশবাসীর প্রত্যাশা। বর্তমান নির্বাচন কমিশন যেকোনো কারণেই হোক গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাদের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। নতুন নির্বাচন কমিশন কেমন হয়, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মধ্যে জল্পনা-কল্পনা চলছে। সবচেয়ে বেশি বিচলিত ভাব বিএনপির মধ্যে। অতি অস্থিরতার ফলে বিএনপি নেত্রী খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে ১৩ দফা প্রস্তাব পেশ করেছেন। সে প্রস্তাব তিনি বাস্তবিক পক্ষে কার কাছে পেশ করেছেন, তা বোঝা মুশকিল। জনগণের কাছে, সরকারপ্রধানের কাছে, না বিধাতার কাছে—তা পরিষ্কার নয়। কিন্তু সরকারি দলের নেতারা সে দাবিনামা ঘোষিত হওয়ামাত্রই হাহাকার শুরু করেন। ওগুলো যে সব তাঁদের পূরণ করতেই হবে, সে রকম দাবি ওই ১৩ দফায় লক্ষ করা যায় না। হেফাজতের ১৩ দফার প্রতি সেক্যুলার সরকার যতটা সহানুভূতিশীল, বিএনপির ১৩ দফার প্রতি ততটাই বিরূপ। ওই দফাগুলোর ওপর চোখ বুলিয়ে চুপ থাকলেই ভালো হতো। দাবিগুলোকে সরকার পত্রপাঠ বিদায় করায় বিএনপি নেতারা মনে করলেন ওসব দাবি আসলেই অতি মূল্যবান, তাই তা আদায় না করে তাঁরা ছাড়বেন না। ছুটলেন সেই দাবির ফর্দ নিয়ে বঙ্গভবনে, মহামান্য রাষ্ট্রপতিকে দেবেন বলে। কিন্তু বঙ্গভবনের সিংহ দরজা খুলল না।
সরকারের নীতিনির্ধারকদের মাথা খুলল। বিএনপি যখন মাথা ঠুকে মরছে সুতরাং তাদের একটু বসিয়ে সান্ত্বনা দেওয়া দরকার। রাষ্ট্রপতির সঙ্গেই বসার বন্দোবস্ত হয়। তবে দেশের দায় যেহেতু একা বিএনপির নয়, ‘সব’ দলের, ঘোষিত হয় নির্বাচন কমিশন নিয়োগের জন্য যে সার্চ কমিটি গঠিত হবে, সে ব্যাপারে ‘সব’ দলের মতামত নেওয়ার জন্য রাষ্ট্রপতি নেতাদের সঙ্গে বসবেন। রোলকল করা হলো। এক নম্বরেই ডাক পড়ল বিএনপির। বড় দল, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির বড় প্রতিনিধিদল বঙ্গভবনে গেল। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে কেউ কোনো দিন কথা বলে অসন্তুষ্ট হয়েছেন, এমন দৃষ্টান্ত নেই। বিএনপি নেতারাও তাঁর সঙ্গে কথা বলে সন্তুষ্ট হন।
তারপর পর্যায়ক্রমে ডাক পড়তে থাকে বিভিন্ন দলের। নির্বাচন কমিশনে নিবন্ধিত প্রায় সব দলেরই সংলাপে বসার সুযোগ আসে। তার ফলে বঙ্গভবনের ত্রিসীমানায় যেসব নেতা কোনো দিন যেতে পারতেন না, বিএনপির কারণে তাঁরাও রাষ্ট্রপতি প্রাসাদের আতিথ্য গ্রহণ করেন।
বঙ্গভবনে সংলাপের কারণে কোমলমতি শিশু-কিশোরেরা পর্যন্ত জেনে গেল বাংলাদেশে রয়েছে বহু দল এবং সেগুলোতে রয়েছেন অসংখ্য গণতন্ত্রগতপ্রাণ নেতা। এবং সে নেতাদের মেধা, প্রজ্ঞা ও দূরদর্শিতা তুলনাহীন। দেশের মানুষের জন্য তাঁদের মন কাঁদে। সে জন্য তাঁরা রাজনীতি করেন এবং তাই গঠন করেছেন রাজনৈতিক দল।
কয়েক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে এক ছেলে আমাকে জিজ্ঞেস করল, ‘স্যার, রাজনীতির অবস্থা কী বুঝতেছেন?’ আমি বললাম, ‘আমার বোঝাবুঝিতে তোমার কোনো লাভ হবে না। আমি তোমাকে যা জিজ্ঞাসা করি তার জবাব দাও।’ কথা বলতে বলতে আরও কিছু ছেলেমেয়ে জড়ো হলো। বললাম, ‘বাংলাদেশের ১০টি রাজনৈতিক দলের নাম বলো এবং সেগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম। তোমাদের ভোট দেওয়ার বয়স হয়েছে এবং উচ্চশিক্ষা গ্রহণ করছ। তোমরা সমাজের অগ্রসর অংশ।’
দু-একটি ছেলে মাথা চুলকাতে লাগল। মেয়েরা হাসতে লাগল। সবাই লাজওয়াব বলে সেখানে নেমে এল নীরবতা।
উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা জানে না, কিন্তু সন্ধ্যা সাতটায় প্রত্যন্ত জনপদের মানুষেরাও ঠিকই জানছেন তাঁদের নেতারা দেশের মানুষ ও গণতন্ত্র নিয়ে ভেবে ভেবে ঘুমাতে পারেন না।
গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের শুরু। আওয়ামী লীগসহ ১৪ জানুয়ারি পর্যন্ত ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে সংলাপ হয়েছে। শুনেছি আরও আটটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে সব মিলে সংলাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা দাঁড়াবে ৩১। বহুদলীয় গণতান্ত্রিক দেশ বলতে যা বোঝায়, বাংলাদেশ এখন তাই।
নির্বাচন কাকে বলে, তা জনাব আবদুল হামিদের চেয়ে বেশি ভালো কেউ জানেন না। যে সরকার ও যে নির্বাচন কমিশনের দ্বারাই নির্বাচন হোক, জীবনে কোনো নির্বাচনে তিনি পরাজিত হননি। প্রতিটি নির্বাচনে তিনি বিপুল ভোটে পাস করেছেন। মানুষের মন কীভাবে জয় করে ভোট পাওয়া যায়, তা একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি খুব ভালো জানেন। তাঁর বিজয়ের কারণ কোনো নির্বাচন কমিশন নয়, তাঁর নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক। অতীতে তিনি নির্বাচন কমিশন নিয়ে মাথা না ঘামিয়ে এলাকার মানুষের মন জয় করার কাজটিতে বেশি মনোযোগ দিয়েছেন।
সেই নেতাকে বুদ্ধি-পরামর্শ দিতে গেছেন বিভিন্ন দলের নেতারা, যাঁদের অধিকাংশ জীবনে কোনো নির্বাচনে দাঁড়িয়ে বিজয়ী হওয়া তো দূরের কথা, তাঁর নিজের এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনও পাননি। বাংলার মাটিতে যে দল যত ক্ষুদ্র, সংলাপে তার প্রতিনিধিদল তত বড়। ১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে লাহোরে সব বিরোধী দলের যে ঐতিহাসিক বৈঠক হয়, যেখানে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান ছয় দফা পেশ করেন, তাতে মাওলানা তর্কবাগীশসহ প্রতিনিধিদলে ১০ জনের বেশি সদস্য ছিলেন বলে মনে পড়ে না। রাষ্ট্রপতির সঙ্গে চলমান সংলাপে অধিকাংশ দলের প্রতিনিধির সংখ্যা ডজন খানেকের বেশি ছিল।
বঙ্গভবনের দরবার হলে সংলাপে অংশ নেওয়ার দুর্লভ সৌভাগ্য হয়েছে এমন একজনকে জিজ্ঞেস করেছিলাম, সংলাপে গিয়ে নিশ্চয়ই খালিমুখে আসেননি, আপনাদের খাতির করা হলো কী নাশতা-পানি দিয়ে? তৃপ্তির হাসি দিয়ে তিনি বললেন, মন্দ না, বেশ ভালো। যাওয়ার পরেই অরেঞ্জ জুস ও বাদাম। তারপর প্লেটে এল চিকেন প্যাটিস, ছোট ছোট কিসের যেন রোল এবং সন্দেশ। তারপর চা। যেসব প্রবীণ নেতার ডায়াবেটিস, তাঁদের জন্য কমলার রস ও সন্দেশ বিষ, কিন্তু একদিন খেলে মানুষ মরে না।
আমি ওই নেতাকে বললাম, সংলাপটি যদি রাষ্ট্রপতির সরকারি ভবনে না হয়ে তাঁর নিজের বাসায় হতো, তাহলে আমি নিশ্চিত, তিনি যে অতিথিপরায়ণ তাতে আপনাদের ডাল-ভাত না খাইয়ে আসতে দিতেন না। বিশেষ করে কিশোরগঞ্জের হাওরের টাটকা রুই মাছ ভাজা অবশ্যই থাকত।
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার কার্যসূচি যাঁরা প্রণয়ন করেছেন, তাঁরা যদি আমার পরামর্শ নিতেন তাহলে আমি বলতাম, সংলাপে যোগ দেওয়ার যোগ্যতার মাপকাঠি ১৯৯১, ১৯৯৬ সালের দ্বিতীয়টি, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন কি না, নিয়ে থাকলে প্রদত্ত ভোটের অন্তত ২৫ শতাংশ পেয়েছিলেন কি না। তা ছাড়া, গত ১৬ বছরে ঢাকায় এবং বিভাগীয় শহরে এবং তাঁর নিজের এলাকায় কতগুলো জনসভা করেছেন, সেই জনসভার সংবাদপত্রে প্রকাশিত খবরের ক্লিপিংস চাই। জননেতার জনগণের সঙ্গে যে যোগাযোগ আছে, তার প্রমাণ থাকতে হবে।
যা হোক, সংলাপ তাঁরা করে গিয়েছেন। জাতীয় জীবনে সেটা কম বড় ভূমিকা নয়। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের স্মৃতিবহনকারী আলোকচিত্র একখানা ড্রয়িংরুমে আর একটি শোবার ঘরে শোভা পাবে। দূরভবিষ্যতে বংশধরেরা সাক্ষ্য হিসেবে প্রমাণ দিতে পারবে, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের দাদা বা নানা যেমন তেমন ভূমিকা পালন করেননি। ফ্রেমে বাঁধানো ছবিটি ম্লান হবে, কিন্তু স্মৃতি থাকবে অমলিন।
গণতন্ত্রের জন্য রাজনীতি করা কোনো ছেলেখেলা নয়। জনগণের অধিকার অর্জনের জন্য সংগ্রাম করা কোনো তামাশার ব্যাপার নয়। কোনো গণতান্ত্রিক দেশে দুই রকমের দল থাকতে পারে: জাতীয় পর্যায়ে ও আঞ্চলিক পর্যায়ের দল। আমাদের প্রতিবেশী ভারতে এই দুই শ্রেণির দলই আছে। আমাদের দেশ অপেক্ষাকৃত ছোট। আঞ্চলিক দল সেভাবে থাকার প্রশ্ন আসে না একমাত্র বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি ছাড়া। তবে কিছু কিছু ছোট দল এলাকাভিত্তিক থাকতেই পারে। ৪০টি নিবন্ধিত দলের অন্তত ৪০টি নির্বাচকমণ্ডলী বা কনস্টিটিউয়েন্সি থাকবে না কেন? তিন শর মধ্যে একটি আসনেও যে দল নির্বাচিত হতে পারে না, সে দলের নেতার তো নেতৃত্ব করারই অধিকার থাকার কথা নয়।
আমাদের দেশে বেশ কিছু ছোট দল আছে, যারা ভোটের রাজনীতিতে নানা কারণে পিছিয়ে থাকলেও বিভিন্ন জাতীয় ইস্যুতে আন্দোলন করে থাকে। সংসদের রাজনীতিতে সুবিধা করতে না পারলেও রাজপথের সংগ্রামে আছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল প্রভৃতি রাজনীতিতে আছে, তা জনগণ দেখছে। কিন্তু এসবের বাইরে কোন দলের নেতা কোথায় আছেন, কী করেন, তা কেউ জানে না। অথচ আমরা অতীতে লক্ষ করেছি, নামসর্বস্ব ও প্যাডসর্বস্ব দলের নেতারা মাথাচাড়া দেন যখন দেশে কোনো অনির্বাচিত সরকার আসে। সেটা আমরা সামরিক সরকারগুলোর সময় দেখেছি, সেনাসমর্থিত সরকারের সময়ও দেখেছি। সে হিসাবে বলতে পারি, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে নয়, অগণতান্ত্রিক সরকারকে সহায়তা করার জন্য নামসর্বস্ব দলের নেতাদের প্রয়োজন। বঙ্গভবনে সংলাপে গিয়ে কোনো কোনো দল এমন সব পরামর্শ দিয়েছে, যা বিশ্বের বড় বড় রাষ্ট্রবিজ্ঞানীরও ধারণার বাইরে। যে দেশে এত দল, এত নেতা, এত বুদ্ধি, সেখানে গণতন্ত্রের দুর্দশা হবে কেন?
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের উদ্যোগটি ভালো, গণতান্ত্রিক সংস্কৃতিসুলভ। কিন্তু আমাদের দেশে সবকিছু নির্বাহী বিভাগের হাতে। বাইরে লোক দেখানো আনুষ্ঠানিকতা যা-ই হোক, আমাদের প্রত্যাশা ক্ষমতা যাঁদের হাতে তাঁরা নির্বাচন কমিশন নিয়োগে এমন সিদ্ধান্ত নেবেন, যা কোনো দল নয়, অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়।
সৈয়দ আবুল মকসুদ: লেখক ও গবেষক।