পাকিস্তান আমলে নোয়াখালীতে একবার প্রচণ্ড ঘূর্ণিঝড় হয়েছিল। সে আমলে এতদঞ্চলের গ্রামদেশে ঘরবাড়ির অধিকাংশই বাঁশের খুঁটি ও শণ বা খড়ের চাল দ্বারা নির্মিত হতো। ওই ঘূর্ণিঝড়ে নোয়াখালীর গ্রামাঞ্চলে ঘরবাড়ির প্রচুর ক্ষতি হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর তথা ছোটলাট ছিলেন দোর্দণ্ডপ্রতাপ আবদুল মোনেম খান। তিনি ঘূর্ণিঝড়কে বলতেন ‘ঘুণ্ডাবাত্যা’ আর প্রেসিডেন্টের নামোচ্চরণকালে সব সময়ই যোগ করতেন ‘আমার প্রিয় প্রেসিডেন্ট’ কথাগুলো। তো ঘূর্ণিঝড়ের পরে নোয়াখালী পরিদর্শন করে একটি জনসভায় তিনি বলেছিলেন, ‘আমার প্রিয় প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান আপনাদের নোয়াখালীর ঘুণ্ডাবাত্যার পরিপ্রেক্ষিতে অনেক বাঁশ দিয়েছেন। প্রয়োজনবোধে আমিও আরও বাঁশ দেব।’ লোকজন তখন বলাবলি করতে শুরু করে দিল, ‘বাঁশ যা দেওয়ার দিয়েছেন, মেহেরবানি করে আর বাঁশ দিয়েন না।’
আর ছোটবেলায় আমার আম্মা গল্প করেছিলেন: গ্রামের এক সহজ-সরল লোক গিয়েছে শ্বশুরবাড়ি। সেখানে সম্বন্ধীর বউ তাকে ভাতের সঙ্গে খেতে দিয়েছে হাঁসের মাংস-সহযোগে ছালন। খেয়ে খুব স্বাদ পেয়ে সে জিজ্ঞেস করল, ‘ছালনটা কিসের তৈরি?’ সম্বন্ধীর বউ হেঁয়ালি করে বললেন, ‘হাঁস আর বাঁশ’। ব্যস, বাড়িতে ফিরে সে হাঁস জবাই করে তারপর শুকনো বাঁশ কাটতে শুরু করে দিল। তাকে অনেক কষ্টে বোঝানো গিয়েছিল যে বাঁশ বলতে পরিণত বাঁশ নয়, বরং নতুন অঙ্কুরিত বাঁশ, তাও সব প্রকারের নয় একটি বিশেষ প্রকারের বাঁশ যেটাকে স্থানীয়ভাবে ‘বরুবাঁশ’ বলে, ওটার অঙ্কুরকে বোঝানো হয়েছে। বাস্তবিকই এটা একটা ডেলিকেসি তথা উপাদেয় খাদ্য এবং আমাদের দেশে হাটে-বাজারে ঢালাওভাবে পাওয়া না গেলেও ইংরেজিতে এটাকে বলে ‘ব্যাম্বু-শুট’ এবং চীনদেশে টিনে প্রক্রিয়াজাত ব্যাম্বু-শুটস ঢাকার অভিজাত এলাকার ডিপার্টমেন্টাল স্টোরসমূহ থেকে আমরা মাঝেমধ্যে কিনি। কাজেই দেখা যাচ্ছে, বাঁশ শুধু দেওয়াই হয় না, খাওয়াও হয়। আর এটার আদর্শ কম্বিনেশন হচ্ছে হাঁসের মাংস। আমি সৈয়দ মুজতবা আলী নই, নতুবা পাঠকদের উপকারার্থে রেসিপিটা রসিয়ে রসিয়ে উপস্থাপন করতে পারতাম।
রোজা-রমজানের দিনে খাওয়া-দাওয়ার ব্যাপারটা বাদ দিয়ে এবার আসল কথায় আসা যাক। বাঙালির জীবনে বাঁশ হচ্ছে একটি অবিচ্ছেদ্য অঙ্গ, এর গুরুত্ব অপরিসীম। বাঙালির জন্ম ও মৃত্যু দুটোতেই বাঁশের ব্যবহার অপরিহার্য। একসময় ছিল যখন গ্রামবাংলায় বাঁশের চটা, যেটা অত্যন্ত ধারালো হয়ে থাকে, সেটা দিয়ে গাঁয়ের ধাত্রীরা নবজাত শিশুদের নাড়ি কাটতেন; বর্তমানে বোধকরি সেটা আর তেমন প্রচলিত নেই। তবে মৃতদেহকে কবরস্থ করার বেলায় বাঁশের প্রয়োজন যেমন আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আর হিন্দুধর্মাবলম্বীদের বেলায় শ্মশানে শবসমূহ দাহ করার কালেও বাঁশের ব্যবহার অপরিহার্য।
বাংলাদেশের কুটিরশিল্পেও বাঁশের অবদান অনস্বীকার্য। গরুর গাড়ি, ঠেলাগাড়ি, গরিবের বাড়ি ও তাঁতের শাড়ি বানাতে বাঁশ ব্যতিরেকে উপায় নেই। নায়ের মাঝি যে নৌকাটা চালায়, সেটার অধিকাংশ উপকরণ—দাঁড়, বইঠা, মাস্তুল ও পাটাতন; আর কৃষক যে কৃষিকাজ করে, সেটারও অধিকাংশ উপকরণ—ফসল রক্ষার্থে বাঁশের বেড়া, কৃষকের মাথার মাথাল, বলদের ঘাড়ের জোয়াল, মই ও হাতের পাঁচন ইত্যাদি, সবই তো বাঁশের তৈরি। গ্রামের ঝগড়াঝাঁটি ও মারামারিতে বাঁশের লাঠিই তো প্রধান অবলম্বন। গ্রামাঞ্চলের খাল-নালা ও ছোট নদী অদ্যাবধি পায়ে হেঁটে পাড়ি দেওয়ার প্রধান উপায় হচ্ছে বাঁশের সাঁকো। আর শহীদ তিতুমীর তো বাঁশের কেল্লা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন।
শহরাঞ্চলেও মুক্তাঙ্গনে সভা-সমিতি করতে গেলে প্যান্ডেল বানাতে বাঁশ ছাড়া কি চলে? কর্ণফুলী পেপার মিলে কাগজ উৎপাদনের সবচেয়ে প্রধান কাঁচামাল হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বাঁশ। বাঁশ ও বেতের দ্বারা নির্মিত বহু শৌখিন দ্রব্য বিদেশে রপ্তানি করে আমরা বেশ বৈদেশিক মুদ্রা আয় করছি। এবং বাঁশ আমাদের দেশের কৃষ্টি-সাহিত্যেও বেশ স্থান করে নিয়েছে। তা নইলে বাঁশে বাঁশির সুর শুনে প্রেমিকার মন উদাস হতো না। তা নইলে অঙ্কে তৈলাক্ত বাঁশের ধাঁধা থাকত না। আর তা নইলে কবি লিখতেন না:
‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ,
মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই?’
সে যা হোক। ছোটবেলায় বর্ষাকালে আমরা দেখতাম, বাঁশ ব্যবসায়ীরা দূরদূরান্ত থেকে প্রধানত নদী দিয়ে বাঁশের ভেলা সাজিয়ে বাঁশ বিক্রির জন্য নিয়ে আসতেন। ওঁরা সেই বাঁশের ভাসমান চাতালের ওপরেই খাওয়া-দাওয়া ও নিদ্রা সারতেন; পাকও করতেন চাতালের ওপরেই, এমনকি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ব্যবস্থাও থাকত সেখানে। বাঁশ ব্যবসায়ী বিভিন্ন ঘাটে ভেলা থামিয়ে বাঁশের বেচাকেনা করতেন আর আমরা ছোটরা অবাক-বিস্ময়ে সেই ভাসমান ভেলার দিকে তাকিয়ে থাকতাম।
বাঁশের উৎপাদন বর্তমানে এ দেশে অনেক কমে গেছে কিন্তু পরস্পর বাঁশ দেওয়া কমেনি, বরং বেড়েছে। বিশেষত রাজনীতির ক্ষেত্রে লক্ষ করা যায়, বিভিন্ন রাজনৈতিক নেতা সুযোগ পেলেই প্রতিপক্ষকে বাঁশ দিতে কসুর করেন না। এটা শুভ লক্ষণ না অশুভ লক্ষণ, সেটা বলতে পারব না। মার্ক টোয়েন কর্তৃক একটি পত্রিকার সম্পাদনাকালে একদিন এক ব্যবসায়ী গ্রাহক তাঁর পত্রিকার ভাঁজে একটা মৃত মাকড়সা পেয়ে জানতে চেয়েছিলেন, ওটা কি শুভ লক্ষণ নাকি অশুভ লক্ষণ? প্রত্যুত্তরে মার্ক টোয়েন নাকি লিখে পাঠিয়েছিলেন, ‘ওটা শুভ লক্ষণও নয়, অশুভ লক্ষণও নয়। আসলে মাকড়সাটি মৃত্যুর আগে আমাদের পত্রিকাটি পর্যবেক্ষণ করে দেখছিল কোন ব্যবসায়ী তাঁর জিনিসের বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দেননি, যাতে করে সে ওই ব্যবসায়ীর গুদামের দরজায় জাল বুনে নিশ্চিন্তে বসবাস করতে পারে।’
সুশীল পাঠক! এ দেশে বাঁশের অগণিত ব্যবহারের সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে ভবন নির্মাণে লোহার রডের সঙ্গে বাঁশের মিশ্রণ। কিন্তু সরকার নেহাত বেরসিক। তাই সম্প্রতি চুয়াডাঙ্গার দর্শনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভবন নির্মাণকালে রডের সঙ্গে বাঁশ মিশ্রণ করায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তার করেছে। দেখা যাক শেষমেশ কী হয়!
আতাউর রহমান: রম্যলেখক৷ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক৷