বাংলা কি হারিয়ে যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমেরিকায় প্রবাসী পরিবারের শিশুরা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম। যারা এখানে বড় হচ্ছে, তারা ভাষা নিয়ে দোদুল্যমান অবস্থায় আছে। আমেরিকা-ইংল্যান্ড-কানাডায় ইংরেজি প্রধান ভাষা হলেও মধ্যপ্রাচ্যসহ নানা দেশে ইংরেজির পাশাপাশি নানা ভাষা শিশুদের শিখতে হয়। স্কুলে বা তাদের নানা জাগতিক চলাফেরায়। তাহলে বাংলা ভাষার কী হবে?
বাংলা ভাষা নিয়ে চলছে বিরাট বিপত্তি। বাড়িতে মা-বাবা বাংলায় কথা বললেও শিশুরা তা বুঝতে পারে, কিন্তু উত্তর দিচ্ছে ইংরেজিতে। অভিভাবকেরা সন্তানদের ইংরেজি উত্তরটাকে গ্রহণ করছেন। বাংলা উপেক্ষিত থেকে যাচ্ছে। সব জায়গায় রাতদিন কার্টুনে অভ্যস্ত শিশুরা অবলীলায় ইংরেজি বলছে। অভিভাবকেরাও জোর করেন না। এর পরিণতিতে তারা বাংলাকে খুব একটা আমলে নিচ্ছে না। বাংলায় লেখা তো দূরের কথা, ঠিকমতো কথাও বলতে পারছে না।
পাশাপাশি তাদের আরবি পড়তে হচ্ছে। যারা ইসলামি স্কুলে পড়ে, তাদের আরবি শব্দ, বানান শিখতে হচ্ছে। আবার যেসব অভিভাবক স্বেচ্ছায় তাঁদের সন্তানদের সঙ্গে বাংলায় কথা বলা শেখানোর চেষ্টা করেন, তারা কিছুটা ভালো বাংলা বলতে পারে। আবার মজার ব্যাপার হলো, বাংলা যারা বলছে, তারা নানা আঞ্চলিক ভাষা শিখছে। যেমন সিলেটের প্রবাসী শিশুরা সিলেটি আবার নোয়াখালীর শিশুরা নোয়াখালীর ভাষায় বাসাবাড়িতে কথা বলছে। কিন্তু যখন তারা ঢাকার কারও সঙ্গে কথা বলে, তখন তারা শুদ্ধ বলতে পারে না বা বুঝতে পারে না। তারা ধরে নেয়, শুদ্ধ বাংলাটা অন্য কোনো ভাষা। আবার আমেরিকার দ্বিতীয় ভাষা স্প্যানিশ। স্কুলে স্প্যানিশ শেখালে তাদের সেটাও শিখতে হয়। তাই আমাদের বা আমার সন্তানরা ইংরেজি, আরবি, স্প্যানিশ, সিলেটি ও শুদ্ধ বাংলা সবকিছু মিলিয়ে তালগোল পাকিয়ে ফেলে।
এ সমস্যাটা শুধু বাংলাদেশি শিশুদের নয়, আমেরিকায় বা প্রবাসের সব শিশুর সমস্যা। যারা মধ্যপ্রাচ্যে, তাদের আরবি ভাষা শিখতেই হবে। ইতালি, ফ্রান্স, চীন, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, জাপানসহ বিশ্বের প্রতিটি দেশে বসবাসরত বাংলাদেশি শিশুদের এ সমস্যার মোকাবিলা করতে হয়। স্প্যানিশরা বাড়িতে স্প্যানিশ কথা বলে তাঁদের শিশুদের তাঁদের ভাষা শেখা বা তা ধরে রাখার চেষ্টা করেন। চীনারা তাঁদের শিশুদের সঙ্গে চীনা ভাষায় কথা বলেন। কিন্তু আমাদের বাংলাদেশি পরিবারগুলোয় দেখা যায় ভিন্ন চিত্র। তাঁরা সন্তানদের সঙ্গে অবলীলায় ইংরেজিতে কথা বলে থাকেন।
আমার চার সন্তান। আমার ১২ বছরের বড় মেয়ে ভালো বাংলা বলতে পারে। ৫ ও ৪ বছরের দুই ছেলে সব সময় চায় আমরা ইংরেজিতে তাদের সঙ্গে কথা বলি। তারা কার্টুন দেখে ভালো ইংরেজি শিখেছে। আমার স্ত্রী ও আমি তাদের জোর করে বাংলা শেখানোর চেষ্টা করছি, তারা ইংরেজিতে প্রশ্ন করলে আমরা বাংলায় উত্তর দিই। তাদের নানাভাবে প্রলোভন দেখিয়ে বাংলা শেখানোর চেষ্টা করি। সারা দিনরাত আমাদের বলতে হয় স্পিক বাংলা, স্পিক বাংলা। বাসায়-গাড়িতে আমাদের প্রাণান্ত চেষ্টা, এ কোমল বয়সে তাদের বাংলা শেখাতেই হবে। বাসায় আমরা সবাই বাংলা বলি, বাংলা টিভি, বাংলা নাটক, বাংলা ছবি চলে। অবশ্য শুদ্ধ ও সিলেটি নিয়ে তাদের দ্বিধা-দ্বন্দ্বের শেষ নেই। তারপরও চেষ্টা করতে হয়। খুব সহজ একটা ইংরেজি আমরা সারা জীবন বলি তা হলো ‘সরি’। তারা শিখেছে দুঃখিত। তারা সারা দিন কিছু ভুল হলেই বলে দুঃখিত। আমরা খুব উপভোগ করি। এই সরি ইংরেজি শব্দটা যে ইংরেজি, তা আমরা ভুলে গেছি। আমরা বলি গুড বয়, আমার ছোট দুই ছেলে বলে ‘ভালো ছেলে’। তুমি দুষ্টুমি করছ বললেই বলে, আমি ভালো ছেলে। নতুন প্রজন্মকে প্রবাসে বাংলা শেখানো ও বলানো যে কতটা কঠিন, তা ভুক্তভোগীরাই জানেন। আর যদি অভিভাবকেরা একটু উদাসীন হন, তাহলে তো কথাই নেই। আমার ২৩ বছরের ভাতিজিকে আমি বাংলা লিখতে ও পড়তে শিখিয়েছিলাম, সে তা বেমালুম ভুলে গেছে। কোনো পার্টিতে গেলে যখন বিভিন্ন জেলার প্রবাসী নারীরা শুদ্ধ বা ভিন্ন জেলার ভাষায় কথা বলেন, সে কিছু
বুঝতে পারে না, বলে তারা তো বাংলায় কথা বলে না।
আমি বুঝি না, আসলে শুদ্ধ বাংলা, যা নাটক-সিনেমায় বলে, সে কথা নতুন প্রজন্ম বোঝে না। কারণ, তারা বাসায় নানা আঞ্চলিক ভাষা শিখেছে। আমার মেয়ে ষষ্ঠ শ্রেণিতে ও ছেলে কিন্ডারগার্টেনে ইসলামি স্কুলে পড়ে। তাদের শেখানো হচ্ছে আরবি ভাষা, প্রতিদিন তারা নানা আরবি শব্দ শিখছে। তারা বাংলা, ইংরেজি, আরবি তিনটি ভাষা নিয়ে হিমশিম খাচ্ছে। তারা কথায় কথায় ইংরেজি বলে। তাদের অনেকটা শাসন করে বাংলা কথা বলার চেষ্টা করাতে হয়। অনেক সময় প্রবাসী অভিভাবকেরা তাদের বাংলা বলার তাগিদ দেন না, ফলে তারা বাংলা বলতে চায় না। অথচ অন্য দেশের প্রবাসী শিশুরা তাদের অভিভাবকদের চাপে পড়ে মাতৃভাষায় কথা বলে।
প্রবাসের দ্বিতীয় প্রজন্ম অভিভাবক হয়ে গেছে, অনেকে বিয়ে করে সংসারী। তাঁদের সন্তানেরা তো বাংলা বলবেই না। কারণ, তাদের পিতা-মাতাও ভালো বাংলা বলতে পারেন না।

l গোলাম সাদত জুয়েল, ফ্লোরিডা থেকে।