বাংলা এখন কী? একটি স্বাধীন দেশ? ভারতের একটি রাজ্য? নাকি ভাষা?
৪৭ বছর ধরে একটি স্বাধীন দেশের সাত থেকে ষোলো কোটি মানুষ যখনই জাতীয় সংগীতে পরম মমতায় ‘আমার সোনার বাংলা’ উচ্চারণ করে এসেছে, তখন কিন্তু সবাই বাংলাদেশকেই বুঝেছে। সেটা শুধু বাংলাদেশে নয়, ভারতসহ বিশ্বের যেকোনো প্রান্তে, যেকোনো উপলক্ষে এই জাতীয় সংগীতের সুরের অনুরণনে বাংলাদেশকেই বোঝানো হয়েছে এবং সবাই সেটি ছাড়া অন্য কিছু কল্পনাও করেননি।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভায় গেল সপ্তাহে প্রস্তাব গৃহীত হয়েছে যে তারা তাদের রাজ্যকে বাংলা নামে নামকরণ করতে চায়। ভারতের কেন্দ্রীয় সরকার প্রস্তাবটিতে সম্মতি দিলে তা লোকসভা এবং রাজ্যসভায় উত্থাপিত হবে এবং সেখানে অনুমোদিত হলে সরকারিভাবে ভারতীয় রাজ্যটির নাম বদলে বাংলা হবে।
এ কথা ঠিক বাংলাদেশের জাতীয় সংগীত এবং স্বাধীনতাযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’ ছাড়া বাংলা শব্দের আরেক মানে হচ্ছে ভাষা। জয় বাংলা স্লোগানের বাংলা কিন্তু বাংলাদেশ এবং ভারতেও স্বীকৃত। স্বাধীনতার পর তো বটেই, এখনো পশ্চিমবঙ্গে বাংলাদেশের মানুষ গেলে তাঁদেরকে অনেকেই ‘জয় বাংলার ‘লোক বলে চেনে বা ওই পরিচয়টাকেই বড় করে দেখে।
ভাষা হিসেবেও বাংলার যে প্রসার, তাতে পশ্চিমবঙ্গের শিল্পী-সাহিত্যিক ও গণমানুষের ভূমিকা থাকলেও প্রাধান্যটা কিন্তু বাংলাদেশের। জাতিসংঘে বাংলায় বক্তৃতা থেকে শুরু করে ভাষাশহীদ দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের মাধ্যমে তাকে বিশেষ মর্যাদার আসনে আসীন করার মূল কৃতিত্ব বাংলাদেশের। বর্তমান যুগে যেকোনো কিছুরই মূল্য তৈরি হয় বা বাড়ে তখনই, যখন তার পরিচিতির প্রসার ঘটে। বাণিজ্যিক জগতে একে বলা হয় ব্র্যান্ড ভ্যালু। বাংলারও সেই ব্র্যান্ড ভ্যালুতে সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশের।
কিন্তু এসব কিছুতেই এখন তালগোল পাকানোর পরিস্থিতি, অর্থাৎ বাংলা বিভ্রাট তৈরি হবে। বাংলাদেশের জাতীয় সংগীতে যেমন বাংলাকে বাংলাদেশ করা সম্ভব নয়, তেমনই পঁচিশ কোটি বাংলাভাষীর ষোলো কোটি জয় বাংলা স্লোগানে পশ্চিমবঙ্গের কথা বলবে না (২০১৬–এর পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা নয় কোটি)।
বাংলাদেশ এবং ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ উভয় ভূখণ্ডেই বাংলা কথাটির সঙ্গে আবেগ জড়িয়ে আছে। ইতিহাস এবং সংস্কৃতির প্রশ্নও এ ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সেসব বিষয়ে উভয় ভূখণ্ডের অগ্রসর জনগোষ্ঠী, তথা শিক্ষাবিদ-বুদ্ধিজীবী এবং রাজনীতিকদের মধ্যে কোনো ধরনের মতবিনিময় বা আলোচনার কথা জানা যায় না। পশ্চিমবঙ্গের সংবাদপত্রগুলোর মাধ্যমে যা জানা যায় তা হলো, তাদের এই নামবদলের উদ্যোগ মূলত রাজনৈতিক। মুখ্যমন্ত্রীদের সম্মেলনে সর্বভারতীয় ভাষা হিসেবে ইংরেজিতে রাজ্যের নামের আদ্যক্ষর অনুযায়ী মুখ্যমন্ত্রীরা কথা বলার সুযোগ পান। ফলে সব সময় দেখা যায় ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী পেছনে পড়ে যাচ্ছেন যখন সম্মেলনে অনেকেরই আর মনোযোগ থাকে না। বাংলা নামকরণ হলে আদ্যক্ষর ‘বি’-এর সুবাদে শুরুর দিকেই রাজ্যটির মুখ্যমন্ত্রীর কথা বলার সুযোগ হবে। এই রাজনৈতিক সুবিধাটুকু রাজ্যটির জন্য যে গুরুত্বপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই।
প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের ওই রাজনৈতিক লক্ষ্য অর্জনের কি অন্য আর বিকল্প নেই? সেখানেও কেউ কেউ বলেছেন যে ইংরেজি আদ্যক্ষরের সমাধান বঙ্গ নামকরণেও সম্ভব। তা ছাড়া, ২০১৬ সালে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার প্রস্তাবে বাংলার ইংরেজি এবং হিন্দি ভাষান্তর বেঙ্গল এবং বাঙাল প্রস্তাব করা হয়েছিল। কিন্তু এখন তিন ভাষাতেই বাংলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বঙ্গের ইংরেজিও বেঙ্গল হওয়ায় বাংলা নাম গ্রহণের মাধ্যমে নতুন সংশয়ের জন্ম না দিয়েও রাজনৈতিক সমস্যার বিকল্প সমাধান সম্ভব। সংখ্যাগরিষ্ঠ বাংলাভাষীর আবেগ এবং অর্জনগুলো উপেক্ষা করার কারণে যে সমস্যা তৈরি হবে, তা বরং বাংলাভাষীদের মধ্যে সংশয় ও বিভাজন তৈরি করবে।
বাংলা ভাষা এবং বাংলাদেশ—এই দুটোর জন্যই কিন্তু রক্ত দিয়েছে সংখ্যাগরিষ্ঠ বাংলাভাষী। এ বিষয়ে বাংলাদেশের সরকার এবং শিল্পী-সাহিত্যিকদের নীরবতা বিস্ময়কর। ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারসহ রাজনীতিক ও নাগরিক সমাজের কাছে এই পরিবর্তনের সমস্যাগুলোর কথা আমাদের দ্রুতই তুলে ধরা দরকার। তাঁদের ওই পথ থেকে ফেরানোর চেষ্টা যত দ্রুত করা যায় ততই ভালো।
নাম নিয়ে তালগোল পাকানোর ঘটনা বিশ্বে একেবারে বিরল নয়। এখানে একেবারে তরতাজা উদাহরণই দেওয়া যায়। মাত্র গত মাসেই ইউরোপের দুটি দেশ মেসিডোনিয়া এবং গ্রিস তাদের মধ্যে কয়েক দশক ধরে চলা নাম বিতর্কের একটা সমাধানে সম্মত হয়েছে। গ্রিসের উত্তরাঞ্চলের মেসিডোনিয়া এবং ১৯৯১ সালে সাবেক যুগোস্লাভিয়া ভেঙে তৈরি হওয়া নতুন রাষ্ট্র মেসিডোনিয়া প্রজাতন্ত্র—এই দুইয়ের মধ্যে মেসিডোনিয়া নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়, তা সমাধানে গত ১৭ জুন দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। গ্রিসের মেসিডোনিয়ান ইতিহাস অতিপ্রাচীন। সেই ঐতিহ্যই শেষ পর্যন্ত প্রাধান্য পেয়েছে এবং মেসিডোনিয়া প্রজাতন্ত্রের নতুন নাম হচ্ছে উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র। অন্যরা যখন দেশের নাম নিয়ে সংশয় দূর করে, তখন কি নাম নিয়ে সমস্যা তৈরি করা উচিত?
কামাল আহমেদ: সাংবাদিক