বাংলাদেশ এগিয়ে চলো
শত প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের প্রবৃদ্ধির হার ৬-এর ঘরে ঘোরাফেরা করছে। স্বাধীনতার পর থেকে দারিদ্র্যের হারও উল্লেখযোগ্য হারে কমেছে। বিল ক্লিনটন তাঁর বিদায়ের ঠিক আগে যুক্তরাজ্য সফরের সময় সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়েছিলেন। সেটা শোনার সৌভাগ্য আমার হয়েছিল। তিনি সেখানে বলেছিলেন, মোবাইল ফোন বাংলাদেশের কৃষকদের যোগাযোগের সুবিধা দিয়েছে। এর মাধ্যমে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।
আজ রিকশাচালক থেকে শুরু করে খেটেখাওয়া মজুর, বাসার কাজে সাহায্যকারী নারী কর্মী, গ্রামের কৃষক—সবাই মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান-প্রদান করছেন।
সম্প্রতি একটি বিজ্ঞাপনে বাংলাদেশের জাতীয় দলের তিন ক্রিকেটারকে দেখলাম গুগল সার্চের মাধ্যমে কীভাবে তথ্য লাভ করে শিক্ষা ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়া যাবে, তা শেখাচ্ছেন। কৃষক ও মজুর থেকে শুরু করে গার্মেন্টস কর্মী, বেসরকারি খাতের উদ্যোক্তা থেকে শুরু করে খেটেখাওয়া মানুষসহ সবার ঐকান্তিক চেষ্টায় দেশ এগিয়ে চলেছে।
প্রথম আলোর ১৭ জানুয়ারি, ২০১৫ তারিখের একটি সংবাদ ছিল এ রকম: ‘ক্রয়ক্ষমতার সমতা (পিপিপি) বিচারে আগামী ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ২৩তম বড় অর্থনীতির দেশ।’ ‘২০৫০ সালে বিশ্ব অর্থনীতি’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশ ২০৫০ সালের মধ্যে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার মতো উন্নত ও অগ্রসর অর্থনীতির দেশগুলো ছাড়িয়ে যাবে। বাংলাদেশের এ উত্থান সম্ভাবনার কারণ হিসেবে বলা হয়েছে, পিপিপি সমতার ভিত্তিতে এ দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২০১৪ সালে ছিল ৫০ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার, যা ২০৩০ সালে দ্বিগুণ হয়ে ১ লাখ ২৯ হাজার ১০০ কোটি ডলারে দাঁড়াবে।
অসাধারণ সব বিষয় ঘটছে এ দেশের মানুষের শ্রমে-ঘামে। একসময় মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ অনেক দেশের অবস্থান আমাদের নিচে ছিল। আজ তারা কোথায় চলে গেছে। উপর্যুক্ত প্রতিবেদনটিতে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ, এটা জেনে চোখের কোণে আনন্দ অশ্রু ধরে রাখতে পারিনি। সেই এগিয়ে যাওয়ার পথে আমরা নাগরিকেরা যথাসাধ্য অবদান রাখতে চাই। আর আশা করি, রাজনৈতিক মতান্তরের কারণে এই অগ্রগতির চাকা রুদ্ধ হবে না।
লেখক: ব্যাংকার