নানা দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয়ে ভারত ও চীনের মধ্যে দূরত্ব বাড়ছে। সে কারণে উভয় দেশই সার্কভুক্ত দেশগুলোতে তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। ভারত এই অঞ্চলে প্রভাব বজায় রাখার চেষ্টা করছে, আবার চীনও প্রভাব বাড়াতে তৎপর।
৭ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত বছর পর ভারত সফরে যান। এ সময় তাঁদের মধ্যে তিন ডজনের বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার মধ্যে প্রতিরক্ষাবিষয়ক তিনটি সমঝোতা স্মারকও আছে। এই প্রথমবারের মতো বাংলাদেশ ভারতের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এটা স্বাক্ষরিত হলো এমন এক সময়, যখন চীন ও বাংলাদেশের মধ্যকার সামরিক সম্পর্ক জোরদার হতে শুরু করেছে। সম্প্রতি বাংলাদেশ চীনের কাছ থেকে দুটি ডুবোজাহাজ কিনেছে।
দেখা গেল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রটোকল ভেঙে শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান। ভারত বাংলাদেশকে ৫০০ কোটি ডলারের লাইন অব ক্রেডিট দেওয়ার ঘোষণা দিয়েছে। আর কোনো প্রতিবেশীকে ভারত এত টাকা দেয়নি। তবে ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তি করতে না পারা এবং প্রতিরক্ষা স্মারক স্বাক্ষরের কারণে দেশের ভেতরে শেখ হাসিনার সমালোচনা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি দেখে বোঝা যায়, ভারতের সঙ্গে বাংলাদেশের শিগগিরই পানি চুক্তি হচ্ছে না। কিন্তু মনে হচ্ছে, ভারত সর্বতোভাবে বাংলাদেশে প্রভাব বজায় রাখতে চায়। ২০১৮ সালে বাংলাদেশে নির্বাচন হবে। ফলে শেখ হাসিনা নির্বাচনে ভোট নিশ্চিত করার লক্ষ্যে ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তি করতে চাচ্ছিলেন।
হাসিনা পানিবণ্টন চুক্তি করতে না পারায় বাংলাদেশের বিরোধীরা এটাকে নির্বাচনী অ্যাজেন্ডা বানাতে পারে। বাংলাদেশের গণমাধ্যম, নাগরিক সমাজ ও বিরোধী দলগুলো এই পানিবণ্টন চুক্তির ব্যাপারে সোচ্চার। তাদের মত হচ্ছে, তিস্তা চুক্তির ব্যাপারে মোদি ইতিবাচক হলেও সেটা যথেষ্ট নয়।
তবে ভারত নানা চেষ্টাচরিত্র করলেও বাংলাদেশে চীনের প্রভাববলয় ক্রমাগত বাড়ছেই। ২০১৬ সালের অক্টোবর মাসে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ সফর করেন। গত ২৮ বছরে এটাই ছিল প্রথম কোনো চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফর। এই সফরের একমাত্র উদ্দেশ্য ছিল বাংলাদেশে নয়াদিল্লির প্রভাব কমানো। এই সফরের সময় দেশ দুটির মধ্যে ২৭টি চুক্তি স্বাক্ষরিত হয়। তখন চীন বাংলাদেশের উন্নয়নের জন্য ২ হাজার ৪০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালে বাংলাদেশ সফর করেন। ওই সময় দেশ দুটির মধ্যে ২২টি চুক্তি স্বাক্ষরিত হয়।
এ ছাড়া মালদ্বীপেও চীনের প্রভাব বাড়ছে। ব্যাপারটা ভারতের জন্য উদ্বেগজনক হয়ে উঠছে। চীন মালদ্বীপে বড় বড় অবকাঠামো নির্মাণ করছে। ওদিকে চীন ও পাকিস্তানের মধ্যে সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের পরিসরও বাড়ছে। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হতে থাকায় চীনের সঙ্গে তাদের নৈকট্য বাড়ছে, যার সাম্প্রতিক প্রমাণ হচ্ছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর।
আবার ভারত-চীন আফগানিস্তানেও প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। আফগানদের সঙ্গে ভারত ও চীন উভয়েই দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে। ২০১৫ সালের ডিসেম্বর মাসে ভারত আফগানিস্তানকে হেলিকপ্টার দিয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাও বাড়ছে। ভারত দ্বিপক্ষীয় শুভকামনার অংশ হিসেবে আফগানিস্তানে সংসদ ভবনও নির্মাণ করে দিয়েছে। ২০১৬ সালে ভারত নয়াদিল্লিতে হার্ট অব এশিয়া কনফারেন্সের আয়োজন করে, যেখানে আফগানিস্তানের উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
অন্যদিকে আফগানিস্তানে চীনের নিরাপত্তাজনিত উপস্থিতিও বাড়ছে। গণমাধ্যমে খবর এসেছে, আফগানিস্তান ও চীন যৌথ সামরিক মহড়া করছে। তালেবানদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করানোর ব্যাপারেও চীন আগ্রহী। খবর এসেছে, চীন আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামের মাধ্যমে যুক্ত হতে চায়।
অন্যান্য সার্ক দেশের তুলনায় ভারত তুলনামূলকভাবে ভুটানে প্রভাব বজায় রাখতে পেরেছে। কিন্তু এমন খবরও আছে যে চীন ভুটানেও প্রভাব বিস্তার করতে চাচ্ছে। একই সঙ্গে ভারত নেপালে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও চিন্তিত, বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে। অনানুষ্ঠানিক আলোচনার সময় ভারতের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, তাঁরা নেপালি সেনাবাহিনীকে সহায়তা দিতে ইচ্ছুক। নেপালে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে তাঁরা অসন্তোষ প্রকাশ করেন।
ভারতের গণমাধ্যম ও নীতিপ্রণেতারাও এই উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের নেতা ও কর্মকর্তারা বিশ্বাস করেন, নেপালে ভারতীয়দের অবরোধের পর সেখানে চীনা উপস্থিতি বেড়েছে। বিশেষ করে, নেপালের সাবেক অলি সরকারের আমলে সেটা আরও বাড়ে। অলি সরকার চীনের সঙ্গে বাণিজ্য ও ট্রানজিট চুক্তি করেছে, যদিও তা বাস্তবায়িত হচ্ছে অনেক ধীরগতিতে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের চীন সফরের সময় সুনির্দিষ্ট কিছু হয়নি। আগের চুক্তি বাস্তবায়নে ধীরগতির কারণে তাঁর সফরের সময় নতুন চুক্তি হয়নি।
আবার ভারত ও নেপালের মধ্যে ঘন ঘন উচ্চপর্যায়ের সফর হচ্ছে। সেপ্টেম্বরে পুষ্প কমল দহল রাষ্ট্রীয় সফরে ভারতে যান। এরপর অক্টোবরে তিনি আবার ভারত সফর করেন। সেবার তিনি ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে যোগ দিতে এবং ভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে সেখানে যান। এ ছাড়া প্রণব মুখার্জি ১৯ বছরের মধ্যে প্রথম ভারতের রাষ্ট্রপ্রধান হিসেবে নেপাল সফর করেন। এখন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি রাষ্ট্রীয় সফরে ভারতে গেছেন। ভারতের মন্ত্রীরাও রাষ্ট্রীয় সফরে নেপালে যাচ্ছেন। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি ও রেলমন্ত্রী সুরেশ প্রভু সম্প্রতি নেপাল সফর করেছেন। তাঁরা এখন নেপালের সঙ্গে দ্বিপক্ষীয় সফর করতে অধিকতর দৃঢ় প্রত্যয়ী।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতপন্থী বলে দেশের ভেতর তাঁর সমালোচনা হয়। ভারতের দিকে হেলে থাকার কারণে বিরোধীরা তাঁর সমালোচনা করছেন। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের বিরুদ্ধেও একই অভিযোগ। প্রধান বিরোধী জোট সিপিএন-ইউএমএল এটাকে প্রধান রাজনৈতিক অ্যাজেন্ডা বানিয়ে ফেলেছে। মনে হচ্ছে, সার্কভুক্ত দেশগুলো এশিয়ার দুই বড় দেশ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মতো পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারেনি। এটা করা গেলে এখানকার দেশগুলো সর্বোচ্চ রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা বের করে আনতে পারবে। ভারত ও চীনের প্রসঙ্গে এখানকার রাজনৈতিক দলগুলো একমত হতে পারে না। বাংলাদেশ ও নেপালের অবস্থাও সে রকম।
অনুবাদ: প্রতীক বর্ধন, কাঠমান্ডু পোস্ট ডট ইকান্তিপুর থেকে নেওয়া।
কমল দেব ভট্টরাজ: কাঠমান্ডু পোস্ট–এর রাজনৈতিক বিশ্লেষক।