
ছোটবেলায় শিশু পত্রিকায় একটা গল্প পড়েছিলাম। একটা পাতা আর আরেকটা মাটির ঢেলা গল্প করছে। পাতা বলছে, আমি একজন মুক্তিযোদ্ধাকে সাহায্য করেছিলাম লুকিয়ে থাকতে। আর ঢেলা বলছে, আর আমাকে একজন মুক্তিযোদ্ধা ছুড়ে মেরেছিল একজন মিলিটারির দিকে। এই গল্প বলতে বলতে তারা দুজনেই, পাতা আর মাটির ঢেলা, প্রাণখুলে হাসছিল। বিজয়ীর হাসি।
বাংলাদেশেও আমরা হাসছি। আমরা কেবল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরেই বিজয় লাভ করিনি, স্বাধীনতার ৪৫ বছর পর এ কথা আমরা গৌরবের সঙ্গে বলতে পারব যে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করে আমরা জয়ের পথেই এগিয়ে চলেছি। আমরা প্রমাণ করেছি, স্বাধীনতা হলো সেই পরশমণি, যার ছোঁয়ায় একটা জাতি সোনায় পরিণত হয়।
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে বাংলাদেশের স্বাধীনতাই সমস্ত ঘটনাপ্রবাহের একমাত্র পরিণতি হিসেবে আবির্ভূত হয়। এমনকি আমেরিকার পররাষ্ট্র কর্মকর্তারাও প্রতিবেদন পেশ করছিলেন যে এই নতুন দেশটিকে স্বীকৃতি দিতে হবে। কীভাবে স্বাধীন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা যায়, এই ছিল তাদের প্রধান ভাবনা। কিন্তু সবকিছু উল্টে দিয়েছিলেন তখনকার আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তাঁর নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। নিক্সন খুবই পছন্দ করতেন পাকিস্তানের সামরিক শাসক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে। তিনি তাঁর দোস্তের জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলেন। নিক্সন ও কিসিঞ্জারের আরেকটা লক্ষ্য ছিল চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইয়াহিয়া খানের দূতিয়ালিকে কাজে লাগানো। নিক্সন খুবই অপছন্দ করতেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। তাঁর সামনে তিনি বিব্রত বোধ করতেন, তাঁর ব্যক্তিত্বের সামনে নিক্সনের অস্বস্তি হতো। নিক্সন আর কিসিঞ্জার মিলে পাকিস্তানকে সাহায্য করে গেছেন, তাঁরা এমনকি আমেরিকার আইন ভঙ্গ করে ইরান আর জর্ডান হয়ে পাকিস্তানকে সামরিক সরঞ্জাম পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন, চীনকে বলেছিলেন ভারত আক্রমণ করতে। গ্যারি জে ব্যাস তাঁর দ্য ব্লাড টেলিগ্রাম বইয়ে বলেছেন, নিক্সন ও কিসিঞ্জার বাংলাদেশের হত্যাযজ্ঞে তাঁদের ভূমিকা আড়াল করতে সক্ষম হয়েছেন, আমেরিকানদের জন্য এটাই উৎকৃষ্ট সময় নিক্সন ও কিসিঞ্জারের সেই ভয়াবহ সময়ের ভূমিকাকে রুখে দাঁড়ানোর (কনফ্রন্ট)।
নিক্সন ও কিসিঞ্জারের আলাপ চরম পর্যায় পর্যন্ত গিয়েছিল। চীনকে বলো ভারত আক্রমণ করতে, তাহলে রাশিয়া চীন আক্রমণ করবে, তাহলে আমাদের রাশিয়া আক্রমণ করতে হবে, তাহলে পারমাণবিক বোমা ব্যবহার করতে হবে! আমি সরল করে বলছি, কিন্তু মর্মার্থ তা-ই দাঁড়ায়। হোয়াইট হাউসের ওভাল অফিসের অবমুক্ত দলিলে তাঁদের আলাপের বিবরণ পৃষ্ঠার পর পৃষ্ঠা পাওয়া যায়। দ্য ব্লাড টেলিগ্রাম, কিংবা শ্রীনাথ রাঘবনের ১৯৭১ বইয়ে কিংবা প্রথমা প্রকাশিত হাসান ফেরদৌসের ১৯৭১: বন্ধুর মুখ শত্রুর ছায়া বইয়ে, আমার উপন্যাস জেনারেল ও নারীরা বইয়ে এই সম্পর্কে বিবরণ পাওয়া যাবে।
চীন শেষ পর্যন্ত ভারত আক্রমণ করতে অস্বীকৃতি জানায়। লাখ লাখ রুশ সৈন্য চীনের দিকে এগিয়ে আসছে, এই দুঃস্বপ্ন তারা ডেকে আনতে চায়নি। নিক্সন ও কিসিঞ্জারের সাধ ভেস্তে যায়। ভারতীয় সৈন্যরা মুক্তিবাহিনীকে সঙ্গে নিয়ে দ্রুত ঢাকার দিকে
এগোতে থাকে। ১৬ ডিসেম্বরে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করে। আর নিক্সন ও কিসিঞ্জার এই বলে আত্মতৃপ্তি পান যে তাঁরা পাকিস্তানের পশ্চিম অংশ রক্ষা করতে পেরেছেন। তখন নিক্সনের প্রিয় বন্ধু ইয়াহিয়া খানকে তাঁরই অধীনস্থ সৈনিকদের স্ত্রীরা সত্যিকারের ঝাড়ু নিয়ে সত্যিকারের পিটুনি দেওয়ার জন্য দরবারকক্ষে প্রস্তুত হচ্ছিল।
আমরা জানি, আমাদের মুক্তিবাহিনীর সদস্যদের অনেকেই আফসোস করেন, কেন যুদ্ধটা আরেকটু প্রলম্বিত হলো না। কারণ, মুক্তিযোদ্ধারা নিজেরাই পাকিস্তানি সৈন্যদের পরাভূত করতে পারতেন। নিশ্চয়ই পারতেন এবং তা হতো সর্বোত্তম। কিন্তু যিনি মাঠে যুদ্ধ করেন, তিনি হয়তো শুধু সেই মাঠটাই দেখতে পান। মাঠের বাইরে টেবিলে টেবিলে যে যুদ্ধ চলছিল, দাবার ঘুঁটির চাল দেওয়া-নেওয়া হচ্ছিল, তার সবটা তো ওই সময়টাতেই সবার চোখে পড়বে না। এই জন্যই এই লেখার শুরুতে ঢেলা আর পাতার গল্পটা করছিলাম। ওই ঢেলার যে অবদান, তা কারও চেয়ে কম নয়। ওই পাতার যে ভূমিকা, তাও খুবই শ্রদ্ধেয়। কতিপয় রাজাকার, আলবদর ও পাকিস্তানমনস্ক মানুষ ছাড়া ১৯৭১ সালে সাড়ে সাত কোটি মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাদুকরি নেতৃত্বে একদেহ একপ্রাণ হয়ে উঠেছিল, আর সেই একটি দেহের একটি প্রাণের ভেতর থেকে একটি মাত্র চাওয়া প্রস্ফুট হচ্ছিল: স্বাধীনতা। প্রতিটা মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বাধীনতার জন্য অবদান রেখেছেন।
মেজর কামরুল হাসান ভূঁইয়ার কাছ থেকে শোনা একাত্তরের এই ঘটনাটা আবারও বলি। একজন কৃষকের বাড়িতে আশ্রয় নিয়েছে মুক্তিযোদ্ধাদের দল। ভোরবেলা। হঠাৎই দেখা গেল, পাকিস্তানি সেনারা সেই বাড়ির দিকে আসছে। মুক্তিযোদ্ধারা অপ্রস্তুত। এখন তো পজিশন নেওয়ারও সময় নেই। বাড়ির তরুণী গৃহবধূ তখন একটা কাজ করলেন। ঘরের দরজায় জায়নামাজ পেতে রেহেল খুলে কোরআন শরিফ পড়তে লাগলেন। পাকিস্তানি সেনারা দেখল, ফজরের নামাজ শেষে নিরীহ গৃহিণী কোরআন শরিফ পাঠ করছেন। খুবই স্বাভাবিক দৃশ্য। তারা এই বাড়িতে আর ঢুকল না। পাশ কাটিয়ে চলে গেল। মিলিটারি চলে যাওয়ার পরে বুদ্ধি ফিরে পেয়ে মুক্তিযোদ্ধারা নিরাপদে চলে গেলেন। অংশ নিলেন তাঁদের পূর্বপরিকল্পিত অভিযানে। পাকিস্তানি ইনফরমাররা জানাল, ওই বাড়িতেই ছিলেন মুক্তিযোদ্ধারা। ফেরার পথে পাকিস্তানি আর্মি হত্যা করল ওই গৃহবধূকে।
এটা তো আত্মত্যাগের এক চরম উদাহরণ। কিন্তু আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে, তথ্য দিয়ে, সাহস দিয়ে, খাবার দিয়ে, কাপড়চোপড় দিয়ে, কতভাবেই না দেশের নারী-পুরুষ সাহায্য করেছেন মুক্তিযোদ্ধাদের। রাতের বেলা চুপিচুপি সবাই শুনেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, উদ্গ্রীব হয়ে শুনেছেন, কোথায় কোথায় মুক্তিবাহিনীর বিচ্ছুরা মেছুয়াদের হালুয়া টাইট করে দিল।
প্রত্যেকের অবদানই বড় অবদান, প্রত্যেকের আত্মত্যাগই অমূল্য। আর যাঁরা শহীদ হয়েছেন, সম্ভ্রম হারিয়েছেন, তাঁদের কাছে বাংলাদেশ চিরঋণী হয়ে রইবে।
ইতিহাসে কী হলে কী হতো, এটা না হলে ওটা কী হতো—এই আলোচনার কোনো মানে নেই। যদি নিক্সন ও কিসিঞ্জার একাত্তরে বাংলাদেশের পক্ষে থাকতেন, যদি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বিশ্ববাসী মেনে নিত এবং পাকিস্তানও তা মেনে নিতে বাধ্য হতো, কী হতো তাহলে, এই আলোচনা অর্থহীন। কিন্তু একটা কথা হয়তো বলা যায়, তা হলো, একাত্তরে স্বাধীন হতে পেরেছিলাম বলেই আমরা স্বাধীন হয়েছি। অন্তত আজকের এক মেরুর দুনিয়ায় সশস্ত্র যুদ্ধ করে আর কেউ স্বাধীন হতে পারবে বলে মনে হয় না। কাজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই যে ১৯৪৭ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে এলেন ঢাকায়, এসেই অংশ নিতে লাগলেন ‘রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলনে’, সেখান থেকে মুসলিম লীগের অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করতে শুরু করলেন, আওয়ামী লীগ গঠিত হলে তার সাংগঠনিক ভিত্তি দাঁড় করাতে সারা প্রদেশ চষে বেড়ালেন এবং জেল-জুলুম, জীবনহানির ভয় তুচ্ছ করে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে তুললেন, ছয় দফা প্রণয়ন করলেন, দেশের মানুষ ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে তাঁকে মুক্ত করে আনল, তিনি ইয়াহিয়া খানের অধীনে নির্বাচনে অংশ নিলেন এবং একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ঘোষণা করলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’, ঘটনাক্রম এমনটা হয়েছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। আর ছিলেন তাজউদ্দীন আহমদ, ২৬ মার্চের পর সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করে স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হলো তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে, সেই ঝঞ্ঝাক্ষুব্ধ সমুদ্রে স্বাধীনতার জাহাজটাকে তীরে ভেড়ানোর কঠিন কাজে তিনি হালটা শক্ত হাতে ধরে রেখেছিলেন। আর ছিলেন ইন্দিরা গান্ধী। নিক্সন-কিসিঞ্জারের ছুড়ে দেওয়া অপমানের কাঁটার মুকুট মাথায় পরেও তিনি সংকল্পচ্যুত হননি।
সেই বাংলাদেশ যখন স্বাধীন হয়েই ছাড়ল, কিসিঞ্জার তো বলবেনই, এটা একটা বাস্কেট কেস। আর আজকে? বাংলাদেশ একটা বিস্ময়। একটা ধাঁধা। কী করে বাংলাদেশ এত উন্নতি করছে! কী করে বাংলাদেশের ৯৮ শতাংশ ছেলেমেয়ে স্কুলে যাচ্ছে! কী করে বাংলাদেশিদের গড় আয়ু ভারতীয়দের চেয়েও বেশি! কী করে তারা মাতৃমৃত্যুর হার কমাল! জন্মহার কমাল! বাংলাদেশ দ্রুত মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে। মানব উন্নয়ন সূচকে তার অবস্থান বহু ক্ষেত্রে সার্ক দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার পরেই সবচেয়ে ভালো। খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, মাছ আর ফল উৎপাদনে বিশ্বের সেরা দেশগুলোর একটা। নারীর ক্ষমতায়নে এক উজ্জ্বল আদর্শ। দ্রুত এগিয়ে যাচ্ছে আইটি সেক্টরে, প্রায় সব পরিবারেই আছে মোবাইল ফোন। সৌরবিদ্যুৎ ব্যবহারে হয়ে উঠেছে পৃথিবীর এক আদর্শ দেশ।
পৃথিবীর বড় পণ্ডিতেরা এই ধাঁধার নাম দিয়েছেন ‘বাংলাদেশ প্যারাডক্স।’ তাঁরা বলছেন, তৈরি পোশাক, তৈরি পোশাক কারখানায় গ্রামীণ নারী শ্রমিকদের সরাসরি অংশগ্রহণ, প্রবাসী শ্রমিকদের পাঠানো বৈদেশিক মুদ্রা এবং এনজিও কার্যক্রম—এসবের বাইরে আর কী আছে, সেসবও খুঁজে দেখতে হবে। অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনও এই নিয়ে অনেক লিখেছেন। ল্যানসেট ডট কমে প্রকাশিত একটা নিবন্ধে তিনি বলছেন, ‘আত্ম-আশ্বস্ত মন্তব্যকারীরা, যারা বলেছেন বাংলাদেশ একটা বাস্কেট কেস, আশা করেননি বাংলাদেশ সেই ঝুড়ি থেকে বের হয়ে আসবে আর সামনের দিকে ছুটতে থাকবে।’ ‘কী ঘটছে বাংলাদেশে’ শীর্ষক এই নিবন্ধে অমর্ত্য সেন বলছেন, বাংলাদেশের এই উন্নতির কারণ হিসেবে অনেকেই দেখবেন এর ইতিহাসকে, বিংশ শতাব্দীর শুরুতে এই অঞ্চলে যে আন্দোলনগুলো ঘটেছিল। সবচেয়ে বড় কথা, যেভাবে সে যুদ্ধ করে পাকিস্তানের বিপরীতে স্বাধীনতা অর্জন করে নিয়েছে, পাকিস্তানের সঙ্গে তার যে বৈপরীত্য, তাই তার নারীর ক্ষমতায়নে সহায়ক হয়েছে।
শুধু নারীর ক্ষমতায়ন নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় এবং স্বাধীনতা আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন ক্ষেত্রে বিজয় অর্জনে সাহায্য করছে। নব্বইয়ের দশকে আইসিসি ট্রফির একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগের রাতে অধিনায়ক আকরাম খান বাংলাদেশ থেকে আসা একটা চিঠি পড়ে শুনিয়েছিলেন তাঁর খেলোয়াড়দের। তাতে লেখা ছিল, একাত্তরের শহীদেরা চেয়ে আছেন তোমাদের দিকে। তোমরা তোমাদের সেরা চেষ্টাটা করো, জয় তোমাদের হবেই। ওই মন্ত্রটা সচেতনভাবে হোক অবচেতনভাবে হোক আমাদের সবার মধ্যেই কাজ করে চলেছে।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।