
খবরের কাগজে ছবিটা দেখে বেশ একটা ভালো লাগার অনুভূতি হলো। গতকাল সকালবেলা।
আজ জাতিসংঘ দিবস। এবার বাংলাদেশে জাতিসংঘ দিনটা পালন করছে সহস্রাব্দ লক্ষ্যগুলোকে উপজীব্য করে। বাংলাদেশ এমডিজিতেও ভালো করেছে। আজকের দিনে সেটাও আমরা নিশ্চয়ই উদ্যাপন করব।
গতকালের কাগজ হাতে নিয়ে দেখি ফুলেল হাসিমুখের ছবি। স্পিকার শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। আর সাবের হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট। জাতীয় সংসদ ভবন চত্বরে গত বুধবার তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে এ দুজনের হাস্যোজ্জ্বল ফুলেল উপস্থিতি! আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতি ও সাফল্যে আমরা—দেশের সাধারণ নাগরিকেরা—আনন্দিত। বাংলাদেশের বিজয় দেখলেই আমরা উদ্দীপিত হই, আমাদের মনে সুবাতাস বয়ে যায়। সে বাংলাদেশের মেয়েরা ফুটবলে যখন জয়লাভ করে তখনো, আবার আমাদের ক্রিকেট দল যখন ভালো করতে থাকে তখনো। আন্তর্জাতিক সভায় নির্বাচন করে বাংলাদেশ ভালো করেছে, এ তো উদ্যাপন করার মতোই এক উপলক্ষ। শিরীন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরী দুজনেই সুভাষিত, সুমার্জিত, সুশিক্ষিত। দুজনের সঙ্গেই আমার সামান্য আলাপ-পরিচয়ও আছে, ভেবে শ্লাঘাই অনুভব করছি।
বাংলাদেশ এগিয়ে চলেছে। পথ হারাবে না বাংলাদেশ। এই কথাগুলো আমরা বলি। মনে-প্রাণে বিশ্বাসও করি। সেই বিশ্বাসটা আমাদের রাখতেই হবে। আশা আর লক্ষ্য ছাড়া আমরা এগোতে পারব না। তবে আশাটা কেবল ভাসা ভাসা হলে চলে না। নিচে শক্ত ভিত্তি থাকতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষেরা নিজের শ্রম, ঘাম, মেধা, সৃজনশীলতা দিয়ে ঘোরাচ্ছেন আমাদের উন্নতির চাকা। দেশ এগিয়ে চলেছে।
কতগুলো সুখবর একসঙ্গে। এই বছর বাংলাদেশ চাল উৎপাদনে রেকর্ড করেছে। চাল এবার উদ্বৃত্ত। বাংলাদেশের কৃষকেরা তাই অভিনন্দন পেতেই পারেন। আমি এই কথাটা আগেও বলেছি, আবার বলছি, বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার যে ঘনত্ব, সেই হারে বসানো হলে পৃথিবীর সব মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে এঁটে যাবে এবং তার পরেও তিন ভাগের এক ভাগ জায়গা আমেরিকায় খালি থাকবে। আজকে আমেরিকার কৃষককে যদি বলা হয়, পৃথিবীর সব মানুষকে খাওয়াতে হবে, তার ওপরে যে চাপ পড়বে, তার চেয়েও বড় চাপ বাংলাদেশের কৃষকেরা সার্থকতার সঙ্গে বহন করে চলেছেন। এ জন্য কৃষকেরা অভিনন্দন পাবেন। অভিনন্দন পাবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও। বাংলাদেশের শ্রমিকেরা আমাদের এনে দিচ্ছে মূল্যবান বৈদেশিক মুদ্রা। বিশেষ করে, তৈরি পোশাকের শ্রমিকেরা। আমাদের অভিবাসী শ্রমিকেরা উদয়াস্ত পরিশ্রম করে টাকা পাঠাচ্ছেন দেশে। আমরা এগিয়ে চলেছি।
পাশাপাশি থাইল্যান্ডের মতো দেশের গভীর অরণ্যে বাংলাদেশিদের বেঁধে রাখা হয়েছে ক্রীতদাসের মতো, এই ছবিও আছে। তার মানে আরও কাজ করতে হবে। এখানে আসবে এমডিজির কথা। বিশেষ করে জাতিসংঘ দিবসে সেই কথা প্রাসঙ্গিকও। জাতিসংঘের সহস্রাব্দ লক্ষ্য আটটা—
১. চরম দারিদ্র্য দূর করা, ২. সবার জন্য প্রাথমিক শিক্ষা, ৩. লৈঙ্গিক সমতা আনা আর নারীর ক্ষমতায়ন, ৪. শিশুমৃত্যু রোধ করা, ৫. মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করা, ৬. এইচআইভি/এইডস মোকাবিলা করা, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ দূর করা, ৭. টেকসই পরিবেশ নিশ্চিত করা, ৮. উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারি।
আমরা জানি, বাংলাদেশ এমডিজি অর্জনে বেশ ভালো করেছে। দারিদ্র্য কমেছে। দেশে ৯৮ শতাংশের বেশি ছেলেমেয়ে স্কুলে যায় এবং মেয়েরা যায় ছেলেদের চেয়েও বেশি হারে। নারী-পুরুষের সাম্যের ক্ষেত্রে আমরা নানাভাবে অনেক ভালো করেছি, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, মেয়েদের আর অধস্তন ভাবা হয় না এবং এভারেস্ট থেকে জাতীয় সংসদ—সর্বত্রই চূড়ায় উঠছেন নারীরা। নারীরা দেশ চালাচ্ছেন, বিমান চালাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, স্কুল চালাচ্ছেন, সংসারও চালাচ্ছেন। শিশুমৃত্যুর হার কমেছে। মাতৃমৃত্যু কমেছে। এইচআইভি/এইডস মোকাবিলায় আমরা বেশ ভালো করেছি। ম্যালেরিয়াও নিয়ন্ত্রণে আছে। পরিবেশ অবশ্য আমরা ধ্বংস করছি, নদী, জলাভূমি, কৃষিজমি, বন, পাহাড় উজাড় হয়ে যাচ্ছে। যদিও বৃক্ষরোপণের ক্ষেত্রে কোথাও কোথাও সামান্য অগ্রগতিও আছে। বৈশ্বিক অংশীদারির ক্ষেত্রে আমাদের অংশগ্রহণ ও সক্রিয়তা চোখে পড়ার মতো।
আমরা ভালো করেছি, কিন্তু সবচেয়ে ভালো করিনি। এখনো দারিদ্র্য আছে, শিশুমৃত্যু আছে, প্রসূতির মৃত্যু আছে, আছে পুষ্টিহীনতা। রক্ত নেওয়ার আগে পরীক্ষা করা হয় না, এইচআইভি পজিটিভদের প্রতি বৈষম্য রয়েই গেছে। সবার রক্ত পরীক্ষাও করা হয়নি। টেলিভিশনের খবরে দেখলাম, একটা গোলটেবিল বৈঠকে একজন বক্তা বলছেন, সার্ক দেশগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে আমরা ভারত বা পাকিস্তানের চেয়ে ভালো করেছি, তবে সবচেয়ে ভালো করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে, আমরা রানার্সআপ হয়েছি। কিন্তু চেষ্টা করলে আমরাই চ্যাম্পিয়ন হতে পারব।
আসলে আমরা সর্বক্ষেত্রে আমাদের চ্যাম্পিয়ন দেখতে চাই। সে জন্য আমাদের থামলে চলবে না, কাজ করে যেতে হবে। সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। এমডিজি অর্জনে আমরা যতটুকু ভালো করেছি, জাতিসংঘ আমাদের প্রধানমন্ত্রীর হাতে তার স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দিয়েছে, তার পেছনে সবার অংশগ্রহণ আছে, সরকার, প্রশাসন, বেসরকারি সংগঠন, ব্যক্তিমানুষ, শ্রমজীবী মানুষ, পেশাজীবী—সবাই। আমাদের সরকারগুলোকেও তাদের উন্নয়নমুখী নীতি ও কর্মসূচির জন্য প্রাপ্য গৌরব দিতেই হবে। আমরা রাজনীতিবিদদের সমালোচনা করি, আমলাতন্ত্রের সমালোচনা করি, আমরা আরও সুশাসন, আরও সুনীতি, দুর্নীতি মুক্তি, দক্ষতা আশা করি। সেই সমালোচনা আছে, প্রযোজ্য ক্ষেত্রে আমরা তা করতে কুণ্ঠিত নই। কিন্তু আজকে জাতিসংঘ দিবসে এমডিজি অর্জনে সাফল্যের জন্য সরকারগুলোকে আমাদের অভিনন্দন জানাতেই হবে।
আর অভিনন্দন পাবেন দেশের সাধারণ মানুষ। এই দেশের মানুষের গ্রহণ করার ক্ষমতা, নতুন যেকোনো কিছুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ÿক্ষমতা অসাধারণ। নাহলে ১১ কোটি মোবাইল ফোন কীভাবে ব্যবহার করছে এই দেশের মানুষ?
যেমন: খাওয়ার স্যালাইন এই দেশের মানুষ দ্রুত গ্রহণ করল। এবং এখন ডায়রিয়া হলে স্যালাইন খাওয়ার কথা কাউকে বোধ হয় শিখিয়ে দিতে হয় না। এটা আসলেই আমাদের লাখো শিশুর জীবন বাঁচাচ্ছে। তেমনিভাবে আসবে টিকাদানের কথায়। সরকার কর্মসূচি নিল। দেশের সব শিশুই টিকা নিচ্ছে। পাকিস্তানে কিন্তু টিকা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মী মৌলবাদীদের হাতে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কল্পনাও করা যায় না। আমরা স্বাস্থ্যকর্মীদের স্বাগত জানাই, আমরা জানি, তাঁরা এসেছেন আমাদের ভালো করার জন্য। এই দেশে পরিবার পরিকল্পনার প্রচারণাও সফল হয়েছে।
আজকে জাতিসংঘ দিবসে এবং নানা রকমের সাফল্যের প্রেক্ষাপটে একটা পরামর্শ দিতে চাই সরকারের প্রতি, গণমাধ্যমের প্রতি। তা হলো, আসুন, আমরা বাল্যবিবাহ আর শিশুবিবাহের বিরুদ্ধে একটা দেশব্যাপী প্রচারণায় নেমে পড়ি। একটা সার্বিক পরিকল্পনা নিয়ে সবাই মিলে লেগে পড়লে এই ক্ষেত্রে আমরা ভালো করব। আমরা বাল্যবিবাহ ও শিশুবিবাহের ক্ষেত্রে অনেক প্রতিবেশী দেশের তুলনায় খারাপ। এটা বাস্তবতা, কিন্তু এই অবস্থার পরিবর্তন সম্ভব।
বাংলাদেশ পাকিস্তান নয়। এই দেশে একটা শিশু স্কুলে যায় বলে তার মাথায় গুলি করার ঘটনা ঘটেনি। ঘটবেও না। আমাদের কোনো আহ্বান জানালে আমরা তা শুনি, মানি। আমরা স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করার ক্ষেত্রে ভারতের চেয়ে অনেক অনেক ভালো করেছি। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হলে আমরা উপকূল ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে আসি। এবং এভাবে আমরা বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছি।
কাজেই সরকারের পক্ষ থেকে একটা বড় প্রচারণা কর্মসূচি নেওয়া হলে, সেরকারি সংগঠন ও গণমাধ্যম সহযোগিতা করলে, আমরা এই ক্ষেত্রেও ভালো করব।
সরকারকে ধন্যবাদ যে তারা বিয়ের বয়স কমিয়ে ষোলো করার ভাবনা ঝেড়ে ফেলেছে। ওই চিন্তা একেবারেই বাদ দিয়ে দিন। ষোলো বছরে মেয়ের বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। এটা আমাদের শিশুমৃত্যুর হার বাড়াবে, মাতৃমৃত্যুর হার বাড়াবে, মা ও শিশুর স্বাস্থ্যহীনতার কারণ ঘটাবে, জনসংখ্যা বাড়াবে, শিক্ষার হার কমাবে এবং নারীর ক্ষমতায়নের পথে হয়ে উঠবে প্রধান বাধা। আমরা জানি, কেন আমাদের মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয়। এক নম্বর কারণ, দারিদ্র্য। দুই নম্বর কারণ, নিরাপত্তাহীনতার বোধ। মেয়ে বড় হচ্ছে, তার যদি একটা কিছু হয়ে যায়। বিয়ে দিয়ে দিলে খাওয়াতেও হবে না, নিরাপত্তার দায়িত্বও নিতে হবে না। একটা কারণ, সামাজিক চাপ। মেয়ে বড় হয়েছে, আর কত দিন রাখবে নিজের কাছে? বিয়ে দিয়ে দাও না কেন? সংস্কারও আছে। ব্যাপক প্রচারণার মাধ্যমে এই অবস্থা থেকেও উন্নতি ঘটানো সম্ভব। দারিদ্র্য কমছে। মেয়েরা আর বোঝা নয়, মেয়েরাই বরং মা-বাবার সংসারে সবচেয়ে বড় প্রদীপ। নিরাপত্তা নিশ্চয়ই আমাদের দিতে পারতে হবে, ঘরে-বাইরে, স্কুল-কলেজে, পথে-ঘাটে। এই বিষয়েও সচেতনতা বেড়েছে। সরকারি প্রচারণা ও দৃষ্টান্তমূলক শাস্তি কাজে লাগছে। আরও লাগবে। গণমাধ্যমও এই ক্ষেত্রে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে।
এই ক্ষেত্রে মডেল হতে পারেন সাদেকা বেগম। তিনি রংপুরের তারাগঞ্জের ডাঙ্গাপাড়া গ্রামে গড়ে তুলছেন বেগম রোকেয়া মহীয়সী নারী মহিলা উন্নয়ন সংস্থা। গ্রামের নারীরা তাঁর সমিতির সদস্য। তাঁরা সপ্তাহে ১০০ টাকা করে জমিয়ে গড়ে তুলেছেন তহবিল। ২০০৩ সাল থেকে গড়ে ওঠা এই সংস্থায় মেয়েরা হাতের কাজ করেন, তাঁরা নিজেরা পুকুর লিজ নিয়েছেন, জমি কিনেছেন, সদস্যরা গরু পালেন। ওই গ্রামে কোনো অভাব নেই, এই কথা গত বছর এলাকার মানুষ আমাকে বলেছিলেন। একজন তো বলেই বসলেন, আমাদের গোয়ালভরা গরু, পুকুরভরা মাছ, গোলাভরা ধান। সব বাড়িতে স্যানিটারি ল্যাট্রিন। গ্রামে কোনো চোর-ডাকাত নেই। কেন থাকবে? সবচেয়ে বড় কথা, এই গ্রামে কোনো বাল্যবিবাহ হয় না। কারণ, সব নারী সচেতন। কোথাও কোনো অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে হচ্ছে শুনলেই তাঁরা, গ্রামের সব নারী, সেই বাড়ি ঘেরাও করতেন। বিয়ে বন্ধ করতেন। এখন আর বাল্যবিবাহ হয়ই না। জিজ্ঞেস করেছিলাম, গ্রামের পুরুষেরা, মাতব্বরেরা, মৌলভি সাহেবেরা বাধা দেন না? নারী-পুরুষ একযোগে বলেছেন, না না, বাধা দেবেন কেন? কারণ, সবার উন্নতি হচ্ছে। সবাই অবস্থাপন্ন হচ্ছেন। ভালো কাজে বরং পুরুষেরা সহযোগিতা করছেন।
কাজেই আসুন, সবাই মিলে বাল্য ও শিশুবিবাহ বন্ধে একযোগে একটা প্রচারাভিযানে নামি। এ ক্ষেত্রেও বাংলাদেশ এই অঞ্চলে দৃষ্টান্ত হয়ে উঠুক।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।