বাংলাদেশ নিয়ে ভাবার যথেষ্ট কারণ রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ইরাকের পর সিরিয়াতেও ইসলামিক স্টেটের পতন ঘনিয়ে আসছে। কিন্তু আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কি অবসান ঘটতে চলেছে? অন্য সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার অবস্থাই বা কী? ইসলামভিত্তিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নিকট ইতিহাস, বর্তমান অবস্থা ও ভবিষ্যতের সম্ভাব্য গতি–প্রকৃতি বিশ্লেষণ করেছেন অধ্যাপক আলী রীয়াজ। চার পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ ছাপা হলো।

আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস) জুন মাসের শেষ নাগাদ যে ‘কোড অব কনডাক্ট ফর মুজাহিদিন ইন দ্য
সাব-কন্টিনেন্ট’ বা ‘উপমহাদেশের মুজাহিদদের আচরণবিধি’ ঘোষণা করেছে, তাতে কেবল সংগঠনের উদ্দেশ্য এবং সাংগঠনিক কাঠামোর ধারণাই দেওয়া হয়নি, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে তাদের লক্ষ্যবস্তু কী কী, তা-ও বর্ণনা করেছে। এগুলো থেকে সাংগঠনিকভাবে বিস্তারের চেষ্টা ও নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির চেষ্টা দুর্নিরীক্ষ্য নয়।

আফগানিস্তানের তালেবানের প্রতি একিউআইএসের নিরঙ্কুশ আনুগত্য প্রকাশ করে একে ‘ইসলামিক আমিরাত’ বলে বর্ণনা করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে তাদের সদস্যরা মার্কিন এবং আফগান সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিচ্ছে। পাকিস্তানে আল-কায়েদার প্রধান অগ্রাধিকার লক্ষ্যবস্তু হচ্ছে মার্কিন নাগরিকেরা। তারপর আছে অমুসলিম দেশের প্রতিষ্ঠানের কর্মচারীরা। ‘অত্যাচারী ব্রিটিশ ব্যবস্থাকে’ তৃতীয় লক্ষ্য বলে তারা সেনাবাহিনীর অফিসার, সাধারণ সৈনিক, পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য, সরকারি কর্মচারীদেরই কেবল চিহ্নিত করেনি, একই সঙ্গে তারা ধর্মনিরপেক্ষতার প্রচারকদেরও তাতে অন্তর্ভুক্ত করেছে। সেনাবাহিনীর ব্যাপারে বলা হয়েছে যে সেনাবাহিনীর কর্মচারীরা যেখানেই থাকুক—যুদ্ধক্ষেত্রে বা ছাউনিতে—তারা লক্ষ্যবস্তু বলে বিবেচিত হবে।

ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের লক্ষ্যবস্তুগুলোকে একত্রে তালিকাবদ্ধ করা হয়েছে। ভারতের ক্ষেত্রে মার্কিন এবং ইসরায়েলের নাগরিকদের বলা হয়েছে প্রথম লক্ষ্যবস্তু এবং তারপর আছে ‘ভারতীয় রাষ্ট্র’। ভারতীয় রাষ্ট্রকে লক্ষ্যবস্তু বলে চিহ্নিত করার যেসব কারণ দেওয়া হয়েছে, তার মধ্যে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের সঙ্গে সহযোগিতা, কাশ্মীরে মুসলিমদের ওপর নিপীড়ন, দেশবিভাগের সময় থেকে ‘মুসলিমদের গণহত্যার নীতি অনুসরণ’ এবং বাংলাদেশের ‘ধর্মনিরপেক্ষ সরকার ও ধর্মনিরপেক্ষ আন্দোলনের রক্ষাকর্তা’র ভূমিকা পালন। ‘বাংলাদেশের মুসলিমদের’ কাছ থেকে ‘অন্যায়ভাবে পানি দখল করা’কেও একটি কারণ বলে দেখানো হয়েছে। ভারতের সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী, বিশেষত ‘যাদের হাতে কাশ্মীরিদের রক্ত লেগে আছে’, তাদের বলা হয়েছে লক্ষ্যবস্তু। বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে ব্লাসফেমিতে যুক্তদের এই তালিকায় রাখা হয়েছে। মিয়ানমার, যাকে এই ডকুমেন্টে আরাকান বলে বলা হয়েছে, সেখানে সেনাবাহিনীর দখল থেকে ‘ইসলামিক আরাকান’কে মুক্ত করা তাদের লক্ষ্য।

এই প্রকাশনায় যদিও বলা হয়েছে যে একিউআইএস মনে করে যে শিয়া, আহমদিয়া ও ইসমাইলি সম্প্রদায় (যাদের রাফিদি, কাদিয়ানি ও ইসমাইলি বলে বর্ণনা করা হয়েছে) যদি ‘সুন্নি সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে প্রকৃত যুদ্ধ ঘোষণা না করে’, তবে তাদের বিরুদ্ধে অভিযান অপ্রয়োজনীয়, কিন্তু তারা এ-ও বলেছে যে এই সম্প্রদায়ের সদস্যরা মুসলিমদের অংশ নয় (তাদের ভাষায় অবিশ্বাসী বা আনবিলিভার)। যদি কোনো খ্রিষ্টান মুসলিমদের ‘ইসলামের অবমাননা’ করে, তবে ‘খ্রিষ্টানদের হাত থেকে মুসলিমদের রক্ষার জন্য’ তারা আক্রমণ করবে।

এই সব সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ ও আচরণবিধির ঘোষণা এই ইঙ্গিত দেয় যে একিউআইএস তাদের প্রাথমিক সাংগঠনিক শক্তি সঞ্চয় করেছে; একই সঙ্গে এ থেকে ধারণা করা যায় যে আল-কায়েদা নেতারা অন্যান্য আঞ্চলিক শাখায় একধরনের স্থিতিশীলতা
তৈরি করে এখন দক্ষিণ এশিয়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন। আল-কায়েদার প্রতিষ্ঠা এবং পরবর্তী ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে এই অঞ্চলেই তাদের সূচনা হয়েছিল, আল-কায়েদার কেন্দ্রীয় নেতারা এখনো পাকিস্তান ও আফগানিস্তানেই আছেন এবং তাঁদের কর্মকাণ্ড ওই দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

একই সঙ্গে এই প্রকাশনা থেকে আমরা দেখতে পাই যে ইসলামিক স্টেটের নৃশংস আচরণের বিপরীতে আল-কায়েদা সাধারণের মধ্যে, বিশেষত সামাজিক ও অর্থনৈতিকভাবে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে তাদের গ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা করছে এবং তাদের কৌশলের অংশ হিসেবে কিছু বিষয় উপস্থাপন করেছে। এগুলোও আমাদের বিবেচনায় রাখা দরকার, যাতে কেউ সহজেই এই ধরনের কৌশলের শিকার হয়ে না পড়ে। যেমন জিহাদের প্রসঙ্গ এবং তাদের দেওয়া আচরণবিধি মেনে চলা।

এই প্রকাশনায় বলা হয়েছে, জিহাদ একটি সামাজিক বিষয়; ফলে যেকোনো ব্যক্তি ও সংগঠনের আচার-আচরণই ‘গোটা মুসলিম উম্মাহর’ ওপর প্রভাব ফেলে। যে কারণে কেবল আল-কায়েদা সদস্য নয়, অন্য সংগঠনগুলোকেও এই সব বিধি মানতে আহ্বান জানিয়েছে। তারা বলেছে যে যারা অস্ত্র ধারণ করেনি, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা বা তাদের পীড়িত করা থেকে বিরত হয়ে তারা তাদের মনোযোগ দেবে ‘শরিয়াহর শত্রু’ এবং ‘বিধর্মী (বা নাস্তিক) ব্যবস্থার রক্ষকদের’ বিরুদ্ধে।

তারা মনে করে, যেসব জায়গায় সাধারণ নাগরিকেরা সমবেত হয় এবং যেখানে সাধারণ মুসলমানদের আহত হওয়ার আশঙ্কা আছে, যেমন মসজিদ, জানাজা, বাজার ও আদালত, সেখানে বিস্ফোরণ ঘটানো সম্পূর্ণ ভুল। তারা মাজার ও কবরে বোমা বিস্ফোরণকেও ভুল বলে বর্ণনা করেছে। এই প্রকাশনায় আরও বলা হয়েছে, তারা মনে করে, পাকিস্তান ও বাংলাদেশে সেনাসদস্যদের স্ত্রী ও সন্তানদের হত্যা করা সঠিক নয়। তারা বলেছে, যেসব সামরিক অভিযান সাধারণ মুসলমানের কাছে বোধগম্য নয় এবং যা ‘মুজাহিদিনদের’ কাছ থেকে দূরে সরিয়ে নেয়, সেগুলো ‘এড়িয়ে চলতে’ হবে। বিভিন্ন ধরনের সূক্ষ্ম বিষয়, যেমন কাউকে ‘কাফের’ বলে চিহ্নিত করা ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে, সাধারণ সদস্যদের নিষেধ করা হয়েছে এবং সেই
বিষয়ে জ্ঞানী উলেমার ওপর নির্ভরের পরামর্শ দেওয়া হয়েছে।

আমি এই দীর্ঘ আলোচনার কোথাও কী ধরনের পরিবেশে এবং কী ধরনের রাজনৈতিক ও সামাজিক অবস্থায় আল-কায়েদার সহযোগী সংগঠন বা তার আঞ্চলিক শাখাগুলো শক্তিশালী হয়েছে, সে বিষয়ে আলোচনা করিনি; এই বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না (আমি এই বিষয়ে অতীতে আলোকপাত করেছি আমার চার পর্বের ধারাবাহিক রচনায়, প্রথম আলো, ৯-১২ আগস্ট ২০১৬)। এখনকার আলোচনার লক্ষ্য হচ্ছে, গোটা বিশ্বের বিভিন্ন অঞ্চলে আল-কায়েদার সংগঠিত হওয়ার ধারণা দেওয়া এবং দক্ষিণ এশিয়ায় তাদের সম্ভাব্য কৌশলের দিকে মনোযোগ আকর্ষণ করা। এটি বিশেষভাবে বাংলাদেশের বর্তমান অবস্থায় জরুরি বলেই মনে হয়। কেননা, ইতিমধ্যেই বিশেষজ্ঞরা এ নিয়ে উদ্বেগের কথা বলেছেন।

এ বছরের ২৭ এপ্রিল মার্কিন কংগ্রেসে আফগানিস্তান এবং এই অঞ্চলবিষয়ক শুনানিতে নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ সেথ জোন্স বাংলাদেশে আইএস ও আল-কায়েদার বিস্তৃতির বিষয়ে তাঁর লিখিত বক্তব্যে এবং প্রশ্নোত্তরে কিছু মন্তব্য করেন, যা প্রণিধানযোগ্য। প্রতিনিধি সভার একটি উপকমিটি আয়োজিত শুনানিতে জোন্স বলেন, ‘আমরা দেখেছি বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএস তাদের হামলাসহ বিভিন্ন কার্যক্রম জোরদার করেছে। ভারতীয় উপমহাদেশের পাশাপাশি আমরা বাংলাদেশে আল-কায়েদার উত্থানও লক্ষ করেছি।’ কংগ্রেসম্যান উইলিয়াম কিয়েটিংয়ের এক প্রশ্নের জবাবে সেথ জোন্স বলেন, ‘সন্ত্রাসবাদ প্রশ্নে আমরা প্রায়ই আফগানিস্তানকে অনেক বেশি গুরুত্ব দিই। তবে সমস্যাটি অঞ্চলগত। আমরা এই ইস্যুতে প্রায়ই পাকিস্তানকেও গুরুত্ব দিই। অথচ গত কয়েক বছরে বাংলাদেশে জিহাদি কর্মকাণ্ড ব্যাপক হারে বেড়েছে।’ আরেক প্রশ্নের উত্তরে জোন্স বলেন, বাংলাদেশে আল-কায়েদার বিস্তারের কারণ একই সঙ্গে ভৌগোলিক ও কৌশলগত। তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভাবার যথেষ্ট কারণ রয়েছে।’ জোন্স তাঁর এই ধরনের বক্তব্যের ওপর আবারও জোর দেন ১৩ জুলাই মার্কিন প্রতিনিধি সভার কাউন্টার টেররিজম ও ইন্টেলিজেন্স-বিষয়ক হোমল্যান্ড সিকিউরিটি উপকমিটির সামনে দেওয়া লিখিত বক্তব্যে। জোন্স বলেন, বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা বৃদ্ধি পাচ্ছে।

মার্কিন সেনা একাডেমির অধীন কমব্যাটিং টেররিজম সেন্টারের (সিটিসি) ম্যাগাজিন সিটিসিসেন্টিনেলকে ২২ ফেব্রুয়ারি দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন জেনারেল জন নিকোলসন বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল’ করার জন্য আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখাটি (একিউআইএস) সক্রিয় রয়েছে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আল-কায়েদার কর্মকাণ্ড লক্ষ করছি। ভারতের সঙ্গে আমাদের ক্রমবর্ধমান সুসম্পর্কের কারণে বাংলাদেশের অস্থিতিশীলতা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।’ নিকোলসন এ-ও দাবি করেন, বাংলাদেশে আল-কায়েদার কর্মকাণ্ডের কিছু তথ্য তাঁদের হাতে রয়েছে। এই সব তথ্য ২০১৫ সালে আফগানিস্তানে আল-কায়েদার প্রশিক্ষণ শিবিরে অভিযানের সময় পাওয়া গেছে বলেই তাঁর বক্তব্যে ইঙ্গিত রয়েছে।

তা ছাড়া, দেশে একাধিকবার নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আনসার আল ইসলামের অস্তিত্ব আছে বলেই দেখা যাচ্ছে, তাদের অনলাইন উপস্থিতিও বেশ উল্লেখযোগ্য। এপ্রিলে একিউআইএসের বাংলাদেশ প্রধান আফগানিস্তানের কান্দাহারে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে; সম্প্রতি আমরা জানতে পারি যে ২০১৫ সালে আফগানিস্তানে মার্কিন অভিযানে আরেকজন বাংলাদেশি সাইফুল ইসলাম হাসান নিহত হন।

জঙ্গি সংগঠনের কার্যকলাপ এবং সাংগঠনিক প্রস্তুতি বিষয়ে যত বেশি জানা যাবে, যত বেশি আলাপ-আলোচনার সুযোগ থাকবে, ততই এই ধরনের বিপদ মোকাবিলা করা সহজ হবে। অন্যথায় বিপদের মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কাই বেশি।

আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।