বাংলাদেশকে আরও সতর্ক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহ আগ পর্যন্ত আমরা এই ভেবে উদ্বিগ্ন ছিলাম, বাংলাদেশে কয়েক বছর ধরে যে কিছু মানুষকে টার্গেট করে হত্যা করা হলো, সেটা আসলে এ দেশে আন্তর্জাতিক ইসলামপন্থীদের গভীরভাবে শিকড় বিস্তৃত করার লক্ষণ। আইএস বা ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা এসব হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও সরকার বলছে, এসব দেশীয় চরমপন্থীদের কাজ। এমনকি সরকার এও বলেছে, বাংলাদেশে আইএসের ন্যূনতম ভিত্তিও নেই।
কিন্তু ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার পর এটা পরিষ্কার, এ দেশে ইসলামপন্থীদের ভালোই বাড়বাড়ন্ত হয়েছে। এই হামলার সঙ্গে আইএসের অন্যান্য হামলার বেশ মিল রয়েছে। গত আড়াই বছরে সরকার বিরোধী দল ও নাগরিক সমাজের সমালোচকদের ওপর খড়্গহস্ত হওয়ায় বাংলাদেশে সমাজে ভয় জেঁকে বসেছে। আর ১ জুলাইয়ের ঘটনার পর নাগরিকদের যে অংশটা এত দিন নিজেদের নিরাপদ ভেবেছে, তাদের মধ্যেও এই ভয় ছড়িয়ে পড়বে। অভিজাত ব্যক্তি ও বিদেশিরা যান এমন স্থানে হামলা হওয়ায় সমাজের মধ্য ও উচ্চবিত্ত এবং বিদেশিদের মনেও ভয় ঢুকে যাবে।
এ বছরের মার্চ ও এপ্রিল মাসের শুরুর দিকে আমি যখন ঢাকা সফর করি, তখন সেখানকার নাগরিক ও আওয়ামী লীগবিরোধীদের মনে ভয় ইতিমধ্যে জেঁকে বসেছে। ২০১৪ সালের নির্বাচনের পর সরকার যেভাবে বিরোধী দল বিএনপির ওপর হামলে পড়েছিল, তাতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। পরিস্থিতি যেখানে চলে গিয়েছিল তাতে মনে হচ্ছিল, এই দলটিকে নতুন করে গুছিয়ে উঠতে অনেক সময় লেগে যাবে। তবে এই হামলার পর বিএনপির অবস্থান ঘুরে যেতে পারে।
নাগরিক সমাজের মনে যে ভয়ের সঞ্চার হয়েছে, সেটাই আমাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করেছে। সংবাদপত্রের সম্পাদক, টিভি টক শোর উপস্থাপক—এ রকম আরও অনেকেই যাঁরা বিরোধী দলের প্রতি সরকারের নীতিকে প্রশ্ন করেছেন, তাঁদের ওপরই খড়্গহস্ত নেমে এসেছে।
এপ্রিলের শুরুর দিকে আমি বাংলাদেশের সমাজের বড় বড় পরিবর্তনগুলো সম্পর্কে লিখেছিলাম, বিশেষ করে উচ্চমধ্যবিত্ত নাগরিক সমাজের উত্থান নিয়ে। আমি ধারণা করি, এই শ্রেণির বেশির ভাগ লোকই এত দিন নিরাপদ ভেবেছেন, বিরোধীদের নিপীড়ন, ২০১৩ সাল থেকে ব্লগার, ভিন্নমতাবলম্বী, বিদেশি, হিন্দু, খ্রিষ্টান ও শিয়াদের হত্যা করা সত্ত্বেও। ১ জুলাইয়ের হামলার পর শুধু অভিজাত লোকদের প্রিয় জায়গাগুলো অনিরাপদ হয়ে পড়েছে তা নয়, তাঁদের সন্তানেরাও এখন হামলাকারী হয়ে উঠেছে—এটাই তাঁদের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে ওঠা উচিত।
হ্যাঁ, ১ জুলাইয়ের হামলার ব্যাপারে এখনো অনেক কিছু জানার বাকি। কিন্তু আমরা এটা জানি যে হামলাকারীরা আইএসের ওয়েবসাইটে ছবি পোস্ট করেছিল, তারা গরিব নয় বরং বাংলাদেশের সচ্ছল পরিবারের সন্তান। তারা শুধু সচ্ছলই নয়, শিক্ষিতও বটে। তাদের একজন তো আওয়ামী লীগ নেতারও ছেলে। আর যেটা আমার কাছে সবচেয়ে কৌতূহলোদ্দীপক মনে হচ্ছে সেটা হলো, তারা সবাই হলি আর্টিজান বেকারিতে হামলার কয়েক মাস আগে উধাও হয়ে গিয়েছিল।
এই উধাও হয়ে যাওয়া ও পুনরাবির্ভূত হওয়ার ব্যাপারটা বেশ আগ্রহোদ্দীপক। তারা কি দূরের কোনো জায়গায় বসে হামলার পরিকল্পনা করেছে, নাকি তার জন্য কোথাও প্রশিক্ষণ নিয়েছে। যদি পরেরটা সত্য হয়, তাহলে তাদের প্রশিক্ষক কে? আর এখন তো প্রমাণ পাওয়াই গেল, আইএস সচ্ছল পরিবারের ছেলেদের দলভুক্ত করছে।
কথা হচ্ছে, আমরা এসব তথ্য পাচ্ছি আর সরকার বলে যাচ্ছে, বাংলাদেশে আইএস নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আবারও এ কথার পুনরাবৃত্তি করেছেন। ফলে সরকার এই নতুন বাস্তবতা আমলে নিয়ে কাজ করছে কি না, তা এখনো পরিষ্কার নয়। এখনো সবকিছু বিরোধী দলের ঘাড়ে চাপানোর প্রবণতা আছে।
সরকার এই মোড় পরিবর্তনকারী ঘটনা চিহ্নিত করতে পেরেছে কি না, তার বিচার করা মুশকিল। কিন্তু তারা বিরোধীদের নিশ্চিহ্ন করে দেওয়ার পথ থেকে সরে আসল বা বিভাজিত সমাজের ক্রমবর্ধমান বিভেদ দূর করে এই দেশীয় বা আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর চ্যালেঞ্জের বিরুদ্ধে অভিন্ন পরিসর তৈরি করতে পারে কি না, সেটা আমরা বিচার করতে পারি। এর জন্য সরকারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর ফেরাতে হবে, তাকে জঙ্গি খুঁজতে মাঠে নামাতে হবে। এ প্রসঙ্গে কিছু বাগাড়ম্বর করা হলেও পরিস্থিতির তেমন রকমফের হয়েছে বলে মনে হয় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর বিরোধীদের দিক থেকে জঙ্গিদের দিকে গেছে, আমি তেমন লক্ষণ দেখি না। সেটা না হলে বাংলাদেশে আরও অনেক মানুষ প্রাণ হারাবে। আর দেশটি যে সামাজিক ও অর্থনৈতিক সূচকে ওপরের দিকে উঠছিল, সেটাও থেমে যাবে।
এ ব্যাপারে আমি স্থিরচিত্ত, বিরোধীদের নিশ্চিহ্ন করে দেওয়ার প্রবণতা থেকেই যে ধারাবাহিক হত্যাকাণ্ড শুরু হয়েছিল, সেটাই এখন এসব নিরীহ মানুষের ওপর হামলায় রূপান্তরিত হয়েছে। সরকার পুলিশকে বিরোধী দলের ওপর ব্যস্ত রেখে তাদের সীমিত সক্ষমতা শেষ করে ফেলেছে। ফলে তারা নিশ্চিতভাবেই টার্গেট হত্যাকাণ্ড থামাতে ও অপরাধীদের চিহ্নিত করতে পারেনি। এ ছাড়া নির্মম হত্যাকাণ্ডের সময় আনুষ্ঠানিক কিছু বিবৃতির কারণেও পরিস্থিতি ঘোলাটে হয়েছে। আমার বেশ কয়েকজন সহকর্মী নিরাপত্তা বাহিনীকে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। হলি আর্টিজানে হামলার পর তাদের মধ্যে যে ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল বা যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বলে শুনেছি, তাতে এটা স্পষ্ট, এদের আরও প্রশিক্ষণ দরকার। তবে সরকার সন্ত্রাসবিরোধী অভিযান ঠিকঠাক শুরু করার আগেই তাতে সহযোগিতা করার জন্য হাজির হয়ে যাওয়া আমার কাছে দায়িত্বজ্ঞানহীন কাজ বলে মনে হয়।
অনুবাদ: প্রতীক বর্ধন, ফ্রাইডে টাইমস থেকে নেওয়া।
উইলিয়াম বি মাইলাম: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত।