বাংলাদেশকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনগণের সুস্বাস্থ্য দেশের মানবসম্পদ উন্নয়নে অবদান রাখে ও অর্থনীতির প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। প্রতীকী ছবি
জনগণের সুস্বাস্থ্য দেশের মানবসম্পদ উন্নয়নে অবদান রাখে ও অর্থনীতির প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। প্রতীকী ছবি

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি লক্ষ্য ও ১৬৯টি উদ্দেশ্য রয়েছে। লক্ষ্য ৩ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে প্রজনন, মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য উন্নতির মাধ্যমে সব বয়সের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে, প্রধান সংক্রামক রোগগুলো নিশ্চিহ্ন করতে হবে, অস্বাভাবিক ও পরিবেশগত রোগ হ্রাস করতে হবে, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে এবং সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও কার্যকর ওষুধ ও টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। লক্ষ্য ৩-এর অধীনে ১৩টি উদ্দেশ্য ও ২৬টি সূচক রয়েছে।
এ কথা অনস্বীকার্য যে একটি দেশের জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, জনগণের সুস্বাস্থ্য দেশের মানবসম্পদ উন্নয়নে অবদান রাখে এবং অর্থনীতির প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। সুস্বাস্থ্য মানুষের উৎপাদনশীলতা বাড়ায়, উচ্চ আয়ের প্রত্যাশা বাড়ায় এবং অর্থনীতিতে গতিশীলতা সৃষ্টি করে। পৃথিবীর বিভিন্ন দেশের তথ্য ও অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে জনগণের আয় ও সুস্বাস্থ্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত জোরালো ও ইতিবাচক। যে দেশগুলোতে মাথাপিছু আয় বেশি, সে দেশগুলোতে জনগণের গড় আয়ুর পাশাপাশি স্বাস্থ্যসম্পর্কিত অন্য সূচকগুলোতেও উন্নতির নিদর্শন পাওয়া যায়। এ কথাও উল্লেখ করা প্রয়োজন যে সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য জরুরি হচ্ছে স্বাস্থ্য খাতে উন্নত সুবিধা গ্রহণের ক্ষেত্রে বৈষম্যগুলো দূর করা।
যদি আমরা কিছু শীর্ষস্থানীয় স্বাস্থ্যসূচকের অবস্থা দেখি, ১৯৯০ ও ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে, মাতৃমৃত্যুর হার, পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার ও নবজাতক শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে এবং জনগণের গড় আয়ুর বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য। ২০১৫ সালে পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার, নবজাতক শিশুমৃত্যুর হার ও জনগণের গড় আয়ুর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো ছিল এবং মাতৃমৃত্যুর হারের ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান থেকে ভালো করেছিল। তবে এ সময়ে বাংলাদেশ এই সব সূচকেই দক্ষিণ এশিয়ার অগ্রসর দেশ শ্রীলঙ্কা, পূর্ব এশিয়ার অন্যতম অগ্রসর দেশ চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম অগ্রসর দেশ মালয়েশিয়া থেকে যথেষ্ট পিছিয়ে ছিল।
স্বাস্থ্য খাতে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশকে মাতৃমৃত্যুর হার ১৭৬ থেকে ৭০-এর নিচে কমাতে হবে, পাঁচ বছর বয়সী শিশুমৃত্যুর হার ৩৭ দশমিক ৬ থেকে ২৫-এ এবং নবজাতক শিশুমৃত্যুর হার ৩০ দশমিক ৭ থেকে ১২-তে কমাতে হবে। এ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৬ নম্বর লক্ষ্য (সুপেয় পানি ও সর্বজনীন স্যানিটেশনের নিশ্চয়তা) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৩ নম্বর লক্ষ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। আমরা দেখতে পাই যে সুপেয় পানি ও স্যানিটেশন নিশ্চিত করার ক্ষেত্রে ১৯৯০ ও ২০১৫ সালের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশ ২০১৫ সালে শ্রীলঙ্কা, চীন ও মালয়েশিয়া থেকে যথেষ্ট পিছিয়ে ছিল। তবে এ সময়ে স্যানিটেশনের ক্ষেত্রে বাংলাদেশ ভারত থেকে এগিয়ে ছিল। ২০৩০ সালের মধ্যে সুপেয় পানি ও সর্বজনীন স্যানিটেশনের সুবিধা নিশ্চিত করার জন্য আগামী ১৩ বছরে বাংলাদেশকে নিঃসন্দেহে দুরূহ অগ্রগতি অর্জন করতে হবে।
২০৩০ সালের মধ্যে স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে গড় হিসাবে জিডিপির অনুপাতে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়ের পরিমাণ বাংলাদেশে মাত্র শূন্য দশমিক ৯ শতাংশ, যা এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। এ কারণেই বাংলাদেশে আনুপাতিক হিসাবে দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের মধ্যে ব্যক্তি খাতে নিজস্ব পকেট থেকে স্বাস্থ্য ব্যয় এশিয়ার মধ্যে পঞ্চম সর্বোচ্চ। ২০১৫ সালে বাংলাদেশে এই অনুপাত ছিল ৬৭ শতাংশ। অথচ এটা চীনে মাত্র ৩২ শতাংশ ও মালয়েশিয়ায় ৩৫ শতাংশ। দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কায় এই অনুপাত সর্বনিম্ন। এটা সুস্পষ্ট যে বাংলাদেশে স্বাস্থ্য খাতের ব্যয় অধিকাংশই জনগণ নিজে বহন করে এবং সরকারের অবদান সেখানে খুবই কম।
একটি আগ্রহোদ্দীপক প্রশ্ন হতে পারে, জিডিপিতে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়ের অনুপাত কম হওয়া সত্ত্বেও কিছু কিছু স্বাস্থ্যসূচকে বাংলাদেশ কীভাবে বেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পেরেছে। এর একটি ব্যাখ্যা হিসেবে বলা যায়, গত কয়েক দশকে বাংলাদেশ স্বাস্থ্যসম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সমস্যার জন্য তুলনামূলকভাবে স্বল্প খরচের সমাধান ব্যবহার করেছে। যেমন স্বল্প খরচে খাওয়ার স্যালাইন
তৈরি ও তার প্রসার, পরিবার পরিকল্পনা সামগ্রীর প্রতুলতা, গ্রামাঞ্চলে স্বাস্থ্য ক্লিনিকের প্রসার ইত্যাদি। এ ছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রমের ব্যাপক প্রসার স্বাস্থ্য খাতে জনগণের মধ্যে কিছু প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টি করেছে। ব্যক্তি খাতে স্বাস্থ্য ব্যয়ের সামর্থ্য বৃদ্ধিতে গত কয়েক দশকে প্রবাসী আয়ের বড় ধরনের প্রবাহও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তবে ভবিষ্যতে এ ধরনের সুযোগ সীমিত হতে পারে। কারণ, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা উদীয়মান কঠিন ও বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। জনগণের বয়স বৃদ্ধির কারণে উদ্ভূত নতুন চাপ, দীর্ঘস্থায়ী রোগগুলোর ক্রমবর্ধমান বিস্তার এবং স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক সরঞ্জামাদির ব্যবহারের ক্রমবর্ধমান চাহিদা এই চ্যালেঞ্জগুলোর উদাহরণ। এটা খেয়াল রাখতে হবে যে নিজের পকেট থেকে স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাগুলোর অর্থায়ন সমাজের মধ্যে বৈষম্য বৃদ্ধি করে; কারণ, এটা দরিদ্র জনগণের ওপর বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের চাপ সৃষ্টি করে এবং এভাবে দারিদ্র্য ও দুর্বল স্বাস্থ্যের মধ্যে দুষ্টচক্রকে জিইয়ে রাখে। তাই বাংলাদেশে স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়নের জন্য একটি যুগোপযোগী নীতিমালা কার্যকর করা প্রয়োজন, যা উপরিউক্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার সঠিক দিকনির্দেশনা দেবে।
অতএব, বাংলাদেশকে আগামী বছরগুলোতে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় জিডিপির অনুপাতে শূন্য দশমিক ৯ শতাংশ থেকে কমপক্ষে ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করতে হবে এবং এ ধরনের ব্যয়ের উৎকর্ষ বৃদ্ধি করতে হবে। এ ছাড়া জনগণের ক্রমবর্ধমান প্রত্যাশা মোকাবিলা করা এবং উন্নত স্বাস্থ্যব্যবস্থার সুবিধা ভোগ করার ক্ষেত্রে বিদ্যমান চরম অসমতা কমাতে জোর প্রচেষ্টার প্রয়োজন।
স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই খাতে প্রাতিষ্ঠানিক উৎকর্ষ বৃদ্ধি করা এবং দুর্নীতি ও অপশাসনের প্রসার খর্ব করা। স্বাস্থ্য খাতের প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে সরকারি অর্থ ব্যয়ের একটি বড় অংশই দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবায় ব্যবহৃত হয় না। তাই শুধু সরকারি অর্থ ব্যয়ের বৃদ্ধিই একমাত্র সমাধান নয়। বিদ্যমান স্বাস্থ্য খাতের বড় ধরনের কাঠামোগত সংস্কার প্রয়োজন, যা ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সহায়ক চালিকাশক্তি হতে পারে।
ড. সেলিম রায়হান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং সানেম-এর নির্বাহী পরিচালক।
[email protected]