বাংলাদেশকে ভারতের ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শশী থারুর
শশী থারুর

এ মাসে ভারতীয় সংসদ এক অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পথে প্রথম পদক্ষেপ নিয়েছে: সেই ১৯৪৭ সালে উপমহাদেশ ভাগ হওয়ার পর বাংলাদেশের সঙ্গে যে সীমানা বিরোধ সৃষ্টি হয়েছিল, তা নিরসনের লক্ষ্যে এ উদ্যোগ। এ ক্ষেত্রে কোনো ঐকমত্য সৃষ্টি হলে তা ইতিমধ্যে সৃষ্ট উষ্ণ সম্পর্ক উন্নয়নে আরও এক ধাপ অগ্রগতি হবে। উল্লেখ্য, এর মধ্য দিয়ে এ অঞ্চলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
ভারত-পাকিস্তান সীমানা নির্ধারণের কাজটা ব্রিটিশরা ভালোভাবে করেনি, তারা এ ক্ষেত্রে অসতর্ক ও বেপরোয়া ছিল। এটা এক ক্ষয়িষ্ণু সাম্রাজ্যের নিজ দায়িত্ব এড়িয়ে চোখ ঘুরিয়ে পিঠটান দেওয়ার মতো ব্যাপার ছিল। তড়িঘড়ি করে সীমানা নির্ধারণ করেছেন স্যার সিরিল র্যাডক্লিফ। তিনি ছিলেন একজন আইনজীবী। এ কাজের ভার পাওয়ার আগে তিনি কখনোই ভারত সফর করেননি।
ফলে তিনি বেশ কিছু ব্যবহারিক সমস্যা সৃষ্টি করেছেন। পাকিস্তানের পূর্ব প্রান্তে দুই ধরনের সমস্যা সৃষ্টি করেন র্যাডক্লিফ। অর্থাৎ আজকের বাংলাদেশে। কিছু কিছু ক্ষেত্রে এক দেশ আরেক দেশকে ভূমির অধিকার দেয়নি। ফলে এ দেশের মধ্যে আরেক দেশের তথাকথিত ‘বিরুদ্ধ দখল’ সৃষ্টি হয়। র্যাডক্লিফের এই মানচিত্রের কারণে এমন অবস্থা হয় যে এক দেশের একটি অঞ্চল আরেকটি দেশের মধ্যে পড়ে যায়।
বাংলাদেশে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে, এর মোট জমির পরিমাণ ১৭ হাজার একর। আর ভারতে বাংলাদেশের ছিটমহলের সংখ্যা ৫১টি, যার আয়তন সাত হাজার ১১০ একর। ফলে এর সুরাহা করতে হলে ভারতকে ৪০ বর্গকিলোমিটার অঞ্চল তার প্রতিবেশীকে ছেড়ে দিতে হবে। এটা কোনো বড় পরিধি নয়। তার পরও এ সমস্যার সমাধানে ৭০ বছর পার হলো।
প্রথমত, দেশভাগের পর ভারত-পাকিস্তানের মধ্যকার নানা সমস্যার কারণে এ বিষয়টিতে কোনো কাজই হয়নি। ১৯৭১ সালে ভারতের সহায়তায় তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হলে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়। এ প্রক্রিয়ায় ১৯৭৪ সালে স্থলসীমান্ত ঐকমত্যও হয়। কিন্তু বাংলাদেশে সামরিক ক্যুর কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক বাধাগ্রস্ত হয়, এ ঐকমত্য বাস্তবায়নের প্রক্রিয়াও ব্যাহত হয়।
পরবর্তীকালে, ১৯৯০-এর দশকে সম্পর্কোন্নয়ন ঘটলেও ভারতের কোনো সরকারই এ ঝুঁকি নেয়নি। তারা হয়তো অক্ষম বা অনিচ্ছুক ছিল। তারা হয়তো ভেবেছে, বাংলাদেশকে এ ভূমি দিয়ে দিলে তারা তাদের রাজনৈতিক পুঁজি হারাবে। শুধু প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এ উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তাঁর রাজনৈতিক জোটের অন্য দলগুলোই এর বিরোধিতা করেছে। আর বিরোধীরা তো কোমর বেঁধে নেমেছিল। ফলে তাঁর পক্ষে আর প্রয়োজনীয় সংবিধান সংশোধন করা সম্ভব হয়নি।
তৎকালীন বিরোধী দল বিজেপি এর বিরোধিতা করতে গিয়ে এতদূর চলে যায় যে তারা সংসদের এ-সংক্রান্ত বিলটি আটকে দেয় দলটি। অরুণ জেটলি তখন বলেছিলেন, ভারতের ভূমি দেশটির সংবিধানেরই অংশ। এটা ‘কোনো সংশোধনের মাধ্যমে এটা হ্রাস বা পরিবর্তন করা যাবে না।’
মনমোহন সিংয়ের উদ্যোগ ব্যর্থ করে দেওয়ার তিন বছর পর বিজেপি নিজেই এখন ক্ষমতায়। তারা নীতিগত বিষয়ে অনেক পরিবর্তনই এনেছে, সীমান্ত সমস্যার বিষয়টিও এর অন্যতম।
পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাঁর প্রথম বিদেশ সফরেই বাংলাদেশে গিয়েছিলেন। সেখানে তিনি এ স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে অঙ্গীকার করেন। এরপর তিনি তা পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির কাছে রিভিউয়ের জন্য পাঠিয়ে দেন। আমার নেতৃত্বে পরিচালিত এ কমিটি তিন সপ্তাহ ধরে শুনানি গ্রহণ করেছে। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য আমরা শুনেছি। এ চুক্তির ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমবঙ্গ, তাদের সরকারের বক্তব্যও আমরা শুনেছি। সব প্রক্রিয়া অনুসরণ করে ৭ ডিসেম্বর আমরা সর্বসম্মতিক্রমে সুপারিশ করি, সংসদ সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনুক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরবর্তীকালে এ চুক্তির প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেছেন। এমনকি ভারতের বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলিও এ ব্যাপারে নিশ্চুপ। আর বাংলাদেশ যেহেতু নিজেই এ চুক্তিতে বেশি লাভবান হবে, ফলে সেখানে এ চুক্তির কোনো বিরোধিতা হওয়ার কথা নয়।
সংক্ষেপে বললে, এ চুক্তির বাস্তবায়ন এখন একরকম নিশ্চিত। ভারত যেহেতু ভূমি ছেড়ে দিচ্ছে, এ ধারণার ফলে ভারতে সেটা কিছুটা পিছুটান সৃষ্টি করতে পারে। এরূপ ভুল ধারণা দূর করতে সে দেশের নেতাদের উচিত, জনগণকে এ মর্মে আশ্বস্ত করা যে বর্তমানে দুই দেশের দখলে যে ভূমি রয়েছে, কেউই তা হারাবে না। যে ভূমি বিনিময় হতে যাচ্ছে, সেটার ওপর তো আসলে কারও নিয়ন্ত্রণ নেই। কোনো সার্বভৌম রাষ্ট্রেরই তার ওপর কর্তৃত্ব নেই।
বাস্তবে, বাংলাদেশের ভেতরে ভারতের যে ছিটমহল আছে, সেখানে তার কোনো প্রবেশাধিকার নেই। যদিও সেসব ছিটমহল ভারতের শাসনে পরিচালিত হচ্ছে। সেখানে ভারতের কোনো শুল্কচৌকি, ডাক অফিস বা পুলিশচৌকি নেই। এসব ছিটমহলে যাঁরা বসবাস করেন, কাগজে-কলমে তাঁরা ভারতীয় নাগরিক হলেও দেশটির অন্যান্য অংশের নাগরিকেরা যে অধিকার ভোগ করেন, তার ছিটেফোঁটাও তারা করে না। এ সমস্যা দূর হলে বাস্তবতা স্বাভাবিক হয়ে আসবে। ভূমি হারানোর ব্যাপারটা শুধু কাগজে-কলমেই ঘটবে।
একমাত্র যে সম্ভাব্য পরিবর্তন ঘটতে পারে তা হচ্ছে, ভারতীয় ছিটমহলের অনেক বাসিন্দা হয়তো ভারতে চলে আসতে পারে, যদি তারা তা মনে করে। তা না হলে তারা বাংলাদেশের নাগরিকে পরিণত হবে। এই মানুষেরা সেই ১৯৪৭ সালেই ভারতের সঙ্গে সাংস্কৃতিক ও ব্যক্তিগত যোগাযোগ হারিয়েছে, ফলে তারা হয়তো যেখানে আছে, সেখানেই থাকবে।
আসলে দেশ দুটির কূটনৈতিক সম্পর্কে স্থলসীমান্ত চুক্তির সবচেয়ে দৃশ্যমান প্রভাব পড়বে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এ বছর এক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে তার নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহযোগিতার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে।
এর আগে বাংলাদেশে অন্যান্য সরকারের সময় দেশটি মৌলবাদের চারণভূমি হয়ে উঠেছিল, যা ভারতের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হয়ে উঠেছিল। শেখ হাসিনা এদের স্থান দেননি। শুধু তা-ই নয়, তিনি তাদের গ্রেপ্তার করে অনেককে ভারতের হাতে তুলে দিয়েছেন।
আসামে কোনো বোমা না পড়লে তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ দিতে হবে। আর সে কৃতজ্ঞতা জানাতে ভারত বাংলাদেশকে তার ভূখণ্ডের ভেতর কিছু ভূমির আইনি বৈধতা তো অন্তত দিতে পারে।

ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
শশী থারুর: ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী।