বাংলাদেশি ও ভারতীয় নেতারা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
.
.
গ্যারি জে ব্যাস তাঁর দ্য ব্লাড টেলিগ্রাম: ইন্ডিয়াস সিক্রেট ওয়ার ইন ইস্ট পাকিস্তান বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অজানা দিকের ওপর আলোকপাত করেছেন। এ বইটির কিছু নির্বাচিত অংশ প্রথম আলোর পাঠকদের জন্য ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো দ্বিতীয় পর্ব।

ইন্দিরা গান্ধীর সরকার প্রথমত এই আশা করেছিল যে বাঙালি বিদ্রোহীরা নিজেরাই পাকিস্তানিদের হারিয়ে দিতে পারবে। পরবর্তীকালে তিনি এক হাসি দিয়ে বলেছিলেন, ‘আমি নিশ্চিত ছিলাম, এই বিপ্লব সফল হবে।’

জুলাইয়ের মধ্যে মুক্তিবাহিনী দাবি করল, তারা ১৫ হাজার পাকিস্তানি সেনাকে মেরেছে। এতে পাকিস্তানিরা হতোদ্যম হয়ে পড়ে, সন্ধ্যার পর তারা বেরোতে ভয় পেত। ইসলামাবাদের ভারতীয় দূতাবাস দেখে, পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ তীব্রতর হওয়ায় পাকিস্তানিদের হতাহত হওয়ার সংখ্যা বেড়ে গেছে, পূর্ব পাকিস্তানের যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে ইয়াহিয়া সরকারের মনোবল ভেঙে পড়ে, ভারতীয় দূতাবাস বেশ সন্তোষের সঙ্গে এসব লক্ষ করে। পূর্ব পাকিস্তানের সবকিছু ঠিক আছে—এটা প্রমাণ করার জন্য ইয়াহিয়া খান জুলাইয়ের শেষ দিকে ঢাকা সফর করার পরিকল্পনা করেন। কিন্তু মুক্তিবাহিনীর ভয়ে তিনি এই সফর বাতিল করেন। ইন্দিরা গান্ধী জনসমক্ষে ঘোষণা করেন, ‘ইতিহাসে দেখা যায়, এমন স্বাধীনতাসংগ্রামে সাময়িক ব্যর্থতা থাকলেও স্বাধীনকামীরাই সব সময় জেতে।’

কিন্তু প্রকৃত পরিস্থিতিটা ছিল নির্মম। ইন্দিরা সরকার মনে করছিল, বাংলাদেশের প্রবাসী সরকার অদক্ষতার সঙ্গে যুদ্ধটা চালাচ্ছে। হাকসারের আকাঙ্ক্ষা ছিল, আওয়ামী লীগ আরও খোলা মন, সুদূরপ্রসারী লক্ষ্য ও সাংগঠনিক ধীশক্তি নিয়ে লড়াইটা করবে। যুদ্ধের পরিকল্পনা দেখে হাকসার ইন্দিরা গান্ধীকে বলেন, আওয়ামী লীগের আরও ভালো ও বৃহৎ​ পরিসরভিত্তিক রাজনৈতিক নেতৃত্ব দরকার:

‘তরুণেরা যদি না দেখে, তাদের পেছনে যোগ্য, সৎ, নিবেদিত ও আদর্শবাদী মানুষ আছে, তাহলে তাদের প্রশিক্ষণ দেওয়া যাবে না, উজ্জীবিত করা যাবে না, একইভাবে প্রাণ বলি দিতে উৎসাহিত করা যাবে না।’ এক বাঙালি বিদ্রোহী কর্মকর্তা অভিযোগ করেন, ‘বাংলাদেশের মন্ত্রিসভার কেউই জানে না, যুদ্ধ কী জিনিস।’

ভারতীয় ও বাঙালি সেনা কর্মকর্তা ও রাজনীতিকেরা প্রকাশ্যে ঝগড়া করতেন। হাকসার বাঙালি জাতীয়তাবাদীদের ব্যাপারে নিজের বিরাগ লুকিয়ে রাখেননি। অন্যদিকে, এক ভারতীয় মন্ত্রী সতর্ক করে দেন, ‘আমাদের বন্ধুদের মন এখনই আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।’ রাজনীতিক জয়প্রকাশ নারায়ণ ইন্দিরা গান্ধীকে ‘বাংলাদেশি মন্ত্রী ও মুক্তিবাহিনীর প্রতি ভারতীয়দের বড় ভাইসুলভ আচরণের বিপদ’ সম্পর্কে সতর্ক করে দেন। তিনি বলেন, হামবড়া ভাব আমাদের কর্মকর্তাদের খুবই বাজে একটা গুণ। ‘ভিয়েতনামে মার্কিনরা যে আচরণ করেছে, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আপনার কি আগলি আমেরিকান–এরকথা মনে আছে?’

.
.

বাংলাদেশি ও ভারতীয় নেতৃত্ব জানতেন, বিদ্রোহীদের হাতে পর্যাপ্ত অস্ত্র না থাকলে তারা মারাত্মক সামরিক সংকটে পড়বে, যার স্পষ্ট মাজেজা হচ্ছে, ভারতীয় বাহিনীকে আরও প্রত্যক্ষভাবে এই যুদ্ধে জড়িত হতে হবে। সংগ্রামীরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লে গান্ধী ও ভারতীয় সামরিক বাহিনীর ওপর যুদ্ধে যাওয়ার চাপ বাড়তে থাকে। বিদ্রোহীদের সংখ্যা ছিল খুবই কম। তাদের অনেকের কাছেই শুধু ছুরি ও হ্যান্ড গ্রেনেড ছিল, এগুলো নিয়ে তারা পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ চালাতে অনাগ্রহী ছিল। এমনকি যাদের কাছে আরেকটু উন্নত অস্ত্র ছিল, তারাও পাকিস্তানি বড় কামান ও বিমানবাহিনীর সামনে অসহায় ছিল। মুক্তিবাহিনীর কাছে ভারী অস্ত্র না থাকায় পাকিস্তানি বাহিনীর উন্নত অস্ত্রের গুলির মুখে তাদের পিছু হটতে হতো, ফলে তারা ভারতীয় বাহিনীর ওপর নির্ভর করত। কিন্তু সেটা তারা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছিল না। নারায়ণের কথা ছিল, এই বারোয়ারি গেরিলারা প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে জিততে পারবে না: ‘কাউকে না কাউকে তাদের সহায়তায় এগিয়ে আসতে হবে’।
গেরিলারা পাকিস্তানি বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র নিয়েও যুদ্ধ করছিল, কিন্তু তারা ভারতের কাছ থেকে আরও বেশি অস্ত্র চাইছিল, বেপরোয়া হয়ে উঠেছিল তারা। তারা ভারী কামান, বিমানবিধ্বংসী গুলি ও ট্যাংকবিধ্বংসী গ্রেনেডের চাহিদা দেয়। তাদের সবকিছুই দরকার ছিল: রাইফেল, মর্টার, ওয়াকিটকি, ফিল্ড টেলিফোন সেট, মানচিত্র, পকেট খরচ (দুর্নীতির প্রলোভনে পা না দেওয়ার জন্য), চিকিৎসা সরঞ্জাম, বাইনোকুলার ইত্যাদি। কিন্তু যুদ্ধের মধ্যে যদি এগুলো পাকিস্তানি বাহিনীর হাতে পড়ে যায়, তাহলে ভারতকে যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে, সে ব্যাপারে তারা উদ্বিগ্ন ছিল।
ওদিকে বাঙালি বিদ্রোহীরা ভারতীয়দের তদারকিতে বিরক্ত হতো। আওয়ামী লীগের এক শীর্ষ নেতা মিজানুর রহমান চৌধুরী মুক্তিযুদ্ধ সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেছেন। মিজানুর রহমান চৌধুরী, যিনি পরবর্তীকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয়েছিলেন, লিখেছেন, ‘মুক্তিফৌজের মতো বীর বাহিনী কখনোই এতটা অবহেলিত হয়নি।’
এমনকি ভারতীয় সেনাবাহিনী দায়িত্বে থাকলেও বাংলাদেশের প্রবাসী সরকার চাইছিল, আরও প্রশিক্ষণশিবির স্থাপন করা হোক, তাদের আরও অস্ত্র দেওয়া হোক। যে সেনারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে যেত, তাদের দিনে ১০টি গুলি দেওয়া হতো, যেটা ঠিক ‘শৌখিন শিকারের জন্যও যথেষ্ট ছিল না’। কর্মকর্তাদের দিনের পর দিন গুলির জন্য অপেক্ষা করতে হতো। জ্যেষ্ঠ কর্মকর্তারা রেশন, পোশাক, পাকিস্তানি মুদ্রা (পূর্ব পাকিস্তানের ভেতরে প্রয়োজনীয়), তাঁবু, সাবান, সিগারেট ও জুতার অভাবে ভুগছিলেন। চৌধুরী লিখেছেন, ‘আমাদের মুক্তিযোদ্ধারা যখন খালি পায়ে হাঁটত ও ছেঁড়া কাপড়­ পরে ঘুরে বেড়াত, তখন আমার হৃদয় বেদনার্ত হতো। আমি দেখেছি, সেক্টর কমান্ডাররা অসুস্থ সেনাদের ওষুধ কেনার জন্য ভিখারির মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।’ তিনি খুব তিক্ততার সঙ্গে বলেছেন, ‘আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছিল, “বন্ধুরা” আমাদের মৌলিক চাহিদা পূরণ করবেন। কিন্তু নগ্ন সত্যটা হচ্ছে, আমাদের মানুষদের যা প্রয়োজন ছিল, তারা সেটা পায়নি।’ ‘বন্ধু সেনাবাহিনীর’ ওপর পুরোপুরি নির্ভর হওয়ার বিরোধিতা করে তিনি বলেন, ‘মুক্তিফৌজকে স্রেফ আমাদের “বন্ধুদের” হাতে ছেড়ে দেওয়া যাবে না, যদিও তাদের সহযোগিতা মূল্য দিয়ে পরিশোধ করা যাবে না।’

এই অবিশ্বাসের মূল ব্যাপার ছিল, ভারত ও বাংলাদেশের লক্ষ্য এক ছিল না। ভারত নভেম্বর পর্যন্ত পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, কিন্তু বাংলাদেশ জাতীয় মুক্তির লক্ষ্যে পুরোদমে এগিয়ে চলছিল। অনেক বাঙালিই মনে করেছিল, ভারত হয়তো বাংলাদেশের একটি অংশ আলাদা করে সেখানে বাংলাদেশ সরকারকে বসাবে, তারা হয়তো পূর্ব পাকিস্তানে পূর্ণাঙ্গ হামলা চালানোর ঝুঁকি নেবে না। বাঙালিদের এ চিন্তা বোধগম্যই ছিল। ধাপে ধাপে মুক্তিফৌজ ভারতকে এই যুদ্ধের আরও গভীরে টেনে নিয়ে যায়।

এ প্রসঙ্গে ভারতীয় পর্যবেক্ষকেরা যুক্তি দিলেন, ‘পাকিস্তানি বাহিনীর বোমাবর্ষণের মুখে ভারতীয় সেনাবাহিনীর যথার্থ সহায়তা নিয়ে’ গেরিলারাই এই যুদ্ধটা ভালোভাবে করতে পারবে।

গ্যারি জে ব্যাসের দ্য ব্লাড টেলিগ্রাম: ইন্ডিয়াস সিক্রেট ওয়ার ইন ইস্ট পাকিস্তান থেকে নেওয়া। র‍্যানডম হাউস পাবলিশার্স ইন্ডিয়া প্রাইভেট লি. থেকে ২০১৩ সালে প্রকাশিত। অনুবাদ: প্রতীক বর্ধন 

গ্যারি জে ব্যাস: লেখক এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক।