২০১৩ সালের শ্রমবাজার জরিপের প্রতিবেদনে যখন দেখলাম শিল্প খাতে কর্মসংস্থানের প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে, তখন ভেবেছিলাম, বাংলাদেশ সত্যিই বোধ হয় পূর্ব এশিয়ার বাঘা অর্থনীতিগুলোর মতো রপ্তানিমুখী শিল্পের উচ্চ প্রবৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে সব উদ্বৃত্ত শ্রম ব্যবহার করতে পারবে। ২০০৫-০৬ থেকে ২০১০ সময়কালে শিল্পে কর্মসংস্থানের প্রবৃদ্ধি ছিল বার্ষিক ৬ দশমিক ৩৪ শতাংশ, আর ২০১০ থেকে ২০১৩ সময়ে সেটা বেড়ে হয়ে যায় ১২ দশমিক ৩৪ শতাংশ। কিন্তু অতিসম্প্রতি প্রকাশিত ২০১৫-১৬ সালের শ্রমবাজার জরিপের প্রতিবেদন বিশেষ কোনো আনন্দের বার্তা দিচ্ছে না।
২০১৩ থেকে ২০১৫-১৬—এই দুই বছরে মোট কর্মসংস্থান বেড়েছে মাত্র ১৪ লাখ, অর্থাৎ বছরে সাত লাখ। কিন্তু ২০১০-১৩ এই তিন বছরে মোট কর্মসংস্থান বেড়েছিল ৪০ লাখ, অর্থাৎ বছরে ১৩ লাখ। অন্যদিকে সরকারের উপাত্ত অনুযায়ী বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়েই চলেছে। তাহলে কর্মসংস্থান সৃষ্টির হারের এই পতন কেন? অর্থনীতিতে গতি আছে, নেই কর্মসংস্থানের ক্ষেত্রে। বাংলাদেশে কি তাহলে কর্মসংস্থানবিহীন প্রবৃদ্ধি হচ্ছে?
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টিতে কতটা সহায়ক? ২০১০-১৩ সময়কালে কর্মসংস্থানে ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য ২ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির প্রয়োজন হয়েছিল। ২০১৩ থেকে ২০১৫-১৬ সময়ে সেটা বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ৬ শতাংশে। অর্থাৎ গত কয়েক বছরে প্রতি ৫ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি থেকে ১ শতাংশ কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির কর্মসংস্থান সৃষ্টির ক্ষমতা অনেক কমে গিয়েছে। এশিয়ার সব দেশের গড় থেকে দেখা যায়, ১ শতাংশ কর্মসংস্থান বৃদ্ধির জন্য জিডিপি প্রবৃদ্ধির প্রয়োজন হচ্ছে ৩ দশমিক ১৩ শতাংশ। তাহলে কি বাংলাদেশে প্রবৃদ্ধি এমন খাতে হচ্ছে অথবা এমন প্রকৌশল ব্যবহার করা হচ্ছে, যা এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক কম শ্রমনির্ভর? বিষয়টি নিয়ে গবেষণার প্রয়োজন এবং নীতিনির্ধারকদের ভাবতে হবে।
কেউ অবশ্য বলতে পারেন যে কর্মসংস্থানের প্রবৃদ্ধি কমে যাওয়া সত্ত্বেও অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে, এটা তো সুসংবাদ। কারণ, এতে বোঝা যাচ্ছে, শ্রমের উৎপাদিকা বাড়ছে। বাংলাদেশে শ্রমের উৎপাদিকা কম বলে যাদের দুশ্চিন্তা, তাদের জন্য এটা অবশ্যই ভালো খবর (যদি সত্যি তা-ই হয়ে থাকে)। তবে এত স্বল্প সময়ে শ্রমের উৎপাদিকা এত বেড়ে যাওয়া কি সম্ভব? আর তা যদি হয়ে থাকে, তবে শ্রমিকের প্রকৃত মজুরিতে তার কোনো প্রতিফলন ঘটা উচিত নয় কি? সাম্প্রতিক গবেষণায় কিন্তু দেখা গেছে যে গত কয়েক বছরে শ্রমিকের প্রকৃত মজুরি বিশেষ বাড়েনি।
শ্রমশক্তি জরিপের প্রতিবেদনটিতে উদ্বিগ্ন হওয়ার মতো আরও খবর আছে। উদাহরণস্বরূপ শিল্প খাতের কথা ধরা যাক। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতিতে, বিশেষ করে দেশটি যেহেতু অদূর ভবিষ্যতে উচ্চমধ্যম আয়ের কাতারে শামিল হওয়ার আকাঙ্ক্ষা রাখে, শিল্প খাতের দ্রুত প্রবৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই রূপান্তর শুধু উৎপাদনকাঠামোতে নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও ঘটতে হবে। আর সেখানেই মনে হয় বাংলাদেশের অর্থনীতি কিছুটা এবং সাময়িকভাবে হলেও থমকে গিয়েছে। প্রকৃতপক্ষে ২০১৩ থেকে ২০১৫-১৬ সময়কালে ম্যানুফ্যাকচারিং খাতে মোট কর্মসংস্থানের পরিমাণ কমে গিয়েছে—আগের বছরের ৯৫ লাখ থেকে পরের সময়ে ৮৫ লাখে। বাংলাদেশের শিল্প খাতের মূল স্তম্ভ—তৈরি পোশাক এবং টেক্সটাইল খাতে মোট কর্মসংস্থান ২০১৩ সালের ৪৮ দশমিক ৫ লাখ থেকে ২০১৫-১৬ সালে ৪৫ দশমিক ৬ লাখে নেমে গিয়েছে। অর্থাৎ প্রতিবছর ৩ শতাংশ হারে কমেছে। আর কর্মসংস্থানে এই নেতিবাচক প্রবৃদ্ধি ঘটেছে এমন সময়, যখন উৎপাদন বৃদ্ধির হার বেশ ভালোই ছিল (বার্ষিক প্রায় ১০ শতাংশ)।
তৈরি পোশাক খাতটি যেহেতু নারীদের কর্মসংস্থানের একটি প্রধান খাত, সেখানে কী ঘটছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে খাতে নারীর কর্মসংস্থান ২০১৩ সালের ১৭ লাখ থেকে ২০১৫-১৬ সালে ১৪ দশমিক ৪ লাখে নেমে গিয়েছে। আর টেক্সটাইল যোগ করলে দুই খাত মিলে নারীর কর্মসংস্থানের পরিমাণ নেমেছে ২৫ দশমিক ৯ লাখ থেকে ২০ দশমিক ২ লাখে—বার্ষিক নিম্নগতির হার ১১ দশমিক ৭৮ শতাংশ। আসলে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে বেশ কয়েক বছর ধরেই তৈরি পোশাক খাতে কর্মসংস্থান বাড়ছিল না। এখন ২০১৫-১৬ সালের শ্রমশক্তি জরিপের প্রতিবেদন সেই বিষয়টিকে নিশ্চিত করল।
শুধু তৈরি পোশাক নয়, খাদ্যশিল্পেও মোট কর্মসংস্থান এবং নারীদের কর্মসংস্থান কমেছে। এই খাতটি ২০১৩ সালে কর্মসংস্থানের দিক থেকে তৃতীয় স্থানে ছিল, কর্মসংস্থান ছিল ১২ লাখের বেশি লোকের। ২০১৫-১৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৭ লাখের সামান্য ওপরে। সে খাতে নারীদের সংখ্যা সাড়ে ৬ লাখ থেকে নেমে গিয়েছে ১ লাখ ১৯ হাজারে।
কর্মসংস্থান সৃষ্টির হার এত কমে গিয়েছে, অথচ আমাদের শ্রমবাজারে বেকারের সংখ্যা বিশেষ বেড়েছে বলে মনে হয় না। এর ব্যাখ্যা বেশ সরল। জরিপে যেভাবে বেকারত্ব সংজ্ঞায়িত এবং চিহ্নিত করা হয়, তাতে খুব বেশিসংখ্যক লোক বেকার হিসেবে চিহ্নিত না হওয়ারই কথা। তা ছাড়া, বাংলাদেশে (এবং উন্নয়নশীল অনেক দেশেই) বেকার ভাতার ব্যবস্থা নেই বলে সবাইকে (বিশেষ করে ধনী পরিবারের সন্তান না হলে) কোনো না কোনো কাজ করে কিছু উপার্জনের ব্যবস্থা করতে হয়। আর অনানুষ্ঠানিক খাত বলে শ্রমবাজারের একটি বিরাট অংশ রয়েছে, যেখানে সবাই কিছু একটা করে জীবন ধারণের ব্যবস্থা করে নেয়। উপাত্তের দিকে তাকালে দেখা যায় যে সব জরিপেই বেকারত্বের হার এবং অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের অংশ প্রায় অপরিবর্তিত রয়ে গেছে।
তবে মূলত কর্মসংস্থানের অভাবের কারণে অনেকে বাধ্য হয়েই খোঁজেন দেশের বাইরে চাকরির সুযোগ, তাতে যতই খরচ লাগুক আর কাজের প্রকৃতি যা-ই হোক। এমনকি অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে অনেক টাকা খরচ করে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করেন অনেকে। তার অন্যতম কারণ দেশে চাকরির অভাব। বিদেশে কর্মরত ব্যক্তিদের পাঠানো টাকা বৈদেশিক মুদ্রার একটি গুরুত্বপূর্ণ উৎস বলে সরকারের পক্ষ থেকেও উৎসাহ এবং সহায়তা দেওয়া হয়। বস্তুত, গত কয়েক বছরে বিদেশে চাকরি নিয়ে যাওয়া শ্রমিকের সংখ্যা বেশ বেড়েছে। ২০১০ থেকে ২০১৩—এই তিন বছরে প্রতিবছর গড়ে প্রায় ৫ লাখ লোক বিদেশে চাকরি নিয়ে গিয়েছিলেন। পরবর্তী তিন বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৫ লাখ ৮০ হাজারে।
শ্রম সরবরাহের দিক থেকেও কিছুটা সাশ্রয় ঘটেছে বলে মনে হয়, অন্তত উপাত্ত থেকে তা-ই মনে হয়, যদিও আমার কাছে সেটিও কিছুটা ধাঁধার মতো। শ্রমশক্তির সংখ্যা থেকে দেখা যায় যে ২০১৩ থেকে ২০১৫-১৬ সময়ে শ্রমশক্তি বেড়েছে বার্ষিক ১ দশমিক ১৫ শতাংশ হারে। ২০১০-১৩ সময়ে এই হার ছিল বার্ষিক ২ দশমিক ৩ শতাংশ। এই স্বল্প সময়ের ব্যবধানে শ্রমশক্তি বৃদ্ধির হার কীভাবে এত কমে গেল, সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ২০১৫-১৬ সালে যাদের শ্রমশক্তিতে যোগ দেওয়ার কথা (অর্থাৎ ১৫ বছরের বেশি বয়সের কিশোর-কিশোরী), তাদের জন্ম হয়ে গিয়েছিল ২০০০ সাল নাগাদ। আর সে সময় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৪৭ শতাংশ। এমন হতে পারে যে শিক্ষায় অংশগ্রহণকারীদের সংখ্যা এত বেড়েছে যে তার প্রতিফলন ঘটেছে শ্রমশক্তি বৃদ্ধির হারে। তবে এটাও সম্ভব যে চাকরির সুযোগের অভাবে অনেকেই হতাশ হয়ে চাকরি খুঁজছেই না। আর চাকরি না খুঁজলে শ্রমশক্তির অংশ হিসেবেও গণ্য হবে না।
কারণ, যা-ই হোক আর যেভাবেই ব্যাখ্যা করা হোক, বাংলাদেশের শ্রমবাজারের বর্তমান পরিস্থিতিতে কর্মসংস্থান বৃদ্ধির হার কমে যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষভাবে উদ্বেগজনক গুরুত্বপূর্ণ কয়েকটি শিল্পে কর্মসংস্থান কমে যাওয়া। কেন এই প্রবণতা, তা বুঝতে হলে এই বিষয়ে গভীর এবং বিস্তারিত গবেষণার প্রয়োজন। তবে পোশাকশিল্পে যে শ্রমিকের বদলে পুঁজিনির্ভর যান্ত্রিক প্রযুক্তি ব্যবহারের প্রবণতা বাড়ছে, তার কিছু প্রাথমিক এবং ছাড়া ছাড়া তথ্য পাওয়া যায়। শ্রমের প্রাচুর্য সত্ত্বেও কেন এই প্রবণতা, তা গবেষণার বিষয়। কেউ বলতে পারেন যে যেকোনো শিল্পেই প্রকৌশলগত উন্নয়ন অপরিহার্য। সে ক্ষেত্রে রপ্তানিমুখী পোশাকশিল্প যে এগিয়ে থাকবে, তাতে অবাক হওয়ার কিছু নেই। কারণ, রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতা (এবং তার জন্য ব্যয়সাশ্রয়ী হওয়া) হচ্ছে মূল কথা। আর সেই লক্ষ্য অর্জনে কোনো কোনো ক্ষেত্রে যান্ত্রিকীকরণের প্রয়োজন হতেই পারে। তবে লক্ষ রাখতে হবে যে বাজারের প্রণোদনা এবং তুলনামূলক মূল্যকাঠামো যেন এমনভাবে বিকৃত না করা হয় যে উদ্যোক্তারা শ্রমের সরবরাহ থাকা সত্ত্বেও পুঁজিনির্ভর প্রযুক্তির দিকে ঝুঁকবেন। তৈরি পোশাক খাতকে এত ধরনের প্রণোদনা এবং ছাড় দেওয়া হয় যে সে খাতের উদ্যোক্তাদের মধ্যে সহজেই এ রকম প্রবণতা দেখা দিতে পারে। তা ছাড়া, ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার পরবর্তীকালে এই শিল্পের শ্রম নিয়োজনের বিভিন্ন দিকের প্রতি বিশেষ দৃষ্টি পড়ার ফলে এই প্রবণতা আরও বাড়তে পারে।
যেকোনো বিষয়েই সমস্যার গভীরে যেতে হলে এবং বিশ্লেষণের ভিত্তিতে নীতিমালা প্রণয়ন করতে হলে হালের এবং মানসম্পন্ন/নির্ভরশীল উপাত্তের বিকল্প নেই। অথচ শিল্প খাতের ওপর সর্বশেষ জরিপ হয়েছিল ২০১২ সালে। এ ধরনের জরিপ আরও ঘন ঘন হওয়া দরকার। তা ছাড়া, গুরুত্বপূর্ণ শিল্পগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে হবে। শিল্প খাতকে হতে হবে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের মূল চালক—সেটি উৎপাদনের ক্ষেত্রে যেমন, কর্মসংস্থানের ক্ষেত্রেও তেমন। সুতরাং সেখানে কর্মসংস্থানের সমস্যাটির গভীরে যাওয়ার এবং তার সমাধানের লক্ষ্যে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার সময় এখনই।
রিজওয়ানুল ইসলাম: অর্থনীতিবিদ।