
বাংলাদেশে গণমাধ্যমের যে দ্রুতগতিতে বিকাশ ঘটছে তা বেশ কৌতূহলের জন্ম দেয়। প্রতিবছরই বাজারে আসছে নতুন নতুন টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও ও সংবাদপত্র। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে তা হয়তো খুবই সামঞ্জস্যপূর্ণ। কিন্তু সাংবাদিকতা পেশা কি তার সঙ্গে তাল মেলাতে পারছে? রেডিও-টিভির কলা-কুশলীরা? বিজ্ঞাপনের বাজার? গণমাধ্যম বিকাশে এগুলো খুবই জরুরি প্রশ্ন। কিন্তু এগুলোর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মতপ্রকাশের স্বাধীনতা।
২০১৬-তে বাংলাদেশের সংবাদমাধ্যমের অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। বছরের শুরুর দিকেই, ফেব্রুয়ারি মাসে দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলা দায়েরের হিড়িক পড়ে যায়। ক্ষমতাসীন দলের সমর্থকেরা দেশের নানা প্রান্তে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের প্রতিযোগিতায় নেমে পড়েন। ১০ বছর আগে দেশের প্রধান দুই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার সূত্রে পাওয়া তথ্য যাচাই না করে প্রকাশ ভুল ছিল বলে স্বীকার করার খেসারত হিসেবে মাহ্ফুজ আনামকে নজিরবিহীন হয়রানির শিকার হতে হয়। তাঁর বিরুদ্ধে মোট ৭৯টি মামলা হয়, যার মধ্যে ১৭টি রাষ্ট্রদ্রোহ ও ৫২টি মানহানির। মানহানির ক্ষতিপূরণ দাবির মোট পরিমাণ ১০ হাজার কোটি টাকারও বেশি বলে হিসাব দিয়েছে প্যারিসভিত্তিক অধিকারগোষ্ঠী রিপোর্টার্স স্য ফ্রঁতিয়ে (আরএসএফ)। ২৬ ফেব্রুয়ারি সংস্থাটি একে ‘বিচারের অজুহাতে আইনের অপপ্রয়োগ’ অভিহিত করে একটি বিবৃতি প্রকাশ করে।
সংস্থাটি ২০১৫ সালের শেষার্ধ থেকে স্টার ও দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিকে (প্রথম আলো) বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ায় বাধা সৃষ্টির বিষয়টিও উল্লেখ করে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০১৫-১৬-এর বার্ষিক প্রতিবেদনেও সরকারের সমালোচক ও স্বাধীন সংবাদমাধ্যমের ওপর প্রচণ্ড চাপের কথা বলা হয়েছে এবং বেসরকারি বিজ্ঞাপনদাতাদের ওপর নিয়ন্ত্রণ আরোপের উল্লেখ রয়েছে। আরএসএফের ওয়েবসাইটে বাংলাদেশ সম্পর্কে একটি ছোট সূচনা বক্তব্য আছে, যার শিরোনাম: ‘ডোন্ট ক্রিটিসাইজ দ্য কনস্টিটিউশন অর ইসলাম’। এতে বলা হচ্ছে, বাংলাদেশে সংবিধান অথবা রাষ্ট্রধর্ম ইসলামের সমালোচনার চিন্তা একটি খারাপ ভাবনা। সাংবাদিক ও ব্লগার যাঁরা এ বিষয়ে সেন্সরশিপ মানবেন না অথবা স্বনিয়ন্ত্রণ করবেন না, তাঁদের কারাবাস অথবা মৃত্যুর মুখোমুখি হতে হতে পারে।
নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ২০১৬ সালে বিশ্বব্যাপী কারারুদ্ধ সাংবাদিকদের যে হিসাব দিয়েছে, তাতে বাংলাদেশে দুজনের উল্লেখ রয়েছে। তাঁদের একজন সালাহউদ্দিন শোয়েব চৌধুরী, যিনি কারামুক্ত হয়ে দেশে একটি নতুন ইংরেজি সংবাদপত্রের দায়িত্ব পেয়েছেন। তবে অপরজন, একুশে টিভির সাবেক স্বত্বাধিকারী আবদুস সালামের কপাল ততটা অনুকূল নয়। তাঁর কারাবাস শুধু যে দীর্ঘায়িতই হয়েছে তা নয়, তাঁর প্রতিষ্ঠানটিরও হাতবদল হয়েছে এবং সরকারের ঘনিষ্ঠ লোকজন এখন এটির ব্যবস্থাপনায় রয়েছেন। বছরটির শেষ দিকে অবশ্য তিনজন সরকারবিরোধী ও রাজনীতিসংশ্লিষ্ট সাংবাদিক বিভিন্ন মেয়াদে কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন। তাঁরা হলেন বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, মৌচাকে ঢিল সাময়িকীর সম্পাদক শফিক রেহমান ও সাংবাদিক শওকত মাহমুদ। মাহমুদুর রহমান ইতিমধ্যে কথিত সম্পদের তথ্য না দেওয়ার মামলায় তাঁর কারাদণ্ডের মেয়াদ শেষ করেছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা এখনো বিচারাধীন। শফিক রেহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পুত্র ও তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ষড়যন্ত্রের মামলা এখনো তদন্তাধীন। আর শওকত মাহমুদ বিরোধী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে নাশকতার মামলার আসামি।
বয়োজ্যেষ্ঠ এসব সাংবাদিকের মুক্তিলাভকে আপাতদৃশ্যে সরকারের মনোভাবে উদারমুখী পরিবর্তনের ইঙ্গিত বলে মনে হতে পারে। কিন্তু দুর্ভাগ্যের কথা হলো, পেশাগত দায়িত্ব পালনের জন্য একজন সাংবাদিক গেল সপ্তাহে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় গ্রেপ্তার হয়েছেন এবং তাঁকে রিমান্ডেও নেওয়া হয়েছে। তৈরি পোশাকশিল্পে মজুরি বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের খবর প্রচারের জন্য একুশে টিভির সাংবাদিক নাজমুল হুদাকে আটক করে পুলিশ তথ্যপ্রযুক্তি অপব্যবহারের মাধ্যমে উসকানির অভিযোগে মামলা দায়ের করেছে। ওই মামলায় আরও দুজন সাংবাদিক এখন আত্মগোপনে রয়েছেন। পেশাগত কারণে একজন সাংবাদিকের বিরুদ্ধে এই কালো আইন প্রয়োগের বিষয়ে সাংবাদিকদের পেশাভিত্তিক কোনো স্বদেশি সংগঠন বা ইউনিয়ন তেমন একটা জোরালো প্রতিবাদ জানায়নি। সিপিজে অবশ্য অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছে।
গেল বছরে সাংবাদিকদের নিপীড়ন-নির্যাতন বা হয়রানি সম্পর্কে বিদেশি প্রতিষ্ঠানগুলোর পরিসংখ্যান আসলে অসম্পূর্ণ। তারা যেসব প্রতিবেদন প্রকাশ করে তা বছরের বিভিন্ন সময়ে হয়ে থাকে বলে পুরো বছরের হালনাগাদ চিত্র তাতে থাকে না। দেশীয় যেসব প্রতিষ্ঠান এগুলোর তথ্য সংরক্ষণ করে তার একটি হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তাদের হিসাবে ২০১৬-এর ২৭ ডিসেম্বর পর্যন্ত সাংবাদিক নির্যাতন, লাঞ্ছনা ও হুমকির ঘটনা ঘটেছে ১১৭টি। আগের বছর ঘটেছিল ২৪৪টি। সাংবাদিকদের নির্যাতন ও হয়রানি এই প্রায় অর্ধেক হ্রাস আপাতদৃশ্যে ইতিবাচক মনে হলেও ভুলে গেলে চলবে না যে কথিত আত্মসংবরণ বা সেলফসেন্সরশিপের চর্চাটির এখন বেশ প্রসার ঘটেছে। তা ছাড়া, গত আট বছরে যেসব টিভি চ্যানেল বা সংবাদপত্র বাজারে এসেছে, সেগুলোর সবারই অবস্থান সরকারের প্রভাববলয়ের ভেতরে।
প্রথাগত গণমাধ্যমের পাশাপাশি এখন ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইন্টারনেটনির্ভর সামাজিক যোগাযোগের নানা মাধ্যম। ফলে তথ্য, বিনোদন কিংবা শিক্ষামূলক অনুষ্ঠান বা উপাদানের চাহিদা বাড়ছে। ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মানুষও নিজেদের মধ্যে তথ্য-বিনোদন-আবেগ-অনুভূতি ভাগাভাগি করে নিচ্ছেন। সরকারি হিসাবে এ বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ছয় কোটি। কিন্তু সেই ‘নেটিজেন’দের মতপ্রকাশের স্বাধীনতা কি বেড়েছে? তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারার কথা আগেই বলেছি। আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০১৬ নামে নতুন যে আইনের খসড়া তৈরি হয়েছে, তাতে আরএসএফের হুঁশিয়ারিতেই সবার নজর দেওয়া প্রয়োজন হয়ে পড়বে। সংবিধান ও ধর্মের পাশাপাশি মানহানির পরিসর যতটা বিস্তৃত হয়েছে তাতে রাজনীতিক ও আমলাদের সমালোচনাই দুষ্কর হয়ে পড়বে।
নতুন নতুন অনেক অনলাইন সংবাদ পোর্টাল চালু হওয়ার পর এগুলোর ক্ষেত্রে একধরনের শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার একটি অনলাইন নীতিমালা ঘোষণা করেছে এবং এগুলোর রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা জারি করেছে। গত বছরের ২৬ জুন তথ্যমন্ত্রী জাতীয় সংসদকে জানিয়েছেন যে মোট ১ হাজার ৭১৭টি অনলাইন সংবাদ পোর্টাল রেজিস্ট্রেশনের আবেদন করেছে। এর কয়েক সপ্তাহ পর সরকার ৩৫টি সংবাদ পোর্টাল বন্ধ করে দেয়। জনস্বার্থ ও জননিরাপত্তার কারণ দেখিয়ে ইন্টারনেট সেবা প্রদানকারীদের এসব পোর্টাল বন্ধের নির্দেশ দেওয়া হয় ৪ আগস্ট। বন্ধ হওয়া সংবাদ পোর্টালগুলোর মধ্যে আমার দেশ ও শীর্ষ নিউজও রয়েছে। ২০১৩ সালে আমার দেশ পত্রিকার মুদ্রণ বন্ধ হলেও অনলাইনে তার প্রকাশনা চালু ছিল। আর শীর্ষ নিউজ এর আগে একবার বন্ধ করে দেওয়ার পর পুনরায় তা চালু করা হয়েছিল।
ফেসবুকে মতামত প্রকাশ বা মন্তব্য করার জন্য হয়রানির মাত্রা গেল বছরেও বেড়েছে। কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক নেতা-নেত্রী বা তাঁদের পরিবারের সদস্যদের সম্পর্কে মন্তব্য ‘মানহানিকর’ গণ্য করে নিরাপত্তা বাহিনীর অতি-উৎসাহী সদস্যরাই বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তাঁদের গ্রেপ্তার ও হয়রানি করেছেন। ২০১৬-তে এ ধরনের হয়রানির শিকার টাঙ্গাইলের এক স্কুলছাত্র বেশ আলোচিত হয়। স্থানীয় এমপির বিরুদ্ধে মন্তব্যের জেরে ভ্রাম্যমাণ আদালতে তার দুই বছরের কারাদণ্ড হলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টিতে শুনানি করে ছাত্রটির মুক্তির আদেশ দেন। এ ছাড়া ২০১৫-তে সাংবাদিক প্রবীর শিকদার ফেসবুকে মন্তব্যের জেরে আটক হওয়ার পর দেশজুড়ে হইচই শুরু হলে মুক্তি পেলেও গত বছর তাঁর বিরুদ্ধে মামলাটির বিচার শুরু হয়েছে। ফেসবুককে কেন্দ্র করে অবশ্য নতুন এক বিপত্তির সূচনা হয়েছে—ভুয়া অ্যাকাউন্ট খুলে উসকানি অপপ্রচারের। এ রকম এক উসকানির কারণে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে।
শিল্পী-সাহিত্যিক-সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে গেল বছরে কোনো আন্দোলন দেখা যায়নি। এমনকি, শিল্পকলা একাডেমিতে সুন্দরবনবিনাশী বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদী নাটকের আয়োজন বন্ধ করে দেওয়ার পরও তেমন কেউ রাস্তায় নামেননি। তবে টেলিভিশন সম্প্রচারের বিষয় এবং অনুষ্ঠান ঘিরে এক অন্তর্মুখী আন্দোলন দেখা গেছে বছরের শেষ প্রান্তে। ডজন তিনেকের বেশি টিভি চ্যানেলের ভিড়েও দর্শকদের প্রত্যাশা পূরণ না হওয়ায় দর্শকেরা যখন উত্তরোত্তর ভারতীয় চ্যানেল ও ডাবিং করা বিদেশি সিরিয়ালে মগ্ন হচ্ছেন, তখন এগুলোর বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন একদল টিভি মালিক ও কলাকুশলী। প্রতিযোগিতায় অনিচ্ছুক এই অংশটি বিদেশি ডাবিং করা বিজ্ঞাপন প্রচারে কোনো আপত্তি না তুললেও ভিনদেশি নাটক-সিনেমার সম্প্রচারের বিরুদ্ধে একাধিক টিভিকেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখিয়েছে। অবশ্য দর্শকদের পক্ষ থেকেও পাল্টা প্রতিবাদের ঘটনা ঘটেছে।
আবারও ফিরে আসি মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে। বিশ্বজুড়ে অতীতের যেকোনো সময়ের তুলনায় মতপ্রকাশের স্বাধীনতা এখন সবচেয়ে বেশি হুমকির মুখে। কথিত মুক্তবিশ্বের নেতা, যুক্তরাষ্ট্রের ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার আগেই তাঁকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছিল সিপিজে। ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর তাঁর আচরণ বদলে দিতে পারে পুরো বিশ্বকেই।
সংবাদপত্রশিল্পের প্রতিনিধিত্বকারী বৈশ্বিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই) ২০১৭ সালের জন্য তাদের প্রত্যাশাগুলোর একটি তালিকা দিয়েছে। সেই প্রত্যাশাগুলো হচ্ছে, বিশ্বে সাংবাদিকতার জন্য কারাভোগের ঘটনা যেন শূন্যতে নেমে আসে। এই মাধ্যমে কাজ করছেন এমন কাউকেই যেন প্রাণ হারাতে না হয় এবং অনলাইন কিংবা অফলাইন যেখানেই হোক দায়িত্ব পালনের সময় যেন সবাই নিরাপদ বোধ করেন। বাংলাদেশেও ২০১৭ সালে আমরা আইপিআইয়ের প্রত্যাশাগুলোই পুনর্ব্যক্ত করতে চাই।
বাংলাদেশের শীর্ষ বিদ্যাপীঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে শুক্রবার একটি স্মারক স্থাপনের কাজ উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির উপাচার্য। ওই স্মারকটিকে বলা হচ্ছে মুক্তচিন্তাস্তম্ভ। ধর্মীয় উগ্রবাদীদের হাতে নিহত ব্লগারদের স্মরণে এটি নির্মাণ করা হচ্ছে। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা দিন দিন যেভাবে সংকুচিত হচ্ছে, তাতে শেষ পর্যন্ত ওই স্মারকটিই না আমাদের সম্বল হয়ে দাঁড়ায়, যখন দীর্ঘশ্বাস ফেলে আমাদের শুধু অতীতের কথাই ভাবতে হবে।
কামাল আহমেদ: সাংবাদিক।