বাংলাদেশে জঙ্গিরা কত দূর যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর বাংলাদেশ যেন এক ভীতির রাজ্যে পরিণত হয়েছে
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর বাংলাদেশ যেন এক ভীতির রাজ্যে পরিণত হয়েছে

গুলশানের রেস্তোরাঁয় ও শোলাকিয়ার ঈদের জামাতে জঙ্গি হামলার পর বাংলাদেশ যেন এক ভীতির রাজ্যে পরিণত হয়েছে। এটাকে হামলা পরিকল্পনাকারীদের সাফল্য বললে ভুল হবে না। কারণ, তারা ভীতিই ছড়াতে চায়। ইসলামিক স্টেট (আইএস) এই দুটি হামলার দায়িত্ব নিয়েছে বলে ইন্টারনেট সূত্রে জানা গেছে। কিন্তু সরকার বলেছে হামলাকারীরা জেএমবির সদস্য। যা-ই হোক না কেন, গুলশান ও শোলাকিয়ার হামলায় আইএসের হামলাপদ্ধতির স্মারকচিহ্ন আছে। আইএসের একটা কৌশল হলো, প্রচণ্ড ভীতি ছড়িয়ে জনমনকে বিবশ করে দেওয়া; সরকারি প্রশাসন, নীতিনির্ধারক, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোকে দিশাহারা করে দেওয়া, যেন তারা সুস্থির মাথায় যুক্তিবুদ্ধি খাটিয়ে চিন্তা করতে না পারে।

বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করার যেসব পদক্ষেপ দেখা যাচ্ছে, তাতে ভীতির পরিবেশটাই প্রকট হয়ে উঠেছে। গুলশান এলাকা থেকে বিপুলসংখ্যক বাণিজ্যিক ও অন্যান্য স্থাপনা সরিয়ে নেওয়ার বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। ইস্কাটন গার্ডেনের যে এলাকায় সরকারি কর্মকর্তাদের আবাস, সেখান থেকে হেয়ার রোড ও মিন্টো রোড পর্যন্ত পুরো মন্ত্রিপাড়ায় যানসহ সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নগরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের অধিক সংখ্যায় সশস্ত্র প্রহরার দৃশ্যে মনে হয় যে ভয়ংকর এক অশুভ শক্তি আমাদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে। খুন, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধবৃত্তি গৌণ বিষয়ে পরিণত হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিখোঁজ লোকজনের তালিকা প্রকাশ করা হচ্ছে, যাঁদের একটা বড় অংশ জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। সেই তালিকার অনেকেই যে আর নিখোঁজ নেই—সংবাদমাধ্যমের অনুসন্ধানে এমন তথ্য মিললেও জঙ্গিগোষ্ঠীর আকার কত বড় এবং তারা কত সংগঠিত ও শক্তিশালী, তা আমরা জানি না।শঙ্কিতভাবে বলাবলি চলছে, আরও জঙ্গি হামলা হতে পারে এবং তা আরও বড় আকারে হতে পারে।

ভীতি ও শঙ্কা প্রবেশ করেছে ব্যক্তি–মানুষের মনেও। কিছু মাত্রায় শঙ্কিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সংবাদমাধ্যমের প্রধান বিষয় এখন জঙ্গি তৎপরতা; এর তুলনায় দেশ-জাতির অন্য সব সমস্যা গৌণ হয়ে পড়েছে। সমস্যাটা যে প্রকট এবং মানসিক স্থৈর্য ও বিচারবুদ্ধির জন্য ক্ষতিকর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সর্বগ্রাসী ভীতি আমাদের সমস্যা উত্তরণে কোনোভাবেই সাহায্য করবে না, বরং তার বিপরীত ফলের আশঙ্কাই বেশি। একশ্রেণির মানুষের উগ্র সহিংস ভাবাদর্শের প্রতি আকৃষ্ট হওয়া ও তাদের জঙ্গি তৎপরতা সম্পর্কে সতর্ক হওয়ার ও সজাগ থাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু ভয়ে কুঁকড়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা ভেবে দেখতে পারি, এই বাংলাদেশে কথিত ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলোর সহিংস দৌরাত্ম্য আদতেই কী মাত্রা পর্যন্ত পৌঁছা সম্ভব, এই দেশে জঙ্গিদের পক্ষে কত দূর পর্যন্ত যাওয়া সম্ভব।

প্রথমেই লক্ষ করা দরকার, পৃথিবীর যেসব দেশে সংগঠিত জঙ্গিগোষ্ঠীগুলো প্রবলভাবে তৎপরতা চালিয়েছে ও চালাচ্ছে, সেসব দেশের কিছু নির্দিষ্ট অঞ্চলে তাদের পক্ষে সামাজিক, জাতিগোষ্ঠীগত সমর্থন আছে। বিভিন্ন সময়ে তারা রাষ্ট্রীয় মদদও পেয়েছে। দৃষ্টান্ত আফগানিস্তান ও পাকিস্তান: ওই দুই দেশে ইসলামি জঙ্গিবাদ গড়ে উঠেছে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও পাকিস্তান সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়, স্থানীয় জনগোষ্ঠীর বিপুল সমর্থনে। আফগানিস্তানের বিভিন্ন আদিবাসী অঞ্চল, পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া, ওয়াজিরিস্তানসহ পাকিস্তান-আফগান সীমান্তবর্তী বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আল-কায়েদা, তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর পক্ষে জনসমর্থন রয়েছে।

একইভাবে ইরাক ও সিরিয়ারও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর পক্ষে জনসমর্থন আছে। ইরাকের ফালুজা, রামাদি, মসুল, তিকরিত ইত্যাদি যেসব শহরের দখল ইসলামিক স্টেটের হাতে চলে গিয়েছিল, সেগুলো ও তার আশপাশের অঞ্চলগুলোতে আইএসের পক্ষে বিপুল জনসমর্থন ছিল। সিরিয়ার রাকা ও আলেপ্পো আইএসের ঘাঁটি হতে পেরেছে একই কারণে।

কিন্তু বাংলাদেশে এমন কোনো অঞ্চল নেই, যেখানে কোনো সহিংস জঙ্গিগোষ্ঠী জনসাধারণের সমর্থন ও আশ্রয় প্রত্যাশা করতে পারে। যারা নির্বিচারে নিরীহ লোকজনকে হত্যা করা শুরু করেছে, এমনকি ঈদের জামাতেও যারা হামলা চালিয়েছে, এ দেশে তাদের প্রতি জনসমর্থনের প্রশ্নই আসে না। গুলশান ও শোলাকিয়া হামলার পর দেশজুড়ে যে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে, তাতে মনে হয়, জঙ্গিগোষ্ঠীগুলোর সদস্যদের এখন লুকিয়ে থাকা কঠিন হয়ে পড়বে। জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া দূরের কথা, এখন হয়তো তাদের পক্ষে ঘর ভাড়া পাওয়াও কঠিন হয়ে উঠবে। কোনো পাড়া-মহল্লায় সে রকম সন্দেহজনক মানুষের আনাগোনা বা তৎপরতা লক্ষ করলে স্থানীয় লোকজনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবে।

তবে এ কথাও সত্য যে এই বাংলাদেশে এখনো আফগানফেরত ‘মুজাহিদ’রা আছেন, এ দেশেই বাংলা ভাই ও শায়খ আবদুর রহমানের মতো জঙ্গি নেতারা জাগ্রত মুসলিম জনতা ও জামাআতুল মুজাহিদীনের নামে অনেক সহিংসতা করে ত্রাস ছড়াতে পেরেছিলেন। এই দেশের ৬৩​িট জেলায় একযোগে জঙ্গিরা বোমা হামলা চালাতে পেরেছিল। যশোরে উদীচীর সম্মেলন, রমনার বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানসহ অনেক জায়গায় তারা বোমা ফাটিয়ে মানুষ হত্যা করেছে। এমনকি  বিচারকও তাদের হাতে খুন হয়েছেন।

কীভাবে এসব সম্ভব হয়েছিল? তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের কিছু অংশের প্রত্যক্ষ মদদে এবং পুরো সরকারের উদাসীনতার ফলে। তাই দেখা গেল, একটা সময় আমেরিকা ও পশ্চিমা দাতাদের চাপে সরকারের সেই উদাসীনতা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলা ভাই ও শায়খ আবদুর রহমান গ্রেপ্তার হয়ে গেলেন। তত্ত্বাবধায়ক এসে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করল। এ থেকে এটা পরিষ্কার, সরকারি মদদ বা প্রশ্রয় ছাড়া জঙ্গি তৎপরতা বড় আকারে চালিয়ে যাওয়া এই দেশে সম্ভব ছিল না এবং সরকার আন্তরিকভাবে চাইলে এবং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিলে বাংলাদেশে জঙ্গি তৎপরতা দমন করা খুব কঠিন কাজ নয়।

বর্তমান সরকার গুলশান হামলার আগ পর্যন্ত জঙ্গি তৎপরতার প্রতি বিশেষ গুরুত্ব দৃশ্যত দেয়নি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল, এ দেশে আইএস নেই, কিন্তু জঙ্গি আছে এবং তারা নিয়ন্ত্রণেই আছে। এখনো সরকার বলছে এ দেশে আইএস নেই, হামলাগুলো চালাচ্ছে মূলত জেএমবি এবং তাদের সঙ্গে জামায়াত-বিএনপির সম্পৃক্ততার অভিযোগও তোলা হচ্ছে। তবে সরকার এখন আর বলছে না যে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণের মধ্যেই আছে। গুলশান হামলার পর দৃশ্যত তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন আমাদের সরকার যদি আন্তরিকভাবে জঙ্গিদের দমন করতে চায়, তাহলে তার কিছু বিশেষ সুবিধা আছে, যা আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া প্রভৃতি দেশের সরকারগুলোর নেই। প্রথম সুবিধা হলো জঙ্গি সহিংসতার বিরুদ্ধে এই সমাজের প্রবল প্রত্যাখ্যান। নিবরাস-আবিরদের মতো আত্মঘাতী জঙ্গি তরুণেরা এই সমাজে ঘৃণাভরে প্রত্যাখ্যাত। ঝিনাইদহের মতো কোনো মফস্বল শহরে এ রকম সাত-আটজন করে জড়ো হয়ে বাড়ি ভাড়া নিয়ে জঙ্গি তৎপরতার প্রশিক্ষণ নেওয়া এখন থেকে অত্যন্ত কঠিন হয়ে উঠবে। অবাক হব না, যদি অচিরেই কোনো মফস্বল শহরের কোনো মহল্লার লোকজন এ রকম কিছু তরুণকে নিজেরাই পাকড়াও করে পুলিশে দেয়।

দ্বিতীয়ত, পাকিস্তান-আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলো যে ঘোলাটে ভূরাজনীতির ক্রীড়নকদের খেলাক্ষেত্র, বাংলাদেশে সেটা খুব প্রকট নয়। এ দেশের জঙ্গিদের আন্তর্জাতিক সংযোগ থেকে থাকলে ভাবাদর্শের ক্ষেত্রে সেটা চালিয়ে যাওয়া হয়তো সম্ভব, কিন্তু অস্ত্র, প্রশিক্ষণ, অর্থ ইত্যাদির জোগান বিদেশ থেকে আসবে, আর আমাদের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীগুলো তার কূলকিনারা করতে পারবে না—এটা দীর্ঘ সময় ধরে চলা প্রায় অসম্ভব। জঙ্গি অর্থায়নের উৎস ও সূত্রগুলো যদি দেশের ভেতরেরই হয়ে থাকে, তাহলে আমাদের সরকারের পক্ষে সেগুলো চিহ্নিত ও ছিন্ন করা অসম্ভব নয়। নিরাপত্তা বাহিনীগুলোর সদস্যদের উন্নততর প্রশিক্ষণ, অত্যাধুনিক প্রযুক্তি ইত্যাদির প্রয়োজন থেকে থাকলে সেগুলোর ব্যবস্থাও অবশ্যই করা যায়।

তৃতীয়ত, জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোও কথা বলছে। সব দল এক হয়ে জঙ্গি তৎপরতা মোকাবিলার আহ্বান উচ্চারিত হচ্ছে। জঙ্গি তৎপরতার নিন্দা জানাচ্ছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। সিভিল সোসাইটি আহ্বান জানাচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হতে।

এভাবে গোটা সমাজ ও রাষ্ট্র যখন জঙ্গি তৎপরতার বিরুদ্ধে এককাট্টা, তখন এই দেশে আইএস, জেএমবি, আনসার আল ইসলাম, হরকাতুল জিহাদ—কোনো নামে কোনো সহিংস গোষ্ঠীরই বেশি দূর যাওয়া সম্ভব নয়। তারা নির্মূল হয়তো হবে না, তবে সরকার তৎপর থাকলে তারা বেশি বাড় বাড়তেও পারবে না। তবে সরকার আন্তরিকভাবে কী চায়, কী তার রাজনৈতিক সিদ্ধান্ত—সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।