বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্ভাবনার সামনে হঠাৎ দেখা দেওয়া চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনা জাপানে যথেষ্ট আলোড়ন তুলেছে। জাপান সরকার বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দেশের অবকাঠামো উন্নয়নে নানাভাবে জড়িত থেকেছে এবং জাপানের সেই সম্পৃক্ততা এখনো বজায় আছে। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সবচেয়ে কাছে থেকে জড়িত থেকেছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সি জাইকা। জাইকার উপদেষ্টা-পরামর্শকেরা বিভিন্ন প্রকল্পে শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকেছেন, প্রকল্পের অর্থায়নে জাইকা দেশের বৈদেশিক উন্নয়ন সাহায্যের বিষয়টি দেখাশোনা করা বিভিন্ন বিভাগ ও কার্যালয়ে ধরনা দিয়ে তহবিল বরাদ্দ করিয়ে নিয়েছে। অন্যদিকে জাইকার সক্রিয় উপস্থিতি জাপানের বেসরকারি খাতকেও বিনিয়োগে এগিয়ে আসতে উৎসাহিত করছে, যে উৎসাহ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান করেছে।
তবে সাম্প্রতিক সহিংসতার মাত্রা নজিরহীন হওয়ায় এবং জাপান এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে জাইকার ঘনিষ্ঠ সম্পৃক্ততার যৌক্তিকতা নিয়ে সংগঠনটির ভেতরে ও বাইরে নানা রকম আলোচনা এখন চলছে। জাপানের সংবাদমাধ্যমের একটি অংশ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে জাপানের সরাসরি জড়িত থাকার বিষয়টি আবারও খতিয়ে দেখার উল্লেখ করলেও অন্যরা আবার কিছুটা সতর্কতার সঙ্গে তা বিবেচনা করার পক্ষপাতী। এর কারণ হলো, বাংলাদেশের চলমান যে কয়েকটি প্রকল্পে জাপান খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছে, সেসব প্রকল্পে যুক্ত হওয়া থেকে জাপানের বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানও একই সাথে লাভবান হচ্ছে। তাই প্রকল্প গুটিয়ে নেওয়া হলে সেসব কোম্পানি ক্ষতির মুখে পড়তে পারে। আর তাই আপাতত কিছু সময়ের জন্য সম্পৃক্ততা স্থগিত রেখে পরিস্থিতি অনুকূল হয়ে আসছে মনে করা হলে আবারও সেখানে ফিরে যাওয়ার পক্ষে কেউ কেউ যুক্তি দেখাচ্ছেন। সে রকম হিসাব–নিকাশ থেকেই জাইকা এখন বাংলাদেশে উপস্থিত জাপানি পরামর্শক প্রতিষ্ঠান ও সেসব প্রতিষ্ঠানে কর্মরতদের আপাতত কাজে বিরতি দিয়ে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়ে উল্লেখ করেছে যে জাপানে এঁদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি সংস্থা বিবেচনা করে দেখবে।
অন্যদিকে জাপানের বৈদেশিক বাণিজ্য সংগঠন জেট্রো চলতি মাসের ১২ তারিখে নির্ধারিত বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যসংক্রান্ত একটি সেমিনার স্থগিত করে দেওয়ায় আভাস পাওয়া যাচ্ছে, জাপান হয়তো আরও কিছুদিন বাংলাদেশের ঘটনাবলির ওপর, বিশেষ করে সন্ত্রাস দমনে সরকার কতটা সফল হচ্ছে, তার ওপর ঘনিষ্ঠ নজর রাখবে। উল্লেখ্য, সেই সেমিনারে যোগ দিতে আগ্রহ প্রকাশ করা জাপানি কোম্পানির সংখ্যা মোট হলের ধারণ ক্ষমতার চেয়ে বেশি হয়ে গিয়েছিল, যে বাস্তবতা বলে দিচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ গ্রহণ করতে কতটা আগ্রহী জাপানের বেসরকারি খাত। সহিংসতার ঘটনা এখন দেশের সেই সম্ভাবনার মূলে আঘাত হানতে শুরু করায় বাংলাদেশ সরকারের পক্ষে হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। সন্ত্রাস নির্মূলে আন্তর্জাতিক সহযোগিতা প্রত্যাশা করার পাশাপাশি দেশের ভেতরে সন্ত্রাস দমনে সরকারের আরও বেশি সক্রিয় ভূমিকা পালন ও সাফল্য জাপানের বাণিজ্যিক খাত দেখতে আগ্রহী। সাফল্য নিশ্চিত করা গেলেই বাংলাদেশ নিয়ে জাপানের বেসরকারি খাতের দেখানো উৎসাহ হয়তো আবারও ফিরিয়ে আনা সম্ভব হবে। আর তাই আপাতত কিছুদিনের জন্য বাংলাদেশ নিয়ে দেখা দেওয়া ভীতি হয়তো বিরাজমান থাকবে।
মাসানোবু সুকাগোশি একটি জাপানি কোম্পানির কর্ণধার, যে কোম্পানিটি এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি আকারের প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। বাংলাদেশে ব্যবসা পরিচালনা না করলেও তাঁর সেই কোম্পানি অনেক দিন থেকেই এশিয়ার অন্য কয়েকটি দেশে সক্রিয় রয়েছে। মাসানোবু সুকাগোশি মনে করেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিশ্চিতভাবেই জাপানের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বাংলাদেশ সম্পর্কে একধরনের ভীতি ছড়িয়ে দিচ্ছে। তবে সে রকম পরিস্থিতি খুব বেশি দিন চলবে বলে তিনি মনে করেন না। এর কারণ হচ্ছে, জাপানের সংকুচিত হয়ে আসা ব্যবসাগত সুযোগ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এখন বাংলাদেশের মতো এশিয়ার প্রবৃদ্ধির সম্ভাবনাময় দেশগুলোর দিকে আকৃষ্ট করছে এবং সম্প্রসারিত হয়ে আসা সে রকম সুযোগ হাতছাড়া হয়ে যাক, তা এরা দেখতে চাইবে না।
তবে মাসানোবু সুকাগোশি আরও মনে করেন, সেই সম্ভাবনাকে আরও বেশি যুক্তিসংগত করে তুলতে হলে বাংলাদেশ সরকারের অবশ্যই বেশ কিছু করণীয় রয়েছে, যার মধ্যে একটি অগ্রাধিকার যেমন হচ্ছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সি জাইকা যেন দেশটি থেকে নিজেদের সরিয়ে না নেয় তা নিশ্চিত করা। কেননা, জাইকা সব সময়ই জাপানের বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য একধরনের সেফটি নেট বা নিরাপত্তা জাল হিসেবে কাজ করে। জাইকার উপস্থিতি জাপানের বেসরকারি খাতের কাছে এ রকম বার্তা পৌঁছে দেয় যে বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারিত করে নিতে সেই গন্তব্য হচ্ছে অপেক্ষাকৃত নিরাপদ। ফলে বাংলাদেশ থেকে জাইকার গুটিয়ে নেওয়া কোনো অবস্থাতেই কাম্য হবে না।