বাংলাদেশের অর্থনীতির গতিমুখ কোন দিকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আমরা যে নিজেদের সম্পদ সমবেত করে অনেক বড় ধরনের প্রকল্প করতে পারি, তার প্রমাণ পাওয়া যায় পদ্মা সেতুতে। অবশ্য সেটা করতে হয়েছে বাধ্য হয়েই। বিশ্বব্যাংকের ঋণ দেওয়ার কথা ছিল। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে তা বিশ্বব্যাংক প্রথমে স্থগিত করে, পরে বাতিলই হয়ে যায়। বাংলাদেশ সরকার দুর্নীতির অভিযোগ অস্বীকার করে এসেছে। এ ক্ষেত্রে দুই পক্ষই সমান বলে ধারণা করি। বাংলাদেশের দুর্নীতির রেকর্ড কম নয়। ব্যাংক কেলেঙ্কারি, শেয়ারবাজার কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারির রেকর্ড ভূরি ভূরি।
অন্যদিকে বিশ্বব্যাংকও ধোয়া তুলসীপাতা নয়। একদা বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নোবেল বিজয়ী জোসেফ স্টিগলিৎস অনেক রচনায় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মুখোশ উন্মোচন করেছেন। এ দুই প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অনেক খবর আমরা পেয়ে থাকি। জোসেফ স্টিগলিৎস নিজের অভিজ্ঞতার ভিত্তিতে লিখেছিলেন যে রচনা, তার শিরোনাম ছিল ‘অন্দরমহলের অভিজ্ঞতা’। তিনি আইএমএফ সম্পর্কে লিখেছিলেন, ‘এই সংস্থার কাজকর্ম গোপনে পরিচালিত হয়। এবং সে কারণেই তা গণতান্ত্রিক স্বচ্ছতা থেকে বিচ্ছিন্ন।...আমি প্রত্যক্ষ করেছি, কীভাবে আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ) মার্কিন সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করে।’ বিশ্বব্যাংক সম্পর্কেও একই কথা প্রযোজ্য। বিশ্বব্যাংকের প্রধান মার্কিন দেশের হতে হবে, এটা বাধ্যতামূলক। পৃথিবীর বহু দুর্নীতিবাজ ও স্বৈরাচারী শাসকদের বিশ্বব্যাংক টাকা দেয়। হঠাৎ বাংলাদেশের ক্ষেত্রে এসে তারা সাধু সাজল কেন, তা ভাবতে অবাক লাগে।
আমরা খুশি হতাম, যদি সরকার সব ক্ষেত্রেই এমন স্বাধীনচেতা ও স্বনির্ভর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও অর্থনৈতিক নীতি গ্রহণ করতে পারত। বস্তুত, এখন আমাদের খুব বেশি বিদেশি ঋণ ও সাহায্যের ওপর নির্ভর করতে হয় না। গত শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকের প্রথম দিক পর্যন্ত অবস্থাটা এমনই ছিল যে আমাদের উন্নয়ন বাজেটের প্রায় সবটাই বিদেশি ঋণ ও ঋণদাতাদের মর্জির ওপর নির্ভর করতে হতো। প্যারিসে অনুষ্ঠিত কনসোর্টিয়ামের দিকে চেয়ে বসে থাকতাম। তখনো অর্থমন্ত্রী ছিলেন (এরশাদ আমলে) আজকের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিছুদিন আগেও আমাদের জিডিপির ২ শতাংশ ছিল বিদেশি ঋণের পরিমাণ। এখন আরও কমে এসেছে। এর প্রধান কারণ তিনটি জায়গায় আমরা যথেষ্ট অগ্রগতি দেখাতে পেরেছি এবং বৈদেশিক মুদ্রার পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। ১. বিদেশে কর্মরত শ্রমিকের পাঠানো রেমিট্যান্স, ২. অতি কম মজুরিতে (পৃথিবীর মধ্যে সর্বনিম্ন) কাজ করা তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মূল্য যোগ করেন এবং সে কারণে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। ৩. কৃষকের শ্রম ও মেধার কারণে কৃষিপণ্যের প্রবৃদ্ধি ঘটেছে। আমাদের এখন আর চাল আমদানি করতে হয় না। এই তিনটি ক্ষেত্রেই সরকারের ভূমিকা সামান্য। বরং দেখা যায়, যাঁদের রক্তে ও ঘামে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, তাঁরা অর্জিত মুদ্রার ভাগ পান না। বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রবাসী শ্রমিক বা তৈরি পোশাক কারখানার শ্রমিক প্রায় দাসের মতো জীবন যাপন করেন। কৃষকদের ন্যায্য পাওনা চলে যায় মধ্যস্বত্বভোগীর পকেটে।
এককথায় অর্থনৈতিকভাবে ন্যায়সংগত বণ্টননীতি নেই। অথচ সংবিধানে লেখা আছে সমাজতন্ত্রের কথা। মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম মূল ভিত্তি সমাজতন্ত্র। শাসকশ্রেণি সমাজতন্ত্রের বিপরীত কাজটাই করছে। ধনীর তোষণ আর গরিবের শোষণ হচ্ছে আসল উদ্দেশ্য।
আর উৎপাদন থেকে বিচ্ছিন্ন একশ্রেণির লুটেরা তৈরি হয়েছে আমাদের সমাজে, যারা খাবলা মেরে নিয়ে খাচ্ছে শ্রমিক-কৃষকের শ্রমে তৈরি সম্পদ অথবা বিদেশ থেকে আনা ঋণের বড় অংশ। এই ঋণ কিন্তু জনগণকেই শোধ দিতে হবে। এই লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ, আত্মসাৎকারী লুটেরাদেরই অর্থনীতিবিদ আবুল বারকাত নাম দিয়েছেন রেন্টিয়র। এর দ্বারা সেই লুণ্ঠনকারীদের বোঝানো হচ্ছে, যারা উৎপাদন থেকে বিচ্ছিন্ন থেকে স্রেফ আত্মসাৎ করতে পারে। আর উৎপাদন থেকে বিচ্ছিন্ন এই যে আর্থব্যবস্থাই বাংলাদেশের অর্থনীতিতে প্রাধান্য বিস্তার করে আছে।

>প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ হতদরিদ্র মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার ব্যবস্থা করেছেন। দরদি মন থেকে তিনি এই ব্যবস্থা করেছেন বলে মনে হয়। কিন্তু এটাও স্থায়ী সমাধান নয়। ১৬ কোটির দেশে ৫০ লাখ হতদরিদ্র মানুষ থাকাটাও কোনো ভালো লক্ষণ নয়। শুধু রেশন নয়, আর্থব্যবস্থার পরিবর্তন দরকার

গড় জাতীয় আয়, প্রবৃদ্ধির হার ইত্যাদি অঙ্ক দ্বারা কিন্তু সত্যিকারের চেহারাটা বোঝা যাবে না। যেমন ধরুন, আমাদের প্রবৃদ্ধির হার অনেক বছর ধরেই ছয়ের ওপরে আছে। প্রবৃদ্ধি যে হয়নি, সে কথাও বলা যাবে না। সবচেয়ে ধনী যে অংশ তার সম্পর্কের স্ফীতি ঘটেছে যে হারে, সবচেয়ে গরিবের অংশের আয়-রোজগার বেড়েছে অনেক কম হারে। কোনো কোনো অংশের প্রবৃদ্ধির হার শূন্য বা নেগেটিভ।
জাতীয় আয়ের ক্ষেত্রেও একই কথা। জাতীয় আয় মানে তো গড় আয়। গড় হিসাব দিয়ে বোঝা যাবে না, সমাজের কোন অংশের কী পরিমাণ আয়-রোজগার বা সম্পদ বেড়েছে। প্রবৃদ্ধির হার ও জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে বৈষম্য। এই বৈষম্য মাপার একটা কৌশল আছে অর্থশাস্ত্রে। তাকে বলা হয় গিনি সহগ (গিনি কোফিশেন্ট)। এর পরিমাণ যদি ‘শূন্য দশমিক পাঁচ’ (০.৫)-এর কাছাকাছি, সমান বা বেশি হয়, তাহলে সেটা সামগ্রিক অর্থনীতির জন্যও বিপজ্জনক হয়ে উঠবে। ১৯৭৩ সালে, অর্থাৎ স্বাধীনতার সময়ে বা তার পরপরই বৈষম্যের পরিমাণ অনেক কম ছিল। শূন্য দশমিক ছত্রিশ (০.৩৬)। এটা এত দিনে আরও কমার কথা ছিল। না, কমেনি। বরং ২০১০ সালের হিসাবে এটা বেড়ে হয়েছে শূন্য দশমিক ছিচল্লিশ (০.৪৬)। অতএব, আমরা বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছি। সমাজতন্ত্রের বিপরীত মুখে যাত্রা। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।
গিনি সহগের এই হিসাবটা কিন্তু পুঁজিবাদী উৎপাদনের জন্যও ঝুঁকিপূর্ণ। বস্তুত, আমাদের দেশে উৎপাদনশীল পুঁজিবাদও চলছে না। যা চলছে তাকে বলা চলে উৎপাদনবিমুখ লুটেরা পুঁজিবাদ, যেখানে রেন্টিয়রদের (বারকাতের ভাষায়) দাপট অব্যাহত থাকে।
এতে কিছুসংখ্যক লুটেরা, যারা দুর্নীতি, কালোবাজারি, মধ্যস্বত্বভোগী, সম্পদ আত্মসাৎকারী অথবা বিদেশি কোম্পানির দালাল, তারা নিজস্ব সম্পদের স্ফীতি ঘটাচ্ছে, কিন্তু দেশে বিনিয়োগ করছে না, সমাজের সম্পদ বৃদ্ধি করছে না, কর্মসংস্থান বৃদ্ধি করছে না। এরাই আমাদের ধনিক শ্রেণি। যুক্তরাজ্যভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান ‘নাইট ফ্রাংকের’ গত বছরের (২০১৫) হিসাবমতে, বাংলাদেশে এখন কোটিপতির সংখ্যা ১১ হাজার আর হাজার কোটি টাকার নিট সম্পদের মালিক হচ্ছে ১৫ জন। আমার ধারণা, এই সংখ্যা আরও বেশি হবে। ওই গবেষণা সংস্থা আরও বলছে, ২৫০ কোটি টাকার মালিকের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে।
এই অতিকায় ধনীদের সম্পর্কে সত্যিকারের তথ্য পাওয়া কঠিন। প্রথমত, তাদের অনেক টাকাই কালোটাকা হিসেবে ঘুরে বেড়াচ্ছে, যাকে সুনির্দিষ্টভাবে হিসাবের মধ্যে আনা যায় না। অর্থমন্ত্রী একবার বলেছিলেন, অর্থনীতির ৪০ থেকে ৮০ শতাংশই নাকি কালোটাকার দখলে। ৪০ থেকে ৮০, অর্থাৎ একটা বিরাট এলাকা অন্ধকারে ঢেকে আছে। যদি সর্বনিম্ন ৪০ শতাংশও ধরি, তাহলেও সেটা বিপজ্জনক। আর যদি ৮০ শতাংশ কালোটাকার দখলে থাকে, তাহলে তো বলতে হবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে কিছুই নেই। কী সর্বনাশ!
হ্যাঁ, যে বিশাল অঙ্কের টাকা অতিকায় ধনীদের দখলে আছে, তা কিন্তু বিনিয়োগ হচ্ছে না। পাচার হয়ে চলে যাচ্ছে দেশের বাইরে। গত ১ জুলাই প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এক প্রতিবেদনের (২০১৫) কিছু অংশ ছাপা হয়েছিল। সেখান থেকে সুইস ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত টাকার পরিমাণ জানা গেছে। তার পরিমাণ ছিল ৫৫ কোটি ৮ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ। অর্থাৎ ৪ হাজার ৫০৪ কোটি ১৯ লাখ ৯৫ হাজার টাকার সমান। এই অর্থ সোনালী ব্যাংক থেকে হল-মার্ক কর্তৃক আত্মসাৎ করা অর্থের সমান।
সুইস ব্যাংক কর্তৃক প্রদত্ত রিপোর্টে বাংলাদেশিদের জমানো টাকার মোট পরিমাণ দেওয়া আছে। কিন্তু কার কার টাকা আছে, তা বলা হয়নি। এটা গোপনীয়। ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত বছর ধরে ধরে পরিমাণ উল্লেখ আছে। ২০০৬ সালে বাংলাদেশিদের গচ্ছিত টাকার পরিমাণ ছিল ১২ কোটি ৪৩ লাখ ৪৬ হাজারা সুইস ফ্রাঁ। অর্থাৎ ১০ বছরে সুইস ব্যাংকে জমানো টাকার পরিমাণ চার গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া বাংলাদেশি ধনীদের টাকা জমা হচ্ছে মালয়েশিয়ায়, যা অনেকের সেকেন্ড হোম বলে পরিচিত। ইউরোপ, আমেরিকা, দুবাই—এসব জায়গায়ও আছে।
প্রতিশ্রুত সমাজতন্ত্রের কথা মুক্তিযুদ্ধের চেতনার কথা বারবার উচ্চারণ করা শাসকবর্গ তো ভুলেই বসে আছে। এমনকি স্বাভাবিক পুঁজিবাদী পথেও বাংলাদেশ এগোচ্ছে না।
৮ সেপ্টেম্বরের প্রথম আলোর সংখ্যায় দেখলাম, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ‘কেউ না খেয়ে থাকবে না।’ বাস্তবে যদি তা-ই হয়, তাহলে আরেকবার তাঁকে বড় ধরনের সাধুবাদ জানাব। শেখ হাসিনা বলেছেন, ‘এ দেশের মানুষও না খেয়ে থাকবে না। যারা গৃহহীন, তারা ঘর পাবে। কেউ বিনা চিকিৎসায় মরবে না। সব ছেলেমেয়ে লেখাপড়ার সুযোগ পাবে।’ এটা কি রেটরিক নাকি বাস্তবে তেমন পরিকল্পনা আছে ও পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা ভবিষ্যতে দেখা যাবে। হয়তো বঙ্গবন্ধুর কন্যার এমন স্বপ্ন ও ইচ্ছা আছে। কিন্তু বাস্তব অর্থনীতির গতিমুখ তো অন্যদিকে, যেখানে শিক্ষা, চিকিৎসা, গৃহায়ণ ক্রমাগত ব্যয়বহুল ও বাণিজ্যিক ভিত্তিতে হচ্ছে। তাঁর প্রশাসনের নেওয়া বাজার অর্থনীতির স্বাভাবিক গতিমুখ তো এ রকমই হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ হতদরিদ্র মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার ব্যবস্থা করেছেন। দরদি মন থেকে তিনি এই ব্যবস্থা করেছেন বলে মনে হয়। কিন্তু এটাও স্থায়ী সমাধান নয়। ১৬ কোটির দেশে ৫০ লাখ হতদরিদ্র মানুষ থাকাটাও কোনো ভালো লক্ষণ নয়। শুধু রেশন নয়, আর্থব্যবস্থার পরিবর্তন দরকার স্থায়ী সমাধানের জন্য। লুটেরা অর্থনীতি, রেন্টিয়র অর্থনীতি ও বিদেশে টাকা পাচারের প্রবণতা, ধনী-দরিদ্রের বৈষম্যের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম স্তম্ভ সমাজতন্ত্র অভিমুখী অর্থনৈতিক পুনর্গঠনই হবে আসল সমাধান। দুর্ভাগ্য, সে পথে দেশ এগোচ্ছে না। অর্থনীতির গতিমুখ বরং উল্টোদিকে।
আমরা প্রধানমন্ত্রীর দরদি মনের পরিচয় পেয়েছি। এখন তাঁর বাস্তবমুখী পদক্ষেপ দেখতে চাই। লুটেরা পুঁজিবাদী পথ পরিহার করে গরিব অভিমুখী, উন্নয়ন অভিমুখী, বৈষম্যহীন সমাজতন্ত্র অভিমুখী অর্থনৈতিক দিকনির্দেশনা দেখতে চাই।
হায়দার আকবর খান রনো: রাজনৈতিক বিশ্লেষক। সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।