
আমাদের স্বাধীনতাসংগ্রাম রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার লাভের সংগ্রাম ছিল। স্বাধীনতা লাভের পর দেখা গেল, আগে যাঁরা অধিকারহীন প্রজা ছিলেন, তাঁরা অধিকারপ্রাপ্ত নাগরিক হয়ে গেলেন। পরিবর্তনের নিয়ামক হয়ে উঠলেন তাঁরা। স্বাধীনতা আমাদের সামনে পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে এল। স্বাধীনতার আগে রাষ্ট্রের কাজ ছিল ক্ষমতাসীন শ্রেণির বিশেষ সুবিধা নিশ্চিত করা। আর স্বাধীনতার পর আমাদের রাষ্ট্রের কাজ হলো নাগরিকদের অধিকার নিশ্চিত করা এবং এমন পরিস্থিতি ও প্রতিষ্ঠান তৈরি করা, যেটা পরিবর্তনের পক্ষে সহায়ক হয়।
আমাদের প্রথম কাজগুলোর মধ্যে একটি ছিল সংবিধান প্রণয়ন করা, যার মাধ্যমে রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার সম্পর্ক নির্ধারিত হবে, যাতে রাষ্ট্র স্বাধীনতা-পূর্ব সময়ের মতো ক্ষমতাবান অভিজাত ব্যক্তিদের স্বার্থ রক্ষা না করে কার্যকরভাবে নাগরিক অধিকারের প্রতিনিধিত্ব করে।
সংবিধানে এটা পরিষ্কারভাবে বলা আছে, ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।’ এর মধ্য দিয়েই ক্ষমতায়নের প্রকৃত প্রক্রিয়া শুরু হয়। কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা সুষ্ঠুভাবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এভাবেই সব নাগরিকের গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। অন্যদিকে সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে টেকসই উন্নয়নের মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে হবে। অর্থাৎ তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার চাহিদা নিশ্চিত করতে হবে। জনগণকে দারিদ্র্যমুক্ত করার ব্যাপারটা এভাবে সংবিধানে লিপিবদ্ধ করা আছে। জনগণের জীবনমানে যে বৈষম্য আছে, তা ক্রমেই লাঘব করতে হবে। আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে, সব নাগরিকের সুযোগের সমতা নিশ্চিত করা এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। প্রকৃতপক্ষে, চার দশকেরও বেশি সময় আগে আমাদের যে যাত্রা শুরু হয়েছিল, সংবিধান ছিল তার একটি দিকনির্দেশনা। এর কাজ ছিল দিকনির্দেশনা দেওয়া, আমাদের প্রগতির মানদণ্ড নির্ধারণ করা।
আমাদের তিনটি বিষয় আমলে নিতে হবে:
প্রথমত, দারিদ্র্যবিমোচনে ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ কীভাবে এমন লক্ষণীয় সাফল্য অর্জন করল?
গত চার দশকে আমরা দারিদ্র্যবিমোচনে যে লক্ষণীয় সফলতা অর্জন করেছি, তার কৃতিত্ব বাংলাদেশের মানুষের, তাদের সম্মিলিত প্রচেষ্টার, যার মাধ্যমে একটি অভিন্ন লক্ষ্য অর্জনে জাতীয় মতৈক্য বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আসুন, প্রথমে আমরা ইতিবাচক দিকগুলোতে নজর দিই। গত তিন দশকে চালের উৎপাদন তিন গুণ বেড়েছে। এতে দারিদ্র্য কমেছে। আর কৃষি আয় বেড়েছে, যা দারিদ্র্যবিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০০০-২০১০ সাল পর্যন্ত যে দারিদ্র্য কমেছে, তাতে এর অবদান অনেক, বলা যায়, অর্ধেক।
একই সময়ে আমাদের তৈরি পোশাকশিল্প বিকশিত হয়েছে। ১৯৮০-এর দশকে এই শিল্প ছিল খুবই ছোট, আর এ সময়ে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারকে পরিণত হয়েছে। বাংলাদেশের রপ্তানির বড় খাত হচ্ছে এই তৈরি পোশাকশিল্প, তার রপ্তানি আয়ের ৮১ শতাংশই আসে এই খাত থেকে।
বাংলাদেশের অর্থনীতিতে তৃতীয় বৃহত্তম খাত হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। বাংলাদেশের প্রায় ৮০ লাখ মানুষ দেড় শতাধিক দেশে কাজ করছেন। প্রতিবছর প্রায় পাঁচ লাখ মানুষ বিদেশে যাচ্ছেন। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের ১০ শতাংশ আসে এই রেমিট্যান্স থেকে, যেটা আমাদের রপ্তানি আয়ের প্রায় অর্ধেক এবং বিদেশি সাহায্যের প্রায় ১০ গুণ। আজ আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ২ হাজার ৮০০ কোটি ডলার।
দ্বিতীয়ত, এই প্রবৃদ্ধি যদি টেকসই করতে হয়, তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আমাদের কোন চ্যালেঞ্জগুলো জয় করতে হবে?
টেকসই উন্নয়ন তো স্রেফ অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, এর পরিসর আরও বড়। এমনকি তা নিম্ন–মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করার চেয়েও বেশি কিছু। গত বছরের সেপ্টেম্বর মাসে টেকসই উন্নয়নবিষয়ক জাতিসংঘের সম্মেলনে যে ঘোষণা দেওয়া হয়েছিল, তাতে এ কথা স্পষ্ট জানানো হয়েছিল।
টেকসই উন্নয়নের ১৭টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছিল। বিশেষ করে, এর ১৬ নম্বর লক্ষ্যে খুব জোরালোভাবে বলা হয়েছে, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সহিংসতা ও সন্ত্রাসবাদ কমাতে হবে। ১৬ নম্বর লক্ষ্যে সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল, যথেষ্ট পরিমাণে সহিংসতা কমাতে হবে। এতে সফল হতে হলে একগুচ্ছ লক্ষ্য অর্জন করতে হবে: সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যাতে সবাই ন্যায়বিচার লাভ করতে পারে, বৈষম্যহীন আইন প্রবর্তন ও প্রয়োগ করতে হবে, অবৈধ অর্থ ও অস্ত্রের লেনদেন উল্লেখযোগ্য হারে হ্রাস করতে হবে, সব ধরনের দুর্নীতি ও ঘুষ লেনদেন কমাতে হবে, তার জন্য কার্যকর ও স্বচ্ছ প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে, সব পর্যায়ে অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চালু করতে হবে, মৌলিক স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করে প্রাসঙ্গিক জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, সব পর্যায়ে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সক্ষমতা বাড়াতে হবে।
কার্যত, এই লক্ষ্যগুলো আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার প্রেরণা ছিল আমাদের স্বাধীনতাসংগ্রাম।
তৃতীয়ত, ভবিষ্যতের কৌশল নির্ধারণে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে? এ লক্ষ্যে নিচের বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে:
১. এটা মনে রাখা দরকার যে উন্নয়ন কৌশলের লক্ষ্য শুধু প্রবৃদ্ধি বাড়ানো নয়। একটি ন্যায্য সমাজ গঠনেও এর ভূমিকা পালন করা খুবই গুরুত্বপূর্ণ, যে সমাজ হবে বৈষম্য ও অবিচারমুক্ত, যেখানে সমতা ও ন্যায়বিচারকে ঊর্ধ্বে তুলে ধরা হবে।
২. আমাদের এটা দেখানো দরকার যে আমাদের স্বাধীনতাসংগ্রামের অন্যতম লক্ষ্য ছিল সব নাগরিকের ক্ষমতায়ন। আর আমাদের সংবিধানের লক্ষ্য ছিল শাসনের গণতান্ত্রিক কাঠামো প্রণয়ন করা, যেখানে এমন প্রতিষ্ঠান থাকবে, যারা সংবিধানের লক্ষ্য স্বাধীনভাবে বাস্তবায়ন করতে পারবে।
৩. মুক্ত ও অকপট মতবিনিময়ের মাধ্যমে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করাও জরুরি। এ লক্ষ্যে মুক্ত গণমাধ্যমের যে ভূমিকা আছে, তা স্বীকার করতে হবে। একই সঙ্গে সংবিধানের লক্ষ্যগুলো যেন আমরা কার্যকরভাবে মেনে চলতে পারি, তা নিশ্চিত করতে হবে। আর সম্মতির ভিত্তিতে সংস্কারে একমত হতে হবে।
(১৪ মে ২০১৬ তারিখে অক্সফোর্ড ইউনিয়নের প্যানেল আলোচনায় ইংরেজিতে প্রদত্ত বক্তব্যের অনুবাদ।)
ড. কামাল হোসেন: আইনজীবী ও সংবিধানপ্রণেতা।