বাংলাদেশকে টিকা দেওয়া বন্ধ করে দিচ্ছে লিথুয়ানিয়া। আমাদের অপরাধ, জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে দায়ী করে উত্থাপিত প্রস্তাবের পক্ষে আমরা ভোট না দিয়ে নিরপেক্ষ ছিলাম। ব্যস, এতেই পশ্চিমের ছত্রচ্ছায়ায় লালিত লিথুয়ানিয়া এই মাত্রায় অখুশি বাংলাদেশকে শায়েস্তা না করলেই নয়। ফলে, জাতিসংঘের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্সের আওতায় বাংলাদেশের জন্য টিকা সরবরাহের প্রতিশ্রুতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে দেশটি।
এর আগে লিথুয়ানিয়া এক বিবৃতিতে জানিয়েছিল, বাংলাদেশে প্রায় ৪ লাখ ৪৫ হাজার ডোজ ফাইজারের টিকা পাঠাবে। তবে লিথুয়ানিয়ার সরকার এখন বলছে, প্রতিশ্রুতি অনুযায়ী করোনার সেই টিকা দেশটি বাংলাদেশকে দেবে না। এর কারণ অবশ্যই রাশিয়াকে শায়েস্তা করতে জোটবদ্ধ হওয়া বিশ্বমোড়লদের কাতারে যোগ দিতে আমাদের অস্বীকৃতি। আমাদের সেই আচরণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখছে লিথুয়ানিয়া।
পূর্ব ইউরোপে বেলারুশের সীমান্ত বরাবর অবস্থিত এই দেশ হচ্ছে সাবেক এক সোভিয়েত প্রজাতন্ত্র, ১৯৯১ সালে সোভিয়েতের কাঠামো থেকে বের হয়ে আসার পর স্বাধীন অস্তিত্ব যে বজায় রেখে চলেছে। ইদানীং ইউরোপীয় জোটের পাশাপাশি পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটোতেও নাম লিখিয়েছে লিথুয়ানিয়া। ফলে, দেশের নেতারা হয়তো ভেবে থাকবেন যে শরীরে নতুন করে বল আসায় আন্তর্জাতিক রাজনীতিতে হুমকি-ধমকি প্রদানের যোগ্য হিসেবে দেশটি এখন হয়তো বিবেচিত। সেই হিসাব থেকেই বাংলাদেশের সঙ্গে টিকা নিয়ে দেশটির যে এ রকম আচরণ, তাতে মনে হয় সন্দেহ পোষণ করার কোনো কারণ নেই।
অতীতে অবশ্য একসময় লিথুয়ানিয়ার ডাচি বা সামন্ত রাজত্বের যথেষ্ট সুনাম ছিল। তবে এর সবটাই এখন হচ্ছে দূর অতীতের কথা। পরবর্তী সময়ে সেই সামন্ত সাম্রাজ্য কখনো এসেছে পোল্যান্ডের অধীন, কখনো আবার জার্মানির সরাসরি দখলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন পটসডাম চুক্তির আওতায় লাটভিয়া, এস্তোনিয়াসহ লিথুয়ানিয়ার মালিকানা লাভ করে। ফলে, ধারণা করা যায় দীর্ঘকাল ধরে পদানত থাকায় কূটনৈতিক নিয়মনীতির সবটাই দেশটি এখন বেমালুম ভুলে বসে আছে। কেন এ ধারণা, সেই ব্যাখ্যা মনে হয় দেওয়া প্রয়োজন।
যেসব দেশ গণতান্ত্রিক মূল্যবোধ কীভাবে সমুন্নত রাখতে হয়, সেই শিক্ষা আমাদের সমানে দিয়ে চলেছে, সেসব দেশই আন্তর্জাতিক অঙ্গনে গণতান্ত্রিক মূল্যবোধকে পদদলিত করে চলেছে।
জাতিসংঘ হচ্ছে স্বাধীন রাষ্ট্রসমূহের একটি সংগঠন, বিশ্বের মোকাবিলা করা বিভিন্ন সমস্যা নিয়ে সদস্য দেশের প্রতিনিধিরা যেখানে আলোচনায় মিলিত হন এবং সমাধানের উপায় তাঁরা ঠিক করে নেন। তবে সিদ্ধান্তে উপনীত হওয়ার আবশ্যকীয় পূর্বশর্ত হচ্ছে সেই প্রক্রিয়ায় সদস্যদের দেওয়া ভোট। অর্থাৎ, ত্রুটি থাকা সত্ত্বেও গণতান্ত্রিক একটি ব্যবস্থা সেখানে কার্যকর। আমরা জানি, গণতন্ত্রের অন্য একটি আবশ্যকীয় পূর্বশর্ত হচ্ছে, কে কীভাবে ভোটাধিকার প্রয়োগ করবে, তাতে অন্যদের হস্তক্ষেপ না করা। এর বাইরে আরও একটি অলিখিত যে শিষ্টাচার রাষ্ট্রসমূহকে মেনে চলতে হয়, তা হলো কে কোনো দিকে ভোট দিচ্ছে, তা নিয়ে অন্য কোনো রাষ্ট্র কিংবা জোটের সামনে জবাবদিহি করতে না হওয়া। যদিও বিশ্বের মোড়ল রাষ্ট্রসমূহের জোট ইদানীং এই দিকটিতে কড়া নজর রেখে বিপক্ষে ভোটদান করা দেশকে শায়েস্তা করার তৎপরতা থেকে পিছিয়ে নেই। তবে সেটা অবশ্য করা হচ্ছে অনেকটা গোপনীয়তা বজায় রেখে, লিথুয়ানিয়ার মতো ঢাকঢোল পিটিয়ে নয়। কেননা, প্রকাশ্যে তেমন কিছু করা হলে অন্যদের চোখে সেটা দৃষ্টিকটু হয়ে দেখা দিতে পারে। তবে তা সত্ত্বেও বিশ্বের শক্তিধর দেশের জোট যে ইদানীং চক্ষুলজ্জার সেই পথ থেকে সরে এসে ভোটের আগেই অন্যদের হাতে মোচড় দিয়ে নিজের পক্ষে ভোট আদায় করে নিতে তৎপর, বিশ্বের সামনে সেই প্রমাণ নিয়ে উপস্থিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন না করলেও আমি নিশ্চিত পাকিস্তানের চেয়ে কম চাপের মুখে আমাদের পড়তে হয়নি। তবে তা সত্ত্বেও চাপের সামনে আমরা যে নিজেদের অবস্থান বদল করে নিইনি, বাংলাদেশ সরকার সে জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।
আশ্চর্য হতে হয় একটি কথা ভেবে, যেসব দেশ গণতান্ত্রিক মূল্যবোধ কীভাবে সমুন্নত রাখতে হয়, সেই শিক্ষা আমাদের সমানে দিয়ে চলেছে, সেসব দেশই আন্তর্জাতিক অঙ্গনে গণতান্ত্রিক মূল্যবোধকে পদদলিত করে চলেছে। একই সঙ্গে সেই অন্যায় আচরণকে অগ্রসর চিন্তা বলে দাবি করে তা অনুসরণ করার জন্য নানাভাবে অন্যদের ওপর চাপ প্রয়োগ করে চলেছে। বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশগুলো অর্থনৈতিক ও সামরিক দিক থেকে জোটবদ্ধ হওয়ার পর এদের সেই তৎপরতা এখন আরও সম্প্রসারিত হচ্ছে বলেই মনে হয়। লিথুয়ানিয়ার ঘটনাকে সেই দৃষ্টিকোণ থেকে বিচার করা যেতে পারে।
তবে কথা হচ্ছে, কোভিড টিকার বিনা মূল্যের চালান পাওয়ার জন্য বাংলাদেশ কখনো লিথুয়ানিয়ার শরণাপন্ন হয়েছে বলে মনে হয় না। দেশটি সে রকম কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকলে সেটা দিয়েছে নিজেরা কতটা দানবীর, বিশ্বের সামনে বুক চিতিয়ে তা দেখিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের জনগণকে সাহায্য করার জন্য নয়। ফলে, আমাদের মনে হয় লিথুয়ানিয়ার এই উদ্ধত আচরণের জবাব ভিন্নভাবে হলেও দেওয়া প্রয়োজন।
লিথুয়ানিয়া অবশ্যই হচ্ছে পূর্ব ইউরোপের পিছিয়ে পড়া দেশের একটি, যেখানে দেশের মোট জনসংখ্যা প্রায় ২০ শতাংশকে এখনো দারিদ্র্যের মধ্যে কাটাতে হচ্ছে। মাথাপিছু আয়ের হিসাবের দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে থাকলেও বিশ্বব্যাংকের ২০২০ সালের হিসাব অনুযায়ী লিথুয়ানিয়ার মোট দেশজ উৎপাদনের পরিমাণ হচ্ছে বাংলাদেশের জিডিপির ৫০ ভাগের ১ ভাগেরও কম। অন্যদিকে, মাথাপিছু আয়ের দিক থেকে দেশটির এগিয়ে থাকার পেছনে প্রধান কারণ হচ্ছে জনসংখ্যার স্বল্পতা। লিথুনিয়ার মোট জনসংখ্যা ২০২০ সালে ছিল মাত্র ২৮ লাখ, যা কিনা আমাদের ঢাকা শহরের জনসংখ্যার কয়েক ভাগের এক ভাগ।
এর বাইরে আরও যোগ করতে হয় যে দেশটির অর্থনীতি এখন নেতিবাচক প্রবৃদ্ধির কবলে এবং দেশের রপ্তানি আয়ের প্রায় ১৫ শতাংশ রাশিয়ার ওপর নির্ভরশীল। মস্কোকে বধ করার পশ্চিমের নেওয়া প্রচেষ্টায় দেশটি যোগ দেওয়ায় নিশ্চিত করেই বলা যায় যে অর্থনীতির দুরবস্থা ভবিষ্যতে আরও ঘনীভূত হবে। ফলে, লিথুয়ানিয়ার সরকারের কাছে যে প্রস্তাব বাংলাদেশ সরকার এখন রাখতে পারে, তা হলো বাংলাদেশের জন্য নির্ধারিত টিকার চালান দেশটি নিজের মালিকানায় রেখে দিয়ে খোলাবাজারে তা বিক্রি করে দিলে দেশের অর্থনীতির জন্য প্রয়োজনের এই সময়ে সামান্য সাশ্রয়ের মধ্যে দিয়ে হয়তো হতে পারে। এর বাইরে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে বাংলাদেশের কাছে দেশটি ধরনা দিতে পারে, কেননা ইদানীং আমরা সে রকম সহায়তা অন্য কয়েকটি দেশকে দিয়েছি।
মনজুরুল হক জাপানপ্রবাসী শিক্ষক ও সাংবাদিক