বাংলাদেশের সারাহ পলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সারাহ পলিনকে নিশ্চয় মনে আছে। আলাস্কার সাবেক গভর্নর, জন ম্যাককেইনের সঙ্গে এক টিকিটে বারাক ওবামার বিরুদ্ধে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ঠিক সে কারণে তাঁর মুখ্য পরিচিতি নয়। সারাহ পলিনকে আমেরিকার এবং সম্ভবত বাকি পৃথিবীর সবাই চেনে আমেরিকার এক নম্বর গবেট রাজনীতিক হিসেবে। জার্নালিজমে ডিগ্রি আছে, অথচ মহিলা দৈনিক কী পত্রিকা পড়েন, জিজ্ঞাসা করা হলে একটি পত্রিকারও নাম বলতে পারেননি। বিদেশ সম্পর্কে তিনি কী জানেন, জিজ্ঞাসা করা হলে বলেছিলেন, ‘কেন, আমি তো আলাস্কায় থাকি। আমার বাড়ি থেকে তাকালে রাশিয়া দেখা যায়।’ তাঁর সে কথা ধরে কমেডিয়ান জিমি কিমেল ঠাট্টা করেছিলেন, অর্থনৈতিক মন্দাবস্থা নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট জর্জ বুশ দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা ও জন ম্যাককেইনকে হোয়াইট হাউসে তাঁদের সহপ্রার্থী জো বাইডেন ও সারাহ পলিনসহ আমন্ত্রণ করেছিলেন। ওবামা জো বাইডেনকে সঙ্গে আনলেও ম্যাককেইন পলিনকে আনেননি। জিমি কিমেল মন্তব্য করেছিলেন, ‘খুব ভুল করেছিলেন ম্যাককেইন। অর্থনৈতিক বিষয়ে পলিনের বিস্তর অভিজ্ঞতা আছে। কারণ তাঁর বাড়ির পাশেই তো একটা ব্যাংক আছে।’
তো এই পলিন নির্বাচনে পরাস্ত হলেও পত্রিকার পাতা ও টেলিভিশনের পর্দা থেকে অন্তর্হিত হননি। নিজেকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখার লক্ষ্যে তিনি ক্রমাগত উল্টাপাল্টা কথা বলে চললেন। আমেরিকার পত্রপত্রিকা ও টিভি চ্যানেলগুলো মহা-উল্লাসে তাঁর প্রতিটি কথা সবিস্তারে প্রচার করল। সেসব কথায় পাঠক ও দর্শককুল হেসে কুটি কুটি হলেন বটে, কিন্তু পলিনের নিজের উদ্দেশ্য ঠিকই সাধিত হলো। তিনি চেয়েছিলেন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকতে, তা যেভাবেই হোক না কেন। ভবিষ্যতে যদি ফের নির্বাচনী চক্রে ফিরে আসতে হয়, তাঁকে তখন নতুন করে একদম গোড়া থেকে আর শুরু করতে হবে না।
বাংলাদেশের রাজনীতিতেও একজন সারাহ পলিন আছেন। তাঁর নাম তারেক জিয়া। ২০০৮ সালের ফখরুদ্দীন-মইন সরকারের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে চিকিৎসার নামে লন্ডনে চলে আসেন। শুনেছিলাম, তাঁর মা নাকি পরামর্শ দিয়েছিলেন, ‘বিলাতে লেখাপড়ার বিস্তর সুযোগ, সেখানে একটু পড়াশোনার চেষ্টা করো।’ সে কথা তিনি খুব যে কানে নিয়েছিলেন, তা মনে হয় না, তবে সারাহ পলিনের রাজনৈতিক রণকৌশল তিনি ঘনিষ্ঠভাবে অনুসরণের সুযোগ পান। রাজনৈতিকভাবে নির্বাসিত হলেও বাংলাদেশের রাজনীতির একজন ব্যক্তি হিসেবে টিকে থাকার জন্য তিনি পত্রিকার পাতা ও টিভির পর্দাকে ব্যবহারের সিদ্ধান্ত নিলেন। সাম্প্রতিক সময়ে এই কাজটা সারাহ পলিনের চেয়ে অধিক কার্যকরভাবে আর কেউ করেননি। ফলে সারাহকেই তিনি মডেল হিসেবে বেছে নিলেন। একের পর এক উদ্ভট ও হাস্যকর মন্তব্য করা শুরু করলেন তারেক। কখনো নিজের প্রয়াত বাবাকে দেশের প্রথম প্রেসিডেন্ট বলে দাবি করলেন, কখনো বা তাঁর বাবাই স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধু নন—এমন দাবি করলেন। এমনকি এমন কথাও বললেন, বঙ্গবন্ধু একজন ব্যর্থ রাজনীতিক, তাঁকে ‘পাকবন্ধু’ নাম দিয়ে তারেক দাবি করলেন, বঙ্গবন্ধু রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন তাঁর বাবার জন্যই।
এসব কথা অতি বালখিল্য, তার বিচার-বিশ্লেষণ সম্পূর্ণ অর্থহীন। আমার নিজের ধারণা, তারেক নিজেও সে কথা জানেন। তার পরও এজাতীয় অবান্তর কথা তিনি একের পর এক বলে যান, কারণ তাঁর বক্তব্য যত বেশি কাল্পনিক ও অসার হয়, বাংলাদেশের পত্রপত্রিকা ও টিভিতে তা তত বেশি গুরুত্ব পায়। শুধু পত্রপত্রিকা নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের সর্বোচ্চ পর্যায় থেকেও সেসব বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়। এর ফলে তারেকের বলা অবান্তর কথাও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হয়ে পড়ে, পত্রপত্রিকায় তাঁর অর্থহীন বক্তব্যগুলো নতুন জীবন লাভ করে।
এর ফলে সারাহ পলিনের মতো তারেক রহমানও প্রায় প্রতিদিন আমাদের খাবারের টেবিলে, বসার ঘরে, চায়ের দোকানে তুমুল তর্কবিতর্কের বিষয়বস্তু হয়ে উঠেছেন। (আমার এই রাজনৈতিক কলাম সে কথারই প্রমাণ।) রাজনৈতিকভাবে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বক্তব্য দিয়ে মুফতে এমন ‘মিডিয়া কাভারেজ’ বাংলাদেশের রাজনীতিতে আর কেউ পেয়েছেন বলে আমার জানা নেই। তারেক রহমানের নামে কম করে হলেও ১৬টি মামলা ঝুলছে। তাঁর রাজনৈতিক ‘অ-বক্তব্য’ গুরুত্বের সঙ্গে প্রচারিত হওয়ায় তাঁর দুর্নীতি মামলার খবর ক্রমেই গৌণ হয়ে পড়ছে। একসময় হয়তো এমন দাঁড়াবে যে মামলার কথা উঠলে পাঠক-দর্শকদের অনেকে বলা শুরু করবেন, কই, এসবের কিছু তো আগে শুনিনি! এসব নির্ঘাত ক্ষমতাসীন দলের চালাকি, তরুণ বিএনপি নেতাকে হয়রানির পাঁয়তারা। যাঁরা আওয়ামী লীগের সব কাজেই ষড়যন্ত্র খুঁজে পান, তাঁরা তো বিশ্বাস করবেনই, এমনকি যাঁরা রাজনৈতিকভাবে নিরপেক্ষ, তাঁরাও এতে সত্যের শস্যকণা পেয়ে যাবেন।
রাজনীতিতে সত্য কখনোই খুব গুরুত্বপূর্ণ নয়, যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকাই সেখানে মুখ্য। এখন থেকে প্রায় ৬০০ বছর আগে এই শিক্ষাটা দিয়েছিলেন নিকোলো ম্যাকিয়াভেলি। মেদিচির শাসক, লরেঞ্জো দে মেদিচির জন্য লেখা তাঁর প্রিন্স গ্রন্থে ম্যাকিয়াভেলির যুক্তি ছিল, সত্য একদম অর্থহীন নয়। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে হলে যদি মিথ্যা বলতে হয়, তাতে দোষের কিছু নেই। বরং রাজার জন্য সেটাই অবশ্যপালনীয়। ন্যায়-নীতি মেনে চললে রাজার ক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে। অতএব, নিজের অস্তিত্বের স্বার্থেই তাঁকে যুদ্ধে নামতে হবে, যার প্রধান অস্ত্র হবে মিথ্যা, ম্যাকিয়াভেলি তাঁর প্রিন্সকে পরামর্শ দিয়েছিলেন।
বাংলাদেশের বিভক্ত রাজনৈতিক ডাইনেস্টির এই নব্য প্রিন্সও ওস্তাদ ম্যাকিয়াভেলির পরামর্শ অক্ষরে অক্ষরে পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কী করবেন, সে ব্যাপারে তাঁকে প্রভাবিত করার কোনো ক্ষমতা আমাদের নেই। কিন্তু তাঁর মিথ্যাচার নিয়ে আমরা কী করব, সেই সিদ্ধান্ত নেওয়ার পুরো ক্ষমতা আমাদের নিয়ন্ত্রণে। রাজনৈতিক আত্মরক্ষার জন্য তারেক অনর্গল যে মিথ্যাচার করে চলেছেন, তাকে গুরুত্ব না দিয়ে সেসব বক্তব্য বিনা বিলম্বে রাজনৈতিক ডাস্টবিনে নিক্ষেপই হবে সবচেয়ে সঠিক ব্যবস্থা। কিন্তু এ কাজটি আমরা একা করে উঠতে পারব না। তথ্যমাধ্যমকেও আমাদের সঙ্গে থাকতে হবে। দু-তিন দিন পর পর তারেকের ‘ওয়াজ-নসিহত’কে পত্রিকার বা টিভির শীর্ষ সংবাদ বিবেচনা না করে তারা যদি বড়জোর ‘ফুটনোট’ হিসেবে গ্রহণ করায় অভ্যস্ত হয়, তাহলে আমরা পাঠক-শ্রোতা যেমন বেঁচে যাই, তেমনি বঙ্গবন্ধুকেও অত ঘন ঘন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় না। জাতির জনকের প্রতি এই সম্মানটুকু দেখানো শুধু শোভনই নয়, জাতি হিসেবে আমাদের পরিপক্বতার পরিচায়কও।
নিউইয়র্ক
হাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক৷