দীর্ঘ রহস্যজনক নীরবতা ভেঙে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ বাড়ানোর ঘটনায় মুখ খুললেন। তবে তিনি যে বিস্ময়কর ও ভয়ংকর বার্তা দিলেন, তার চেয়ে বরং মুখ বন্ধ করে রাখাটাই শ্রেয় ছিল। বাইডেনের সহযোগী ও ন্যাটোর কর্তাব্যক্তিদের তাঁর বক্তব্য থেকে অর্থ খুঁজে পেতে রীতিমতো কসরত করতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বাইডেনকে প্রশ্ন করেছিলেন, আপনার কি মনে হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আবার হামলা চালাবেন? এর উত্তরে তিনি বলেছেন, ‘আমার ধারণা, তিনি অগ্রসর হবেন। তিনি কিছু একটা করে বসতে পারেন।’ সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে, বাইডেনের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ন্যাটো সদস্যদের মধ্যে অনৈক্য কতটা প্রবল। ইউক্রেনে যদি রাশিয়ার আগ্রাসন ঘটে, তাহলে তার প্রতিক্রিয়ায় জোটের সদস্যরা পোল্যান্ড ও রোমানিয়ায় আরও কিছু সৈন্য পাঠাবে। যদিও পুতিন যত বড় অপরাধের হুমকি সৃষ্টি করেছেন, তাতে করে এই পদক্ষেপ খুবই সামান্য।
‘পুতিন কিছু একটা করতে পারেন’, এটা স্বীকার করার মাধ্যমে বাইডেন রাশিয়ার প্রেসিডেন্টের কর্মকাণ্ডে একপ্রকার সম্মতিই জানিয়ে দিলেন। তিনি আগ্রাসনকারীকে ঠেকানোর বদলে জনগণের মনোজগৎ প্রস্তুত করলেন।
রাশিয়া বাইডেনকে একজন দুর্বল প্রেসিডেন্ট বলে মনে করে। ক্রেমলিন প্রশাসন মনে করে সুযোগ কাজে লাগানোর মতো নেতৃত্বগুণ বাইডেনের নেই। সাম্প্রতিক বক্তব্যে বাইডেন সেটাই প্রমাণ করলেন। আরও কিছু সৈন্য বাড়ানো কোনোভাবেই নীতি হতে পারে না। এটা একটা অজুহাত। ন্যাটোকে জোট হিসেবে নিজেদের নৈতিক মূল্যবোধ ঊর্ধ্বে তুলে ধরতে হবে। যদিও বাইডেন তাঁর বক্তব্যে এটাও নিশ্চিত করেননি যে পোল্যান্ড ও রুমানিয়ায় যে সৈন্য পাঠানোর কথা তিনি বলেছেন, সেটা স্থায়ী হবে কি না। ফলে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইউক্রেন পরিস্থিতির উত্তরণ ঘটাবে না কিংবা পোল্যান্ডের নিরাপত্তাও নিশ্চিত করবে না।
সম্ভাব্য নিষেধাজ্ঞার ধরন কেমন হতে পারে, তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি বাইডেন। আগ্রাসন শুরু করলে রাশিয়াকে মূল্য দিতে হবে এ রকম ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন তিনি। ইউক্রেনে রুশ আগ্রাসন যখন আসন্ন ও বাস্তব, তখন কঠোর নিষেধাজ্ঞা হতে পারত ক্রেমলিনকে নিবৃত্ত করার প্রধান উপায়। অপরাধী যদি তার অপরাধের আগেই জানে কতটা কঠোর শাস্তি তাকে ভোগ করতে হবে, তাহলে নিশ্চয়ই নিজের অবস্থান থেকে সরে আসে। বাইডেনের বাক্–সংযমকে ধন্যবাদ! তাঁর বক্তব্য থেকে এটা স্পষ্ট যে আগ্রাসন শুরু করলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কতটা মৃদু হবে। ‘পুতিন কিছু একটা করতে পারেন’, এটা স্বীকার করার মাধ্যমে বাইডেন রাশিয়ার প্রেসিডেন্টের কর্মকাণ্ডে একপ্রকার সম্মতিই জানিয়ে দিলেন। তিনি আগ্রাসনকারীকে ঠেকানোর বদলে জনগণের মনোজগৎ প্রস্তুত করলেন।
এখন মনে হচ্ছে ন্যাটোর শক্তিশালী দুই ক্রীড়নক যুক্তরাষ্ট্র ও জার্মানি ক্রেমলিনকে একটা সংকেত দিল। ছোট পরিসরের আগ্রাসন (যেমন দনবাসে সীমান্ত সম্প্রসারণ কিংবা ক্রিমিয়া পর্যন্ত করিডর তৈরি) হলে ছোটখাটো নিষেধাজ্ঞা দেওয়া হবে। নর্ড স্ট্রিম-২ পাইপলাইন প্রকল্প বাতিল হবে না, সুইফট গ্লোবাল পেমেন্টস-ক্লিয়ারিং সিস্টেম থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে অপসারণ করা হবে না। কিংবা বড় পরিসরে ন্যাটো সৈন্যদের সমাবেশের মতো কোনো পদক্ষেপও নেওয়া হবে না।
বিষয়টি ১৯৩৮ সালের মিউনিখ চুক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আগ্রাসনকারীকে পথ করে দিয়ে শান্তি রক্ষা করার নীতি এটা। নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে কেন ন্যাটোর সদস্যদের মধ্যে ঐকমত্য থাকবে না? এর দায়টা জার্মানিকে নিতে হবে। নর্ড স্ট্রিম-২ পাইপলাইনটি রাশিয়ার সঙ্গে ইউরোপকে যুক্ত করছে। কিন্তু ইউক্রেন ও পোল্যান্ডকে এ প্রকল্পে পাশ কাটানো হয়েছে। এ ক্ষেত্রে জার্মানির আচরণ লজ্জাজনক।
নর্ড স্ট্রিম প্রকল্প নিয়ে আদর্শ যুক্তি হলো, এটা একটা অর্থনৈতিক প্রকল্প। কিন্তু এই খোঁড়া যুক্তি কেউ বিশ্বাস করে না, এমনকি যাঁরা এই যুক্তি তৈরি করেছেন, তাঁরাও না। এই পাইপলাইনের মাধ্যমে ইউক্রেন থেকে অর্থ বাঁকা পথে সরিয়ে নেওয়া হচ্ছে। কেননা, ইউক্রেন তাদের ভূমি দিয়ে গ্যাস সরবরাহ হওয়ায় রাশিয়ার কাছ থেকে ট্রানজিট ফি নিতে পারে। একই সঙ্গে পুতিনের বিরুদ্ধে ব্যবহারের শেষ ট্রাম্প কার্ডটাও হারাচ্ছে ইউক্রেন। গ্যাস সরবরাহব্যবস্থা বন্ধ করে দিয়ে পশ্চিম ইউরোপের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণে রাশিয়াকে বাধ্য করতে পারত ইউক্রেন। যদিও স্বাভাবিক সময়ে এ ধরনের কাজ কখনোই করবে না ইউক্রেন। কেননা, পশ্চিমাদের প্রতিক্রিয়ার ভয় দেশটির রয়েছে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেল।
বাইডেন এখন যখন তাঁর দুর্বলতা প্রকাশ করে দিলেন, তখন পুতিনের সামনে যা খুশি তাই করার আর বাধা রইল না। যুক্তরাষ্ট্র সম্ভবত ধরেই নিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এড়ানো যাবে না। কিন্তু এ ক্ষেত্রে ইউক্রেনও নমনীয় হবে না। কেননা, নিজেদের আর এক ইঞ্চি ভূমিও তারা হারাতে চায় না। যদি রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক ও সর্বসম্মত পদক্ষেপ নেওয়া যেত, সেটা হয়তো পশ্চিমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করত, কিন্তু রাশিয়াকে অনেক বেশি মূল্য দিতে হতো। দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে, বাইডেন ও পশ্চিমারা ইউক্রেনকে পরিত্যাগ করল।
ইংরেজি থেকে অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
● স্লাভমির সিয়েরাকভস্কি জার্মান কাউন্সিল ফর ফরেন রিলেশনসের সিনিয়র ফেলো