বাইরে দূরত্ব কমছে, বাড়ছে ভেতরে
বাবা তাঁর শিশুকন্যাকে বললেন, ১ থেকে ১৫ পর্যন্ত গোনো তো। ছয় বছরের শিশু ভারতী গুনতে পারল না। মেয়ের এই ব্যর্থতায় বাবা এমন রেগে গেলেন, আস্ত একটা পেঁয়াজ ওর মুখে পুরে ঠেলে ঢুকিয়ে দিলেন গলায়। এতে শ্বাসরোধে মারা গেল মেয়ে। অপকর্ম ঢাকতে নিষ্প্রাণ মেয়েকে মাটিচাপা দিলেন বাবা। ৯ জুলাই ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গবাদ জেলায় এ ঘটনা ঘটে। ঘটনা ওখানেই চাপা পড়ে থাকত, যদি মেয়েটির মা থানায় না যেতেন। গত সোমবার স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দেন তিনি। গতকাল মঙ্গলবার পুলিশ গিয়ে বাবা সঞ্জয়কে (৩২) গ্রেপ্তার করে।
সংবাদমাধ্যমে প্রকাশিত এ খবর জেনে সুস্থ-স্বাভাবিক যেকোনো মানুষের মন উতলা হবে। পৃথিবীতে মা-বাবার চেয়ে আপনজন আর কে আছে? সন্তানের সাফল্যে সবচেয়ে খুশি হন মা-বাবা। ব্যর্থতা বা কষ্টে তাঁরাই সবচেয়ে সমব্যথী হয়ে থাকেন। বাবার বুকে মাথা রাখলে বুকে যে বল পাওয়া যায়, তা দিয়ে এভারেস্ট জয় করা যাবে। মায়ের একটুখানি হাতের পরশে মেলে নায়াগ্রা জলপ্রপাতের উচ্ছ্বাস। তাঁরাই যদি আশ্রয়টুকু সরিয়ে নিয়ে উল্টো সংহার মূর্তি ধারণ করেন, তাহলে শিশুরা যাবে কোথায়?
একটা সময় ছিল, যখন মানুষে মানুষে সম্পর্ক তৈরি ও রক্ষার ক্ষেত্রে সবচেয়ে কষ্টসাধ্য বিষয় ছিল যোগাযোগ। এক জায়গা থেকে আরেক জায়গায় খবর বা তথ্য পাঠাতে কত কষ্টই না করেছে মানুষ! কত-না ছিল কায়দা-কৌশল! দূরবর্তী স্থানে চিঠি দিয়েছে প্রশিক্ষণ দেওয়া পায়রার মাধ্যমে। যখন ডাকযোগে যোগাযোগের সুযোগ এল, তখন বল্লম আর লন্ঠনধারী ডাক হরকরার ছিল বিশেষ কদর। রানারের হাত থেকে একটি উমদা চিঠি পেতে কোনো কোনো মানুষ তীর্থের কাকের মতো বসে থেকেছে।
আর রানারদের জীবনও ছিল বটে। রাত নেই দিন নেই, মাঠঘাট আর বনবাদাড় পেরিয়ে গন্তব্যের দিকে ছোটো। মানবজাতি তার সভ্যতার ক্রমবিকাশে বোধ হয় সবচেয়ে বেশি কাঠখড় পুড়িয়েছে যোগাযোগের উন্নতি সাধনে। যুগে যুগে প্রযুক্তিগত উন্নয়ন মানুষের সে সাধ মিটিয়েছে। এখন মানুষে মানুষে যোগাযোগের বিষয়টি তাদের হাতের মুঠোয়। বিশ্বের এক প্রান্ত থেকে একজন মানুষ ছোট্ট একটি যন্ত্রের মাধ্যমে নিমেষে আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে পারে। মনের ভাব বিনিময় করতে পারে। সুপারসনিক বিমান আর বুলেট ট্রেনের মতো বাহন মানুষকে নিমেষে নিয়ে যায় হাজার হাজার কিলোমিটার দূরের গন্তব্যে। যোগাযোগের এই রমরমা দিনে মানুষে মানুষে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব আর সৌহার্দ্য আগের যেকোনো সময়ের চেয়ে নিবিড় হওয়ার কথা। অথচ এর বিপরীত চিত্রটিই দৃশ্যমান।
বাইরের দূরত্ব এখন কমছে বটে, বাড়ছে হৃদয়ের দূরত্ব। পারিবারিক বন্ধনই হোক, আর সম্পর্কের হৃদ্যই হোক, চিরচেনা সেই মমত্ববোধ আর আন্তরিকতা যেন ম্লান হয়ে যাচ্ছে মানবসমাজ থেকে। বাড়ছে প্রতিযোগিতা, বিদ্বেষ, শ্রেষ্ঠত্বের লড়াই।
সন্তানদের শিক্ষা নিয়ে মা-বাবার মধ্যে একধরনের তাগিদ অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কখনো কখনো তা উন্মত্ততায় রূপ নেয়। এ বছরই রাজধানীর বনশ্রীতে দুই শিশু হত্যার ঘটনায় তাদের মা মাহফুজা মালেক জেসমিনকে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ ব্রিফিংয়ে র্যাব দাবি করে, ওই শিশু দুটিকে হত্যার দায় স্বীকার করে মা জবানবন্দি দিয়েছেন। বলা হয়, শিশু দুটির পড়াশোনা নিয়ে একধরনের হতাশায় ভুগছিলেন বলে মা জানিয়েছেন। এটি যেহেতু বিচার্য বিষয়, এ নিয়ে আর কিছু বলা যায় না। তবে রাজধানীর বিভিন্ন স্কুলে, বিশেষ করে ছোটদের শিক্ষাপ্রতিষ্ঠানে ইদানীং একধরনের প্রতিযোগিতা লক্ষ করা যায়। এই প্রতিযোগিতা চলে মায়েদের মধ্যে। ক্লাসটেস্ট বা পরীক্ষায় ছেলে বা মেয়ে যাতে সর্বোচ্চ নম্বর পায়, সে চেষ্টায় অনেকটা মরিয়া থাকেন তাঁরা। নম্বর একটু কম পেয়েছে তো শিশুসন্তানের ওপর নির্দয় আচরণেও পিছপা হন না। শিশুকে শিখতে হবে, জানতে হবে, অনেক বড় শিক্ষিত হতে হবে—সবই ঠিক আছে। তবে প্রাণ খুইয়ে নয়। আর শিশুকে মানুষের মতো মানুষ করে তুলতে চাইলে সে যেন শিক্ষার পাশাপাশি পরোপকার, মূল্যবোধ, ন্যায়পরায়ণতা—এসব মানবিক গুণও রপ্ত করতে পারে, এদিকেও বিশেষ খেয়াল রাখতে হবে। শিশুর প্রতি অমানবিক আচরণ ভবিষ্যতে তাকেও যে নির্মম করে তুলবে, এটা ভুলে গেলে চলবে না।