বাকস্বাধীনতাই কি শ্রেষ্ঠত্বের মাপকাঠি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনে মুদ্রণমাধ্যমে প্রকাশিত কিছু পত্রিকার প্রচ্ছদ
চীনে মুদ্রণমাধ্যমে প্রকাশিত কিছু পত্রিকার প্রচ্ছদ

শিনচিয়াংয়ে চীনের সিনহুয়া নিউজ এজেন্সির ডেপুটি এডিটর ইন চিফ হা চানচুন এবং বেইজিংয়ে চায়না পিক্টোরিয়ালের ডেপুটি এডিটর ইন চিফের সঙ্গে চীনা গণমাধ্যমের সাম্প্রতিক প্রবণতা নিয়ে দীর্ঘ আলোচনার সুযোগ হলো। এককথায় যা বুঝলাম, তা হলো, আমরা যেভাবে সরকার থেকে সম্পূর্ণ আলাদা করে মিডিয়ার স্বাধীনতা বুঝি, সেভাবে তাঁরা বোঝেন না। মিডিয়া চীনা শাসনের অবিচ্ছেদ্য অংশ।
তাঁরা মরিয়া হয়ে নিজেদের বিশালত্ব বোঝানোর চেষ্টা করেন। সিসিটিভির (চায়না সেন্ট্রাল টেলিভিশন) ৫০ তলা ভবনে গিয়েও মনে হলো, তারা অবয়বে কত বড়, সেটা দেখিয়েই বিশ্বকে মুগ্ধ করতে চায়। বিশ্ব সিনহুয়া বা সিসিটিভি প্রচারিত খবরকে কতটা বিশ্বাসযোগ্য মনে করে, সেটা জানা-বোঝা বা যাচাইয়ের ব্যাপারে তারা কান খাড়া করে রেখেছে, তা কখনো মনে হয়নি।
কিন্তু সিনহুয়ার ওই সাংবাদিক এটা বলে গর্ববোধ করছিলেন যে সিনহুয়া একটি বিশ্বমানের সংবাদ সংস্থা। এই ‘বিশ্বমান’ কথাটার মানে হলো, তারা রয়টার্স, এপি, এএফপির সমকক্ষ। কিছু দিক থেকে নিশ্চয় তুলনীয়, কিন্তু সর্বজনীন মর্যাদা ও বিশ্বাসযোগ্যতার দিক থেকে?
চীনা প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে ওয়াকিবহাল—এমন একজনকে বললাম, মুশকিলটা কি জানেন, সিনহুয়া বা সিসিটিভি বিশ্বের যে প্রান্তে বসেই কোনো সর্বোচ্চ গুণমান দিয়ে কোনো খবর প্রচার করুক না কেন, ওতে অনেক পাঠক চীনা সরকারের গন্ধ পাবেন। এটা থাকলে স্বাধীনতার হানি ঘটে। তিনি একমত হলেন। বললেন, বড় নেতাদের ভেতরকার দুর্নীতির খবর প্রকাশের পর শুনলাম নিউইয়র্ক টাইমস আর পড়তে দেওয়া হয় না। ওর ওয়েবসাইট দেখা যায় না।
তিনি আরও বললেন, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে অনেক দিন ধরেই পার্টিতে আলোচনা চলছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাচ্ছে না। বললাম, বেসরকারি খাতে বিনিয়োগের মতোই এই খাতে চীন বেসরকারি বিনিয়োগকে শর্ত সাপেক্ষে উৎসাহিত করতে পারে। চীনা নেতারা ভবিষ্যতে মিডিয়ার ওপর কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকাকে রাষ্ট্রের জন্য বিপজ্জনক মনে করলে অবাক হব না।
বিপদটা হলো সত্য জানতে না পারা, বা কম জানতে পারার কারণে সুশাসনে ঘাটতি পড়া। তথ্যের অবাধ প্রবাহ—দুর্ভিক্ষ বা অপশাসন, দুটোরই রাশ টানতে পারে। সিসিটিভি দিয়ে সিপিসি শাসনের স্থিতাবস্থাকে আরও দীর্ঘকাল আগলে রাখা যেতে পারে; কিন্তু বিশ্ববাসীর সমীহ অর্জনটা বহুলাংশে অধরা থেকে যেতে পারে। আমি বিনা শর্তে পশ্চিমা ধাঁচের স্বাধীনতাকে নকল করতে বলি না। আমরা ভুলব না, ইরাক ও আফগানিস্তানে মুসলিম নিধনে বুশের উন্মাদনাকে তথাকথিত মূলধারার পশ্চিমা মিডিয়া কবুল করেছিল।
চীন চায় গণতন্ত্র, সমাজতন্ত্র ও আইনের শাসন চীনা বৈশিষ্ট্যমণ্ডিত হোক। কিন্তু মিডিয়ায় তা অতটা চলবে কী। দেখলাম, মিডিয়ার চীনায়িত হওয়া নয়, বিশ্বায়িত হওয়ারই আকাঙ্ক্ষা তাদের তীব্র। চানচুন বলেছেন, ‘প্রথমত জনমত, বিশেষ করে নিউ মিডিয়া আসার পরে আরও বেশি বিচিত্র হতে বসেছে। ইন্টারনেটের কারণে “অবৈধ তৎপরতা” বেড়েই চলেছে। সামাজিক স্থিতিশীলতা ও চীনা অর্থনীতি সুরক্ষায় কোনো একটিমাত্র “মূলধারার জনমত” নির্দিষ্ট করা কষ্টসাধ্য হয়ে উঠছে। চলতি চীনা সমাজ একটি ক্রান্তিকাল পার করছে। চীন ক্রমবর্ধমান হারে অধিকতর ভিন্নমতের আদর্শ, মূল্যবোধ ও নৈতিকতা স্পষ্ট হয়ে উঠছে।’ আমার বিবেচনায় চীনে নীরবে যে একটি ভিন্নধর্মী সাংস্কৃতিক বিপ্লব ঘটছে, এসব হয়তো তারই লক্ষণ।
দ্বিতীয়ত, তথ্য যোগাযোগের ডিজিটালাইজেশন ঐতিহ্যগত নিয়ন্ত্রণকে ছারখার করে দিচ্ছে। শিনচিয়াং থেকে বেইজিং—সর্বত্র দেখলাম পর্নোর ছড়াছড়ি। গুগল, ফেসবুক যারা নিয়ন্ত্রণ করতে পারে, তারা কেন পর্নো আটকাতে পারে না। চীনা বাইদু ডটকম নাকি এক শক্তিমানের। গত নভেম্বরে বেইজিংয়ে জ্যেষ্ঠ এক চীনা নেতা ফেসবুক নিয়ন্ত্রণের পক্ষে যুক্তি দিতে তাঁর স্কুলগামী মেয়ের নৈতিকতা সুরক্ষার কথা বলেছিলেন। কিন্তু বাইদু ডটকমে এ কী দেখলাম। চীনারা অবশ্য মানছেন, জনমত গঠনে মিডিয়া আগের চেয়ে বেশি প্রভাব ফেলছে। মুদ্রণ সংবাদপত্র মুখ থুবড়ে পড়লেও নাসদা, সিনো উইবো (চীনা টুইটার) স্টক মার্কেটে মিলিয়ন ডলার ব্যবসা করছে।
তবে চানচুন তৃতীয় যেটা বললেন, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। এটা চীনের এক নম্বর চ্যালেঞ্জ। চানচুন বলেন, ‘চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, কিন্তু বিশ্বে দ্রুত বর্ধনশীল চীনের আন্তর্জাতিক ভাবমূর্তি যেভাবে বাড়ছে, তার সঙ্গে চীন সম্পর্কে বিশ্ববাসীর মনে যে “গৎবাঁধা ভাবমূর্তি” রয়েছে, তার মধ্যে “ব্যবধান” আরও বাড়ছে।’ এর সরল মানে দাঁড়ায়, চীন বড় ধনীর মর্যাদা পাচ্ছে। বড় মিয়ার মাথায় মানুষ ছাতাও ধরছে। কিন্তু মিডিয়া-মর্যাদায় ঘাটতি চলছেই। চীনের চিনচিনে ব্যথাটা এখানেই।
ডাক্তারদের মতো চীনও সাংবাদিকদের লাইসেন্স দিচ্ছে। এর সঙ্গে নাকি নিয়ন্ত্রণের সম্পর্ক নেই। কারণ, নীতি মানতে হবে। কিন্তু এসব লঙ্ঘনের দায়ে সাম্প্রতিক কালে কতজন জেলে গেছেন? সেমিনারে আমার প্রশ্নের উত্তরে চানচুন বললেন, কিছু বিচ্যুতির জন্য শাস্তি হয়েছে।
চীন তার অর্থনৈতিক সফট পাওয়ারের জোর খাটিয়ে আমেরিকার মোড়লিপনায় ভাগ বসিয়ে আসছিল। কিন্তু এখন তার নতুন অনুভূতি হলো নিউ মিডিয়ার রাজত্বে এই সফট পাওয়ার আর ধন্বন্তরি মনে হচ্ছে না। তাই চিনচান বলছেন, ‘চীনা
সফট পাওয়ার বৃদ্ধি এবং বৈশ্বিক বিষয়-আশয় পরিচালনায় চীনাদের সম্পৃক্ত থাকার কাজ অতীতের যেকোনো সময়ের তুলনায় কঠিনতর হয়ে
পড়েছে।’ বিশ্ব শাসনে মিডিয়া চাই। তাই ‘সভ্যতার সংঘাতের’ পরিবর্তে কি সামনে চোখ ধাঁধাবে নিউ মিডিয়া সংঘাত?
১ হাজার ৯০০ দৈনিক সংবাদপত্র এবং ৯ হাজার ৮০০ সাময়িকীর একটিও আরামবাগ মার্কা প্রকাশনা নয়। তিন হাজারের বেশি চ্যানেলসহ প্রায় আড়াই শ টিভি স্টেশন নিয়ে চীন ই-শাসনের নবযাত্রায় শামিল হয়ে গেছে। তার প্রতিটি প্রদেশ, পৌরসভা ও স্বায়ত্তশাসিত অঞ্চল প্রশাসনিকভাবে কেব্ল টিভির মাধ্যমে যুক্ত। ২ হাজার ৭০০ ফ্রিকোয়েন্সিসহ ২০০ রেডিও স্টেশনও কিন্তু ই-শাসন, বিনোদন ও খবরের জোগান দিচ্ছে। তবে, সেগুলোতে সরকার বা দলের নিয়ন্ত্রণ কতটুকু, তা অস্পষ্ট। উইঘুরসহ বড় জাতিগত সংখ্যালঘুদের নিজ নিজ ভাষায় টিভি চ্যানেল আছে। সবচেয়ে চমকপ্রদ হলো, মুদ্রণমাধ্যমের দোকানপাট যখন ধুপধাপ বন্ধ এবং তার সার্বিক বিজ্ঞাপন যথেষ্ট কমে গেছে, তখনো চীনা জিডিপির প্রবৃদ্ধির তুলনায় চীনা মিডিয়াশিল্পের জিডিপির প্রবৃদ্ধি বেশি। আসলে কাগজ সভ্যতার সূতিকাগার চীন ইতিমধ্যে কাগজমুক্ত এক নতুন সভ্যতা গড়ে তুলেছে। ‘রাষ্ট্রনিয়ন্ত্রিত’ সিনহুয়া ডেইলি টেলিগ্রাফ প্রতিদিন ১৬ লাখ ছাপে, স্বাধীন নিউইয়র্ক টাইমস–এর চেয়ে তা ৩ লাখ বেশি। নারীদের সাপ্তাহিক ফেমিনা ১৬ লাখের বেশি। আর চীনের শীর্ষ দৈনিক রেফারেন্স নিউজ-এর দাম ১৫ শতাংশ বৃদ্ধির পরেও ৩২ লাখ ছাপা হয়।
‘নিউ মিডিয়া’ নয়া চীন তৈরি করছে। কোটি কোটি মানুষ রাতবিরাতে অবাধে ব্যক্তিগত সুখ-দুঃখের ‘কথা’ বলছেন। বিনিসুতোর এই কথামালায় চীনের বাক্স্বাধীনতা বাড়ছে। এই কথামালা চীনের সব কটি জানালা খুলে দিতে পারে। সামাজিক মিডিয়ার প্রবৃদ্ধি ‘বিস্ফোরণোন্মুখ’। মাত্র চার বছর আগে চীনে ব্লগ ও দুই বছর আগে চ্যাট এসেছে। ১৩৭ কোটি মানুষের দেশটির ৩০ কোটি লোক বছর না ঘুরতেই ‘উইচ্যাট’-এ নিবন্ধিত হয়েছে। এই উইচ্যাট প্রতিমুহূর্তে এক চীনা বৈশিষ্ট্যপূর্ণ স্বাধীন সমাজের রূপান্তরকরণ তীব্র করছে। নিউ মিডিয়াকে তারা জনমত যাচাইনির্ভর ই-শাসনে; বিশেষ করে নেতাদের জবাবদিহি ও প্রশাসন চালানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারে।
শিনচিয়াংয়ের বৃহৎ টিভি ভবনে প্রশ্ন করলাম, এই যে এতগুলো চ্যানেলে খবর ও অনুষ্ঠান সম্প্রচার চলে, তার এক নম্বর ব্যক্তি কে? কোনটি যাবে আর কোনটি যাবে না, তা ঠিক করেন কে? উত্তর পেলাম, এটা একটি মাথা থেকে আসা কোনো ব্যাপার নয়, সম্পাদকীয় পর্ষদ নীতি অনুযায়ী যে যার মতো সিদ্ধান্ত নেয়।
চীনে সংস্কার কথাটি সবচেয়ে জনপ্রিয়। তাদের নয়া নীতি—গো গ্লোবাল। এরও সারকথা হলো চীনের আন্তর্জাতিক মর্যাদার সঙ্গে তার তথ্য যোগাযোগ ঘাটতি পূরণ করা। কত দ্রুত তারা নিজেদের বদলাতে পারে, সেটা সত্যি অনুকরণীয়। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মূলধারার মিডিয়ার সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন। চীনারা গর্বের সঙ্গে বলেন, ইন্টারনেটের সঙ্গে খাপ খাওয়াতেই ৩ হাজারের বেশি খবরের কাগজ ও সাময়িকীর সাড়ে ৯৬ শতাংশ, ৫৮০টির বেশি প্রকাশনা সংস্থা, ৩ হাজারের বেশি সিনহুয়া
বুকস্টোর, ৮৫০টি চিত্র তৈরি সংস্থা, ৫৭ টিভি সিরিজ নির্মাতা ও ৩৮টি দলীয় পত্রিকা বণ্টন ইউনিট রকেটগতিতে ‘এন্টারপ্রাইজে’, অর্থাৎ নতুন ধাঁচের কাঠামোতে পরিণত হয়েছে। এগুলো জনবিচ্ছিন্ন নয়। কিন্তু তাদের চাই বিশ্ববাসীর মর্যাদা। উইঘুরের মুসলমানরা রোজা রাখতে পারেন না—এই রকম খবর চীনা মিডিয়া নাকচ করলেও তা পশ্চিমা মিডিয়ার অতিরঞ্জন বা বিভ্রান্তিকর খবরকেই বেশি বিশ্বাসযোগ্য করে রাখে। এটাই চীনের অস্বস্তি।
‘পশ্চিমা মিডিয়ার একচেটিয়া প্যাটার্ন’ তাই চীন ভাঙতে চায়। ‘প্রাচ্যের চেয়ে পাশ্চাত্য শ্রেষ্ঠ’—চীন এই গতানুগতিক ধারণাকে ভাঙতে চায়। আমি বলি, একে উল্টে দেওয়ার দরকার নেই। যার যা শ্রেষ্ঠ তাই টিকবে, চীনা বৈশিষ্ট্যপূর্ণ বাক্স্বাধীনতা পশ্চিমের ‘অবাধ’ বাক্স্বাধীনতার মানকে ছাপিয়ে যাবে কি না, জানি না। তবে সতর্কতার সঙ্গেই বলব, পাশ্চাত্যের অনেকের মতো সংবিধানে বাক্স্বাধীনতার বিরুদ্ধে কোনো আইন কংগ্রেস করবে না বলে আড়ি পাতার মতো শত কালাকানুন আরোপের পথে হাঁটছে না চীন।
আগামীকাল: শিনিচয়াংয়ের জাতিগত উন্নয়ন মডেল
মিজানুর রহমান খান: সাংবাদিক৷
[email protected]