বাঘবন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গহিন সুন্দরবন। ট্রলার চলছে। মাঝি ট্রলার চালাচ্ছেন। বাকি দুজন ট্রলারের ছাদে বসে আছেন। হঠাৎ মুঠোফোন বেজে উঠল। ট্রলারের দলনেতা ফোনটা ধরলেন। ফোনের ওপাশ থেকে খবর এল, বনের ভেতরে একজনকে বাঘে ধরেছে। সঙ্গে সঙ্গে দলনেতা মাঝিকে ট্রলার ঘোরাতে বললেন। তারপর তাঁরা ছুটলেন বাঘে ধরা সেই লোকটিকে উদ্ধার করতে। একসময় সেখানে পৌঁছালেন এবং বাঘের মুখ থেকে আধমরা সেই লোকটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেন। তবে অধিকাংশ সময় তাঁরা বাঘে ধরা লোকদের মৃতই উদ্ধার করেন এবং লাশটি ফিরিয়ে দেন পরিবারের কাছে। আর এভাবেই তাঁরা সুন্দরবনের গহিনে দিন-রাত ২৪ ঘণ্টা ছুটে বেড়ান বাঘে ধরা লোকদের উদ্ধারের প্রস্তুতি নিয়ে।তিনজনের এই দলের নাম ফরেস্ট টাইগার রেসপন্স টিম (এফটিআরটি)। আর এই ফরেস্ট টাইগার রেসপন্স টিমকে সহযোগিতা করে ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি)। ভিটিআরটির সদস্যরা থাকেন সুন্দরবনসংলগ্ন গ্রামগুলোতে। তাঁরা সুন্দরবনের কোনো বাঘ লোকালয়ে এলে তাকে না মেরে নিরাপদে আবার বনে ফিরিয়ে দেওয়ার কাজ করেন। তবে এই দলগুলো কেবল বনের বাঘ বনে ফিরিয়ে দিতে কিংবা বাঘে ধরা লোকদের উদ্ধার করেই থেমে থাকে না, সুন্দরবন ও সুন্দরবনের বাঘকে বাঁচাতে তারা বনসংলগ্ন গ্রামগুলোতে নানা রকম সচেতনতামূলক প্রচার কার্যক্রমও করে থাকে। এখন এলাকায় এই দলগুলো টাইগার টিম নামে পরিচিত। ওয়াইল্ড টিম এই দলগুলোকে পরিচালনা করে। টাইগার টিমের যাত্রা শুরু ২০১০ সালে। সুন্দরবনসংলগ্ন ৩৫টি গ্রামের ২২০ জন তরুণ, যুবা ও বৃদ্ধ রয়েছেন এই দলে। তাঁদের কেউ জেলে, কেউ বাওয়ালি, কেউ মৌয়াল, আবার কেউ নিতান্তই খেটে খাওয়া মানুষ। দলের সংখ্যা ২৯টি। প্রতিটি দলে সাতজন করে সদস্য রয়েছেন। কিছু কিছু দলে কম-বেশি সদস্যও আছেন। সাহসী এসব মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সমাজের প্রতি নিজ নিজ দায়বদ্ধতা থেকেই সুন্দরবন ও সুন্দরবনের বাঘ রক্ষার্থে কাজ করছেন। এই দলের সদস্যরা ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কদমতলা গ্রামে বন থেকে আসা একটি বাঘকে কোনো ধরনের আঘাত ছাড়াই চেতনানাশক ওষুধ দিয়ে আবার বনে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। বন থেকে লোকালয়ে আসা বাঘকে আবার বনে ফিরিয়ে দেওয়ার ঘটনা এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম। আর এটা সম্ভব হয়েছে কেবল এই দলের সদস্যদের জন্যই। ওয়াইল্ড টিম সেই বাঘটির নাম রেখেছিল ‘কদমতলার রানী’।এ বছরের জানুয়ারি মাসেও খুলনার কয়রা উপজেলার বজবজা গ্রামে বন থেকে আসা একটি বাঘ আবার বনে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছিলেন এই দলের সদস্যরা। অথচ কয়েক বছর আগে এঁরাই লোকালয়ে আসা বাঘকে প্রথমেই মেরে ফেলার চিন্তা করতেন। আর এখন তাঁরাই গ্রামবাসীকে নিয়ে সেই বাঘকে রক্ষা করার চেষ্টা করছেন। অন্যদিকে এই দলের অনেক সদস্যের নিকটাত্মীয়কে বাঘে মেরেছে। কিন্তু সেই তাঁরাই এখন বাঘ মারার বিপরীতে বাঁচানোর কাজ করছেন।বাঘ বাঁচানোর এই দলের সদস্যদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে ওয়াইল্ড টিম। প্রশিক্ষণপ্রাপ্ত এই সদস্যরাই সুন্দরবনসংলগ্ন গ্রামগুলোতে ছড়িয়ে-ছিটিয়ে থাকেন এবং লোকালয়ে বাঘ এলে কিংবা কোথাও কাউকে বাঘে আক্রমণ করলে তাদের উদ্ধারে এগিয়ে যান। এফটিআরটির দলনেতা ৩৪ বছরের মোহাম্মদ আবদুল গনি বলেন, ‘এ পর্যন্ত আমি ৭৩ জন বাঘে ধরা মানুষকে উদ্ধার করেছি। তাদের অধিকাংশই ছিল মৃত। কাউকে জীবিত উদ্ধার করলেও চিকিৎসাসেবা দিতে দিতেই মারা গেছে। আবার কয়েকজন আছে, যাঁদের বাঘের মুখ থেকে জীবিত উদ্ধার করেছি এবং তারা এখনো বেঁচে আছে শরীরে বাঘের ক্ষত নিয়ে।’ এই দলের আরেক সদস্য মজিবুল হক বলেন, ‘সুন্দরবন আমাদের মায়ের মতো। তাই সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে হলে প্রথমেই বাঘকে বাঁচাতে হবে। আর বাঘ বাঁচলে সুন্দরবনও বাঁচবে এবং সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে, আমরাও বাঁচব।’ভিটিআরটি সাতক্ষীরার বুড়িগোয়ালিনী শাখার সদস্য মোহাম্মদ আবদুল আজিজ বলেন, ‘সুন্দরবনের মধু কেটে, মাছ ধরে বা গোলপাতা সংগ্রহ করে আমরা জীবন ধারণের সুযোগ পাই। আর এই সুন্দরবনকে রক্ষা করে বাঘ। তাই বাঘ যদি কমে যায় বা আমরা মেরে ফেলি, তা হলে সুন্দরবন আর টিকে থাকবে না। সুন্দরবনকে টিকিয়ে রাখতে হলে বাঘকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। তার জন্যই এই দলে আমি যোগ দিয়েছি।’ওয়াইল্ড টিমের কর্মী আলম হাওলাদার বলেন, ‘সুন্দরবনসংলগ্ন গ্রামগুলোর হাটবাজারে, শিক্ষাপ্রতিষ্ঠানে, মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন স্থানে স্টিকার, লিফলেট, পোস্টার, ব্যানারসহ বিভিন্ন মাধ্যমে একটি মুঠোফোন নম্বর দেওয়া আছে। এই নম্বরে যেকোনো সময় যে কেউ ফোন দিয়ে বাঘের যেকোনো তথ্য জানালে টাইগার টিমের সদস্যরা সেখানে গিয়ে হাজির হন।’ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী আনোয়ারুল ইসলাম বলেন, ‘বাঘ হলো সুন্দরবনের পাহারাদার। তাই পাহারাদার থাকলে বন থাকবে, আর বন থাকলে বনের জীববৈচিত্র্য, বনের চারপাশ ও চারপাশের মানুষ থাকবে। সে কারণেই বাঘ রক্ষার্থে আমাদের এই প্রচেষ্টা।’গাজী মুনছুর আজিজ