বছর দুই আগে ক্যামেরা ট্র্যাপ পেতে সুন্দরবনে বাঘ গোনা হয়েছিল। ভারতীয় বিজ্ঞানীরা ক্যামেরার ছবি বিশ্লেষণ করে সংখ্যা জানিয়েছিলেন, বাঘের সংখ্যা এক শর চেয়ে কিছু বেশি। এখন আবারও ক্যামেরা পাতার কাজ চলছে।
এর আগ পর্যন্ত সরকারিভাবে আমাদের জানানো হয়েছিল, শুধু বাংলাদেশের সুন্দরবন এলাকার বাদায় বাঘ আছে চার শ পঞ্চাশটি। সুন্দরবনে হঠাৎ কী এমন ঘটল যে সাড়ে তিন শ বাঘ হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল! ২০০৭ সালে সিডর এবং ২০১০ সালে আইলার পর আট বছরে সুন্দরবনে এমন কিছু বিপর্যয়কর কাণ্ড ঘটেনি, যাতে এতগুলো বাঘ হাওয়ায় মিলিয়ে যেতে পারে। সে সময়ে মন্ত্রী মহোদয় রগড় করে বলেছিলেন, এ দেশের বাঘ ভারতীয় সুন্দরবনে বেড়াতে গেছে। মন্ত্রী মহোদয় নিজের কাষ্ঠ রসিকতা হয়তো নিজে উপভোগ করেছিলেন, কিন্তু দেশবাসী হতবাক হয়ে গিয়েছিল।
আগের যেকোনো সময়ের চেয়ে এ সময়ে বাঘ নিয়ে জনগণের সচেতনতা অনেক বেড়েছে। জাতীয় ক্রিকেট দলের সদস্যদের টাইগার বলা হয়। অনেক বড় বড় প্রতিষ্ঠান বাঘকে প্রধান স্মারকচিহ্ন হিসেবে ব্যবহার করছে। আজকাল সাধারণের পক্ষে সহজে সুন্দরবন ঘোরার ব্যবস্থা আছে। অনেকে সুন্দরবন গিয়েছেন, অনেকে যাচ্ছেন। এসবের মধ্য দিয়ে বাঘের পক্ষে জনগণের একটা বড় অংশ সহানুভূতিশীল হয়ে উঠেছে। তাই হঠাৎ করে বাঘের সংখ্যার এই পতনে জনগণ অধিক শোকে পাথর হয়ে গেছে। এ নিয়ে কেউ উচ্চকণ্ঠ হচ্ছেন না।
এমনটা কেন হলো, সেটা বোঝার আগে আমরা বাঘশুমারির বিষয়টি বোঝার চেষ্টা করি।
১৯৬৬ থেকে ১৯৭০ পর্যন্ত দুই দফায় সুন্দরবনের জীববৈচিত্র্য লিপিবদ্ধ করেছেন বিশ্ব বন্য প্রাণী তহবিলের ট্রাস্টি ব্রিটিশ পাখিবিদ গাই মাউন্টফোর্ট ও তাঁর দল। মাউন্টফোর্ট বন বিভাগের কাছে জানতে চান, সুন্দরবনে কতগুলো বাঘ আছে। বন বিভাগ জানায়, তাদের ধারণা ৩০০ টি। মাউন্টফোর্ট সুন্দরবনের পূর্ব ও পশ্চিমের বাদায় বাঘের খোঁজে ঘুরেছেন। তিনি তাঁর প্রতিবেদনে ও পরে তাঁর বই দ্য ভ্যানিশিং জাঙ্গল-এ লেখেন, বন বিভাগের তিন শ বাঘের ধারণা অতি আশাবাদী। বাংলাদেশের সুন্দরবনে এক শ বা এর চেয়ে কিছু বেশি বাঘ বসবাস করতে পারে।
এরপর বাঘ-বিজ্ঞানী হিউবার্ট হেনরিশ ১৯৭১ ও ১৯৭৫ সালে সুন্দরবনের বাঘের মানুষ খাওয়ার প্রবণতার ওপর গবেষণা করেন। হেনরিশ বাঘগণনার কাজ করেননি। বন বিভাগ তাঁকেও বাঘের সংখ্যা ৩০০ বলে জানায়। হেনরিশ এ নিয়ে উচ্চবাচ্য করেননি। সরকারি খাতায় একটা সংখ্যা লিপিবদ্ধ হয়ে গেলে সেটা পরীক্ষা করে দেখার কথা আমাদের বন বিভাগের লোকজন ভাবতে পারেন না। সময়ের সঙ্গে সঙ্গে কোনো রকম মাঠপর্যায়ের সমীক্ষা ছাড়াই সংখ্যাটা তাঁরা বাড়িয়ে চলেন।
১৯৮২-৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকায় পায়ের ছাপ দেখে বাঘ গোনার কাজ করে। ওই এলাকার বাঘের ঘনত্ব সুন্দরবনের সব এলাকায় সমান ধরে নিয়ে তারাও প্রতিবেদনে বাঘের সংখ্যা উল্লেখ করে তিন শ। ১৯৯৮ সালে সুন্দরবন জীববৈচিত্র্য প্রকল্পের বাঘ-বিশেষজ্ঞ নেপালি-আমেরিকান কীর্তি তামাং তাঁর প্রতিবেদনে বাঘের সংখ্যা তিন শ পঞ্চাশ বলে উল্লেখ করেন। এতে বন বিভাগ এবং প্রকল্পের কর্তাব্যক্তিরা খুশি হন। তামাং কিন্তু মাঠপর্যায়ের কোনো সমীক্ষা করেননি। প্রসঙ্গক্রমে বলতে হয়, বাংলাদেশি বিজ্ঞানীদের এ ধরনের প্রকল্পে নিয়োগ করা হয় না। কারণ, যাঁরা প্রকল্পের ঋণ দেন, বাংলাদেশের বিজ্ঞানীদের তাঁরা চান না।
২০০৫ সালে বন বিভাগ নিজেদের উদ্যোগে পায়ের ছাপ দেখে বাঘ গোনার কাজটি করে একদল আনাড়ি স্থানীয় ছাত্রছাত্রীদের সহায়তায়। তাদের গণনায় বাঘের সংখ্যা হঠাৎ লাফিয়ে ৪৫০ হয়ে যায়।
এরপর সাম্প্রতিক কালের ক্যামেরা জঙ্গলে পেতে ছবি তুলে বাঘের চামড়ার কালো ডোরার অবস্থান বিশ্লেষণ করে বাঘের সংখ্যা পাওয়া যায় এক শর কিছু বেশি। সামগ্রিক বিষয়টি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, সাম্প্রতিক সময় ছাড়া আর কখনোই সুন্দরবনে সুচারুভাবে বাঘ গণনা করা হয়নি। সত্যি কথা বলতে কি, এর আগে কখনো পদ্ধতিগতভাবে কোনো গণনাই হয়নি। সংখ্যা পাওয়া গেছে শুধু উর্বর ধারণার মধ্য দিয়ে।
বাঘের আবাস হিসেবে সুন্দরবন তৃতীয় শ্রেণির জঙ্গল। এখানে বাঘের বিকাশ খুবই কষ্টসাধ্য ব্যাপার। অন্য যেকোনো জঙ্গলের চেয়ে এখানে শিকার জোগাড় করতে বাঘকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। শিকারের আকারও এখানে ছোট। খাওয়ার জন্য বাঘকে তাই ঘন ঘন শিকার করতে হয়। শিকারের বৈচিত্র্যও সুন্দরবনে খুব কম। সব মিলিয়ে আট প্রজাতির প্রাণী।
শিকারির মতো শিকারদের জীবনও এখানে কষ্টসাধ্য। সাগরপাড়ের বালিয়াড়ি-ঘাসের জঙ্গল ছাড়া হরিণ-শুয়োর খুব একটা ঘন হয়ে জন্মায় না। স্বাভাবিক কারণেই সুন্দরবনের দক্ষিণের জঙ্গলগুলো ছাড়া বাঘের ঘনত্ব খুবই বিক্ষিপ্ত। সাম্প্রতিক কালে বাঘহত্যা ও পাচারও বেড়েছে। ঝড়-জলোচ্ছ্বাসেও উল্লেখযোগ্য বাঘ মারা পড়ে। ফলে বাঘের সংখ্যা এক শ হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়।
সুন্দরবনের বাঘ কতখানি এলাকাকে নিজের বলে মনে করে, সেটা বোঝার জন্য আমি কয়েকটি মানুষ মারা বাঘের বিচরণক্ষেত্র পর্যবেক্ষণ করেছি। এদের মধ্যে একটি বাঘ তো বাংলাদেশ সুন্দরবনের এক-অষ্টমাংশ এলাকায় মানুষ মেরে বেড়াত। আমরা যতটা ধারণা করি, শিকারের জন্য বাঘকে তার চেয়ে বেশি এলাকায় বিচরণ করতে হয়। তাই আমাদের এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন মিলিয়ে মোট বাঘের সংখ্যা আমার ধারণা দুই শর ওপরে। সঠিকভাবে গোনা হলে, আমি নিশ্চিত, বাঘের সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে। সংখ্যাটিকে জেনেটিক্যালি আশাপ্রদই বলতে হবে। আশাহত হওয়ার কিছু নেই।
খসরু চৌধুরী: সুন্দরবন বিশেষজ্ঞ এবং এ বিষয়ের লেখক