বাঙালি ছেলেদের বীরত্বে ভারতীয়রা মুগ্ধ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারি জে ব্যাস তাঁর দ্য ব্লাড টেলিগ্রাম: ইন্ডিয়াস সিক্রেট ওয়ার ইন ইস্ট পাকিস্তান বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অজানা দিকের ওপর আলোকপাত করেছেন। এই বইটির কিছু নির্বাচিত অংশ প্রথম আলোর পাঠকদের জন্য ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো প্রথম পর্ব।
.
.

১৯৭১ সালের জুলাই মাস থেকে ইন্দিরা গান্ধীর সরকার বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আরও বেশি করে সাহায্য করতে শুরু করে। ভারতীয় সেনাবাহিনীকে সরাসরি নির্দেশ দেওয়া হয়, তারা যেন বাঙালি বিদ্রোহীদের সাহায্য করে। এমনকি ভারতের শীর্ষ জেনারেলদেরও এ নির্দেশ দেওয়া হয়েছিল। ভারত বিদ্রোহীদের গোপনে অস্ত্র ও গোলাবারুদ কিনতে সহযোগিতা করেছে। ওদিকে মস্কোয় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে ডি পি ধর ভারতে ফিরে আসেন, তিনি তখন ভারত সরকারের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তিনি লিখেছেন, ‘সব অস্ত্র অবশ্যই আমাদের কেনা উচিত।’ তিনি স্বীকার করেছিলেন, গোপন অস্ত্র কেনাবেচা অবশ্যই ‘খারাপ কাজ’, তা সত্ত্বেও তিনি সরকারকে তাড়া দিতেন, যাতে নেতৃত্ব ভারতের হাতেই থাকে। ওদিকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সহায়তায় লন্ডনে নির্বাসিত বাঙালিরা বেলজিয়াম থেকে অস্ত্র কিনে গেরিলাদের কাছে পাঠিয়েছিলেন।
পরবর্তীকালে ইন্দিরা গান্ধীকে যখন জিজ্ঞেস করা হয়, আপনারা ডিসেম্বর যুদ্ধকে উসকে দিয়েছিলেন কি না, তখন তিনি জবাব দিয়েছিলেন, ‘যদি গভীরভাবে চিন্তা করেন, তাহলে আমরা মুক্তিবাহিনীকে সাহায্য করেছি। ফলে আপনি যদি বিবেচনা করেন যে আমাদের সাহায্যের মধ্য দিয়ে ডিসেম্বর যুদ্ধ শুরু হয়েছে, তাহলে বলতে হয়, আমরাই এটা শুরু করেছি।’ ভারত গেরিলা যুদ্ধে সাহায্য করে পাকিস্তানের সঙ্গে সম্মুখযুদ্ধ এড়িয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে ধর তাঁর বন্ধু পি এন হাকসারকে বলেছিলেন, ‘বর্তমান পরিপ্রেক্ষিতে যুদ্ধ বা উন্মুক্তভাবে ঘোষিত যুদ্ধই একমাত্র বিকল্প নয়। বাঙালি মানুষ ও তার ভূখণ্ড ব্যবহার করে পূর্ণাঙ্গ স্বাধীনতাযুদ্ধ শুরু করতে হবে।’ এদিকে ভারতীয় সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী বাঙালি বিদ্রোহীদের দ্রুত প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছিল। আর বাঙালি মুক্তিযোদ্ধারাও ভারতীয়দের নির্বিশেষে ‘বন্ধু ও ‘বন্ধু সেনা’ হিসেবে উল্লেখ করতেন।
ভারত তখন গেরিলা যুদ্ধ সংঘটনে পুরোপুরি যুক্ত হয়ে গেছে। আসাম ও ত্রিপুরা রাজ্য সফর করা ভারত সরকারের একটি প্রতিনিধিদল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে যে প্রতিবেদন প্রকাশ করে, তাতে এটা স্পষ্ট হয়ে ওঠে। ধর এই প্রশিক্ষণ কর্মসূচির গতি বাড়াতে চাচ্ছিলেন, একই সঙ্গে বিদ্রোহীদের রাজনৈতিক চেতনা আরও ধারালো করতে চাচ্ছিলেন। মুক্তিযোদ্ধাদের সব রকম যুদ্ধ ও অস্ত্র চালনায় প্রশিক্ষণ দেওয়ার পক্ষপাতী ছিলেন তিনি।
বিদ্রোহীরা যখন পূর্ব পাকিস্তানের শহর ও সেনা শিবিরগুলোতে হামলা চালাত, তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের পেছনে আশ্রয়দাতা হিসেবে কাজ করত। আক্রমণের মুখে পড়লে গেরিলারা গুলি ও সহায়তার জন্য এই বাহিনীর ওপর নির্ভর করত (একটি যুদ্ধে ভারতীয় বাহিনীই নেতৃত্ব দিয়েছিল)। অনেক জায়গাতেই ভারতীয় কর্মকর্তারা সরাসরি নেতৃত্ব দিয়েছেন। কয়েকটি সেক্টরে আবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হঠকারী আক্রমণ থেকে বিরত রাখার জন্য মুক্তিবাহিনীকে নিরস্ত্রও করেছে।

ভারতীয় গোয়েন্দারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) বাঙালি সেনাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। আরেকটি গোয়েন্দা সংস্থা স্পেশাল সার্ভিস ব্যুরো (এসএসবি) গঠন করা হয়েছিল চীন আবার আক্রমণ করলে গোপনে তা প্রতিহত করার জন্য, পরবর্তীকালে তাদের বাঙালিদের সংগ্রামে সহায়তা করার দায়িত্ব দেওয়া হয়। প্রধান দুটি প্রশিক্ষণ শিবির পরিচালনা করত এই এসএসবি ও ডিরেক্টরেট জেনারেল অব সিকিউরিটি, যারা সরাসরি র-এর কাছে জবাবদিহি করত। এই সংস্থা দুটি গেরিলা যুদ্ধের উন্নত কৌশলের ব্যাপারে বিশেষজ্ঞ ছিল। খুবই গোপনীয়তার সঙ্গে তাঁরা পাঁচ হাজার গেরিলাকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহারে প্রশিক্ষিত করেছিলেন।
অন্যদিকে ভারতের নৌ গোয়েন্দা সংস্থার পরিচালক ক্যাপ্টেন মিহির রায় মুক্তিবাহিনীর নৌ অভিযানে সাহায্য করেছেন, এতে তিনি আনন্দও পেতেন। বাঙালিদের লক্ষ্যে তাঁর বিশ্বাস ছিল। তিনি স্মরণ করেন, ‘যখন গণহত্যা শুরু হলো, তখন এটা পরিষ্কার ছিল যে এক কোটি শরণার্থী নিয়ে আমরা রাষ্ট্র চালাতে পারব না। তাদের বাড়ি পাঠাতে হবে।’ মিহির রায় পরবর্তীকালে ভারতীয় নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল হয়েছিলেন। তিনি অত্যন্ত গর্বের সঙ্গে বলেন, মুক্তিবাহিনীকে তাঁরা সাহায্য করায় পাকিস্তানি বাহিনী মারাত্মক চাপের মুখে পড়ে গিয়েছিল, যদিও তাঁর অনেক সহকর্মীই পাকিস্তানি জেনারেলদের মতো মনে করতেন, বাঙালিরা ভীরু জাতি। জেনারেল স্যাম মানেক শ বলেছিলেন, ‘তোমরা বাঙালিরা দৌড়াতে পারো, যুদ্ধ করতে নয়। সে কারণে পাকিস্তানিদের ধীরে ধীরে রক্তক্ষয় করতে হবে, আক্রমণ করে পালাও, আক্রমণ করো, পালাও।’
রায় বলেন, আমরা পূর্ব পাকিস্তানের বন্দরগুলো বন্ধ করে দিতে চেয়েছিলাম, যাতে শক্তি সংগ্রহ করতে পাকিস্তান বাহিনীকে শুধু আকাশপথের ওপর নির্ভর করতে হয়। সে কারণে সাঁতারুদের একটি দল গঠন করা হয়। তিনি বলেন, ‘আমি স্বেচ্ছাসেবী চেয়েছিলাম, যাদের বোনকে ধর্ষণ করা হয়েছে, মাকে হত্যা করা হয়েছে।’ তিনি দ্রুততার সঙ্গে সাঁতারুদের জন্য ভারতে একটি প্রশিক্ষণ শিবির গড়ে তোলেন, যাদের মধ্যে বেশির ভাগই ছিলেন বিশ্ববিদ্যালয়ের সুশিক্ষিত ছাত্র। মিহির রায় বলেন, এঁরা খুব ভালো সাঁতারু ছিল। আর চট্টগ্রামে হামলা করার সম্ভাবনা বিবেচনা করে তিনি চট্টগ্রাম অঞ্চলের ছেলেদের এই দলে যুক্ত করেন। এই দলের প্রায় ২০০ জন সাঁতারু দেশের বিভিন্ন বন্দরে আক্রমণ করেছিলেন।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ক্ষুব্ধ স্বরে বলেছিলেন, ‘ভারতীয়রা নৌকাসহ সবকিছু ডুবিয়ে দিচ্ছে।’ ইংল্যান্ডের লয়েড ইনস্যুরেন্স কোম্পানির হিসাবমতে, মিহির সন্তুষ্টি নিয়ে বলেন, ‘আমরা মোট এক লাখ টন জাহাজের ক্ষতি করেছিলাম।’ ফলে বন্দরে জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
যে তরুণেরা এসব বীরোচিত কাণ্ড ঘটিয়েছেন, তাঁদের প্রশিক্ষণ শিবিরের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। সেখানে না ছিল পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, না ছিল নিরাপদ খাবার। যদিও অধিকাংশ গেরিলা যোদ্ধা শুধু একটি লুঙ্গি পরে চলে আসতেন, তাঁদের জামাকাপড় বা জুতা দেওয়া হতো না।
কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও বাঙালি ছেলেদের বীরত্ব ভারতীয় সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর মনে রেখাপাত করেছিল। সীমান্তরক্ষী বাহিনীর সহায়তা নিয়ে এই ছেলেরা পূর্ব পাকিস্তানের ভেতরে ২০ মাইল পর্যন্ত ঢুকে শত্রুপক্ষের ওপর হামলা করেছেন। এ রকম একটি শিবিরে ভারতীয় পর্যবেক্ষকেরা দেখেছেন, ১০-১২ বছর বয়সী ছেলেদের ৩০-৪০ জনের একটি দলকে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। এদের মধ্যে দুটি ছেলেকে পূর্ব পাকিস্তানে ঢুকিয়ে দেওয়া হলে তারা পাকিস্তানি বাহিনীর একটি শিবিরে দুটি গ্রেনেড নিক্ষেপ করে। এতে কখনো কখনো তাদের মৃত্যু হতো। এক বাংলাদেশি রাজনীতিক আতঙ্কিত হয়ে লিখেছিলেন, এই শিশুসেনাদের কামানের গোলার চেয়ে খুব বেশি কিছু হিসেবে ব্যবহার করা হয়নি: ‘এই ছেলেদের অধিকৃত ভূমিতে ৫-১০ জনের দল করে পাঠানো হতো, দেওয়া হতো দুটি গ্রেনেড ও একটি-দুটি প্রথাগত বা অচল অস্ত্র। তখন তাদের বেঘোরে মারা পড়া ছাড়া গতি থাকত না।’
গ্যারি জে ব্যাসের দ্য ব্লাড টেলিগ্রাম: ইন্ডিয়াস সিক্রেট ওয়ার ইন ইস্ট পাকিস্তান থেকে নেওয়া। র্যানডম হাউস পাবলিশার্স ইন্ডিয়া প্রাইভেট লি. থেকে ২০১৩ সালে প্রকাশিত। অনুবাদ: প্রতীক বর্ধন
গ্যারি জে ব্যাস: লেখক ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক।