বাঙালি জীবনে দলাদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি একটি বই পড়েছি। বই মানে একটি প্রবন্ধসংকলন। সজল বসুর লেখা এই প্রবন্ধগুলোয় শ্লেষ আছে, সত্যও আছে। বইয়ের নামটিও চমৎকার—বাঙালি জীবনে দলাদলি। শিরোনামটি আমার পছন্দ হয়েছে। এই সূত্র ধরে এখানে কিছু বলার চেষ্টা করব।

একটি দল যখন ভোটে জিতে কিংবা না জিতে সরকার তৈরি করে, তখন সে যেন একটা তালুকদারি পেয়ে যায়। যা ইচ্ছা, তা-ই করে। বলে, আমরা তো জনগণের রায় পেয়েছি। যদিও সবাই জানি, যা বলে-কয়ে তারা ভোট চেয়েছিল, তার সবটা তারা করে দেখায় না। আবার যা করে বেড়ায়, তার সবটা তারা আগেভাগে, নির্বাচনী ইশতেহারে বলে না। ভারতের প্রসঙ্গ টেনে সজল বসু লিখেছেন, ‘...বিদেশে লবি, সরকারি মহলে যোগাযোগ, দেশে সংবাদপত্রে প্রচার ও রাজনৈতিক প্রচারবিশেষ কাউকে প্রতিভাবান বানায়। অসীম দাশগুপ্ত যেমন অর্থনীতির বই না লিখেই অর্থনীতিবিদ। আর প্রেসিডেন্সি কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়ালেই যে কেউ হয়ে যান রাষ্ট্রবিজ্ঞানী, সমাজতত্ত্ববিদ। শুধুমাত্র সংবাদপত্রের প্রচারের জোরে। বিশেষ নাম করছি না, এরাই প্রচারের সূত্রে বড় বড় পণ্ডিত। শুধু ফুকো, দেরিদা আউড়িয়ে আঁতেল হওয়া বাঙালি অধ্যাপক, কলমচিরা চিন্তাই করেন না আমাদের সামাজিক পরিপ্রেক্ষিতে ওসব পরিভাষার কোনো প্রাসঙ্গিকতা নেই। ...ইন্দিরা গান্ধীর সময়ে রুশপন্থী নুরুল হাসানের গ্যাঙ দেশের সব বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ, বড় অধ্যাপক চেয়ার-এর পদ নিয়ন্ত্রণ করতেন। এই চক্রের রুশপন্থী এক পান্ডা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঐতিহাসিক বলে পরিচিত। ওঁর মৌলিক গ্রন্থ উল্লেখ করার মতো কিছু নেই।...ঘোঁটবাদী ও বিদেশি চক্রের সদস্য হওয়ার এই এক সুবিধে। ইংরেজিতে সেমিনার ভাষণ, বিদেশি লবি, সরকারি মদদপুষ্ট এই সব প্রগতিশীল বাবুরা সারা বিশ্ব ঘুরে বেড়াতেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের ইন্টারভ্যুতে বিশেষজ্ঞ হিসেবে নিজেদের আত্মীয়, পার্টির অনুগতদের চাকরিতে নিয়োগ করতেন।’ সজল বসুর আয়নায় আমি আমাদের সমাজের চেহারাটা স্পষ্ট দেখতে পাচ্ছি।

সমাজে আমরা নানা ধরনের ডিগবাজি দেখে অভ্যস্ত। আমাদের দেশে দুটো শব্দ বেশ চালু—মুক্তিযোদ্ধা আর রাজাকার। কে যে কখন কী, তা বলা মুশকিল। রাত পোহালেই এখানে শরণার্থী হয়ে যায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা হয়ে যায় রাজাকার আর রাজাকার হয়ে যায় মুক্তিযোদ্ধা। সজল বসুকে উদ্ধৃত করে বলা যায়, ‘কবি সাহিত্যিক, শিল্পী, অধ্যাপক পণ্ডিত লেখকদের সৃষ্টিকর্ম যত মধুর হোক, কাজকর্ম আচরণ তত বিস্বাদ।’

বিষয়টি আমাদের কাছে নতুন নয়। সাহিত্য-সংস্কৃতির আঙিনায় দলবাজির নোংরা উদাহরণ অনেক দেওয়া যায়। পছন্দের পদটি পাওয়ার জন্য, বিদেশে যাওয়ার ডেলিগেশনে স্থান পেতে কিংবা পদক-পদবির মোহে কতজন কত রকম কৌশল খাটান, কতজনকে ল্যাং মারেন, তার অনেক নজির আছে আমাদের চারপাশে। এ দেশে কে বড় কবি, শামসুর রাহমান না আল মাহমুদ, এ নিয়ে ঝগড়া ছিল অনেক দিন। ঝগড়া উসকে দেওয়ার লোকের অভাব নেই। এখানে কাব্যবিচারের চেয়েও বেশি কাজ করেছে রাজনীতি ও দলবাজি। অথচ দুজনই আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ।

বামপন্থীরা দাবি করেন, তাঁরা সমাজের ‘অগ্রগামী বাহিনী’ বা ভ্যানগার্ড। তাঁরা হলেন সমাজের আদর্শ। অথচ তাঁদের মধ্যে দলাদলি বেশি। আহমদ ছফা একবার ৩৬টি কমিউনিস্ট পার্টির নাম বের করেছিলেন। আক্ষেপ করে বলেছিলেন, এগুলোকে জলে ভাসাবে কারা? এ দেশে বাম আর কমিউনিস্ট বলতে একই জিনিস বোঝায়। যদিও শব্দ নিয়ে তাঁদের অনেক শুচিবাই আছে এবং তাঁদের জিজ্ঞেস করলে এ নিয়ে তাঁরা একটা আস্ত পুরাণ লিখে ফেলবেন। তো এ দেশে অনেক বর্তমান ও অবসরপ্রাপ্ত বামের বৈঠকখানায় মার্ক্স-অ্যাঙ্গেলস-লেনিন-স্তালিনের ছবি আছে। অনেকের ঘরে মাও-ও ছিলেন। একাত্তর সালে বাংলাদেশ প্রশ্নে চীনের ভূমিকায় বিব্রত হয়ে অনেকেই এখন মাওয়ের ছবি ঘরে রাখেন না। তো এই নিয়ে অনেক দলাদলি আছে।

লাতিন আমেরিকার কয়েকটি দেশে আমি গিয়েছি। যেমন কিউবা, নিকারাগুয়া, মেক্সিকো, ব্রাজিল, ভেনেজুয়েলা। ওখানে কোথাও
মার্ক্স-অ্যাঙ্গেলস-লেনিন-স্তালিনকে দেখিনি। ওখানে সব জায়গায় জাতীয় বীরদের নিয়ে মাতামাতি। যেমন কাস্ত্রো, লুলা, শাভেজ, সানডিনো, সিমন বলিভার। আর সব দেশেই জনপ্রিয় একটি মুখ—চে গুয়েভারা। আমাদের দেশের বামরা দেশের ভেতরে আইকন খুঁজে পান না।

এ দেশে বামদের একটা বড় স্লোগান ছিল—মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক। সন্তানের নিরাপদ ভবিষ্যতের চিন্তা থেকে বাম নেতারা অনেকেই তাঁদের মার্কিন দেশে পাচার করেছেন। এই সাম্রাজ্যবাদী দেশটিই তাঁদের পছন্দের তালিকার চূড়ায়। আমি তাঁদের নাম উল্লেখ করতে চাই না। ডিগবাজির রাজনীতির এটি একটি উদাহরণ।

বিদেশে গিয়েও বাঙালি দলাদলি ভোলেনি। সেখানেও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা জাসদের শাখা আছে, আছে পাল্টাপাল্টি কমিটি। ৩০-৪০ বছর বিদেশে থেকেও তাঁরা ওই দেশের মূলধারায় যোগ দেননি। ওখানে বসে এ দেশের রাজনীতি করেন। সেই সঙ্গে দলাদলি। এসব দেখে ওই দেশের নাগরিকেরা হাসাহাসি করেন। আমাদের দেশের কোনো কোনো নেতা বিদেশে গেলে ওখানকার দলীয় কমিটি তাঁদের সংবর্ধনা দেয়। দলাদলির কারণে প্রায়ই হাঙ্গামা হয়, পুলিশ ডাকতে হয়। তদুপরি চাঁদাবাজি তো আছেই।

আমাদের এ অঞ্চলে ১৯৬৭ সালের পর এক দমকা হাওয়ায় কমিউনিস্ট শিবির ওলটপালট হয়ে গিয়েছিল। চীনে তখন সাংস্কৃতিক বিপ্লব চলছে। মাওয়ের লাল বই নিয়ে তরুণেরা রাস্তায় মাতম করছে। তার ঢেউ আছড়ে পড়েছিল এ দেশেও। আমাদের দেশে জমিদারি প্রথা লোপ পেয়েছে পঞ্চাশের দশকে। এক শ বিঘা জমির মালিক এ দেশে হাতে গোনা কয়েকজন। এ রকম লোককে বলা হলো জোতদার। আর জোতদারের গলা কাটলে তা হবে বিপ্লব। তো অনেক জোতদারের গলা কাটা হলো কিন্তু বিপ্লব ধরা দিল না। মাঝে একটা প্রজন্মের অনেক তরুণের জীবন বরবাদ হয়ে গেল। এ নিয়ে এ দেশে একাডেমিক আলোচনা খুব কম। পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিরাপদ চাকরির সুবাদে গরিব মানুষের খাজনার টাকায় পুষ্ট হয়ে অনেকেই এই তত্ত্ব ফেরি করেছেন। নিজেদের সন্তানদের তাঁরা ওই পথে পাঠাননি।

সজল বসুর মূল্যায়ন হলো, ‘১৯৭০-এর দশক ছিল ধ্বংস ও আতঙ্কের যুগ। বিপ্লবের নামে এমনতর বোকামি ও নির্বুদ্ধিতা পৃথিবীর অন্য কোথাও ঘটেছে বলে আমরা জানি না। এবং সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো, সেই বোকামির সঙ্গে যুক্ত বাবুরা এবং সংবাদমাধ্যম, শিক্ষিত মহলে আজও মর্যাদার সঙ্গে গৃহীত হন। এই আন্দোলন যে বাঙালিকে কত দূর পিছিয়ে দিয়েছে, তার হিসেব করা হয় না।’

আমাদের দেশে এসব প্রগতিশীলের সমালোচনা করা বেশ ঝুঁকিপূর্ণ। ব্যাটা পাঁড় প্রতিক্রিয়াশীল—এই গালি শুনতে হবে। আমি ভেবে দেখলাম, দশটি শব্দ মুখস্থ করে আওড়াতে পারলেই আপনি ‘প্রগতিশীল’ হতে পারবেন। যেমন সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, পুঁজিবাদ, শ্রেণিসংগ্রাম, সর্বহারা, বুর্জোয়া, বামপন্থী হঠকারিতা, ডানপন্থী বিচ্যুতি, আন্ত-পার্টি সংগ্রাম ও বিপ্লব। দশজনকে জিজ্ঞেস করলে ব্যাখ্যা পাওয়া যাবে দশ রকম। একইজন সকালে আর সন্ধ্যায় দুরকম ব্যাখ্যা দেবেন। গরিব মানুষ কখনোই তাদের কাছে ধরনা দিয়ে বলেনি—ভাই, আমরা আর পারছি না, আমাদের হয়ে আপনি নেতৃত্ব দিন, বিপ্লব করুন। বিপ্লবের বাজার এখনো আছে, যদিও তা ছোট হয়ে আসছে।

বাঙালি হিসেবে আমরা শ্লাঘা অনুভব করি, এ দেশ কত সবুজ! বিলেতে সাড়ে সাত শ দিন বইয়ে অধ্যাপক মুহাম্মদ আবদুল হাই তাঁর বিমানযাত্রার অভিজ্ঞতা বলতে গিয়ে লিখেছিলেন, ‘যতই পশ্চিমে যাইবে, ততই সবুজ হারাইয়া যাইতে থাকিবে’—এ রকম কিছু। কিন্তু আমি দেখলাম, যত পশ্চিমে যাই, ততই সবুজ, পূর্বেও তা-ই। সবুজ যে কত সুন্দর, তা ইউরোপে না গেলে বোঝা যায় না। কূপমণ্ডূক বাঙালি বাইরের দুনিয়াটা না দেখেই একধরনের আত্মবিস্মৃতিতে ভোগে।

সবশেষে সজল বসুর কথা দিয়েই শেষ করব। ‘সব জাতিই অতীতবিলাসী, বাঙালি বেশি।...বাঙালির অতীতবিলাসী অস্মিতার সারবস্তু কী? বাঙালি নিজেকে মনে করে: ১. বুদ্ধিমান জাতি; ২. দেশের জন্য সবচেয়ে বেশি আত্মত্যাগী; ৩. জাতীয় নেতারা বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন; ৪. সাহিত্য সংস্কৃতিতে বাঙালিই শ্রেষ্ঠ; ৫. প্রগতিশীল চিন্তাধারার প্রবক্তা।’

মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।