বাঙালি প্রতিভাবান - সেবাধর্ম ছাড়া সব জানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

সেই সময়ও নেই, সেসব মানুষও নেই। ১৯২২ সালে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মারাত্মক বন্যা হয়েছিল। ঔপনিবেশিক সরকারের আমলাতান্ত্রিক প্রশাসন যতটা করার করেছিল। তবে দেশের রাজনৈতিক নেতা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা বসে ছিলেন না। সিরাজগঞ্জ শহরসংলগ্ন ধানগড়া গ্রামের অধিবাসী মোহাম্মদ আবদুল হামিদ খান গ্রামের প্রজাসাধারণ বিশেষভাবে কৃষক-তাঁতিদের মধ্যে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করতেন। বন্যার্ত ব্যক্তিদের ত্রাণ তৎপরতার জন্য তিনি বন্যা উপদ্রুত এলাকায় যান একজন স্বেচ্ছাসেবক হিসেবে। বহু বছর পর বৃদ্ধ বয়সে তিনি তাঁর এক স্মৃতিচারণায় লিখেছেন:
‘বাংলা ১৩২৯ সালের বন্যাও আমার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে বিপুলভাবে নাড়া দিয়াছিল। সেই সনে উত্তর বঙ্গে এক অভাবনীয় বন্যা হইয়াছিল। আমার স্পষ্ট মনে আছে, অতিবৃষ্টির দরুন সান্তাহার জংশনে কোমর-সমান পানি হইয়া গিয়াছিল। রিলিফের কাজে আমরা কয়েকজন সেখানে পৌঁছিয়া কীভাবে কী করা যায় ভাবিতেছিলাম। একদিন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ আসিয়া হাজির, সঙ্গে
ছিলেন বাংলার বিপ্লবী সন্তান সুভাষ বসু। দেশবন্ধুর হাতে দশ সের চিঁড়ার একটি পোঁটলা ছিল। উহা লইয়া তিনি যখন পানিতে নামিয়া পড়িলেন তখন আমরা কেহ দাঁড়াইয়া থাকিতে পারি নাই। এই স্মৃতিচারণ আমি কত দিন করিয়াছি। ভাবিয়াছি, এইই বুঝি আমার রাজনৈতিক জীবনে খুব একটা প্রভাব বিস্তার করিয়াছিল।’
সেই পরাধীনতার যুগে ঘন ঘন বন্যা হতো। উত্তরবঙ্গের বিশের দশকের বন্যায় ত্রাণ তৎপরতায় শুধু চিত্তরঞ্জন দাশ বা সুভাষচন্দ্র বসু নন, রাত-দিন কাজ করেছেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মতো বিজ্ঞানী, কাজী নজরুল ইসলামের মতো কবি। যে সময়ের স্মৃতিচারণা করেছেন আবদুল হামিদ খান তখনো তিনি খ্যাতি অর্জন করেননি। ওই সময়ই তিনি বাংলা থেকে অবাঞ্ছিত ঘোষিত হয়ে আসাম যান। সেখানে গিয়ে লাইনপ্রথার বিরুদ্ধে এবং বাঙ্গাল খেদা আন্দোলনের বিরুদ্ধে উত্তাল আন্দোলন করে কিংবদন্তিতে পরিণত হন। ১৯৪৭-এর পরে তিনি টাঙ্গাইলের সন্তোষে এসে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। ১৯৭৬-এর নভেম্বরে মৃত্যুর দুই মাস আগেও তিনি যেখানে বন্যার কথা শুনেছেন সেখানেই ছুটে গেছেন দুর্গত ব্যক্তিদের পাশে। শুধু তিনি নন, পঞ্চাশ এবং ষাটের দশকে প্রধান-অপ্রধান রাজনৈতিক দলের নেতাদের প্রায় সবাই বন্যা, জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্গতের সাহায্যে এগিয়ে গেছেন। রাজনীতিকে তাঁরা শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। অথবা সন্ধ্যাবেলা মিডিয়াকর্মীদের হাতে একটি প্রেস রিলিজ ধরিয়ে দেওয়ার মধ্যেও আটকে রাখেননি। এখন বন্যাদুর্গত এলাকায় কষ্ট করে যাওয়া তো দূরের কথা, একটা প্রেস রিলিজেও তাদের জন্য সমবেদনা প্রকাশ করা হয় না।
মাস খানেক যাবৎ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা বন্যায় প্লাবিত। হাজার নয়, লাখও নয়, কয়েক কোটি মানুষ পানিবন্দী। দুর্বিষহ তাদের জীবন। শুধু মানুষ নয়, ভাষাহীন গবাদিপশু ও হাঁস-মুরগির অবস্থা শোচনীয়। উত্তরবঙ্গের অধিকাংশ নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পত্রপত্রিকায় বন্যার খবর গুরুত্ব পাচ্ছে না। কোনো কোনো টিভি চ্যানেলে বন্যা উপদ্রুত এলাকার
বিপন্ন মানুষের কিছু কিছু দুরবস্থার দৃশ্য প্রচারিত হচ্ছে। ত্রাণ তৎপরতার কথা মিডিয়াতেও দেখিনি, ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েও জানতে পারিনি।
পরাধীন ব্রিটিশ আমলে নির্বাচিত জনপ্রতিনিধি বলতে ছিলেন ইউনিয়ন বোর্ড ও জেলা বোর্ডের কয়েকজন। তাঁদের আর্থিক সামর্থ্য ছিল খুব কম। সেটা তাঁরা পুষিয়ে দিতেন কাজ দিয়ে। তাঁরা প্রায় কেউই বিশেষ বিত্তবান ছিলেন না, তবে জনগণের কল্যাণে কাজ করার স্পৃহা ছিল তাঁদের মধ্যে অসামান্য। নিজেদের ঘরসংসার ফেলে বিপদে-আপদে তাঁরা মানুষের পাশে থাকতেন। আজ জনপ্রতিনিধি প্রচুর। সারা দেশ গিজগিজ করছে জনপ্রতিনিধিতে। তবে যিনি যে এলাকার মানুষের দ্বারাই নির্বাচিত হোন না কেন, রাজধানীর ধানমন্ডি, উত্তরা, গুলশান, বনানীর ফ্ল্যাটবাড়িতে সপরিবারে বাস করতেই তাঁরা পছন্দ করেন।
সেটা ছিল ঔপনিবেশিক সামন্ততন্ত্রের যুগ। গণতন্ত্রের যুগ নয়। সামন্তবাদী সমাজেও অভিজাত শ্রেণির মানুষ নামধামের জন্য হলেও মানুষকে কিছু সেবা দিতেন। জনহিতকর কাজের জন্য এবং সরকারকে সহযোগিতা করায় তাঁরা রায়বাহাদুর, খানবাহাদুর, স্যার প্রভৃতি খেতাব পেতেন। তাঁরা তাঁদের খেতাবের মর্যাদা রক্ষা করতেন সমাজে ভালো কাজের দ্বারা। এখনকার নির্বাচিত খানবাহাদুররা কোনোরকমে টাকা ঢেলে ও ক্যাডারদের পূর্ণ সহযোগিতায় একবার খেয়া পার হতে পারলে ভোটারদের দেখান কলা। এ কালের খানবাহাদুরদের ধনদৌলত সেকালের খানবাহাদুরদের চেয়ে ঢের বেশি। সে জন্য সালাম জানাতে হয় গণতন্ত্রকে।
বন্যায় যে শুধু মানুষের দুঃসহ কষ্ট তা-ই নয়, বন্যার কারণে গ্রামীণ অর্থনীতিতে যে মারাত্মক ক্ষতি হয়, তা বাংলাদেশের মহাজোটপন্থী অর্থনীতিবিদদের যে অজানা, তা নয়। বন্যায় ছেলেমেয়েদের লেখাপড়ার যে ক্ষতি হয়, তা অপূরণীয়। শিক্ষা মন্ত্রণালয়ের ভাগ্যবান কর্তাদের তা নিয়ে মাথাব্যথা থাকার কথা নয়। বন্যার সময় এবং বন্যা-পরবর্তী সময়ে মানুষের যে রোগবালাই, তা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করণীয় আছে অনেক কিছুই। কিন্তু তারা কী করে, তা বন্যা উপদ্রুত এলাকার মানুষ জানে না।
পঞ্চাশ-ষাটের দশকে আমাদের ছাত্রজীবনে আমরাও বড়দের সঙ্গে, রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সময় স্বেচ্ছাসেবকের কাজ করেছি। আজও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে একশ্রেণির আশীর্বাদধন্য ছাত্র স্বেচ্ছাসেবকের কাজই করছেন। শিক্ষকদের ওপর চড়াও হতে তাঁদের যতটা শক্ত পেশির অধিকারী হওয়া দরকার, তাঁদের পেশি তার চেয়ে অনেক বেশি শক্ত। স্বেচ্ছাশ্রম থেকে টেন্ডারের বাক্স নিয়ে দৌড় দিতে পায়ে ও কোমরে যতটা জোর থাকা প্রয়োজন, এঁদের জোর তার চেয়ে ঢের বেশি। এঁরা অলিম্পিক দৌড় প্রতিযোগিতায় গেলে যে কারও চেয়ে ভালো করবেন।
সমস্যায় জর্জরিত সমাজে সমস্যা সমাধানে মাথা ঘামিয়ে, কাজ না করে জননেতারা ইতিহাসচর্চা করছেন। সেটাও লাইব্রেরির নির্জন কক্ষে বসে নয়—রাজপথে ঠাঠা রোদের মধ্যে দাঁড়িয়ে। সেই বঙ্গীয় প্রবাদটি যে কত সত্য এবার তাঁরা বুঝতে পেরেছেন। পাতলা মলের মধ্যে ঢিল ছুড়তে নেই। ও জিনিস নিজের গায়ে এসে লাগে ও দুর্গন্ধ ছড়ায়।
শেখ ফজলুল করিম সেলিমের একটি অতি অপ্রিয় সত্য কথাকে নিয়ে বিভিন্ন দিক থেকে যে ভাবসম্প্রসারণ হলো, তেমনটি বিশ্লেষণী দার্শনিকেরা দর্শনতত্ত্বের কোনো মূল সূত্র নিয়েও করেন কি না সন্দেহ। ৪০ বছর আগে জাতীয় জীবনে যা হওয়ার তা হয়ে গেছে, তা নিয়ে সেই সময়ের প্রধান-অপ্রধান কুশীলবেরা যত নীরব থাকেন, তত তাঁদের জন্য ভালো।
আত্মপক্ষ সমর্থনেরও একটা সীমা আছে। অন্যকে দোষারোপ করারও একটা মাত্রা আছে। ১৬ বছর রাষ্ট্রদূতের সুখের চাকরি করে অন্যকে আঘাত করে কথা বলা যায় না। মুক্তিযোদ্ধা হিসেবে নয়, কে শরণার্থী হয়ে ভারতে গিয়েছিলেন, কে মার্কিন দূতাবাসে গিয়েছিলেন, কে তাঁর প্রিয়তম সহোদর, মামা-মামি-আত্মীয়স্বজন হারিয়ে বঙ্গভবনে মোশতাককে গিয়ে সমর্থন দিয়েছিলেন—সেসব এখন প্রমাণ করা খুবই কঠিন। কিন্তু ১৫ আগস্ট থেকে ২২ নভেম্বর জিয়া প্রধান সামরিক আইন প্রশাসক হওয়ার আগ পর্যন্ত চার মাসে রাষ্ট্র থেকে কে কী কী সুবিধা নিয়েছিলেন, সে তথ্য আজও অজানা রয়ে গেছে।
আমরাও তখন জীবিত ছিলাম এবং ছিলাম কর্মরত। জাহাঙ্গীর গেটের ওপাশে কী হয়েছে না হয়েছে, তা জানা না গেলেও সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে কে কী করেছেন, তা কিছু কিছু নিজের চোখ ও কানের মাধ্যমে অবগত হওয়া কঠিন ছিল না। ২ নভেম্বর থেকে ৭ নভেম্বর দিন মাত্র পাঁচটি, কিন্তু ইতিহাসের সেটি একটি অধ্যায়। এ বিষয়ে আশি ও নব্বইয়ের দশকে নয়া পদধ্বনি, আজকের কাগজ ও খবরের কাগজ-এ লিখেছি। ১৫ আগস্টের ঘাতকদের অতি আরামে বাংলাদেশ বিমানের বিশেষ বিমানে ব্যাংককে নিরাপদ আশ্রয়ে যেতে সামরিক ও বেসামরিক কোন কোন কর্মকর্তা সহায়তা করেন? উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কূটনীতিকদের সহায়তা ছাড়া তাঁরা দেশত্যাগ করতে পারতেন না সপরিবারে। তাঁদের সম্পর্কে তদন্ত হওয়া উচিত ছিল।
তলোয়ার ঘোরাতে ঘোরাতে খালেদ মোশাররফ ক্ষমতার মঞ্চে প্রবেশ করেন। তাঁকে আওয়ামী লীগের কোনো কোনো নেতা সহানুভূতি দেখান। কেন দেখান, বোঝা যায় না। তিনি বঙ্গবন্ধুর অনুসারী ছিলেন—তা দুনিয়ার মানুষ মনে করলেও আমি মনে করি না। যে তিন-চার দিন তিনি স্বঘোষিত রাষ্ট্রের হর্তাকর্তাবিধাতা ছিলেন, সেই সময় বাংলার আকাশের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হেলিকপ্টার উড়তে দেখেছি। তিনি ১০টি মিনিটের জন্য টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গেলেন না।
তিনি জীবন দিয়েছেন, তার পরেও তাঁকে আমরা স্যালুট দিতাম যদি তিনি ক্ষমতা হাতে নিয়েই চার সিনিয়র নেতাকে জেল থেকে মুক্তি দিয়ে তাঁদের ওই কক্ষগুলোতে নিয়ে ঢোকাতেন ডালিম, ফারুক, শাহরিয়ার, হুদাদের। তখন ব্রিগেডিয়ারকে হাবিলদারের ভাষায় বলতাম: ‘খুব কিয়া ভাই খুব কিয়া!’ ‘সাব্বাস্ ভাই! সাব্বাস্ দিই, সাব্বাস্ তোর শমশেরে! পাঠিয়ে দিলি দুষমনে সব যম-ঘর একদম্-সে রে!’ [‘কামাল পাশা’, অগ্নিবীণা] রূঢ় বাস্তবতা হলো, শেখ মুজিব এবং জিয়া উভয়েই ছিলেন তাঁর রাজনৈতিক লক্ষ্য অর্জনের পথে বাধা।
বাঙালি বীরের জাতি বলেই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিদিন বীরোচিত ঘটনা ঘটছে। বাঙালি শুধু বীর নয়, সে সৃষ্টিশীল জাতি। সে প্রতিভাবান জাতি। সে জানে কোন সময় কী জিনিস থেকে কীভাবে সুবিধা আদায় করা যায়। সে স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধ থেকে সুবিধা আদায় করে প্রমোশন নিতে জানে। পদক নিতে জানে। খেতাব নিতে জানে। ভাতা নিতে জানে। কীভাবে অমুসলমানদের বাড়িঘর দখলে নিতে হয় তা জানে। অবাঙালিদের পরিত্যক্ত বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান করায়ত্ত করতে জানে। সে জানে রাষ্ট্রের প্রতিষ্ঠাতার হত্যাকাণ্ডের ৪০ বছর পর তাঁর মৃত্যুর শোক দিবস থেকে কীভাবে ফায়দা লুটতে হয়।
প্রখর বুদ্ধিমান বাঙালি সব জানে। জানে না শুধু কীভাবে আত্মত্যাগ করে দেশ ও জনগণের সেবা করতে হয়।
সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক৷