বাঙালির ত্রাতার মতোই ছিল তাঁর আবির্ভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
.
.
মুজিব ‘বাংলা দেশ’ বেছে নিয়েছিলেন: কিলগোর

বাঙালির প্রতি মার্কিন রাষ্ট্রদূত এন্ড্রু আই কিলগোরের আবেগ-অনুভূতিকে আমরা আর্চার ব্লাড, যাকে বলি বাংলাদেশের মুক্তিসংগ্রামে একমাত্র সক্রিয় আমেরিকান মুক্তিযোদ্ধা, তাঁর সঙ্গে তুলনা করতে পারি। ব্লাডের মতোই বাঙালি ও বঙ্গবন্ধুর প্রতি কিলগোরের অনুরাগ লক্ষ করি। ১৯৬৭-৭০ সালে ঢাকার মার্কিন কনস্যুলেটে কখনো দ্বিতীয় প্রধান, কখনো ভারপ্রাপ্ত কনসাল জেনারেলের দায়িত্ব পালনকারী কিলগোর পরে নিজেই দাবি করেছেন, ‘আমি শেখ মুজিবের বন্ধু হয়ে উঠেছিলাম।’ যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্ম নেওয়া ৯৭ বছর বয়সী এই কূটনীতিক ১৯৮০ সালে কাতারে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে অবসর নেন।

ষাটের দশক বাঙালি ও মুজিবের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়। একজন গবেষক হিসেবে লক্ষ করি, বাঙালির বিরুদ্ধে নিক্সন-কিসিঞ্জার যে বৈরী নীতি অবলম্বন করেছিলেন, তা পূর্ববর্তী বছরগুলোতে তাঁদেরই পেশাদার কূটনীতিকদের দ্বারা মূল্যায়ন ও পূর্বাভাসের বিরোধী ছিল। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাফেজখানায় কিলগোরের সই করা কিছু নথি পেয়েছিলাম, যা এ পর্যন্ত কোথাও প্রকাশিত হয়নি বলেই জানি। এ রকম একটি নথির শিরোনাম, ‘পূর্ব পাকিস্তান: শেখ মুজিবুর রহমান কি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন?’ এই তারবার্তা ঢাকা থেকে ওয়াশিংটনে পাঠানো হয় ১৯৬৯ সালের ২৩ জুলাই। নিক্সনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তত দিনে কিসিঞ্জার ছয় মাস পার করেছেন। ঢাকায় ছাত্রদের ১১ দফা ঘোষণা, আসাদ ও ড. জোহার স্মৃতিবিজড়িত উনসত্তরের গণ-অভ্যুত্থানেরও ছয় মাস কেটে গেছে তখন এবং আইয়ুবের পদত্যাগের পরে ইয়াহিয়ার ক্ষমতায় বসার প্রায় চার মাস হয়েছে। কিলগোর লিখেছিলেন:
‘২২ জুলাই ১৯৬৯। হোটেল ইন্টারকন্টিনেন্টালে পোলিশ জাতীয় দিবসের সন্ধ্যাকালীন অভ্যর্থনা বেশ জমে উঠেছিল। আর সেখানে শেখ মুজিবুর রহমান ছিলেন প্রধান আকর্ষণ। তাঁকে ঘিরে ছিলেন কলরবমুখরিত তাঁর বন্ধু ও অনুরাগীরা। শেখ মুজিবকে দেখলাম প্রাণবন্ত। তিনি ছিলেন উচ্ছ্বসিত, যিনি নিজেকে অবশ্যই আনন্দে ভাসতে দিয়েছিলেন। যখন কনসাল জেনারেল কর্মকর্তা (এই ব্যক্তি কিলগোরও হতে পারেন) শেখ মুজিবকে বললেন, আপনি তো পূর্ব পাকিস্তান চষে বেড়াচ্ছেন। মুজিব বললেন, নিজেকে এভাবে চলমান রাখতেই তিনি সংকল্পবদ্ধ। ন্যাপের সঙ্গে আওয়ামী লীগের একটি অনানুষ্ঠানিক নির্বাচনী জোট হতে পারে মর্মে পত্রিকান্তরে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা সেই আলাপে মুজিব নাকচ করেন। মুজিব বলেন, ‘ওয়ালি খান এটা খুব করে চাইছেন। কিন্তু আওয়ামী লীগ লাভবান হবে, এটা স্পষ্ট না হওয়া পর্যন্ত তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে মোর্চা করতে উদ্যোগী হবেন না। মুজিব আগস্টের ৫ বা ৬ তারিখে নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সম্মেলন করতে করাচি যাবেন। কিন্তু তিনি উত্তর প্রদেশ সীমান্তে যাবেন কি না, সে বিষয়ে এখনো মনস্থির করেননি।’
এই বিবরণের পরে কিলগোর মন্তব্য করেন, ‘কিছুদিন ধরে কনসাল জেনারেল অফিসের কর্মকর্তাদের মধ্যে এই চিন্তা ঘুরপাক খাচ্ছে যে, মুজিব সক্রিয় রাজনীতির ময়দানে ক্রমাগতভাবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে উদ্যমী হয়ে উঠছেন। গত ১৪ জুলাই তিনি ইয়াহিয়ার সঙ্গে আলোচনা করেন। নির্বাচনের সম্ভাব্য একটি তারিখ নির্ধারণে ইয়াহিয়া নীরব থাকেন। কিন্তু তাই বলে এখন শেখ মুজিবের তৎপরতাকে ইয়াহিয়ার প্রতি তাঁর উপহাস হিসেবে গণ্য করা যাবে না; বরং শেখ মুজিবের সর্বশেষ তুমুল সক্রিয় রাজনৈতিক তৎপরতাকে এভাবে ব্যাখ্যা করা চলে যে, ইয়াহিয়া হয়তো আওয়ামী লীগের সভাপতিকে এ ধরনের ভরসা দিয়েছেন যে, মুজিব যদি তাঁর রাজনৈতিক কর্মসূচিতে সুযোগ ও পরিবেশ সৃষ্টি করেন, তাহলে সামরিক আইন কর্তৃপক্ষ কিছুটা সহনশীল দৃষ্টিভঙ্গি নেবে।’ এর ঠিক ছয় মাস পর ১১ ডিসেম্বর ১৯৬৯ কিলগোর পূর্ব পাকিস্তানের নামকরণ ‘বাংলা দেশ’ করা নিয়ে চার পৃষ্ঠার একটি দীর্ঘ প্রতিবেদন পাঠান ওয়াশিংটনে। সেটা রীতিমতো একটা গবেষণা, যেখানে তিনি মুজিব, ভাসানী, আতাউর রহমান খান, তোফায়েল আহমেদ প্রমুখ কেন ‘বাংলা দেশ’ শব্দটি বেছে নিতে এতটাই উদ্গ্রীব, তার একটি ঐতিহাসিক বয়ান দেন। পুরো বিষয়কে তিনি পাঁচটি ধাপে ভাগ করেন। কিলগোর লেখেন, ‘অন্য আরও অনেকের মধ্যে শেখ মুজিব বহু বছর ধরে পূর্ব পাকিস্তানের নামকরণ “বাংলা দেশ” করার দাবিতে উচ্চকিত। এবারে গত ২৮ নভেম্বর ইয়াহিয়ার ভাষণের পরে প্রথম জনৈক এস রহমতউল্লাহ যেহেতু পশ্চিম পাকিস্তানের “এক ইউনিট” পরিচয় ভেঙে গেছে, তাই এখন পূর্ব পাকিস্তান বদলে পূর্ব বাংলার দাবি তুললেন। এরপর মুজিব ৫ ডিসেম্বরে এক উল্লসিত সমাবেশে তাঁর কথায়, দুই মহান সন্তান শেরেবাংলা ও সোহরাওয়ার্দীর নামের সঙ্গে “বাংলা” জড়িত, তাই এই মুহূর্ত থেকে এ ভূখণ্ডের পরিচয় “বাংলা দেশ” হবে বলে ঘোষণা দেন। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ভাসানী ও আতাউর তাঁকে সমর্থন দেন। মুজিবের অনুরাগী ছাত্রনেতা তোফায়েল আহমেদ সংগঠনের নাম পাল্টে “বাংলা ছাত্রলীগ” ঘোষণা দেন।’

এন্ড্রু কিলগোরের ১৯৬৯ সালের তারবার্তা l প্রথম আলো
এন্ড্রু কিলগোরের ১৯৬৯ সালের তারবার্তা l প্রথম আলো

কিলগোরের এই তারবার্তায় ‘বাংলা দেশ’ নামকরণ নিয়ে জামায়াতের দোটানা মনোভাব স্পষ্ট হয়ে উঠেছিল। সবাই জানেন, জামায়াত বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ছিল। কিন্তু তারা ‘বাংলা দেশ’ নামেরও বিরোধী ছিল। তারা প্রদেশের নাম ‘বাংলা দেশ’ শব্দটিও মেনে নিতে পারেনি। কিলগোর নথি সাক্ষ্য দিচ্ছে, মওদুদীর শিষ্য ও করাচি জামায়াতের যুগ্ম সম্পাদক মাহমুদ আজম ফারুকি (পরে জিয়াউল হকের তথ্যমন্ত্রী) পূর্ব পাকিস্তান বদলে ‘বাংলা দেশ’ নামকরণের বিরোধিতা করেন। তিনি মুজিবের সমালোচনা করেন এবং এর মধ্যে ‘দেশপ্রেমহীনতা ও বিচ্ছিন্নতাবাদের’ গন্ধ খুঁজে পান। স্মরণ করিয়ে দেন, বাঙালিরা অতীতে উর্দু মানতে পারেনি, তাতে দুই অংশের ফারাক আরও বেড়েছে। তৎকালীন পূর্ব পাকিস্তানে এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া হলে পূর্ব পাকিস্তান জামায়াতের আমির গোলাম আযম (যুদ্ধাপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডে দণ্ডিত) একটি বিবৃতি দেন। এতে তিনি ভাষা প্রশ্নে ফারুকির বক্তব্য ‘নিরঙ্কুশভাবে অনুমোদনহীন’ বললেও এটা নিশ্চিত করেন যে, তাঁর ‘বাংলা দেশ’ বিরোধিতা জামায়াতের দলীয় অবস্থান। গোলাম আযম বঙ্গবন্ধুকে সমর্থন দিতে অপারগ থাকেন এবং বলেন, ‘এই প্রশ্ন ন্যাশনাল অ্যাসেম্বলিতে ঠিক হবে।’
কিলগোর ১৯৬৯ সালের ওই তারবার্তায় মন্তব্য করেছিলেন, ‘বাংলা দেশ’ বিতর্ক কীভাবে নিষ্পত্তি হবে, তা আগে থেকে অনুমান করা চলে না। পূর্ব পাকিস্তানিরা বাংলা ব্যবহারে গর্ববোধ করে, এতেই ঐকতান খুঁজে পায়। আর অন্যত্র যেভাবে নামের শেষে থাকে ‘প্রদেশ’, এখানে তা ‘দেশ’।
এই তারবার্তা প্রেরণের মাত্র পাঁচ মাস পরের এক সকাল, ২ জুন ১৯৬৯। কিলগোর ও আর্চার ব্লাড মুজিবের মুখোমুখি। শেখ মুজিব বলেন, ‘সেনাবাহিনী যদি আমাকে থামানোর চেষ্টা করে, তাহলে আমি স্বাধীনতা ঘোষণা করব, গেরিলা যুদ্ধের ডাক দেব। একটি সম্ভাব্য ভিয়েতনাম পরিস্থিতিতে কমিউনিস্টদের সুযোগ নেওয়ার প্রাথমিক শঙ্কাই (ব্লাডের মতে এটা মার্কিনদের তাতানোর কৌশল!) আমাকে এত দীর্ঘ সময় ধৈর্যশীল রেখেছে।’
উল্লেখ্য, ব্লাড কিলগোরকেই মুক্তিযুদ্ধকালে তাঁর উত্তরসূরি কনসাল করতে সুপারিশ করেছিলেন। কিন্তু কিসিঞ্জার-অনুরাগীরা তা নাকচ করেন। বহু পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রে লিম্যান হান্ট (রোমে নিহত) কিলগোরকে বলেছিলেন, ‘বড় বেশি বাঙালিঘনিষ্ঠ বিবেচনায় একাত্তরে আপনাকে ঢাকায় কনসালগিরির দায়িত্ব দেওয়া হয়নি।’ কিসিঞ্জারের পাকিস্তানপ্রীতির কারণ চিহ্নিত করে কিলগোর বলেছেন, ‘পরিস্থিতি সম্পর্কে হেনরি ছিলেন খুব বেশি অজ্ঞ। ব্লাডের বিস্ফোরক তারবার্তা সুফল দেয়নি, চমৎকার ব্যক্তিত্বের ব্লাড ভারতে রাষ্ট্রদূত হতেন, সেই সম্ভাবনা নস্যাৎ হয়েছে।’
১৯৮৮ সালের ১৫ জুন মার্কিন কথ্য ইতিহাসবিদ চার্লস স্টুয়ার্ট কেনেডিকে দেওয়া সাক্ষাৎকারে কিলগোর বঙ্গবন্ধুর স্মৃতিচারণা করেছিলেন। কিলগোর অকপটে বলেছেন, ‘১৯৬৭-৭০ সালে আমি স্পষ্টভাষী ছিলাম। আমি যা ভাবতাম, তা-ই বলতাম। আমার কাজ ছিল রাজনৈতিক রিপোর্টিং করা।’ ১৯৬৭ সালের ঢাকার রাজনৈতিক অবস্থা আপনি কেমন দেখেছিলেন? তাঁর উত্তর, ‘পাকিস্তানের দুই অংশ যে বিভক্ত হবে, বাঙালিরা নতুন রাষ্ট্র করবে, সেটা বুঝতে আমার মাত্র কয়েক সপ্তাহ লেগেছিল। পাকিস্তান সেনাবাহিনী ধীরে ধীরে দখলদার বাহিনীতে রূপান্তরিত হয়েছিল।’
কিলগোরের মূল্যায়ন হলো, ছাত্র থাকতেই জাতীয়তাবাদী নেতা মুজিব আমজনতার পক্ষ নেন। তাঁর কথায়, ‘যে জনতা রান্না, পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ঝাড়ু দেওয়া ও ঘাস কাটার মতো কাজ করত, মুজিব তাদের পক্ষ নেন, যদিও তখন তারা তাঁর জন্য তেমন কিছু্ই করেনি। মুজিব সত্যিই বাংলার দরিদ্র ও নিপীড়িত জনতার নেতৃত্ব দেন এবং বাঙালির নায়কে পরিণত হন। কেন্দ্রীয় সরকার অবশ্যই ভীত হয়ে তাঁকে জেলে নিক্ষেপ করেছিল। পরে ১৯৬৯ সালে একটি স্বাধীন পূর্ববঙ্গ প্রতিষ্ঠার এক সাজানো ষড়যন্ত্র মামলায় (আগরতলা) তাঁকে আসামি করা হয়।’
কিলগোরের কথায়, ‘পূর্ববঙ্গ সীমান্তের ঠিক ওপারেই একটি ছোট্ট ভারতীয় গ্রাম, সেখানে ষড়যন্ত্রকারীরা মিলিত হয়েছিলেন বলে অভিযোগ আনা হয়। কিন্তু প্রধানত এটা একটা সাজানো মামলা ছিল। বাস্তবে পূর্ববঙ্গকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করতে কোনো পরিকল্পনা ছিল না। বাঙালিরা একটি মর্যাদার আসনে উন্নীত হতে চেয়েছিল, যাতে অবিভক্ত পাকিস্তানের দৃশ্যপটে বাঙালির সম-অংশীদারি নিশ্চিত থাকে। পাকিস্তানের জন্মের গোড়ায় একজন বাঙালি প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তা তত দিনে প্রাসঙ্গিকতা হারিয়েছিল। আমি চলে আসার পরে ১৯৭০ সালে সাধারণ নির্বাচন হলো, মুজিবের তখন প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল। কিন্তু সামরিক বাহিনী তাঁকে তা হতে দিতে অস্বীকৃতি জানাল। এরপর যুদ্ধ বাধল।’ কিলগোর আরও বলেন, ‘আপনি যদি ভাবেন, আমরা যুক্তরাষ্ট্রে বর্ণবাদের সমস্যায় ভুগছি, তাহলে আপনি দক্ষিণ এশিয়ায় বর্ণবাদ দেখতে যান। সেখানে বর্ণই প্রায় সবকিছুর নিয়ন্তা। বাল্টিমোর সান-এর সাংবাদিক অ্যাডাম ক্লেমার লিখেছিলেন, পাঞ্জাবি জেনারেলরা সাধারণভাবে বাঙালিদের ‘লিটল ব্ল্যাক বাস্টার্ড’ মনে করতেন। বাঙালিদের পৃথক হওয়ার আরেকটি কারণ ছিল পাট। পাট রপ্তানির সব ডলার জমত কেন্দ্রীয় সরকারের তহবিলে। এরপর ধরুন, তারা বলত, এবার তোমাদের দেব ৩০০ কোটি রুপি। বছর শেষে দেখা যেত, ১০০ কোটি রুপি উন্নয়নে খরচ হয়েছে। বাকি ২০০ কোটি রুপি ফেরত গেছে।’
এই বিবরণের পরে কিলগোর বলেন, ‘জেল থেকে বেরোনোর পর আমি ও মুজিব বন্ধু হলাম। তিনি আমাকে একদা বলেছিলেন, তারা আমার পাট চুরি করে নিচ্ছে। তারা বাছবিচারহীনভাবে চুরি করছে। আমার পশ্চিম পাকিস্তানি মুসলিম ভাইয়েরা আসলে আমাকে তাদের ভাড়াটে ভাবছে। মুজিব সবকিছুকেই ব্যক্তিগত ছাঁচে আপন করে নিয়েছিলেন। তিনিই হয়ে উঠেছিলেন বাংলা, যেন বাংলার পাটের টাকা তাঁর নিজের টাকা। মুজিব তাই বলতেন, “মাই জুট, মাই পিপল”।’
এরপর কিলগোরের মন্তব্য, ‘তিনি ছিলেন “ক্যারিশম্যাটিক মসিহ টাইপ” অর্থাৎ বাঙালির ত্রাতার মতোই তাঁর আবির্ভাব। মুজিব আমাকে আরও বলেছিলেন, ব্রিটিশরা যখন এখানে ছিল, তখন তারা বাণিজ্যই করতে চাইত। পশ্চিম পাকিস্তানি মুসলমানদের চেয়ে ব্রিটিশরা আমাদের কাছে অনেক উন্নত ছিল।’
জঙ্গিকবলিত বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে কিলগোরের আরেকটি মূল্যায়ন স্মরণযোগ্য। দেশভাগের জন্য জিন্নাহকে নয়, তিনি ব্রিটিশকেই দায়ী মনে করেন। তাঁর মতে, ইসলামকে দুই অংশের ঐক্যসূত্র মনে করা হলেও তা ঠিক ছিল না। নৃত্য, সংগীত ও কবিতা নিয়ে বাঙালির যে অহংকার, তা তার মুসলিম পরিচয়ের চেয়ে ঢের বেশি শক্তিশালী।
২৯ ডিসেম্বর ১৯৬৯। কিলগোরের ঢাকা থেকে ওয়াশিংটনে পাঠানো এক তারবার্তায় (লেখকের মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড বইয়ে এর উল্লেখ আছে) ইঙ্গিত আছে যে, তৎকালীন ডেপুটি চিফ অব মিশন সিডনি সোবারকে নিয়ে কিলগোর সেদিন মুজিবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। বঙ্গবন্ধু তাঁদের বলেছিলেন, ‘তাঁকে (মুজিবকে) হত্যা করতে দুজন আততায়ী ভাড়া করা হয়েছে। এদের একজন ইতিমধ্যে পূর্ব পাকিস্তানে পৌঁছে গেছে।’ ওই বৈঠকের যে বিবরণ কিলগোর এঁকেছিলেন, তাতে মুজিবের প্রতি কিলগোরের ব্যক্তিগত অনুরাগের ছাপ স্পষ্ট। কিলগোর লিখেছিলেন, ‘শেখ মুজিবকে হাজার হাজার কিংবা কোনো একদিন লাখো লোক ঘিরে থাকবে। এ রকম ভিড়ের মধ্যে কোনো একজন আততায়ী তাঁর জীবনপ্রদীপ নিভিয়ে দিতে পারে।’
কিলগোরের বিয়োগান্ত ভবিষ্যদ্বাণী মাত্র ছয় বছর পরে বাস্তবে রূপ পেয়েছিল। কিন্তু তা লাখো মানুষের ভিড়ে নয়, তমসাচ্ছন্ন পনেরো আগস্টের অন্ধকার গহ্বরে।