গ্রামের বাড়ির সবজিখেতে গিয়ে এবার দেখলাম ছোট ভাই টার্কি পালন শুরু করেছে। এত কিছু রেখে হঠাৎ টার্কি মুরগি কেন? না, সামনের বছর থেকে সেও ‘ধন্যবাদ জ্ঞাপন দিবস’ পালন করতে চায়। ধন্যবাদ জ্ঞাপন দিবসে নাকি টার্কির রোস্ট না হলে চলে না। ভেবে দেখলাম আমাদের দেশেই এ রকম দিবস চালু থাকা উচিত, ইউরোপ-আমেরিকা বা চীন-জাপানে নয়। এমনকি একটা ‘দুঃখ প্রকাশ দিবস’ও। ওসব দেশে প্রতিনিয়ত সৌজন্যবোধের ছড়াছড়ি। আমাদের ওসবের বালাই নেই। তাই দিবস পালনের মধ্য দিয়েও যদি এ অভ্যাস গড়ে তোলা যায় তো ছোট ভাইয়ের টার্কির বাড়বাড়ন্ত হোক, এই কামনা করি। ওর দেখাদেখি আরও অনেকেরই সৌজন্যবোধের হাতেখড়ি হয়ে যাক।
আমাদের দেশে আবার অনেকেই এসব তথাকথিত ‘দিবস’ পালনের বিপক্ষে। এসব নাকি আদিখ্যেতা। কেবল বাণিজ্যের ধান্দা। জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এবং জাতীয়ভাবে ঘোষিত পরিবেশ, মানুষ, সমাজ, রাজনীতি, ভাষা, সংস্কৃতি, বিজ্ঞান, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির উন্নয়নে যে দিবসগুলো পালন করা হয় সেগুলোর তাৎপর্য এক ধরনের। আর মা, বাবা, বোন, বন্ধুত্ব, ভ্যালেন্টাইন, চকলেট, মিস, হাগ, প্রস্তাব, প্রমিস, ব্রেক, কনফেশন ইত্যাদি দিবস আসে হইহুল্লোড়, কেনাকাটা, উপহার, বেড়ানো, খাওয়াদাওয়ার জন্য। আসলে এসবই ছুতো। যত পার্বণ তত আনন্দ, ততই তুমুলভাবে বেঁচে থাকা।
বিদেশে মাত্র শেষ হলো ‘থ্যাংকস গিভিং ডে’ বা ধন্যবাদ জ্ঞাপন দিবস। ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য এ দিবসের উৎপত্তি হলেও এখন তা হয়ে দাঁড়িয়েছে মা-বাবা, বন্ধু, পরিবার-পরিজন একে অন্যের সঙ্গে দেখা করে সময় কাটানোর উপলক্ষ। এ দিবস আমাদের দেশে পালন করতে হলে কেবল টার্কি চাষ করলে হবে না, চেতনার উন্মেষ ঘটাতে হবে। আমরা না জানি ধন্যবাদ দিতে, না পারি দুঃখ প্রকাশ করতে।
একবার দুজন বাঙালি উড়োজাহাজে পাশাপাশি বসে বিদেশ যাচ্ছিলেন। একজন প্রায়ই যান, অন্যজন প্রথমবার। বিমানবালারা খাবারদাবার এটা-ওটা এগিয়ে দিলে প্রায়ই যাওয়া জন বারবার ধন্যবাদ দিচ্ছিলেন দেখে প্রথমবারের জন মহাবিরক্ত হয়ে বললেন ‘এত ধন্যবাদ দেওয়ার কী আছে? ওদের কাজই তো এসব করা।’
একবার একটা প্রশিক্ষণের জন্য বিদেশ গিয়ে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে হোস্টেলে ছিলাম। এক সকালে ইন্দোনেশিয়ান ইব্রাহিম আমেরিকান ডেভিডের রুমে নক করে ‘তোমার কাছে টি-ব্যাগ হবে?’ জিজ্ঞাসা করেছিল। ডেভিড চোখমুখ লাল করে জবাব দিয়েছিল, ‘হবে, কিন্তু দুঃখিত, দেব না।’ ডেভিডের মতো এত ভদ্র ছেলে কেন এমন করল? পরে জানা গেল, ইব্রাহিম কেন সকালে তাকে গ্রিটিং (গুড মর্নিং) না করেই চা চেয়েছিল, এ কারণে।
এখনো বিনোদনমূলক অনুষ্ঠানে পারফরমারকে উৎসাহিত করার জন্য উপস্থাপককে দর্শকদের কাছে পুনঃ পুনঃ করজোড়ে তালি প্রার্থনা করতে হয়। কয়েক দিন আগে অফিসার্স ক্লাবে উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রুনা লায়লা গান গাইলেন এবং তিনি নিজে তালি ভিক্ষা করলেন। এ ক্লাবে দেশের উচ্চ পদমর্যাদার উচ্চশিক্ষিতরা আসেন। সরকারদলীয়রা বলবেন, উন্নয়নের জোয়ারে সবার হাতেই মোবাইল, তালি দেবেন কী করে? দুর্মুখরা বলেন, পকেটে বা কোলের ওপর মোবাইল রেখে তালি মারতে গেলে
তালি দেওয়ার পর আর মোবাইল পাওয়া যায় না। যেখানে ধর্মশালায় মানুষ জুতা সামনে রেখে প্রার্থনা করেন, সেখানে গানবাজনা তো কোন ছার!
বিয়ে বা অন্যান্য নিমন্ত্রণপত্রের নিচে নিমন্ত্রণকারী অতি শরমিন্দায় অপারগতাকারীর উদ্দেশে বেশ কয়েকটি ফোন নম্বর উল্লেখ করেন, যাতে তাঁদের কেউ না আসতে পারলে অনুগ্রহ করে জানান। জানতে পারলে তাঁর খরচ ও পরিশ্রম দুটোই বাঁচে। কিন্তু কোনো মহামান্যই এ সৌজন্যতাটুকু দেখান বলে জানা নেই। ওদিকে নিমন্ত্রণকারী স্বয়ং না এসে ডাকে বা বাহক মারফত নিমন্ত্রণপত্র পাঠালে কুটুম বেজার হন। সমাজে সর্বোচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদেরও দেখেছি সৌজন্যবোধের ঘাটতি। কারও শোকে বেদনা জ্ঞাপন করতে গেলে তিনি দরজা খোলেন না, কেউ আমন্ত্রিত অতিথি হয়েও রবাহুতের শিক্ষা পান। এখন হাতে হাতে সেলফোন (উন্নয়নের জোয়ার)। তারপরও হয়তো আমন্ত্রণকারী দুপুরের খাবার টেবিল সাজিয়ে বসে আছেন, দাওয়াতি এলেনই না বা গদাইলস্করি চালে এলেন বিকেলে। সবাই তো আর কবি রফিক আজাদ নন যে বলবেন-
‘দাঁড়িয়ে থাকতে থাকতে
আমার পায়ে শিকড় গজাবে,
আমার প্রতীক্ষা তবু ফুরাবে না’।
স্যরি-টরি দূরে থাক, এসেই ‘এটায় নুন বেশি’ বা ‘ওটায় চিনি কম’ শুরু করে দেন।
আমাদের দেশে এখনো ‘পটলাক’ বা ‘ওয়ান ডিশ শেয়ার’ সংস্কৃতি সেভাবে চালু হয়নি। ধন্যবাদ জ্ঞাপন দিবসেও ওসব দেশে একক কারও নিমন্ত্রণের সমাবেশে একেকজন ভিন্ন ধরনের খাবার এনে অনুষ্ঠানটিকে বৈচিত্র্য দান করেন। এতে একজনের ওপর চাপ কম পড়ে। আমরা এমনই অতিথিপরায়ণ জাতি যে দাওয়াত দিয়ে তাদের বলব খাবার নিয়ে আসতে? এর চেয়ে মরণ ভালো! তবু ভালো আমাদের প্রায় সবারই গৃহকর্মী রয়েছে। শ্রমের সিংহভাগই তাঁরা করেন কিন্তু অতিথিদের মধ্যে খুব কমই আছেন যাঁরা ভরপেট খেয়ে গৃহকর্মীর প্রশংসা করেন বা তাঁদের হাতে বকশিশ তুলে দেন। সেই গল্পটার কথা মনে পড়ল-এক বাঙালি আমেরিকায় গিয়ে ‘পটলাক’-এর দাওয়াত খেয়ে বেড়ান। এ রকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণকারী সবাইকে কে কী এনেছেন জিজ্ঞাসা করলে কেউ বললেন চিকেন ফ্রাই, কেউ কেক, কেউ পিৎজা, কেউ রোস্টেট টার্কি ইত্যাদি। বাঙালি ভদ্রলোককে জিজ্ঞাসা করলে তিনি বললেন, ‘ছোট ভাইকে’।
ফেসবুকে একটা বিদেশি ভিডিও শেয়ার করেছেন এক বন্ধু, যেখানে এক শপিং মলে বাবা তঁার ছোট্ট শিশুটিকে ‘স্যরি’ বলা শেখাচ্ছেন। একটু পরেই এক দুর্বিনীত তরুণী শিশুটিকে ধাক্কা দিয়ে চলে গেলে শিশুটি তাকে স্যরি বলতে বলে কিন্তু তরুণী বলে যে ওটা নিছকই দুর্ঘটনা, স্যরি বলার কিছু নেই। শিশুর বাবা দোকানের ম্যানেজারের কাছে অভিযোগ করলে ম্যানেজার তরুণীকে স্যরি বলানোর জন্য পুলিশ ডাকতে বাধ্য হন। ভুল বুঝতে পেরে তরুণী স্যরি বললে শিশুটি তাকে জড়িয়ে ধরে ‘অনেক ধন্যবাদ’ বললে অবস্থা স্বাভাবিক হয়। কদিন আগে পত্রিকায় দেখলাম জাপানে ২০ সেকেন্ড আগে রেলগাড়ি স্টেশন ছেড়ে যাওয়ায় বিবৃতি আর দুঃখ প্রকাশ করতে করতে হয়রান ট্রেনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এদিকে আমাদের দেশে বিদ্যুৎ, গ্যাস, পানি এমনকি সেলফোনের নেট লাইন পর্যন্ত নিজের ইচ্ছামতো যায়-আসে। কারও কোনো দুঃখ প্রকাশের মাথাব্যথা নেই। তবে ধন্যবাদ, আমাদের ট্রেন এখন অনেক নিয়মিত।
তো দিবস পালনের বিরুদ্ধে অনেক বিপরীত মতাদর্শ থাকলেও এর মধ্য থেকেই উঠে আসে ভালোবাসা, সহমর্মিতা, প্রশংসা ও সমবেদনার ফল্গুধারা। বিশেষ দিবস না থাকলে পয়লা বৈশাখের আনন্দ কি অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব হতো বা আমরা কি পৃথিবীকে উপহার দিতে পারতাম মাতৃভাষা দিবস? এসব দিবস তার আতিশয্যকে বাদ দিয়েও আমাদের সংস্কৃতিমান হতে শেখায়। অন্তত ধন্যবাদ ও দুঃখিত বলার চর্চায় আমাদের আরও মানবিক হতে হাত বাড়ায়।
উম্মে মুসলিমা: কথাসাহিত্যিক।
[email protected]