বাজেট ভাবনা: ব্যক্তির নিরাপত্তার কী হবে?
কর্মক্ষম মানুষ আয় থেকে কিছু টাকা বাঁচিয়ে সঞ্চয় করে, যাতে সে ভবিষ্যতে একটু ভালো থাকতে পারে। বিশেষ করে, বুড়ো বয়সের নিরাপত্তা নিয়ে সবার মনেই উদ্বেগ থাকে। আমাদের দেশে ব্যক্তির সঞ্চয়ের প্রধান মাধ্যম হচ্ছে ব্যাংকের ডিপিএস, এফডিআর, বিমা ও সঞ্চয়পত্র, আর বিনিয়োগের মাধ্যম হচ্ছে শেয়ারবাজার।
কিন্তু ব্যাংকের এফডিআরের সুদের হার এখন আর মোটেও আকর্ষণীয় নয়। কয়েক বছর ধরে তা ক্রমাগত কমছে। সে তুলনায় সঞ্চয়পত্রের সুদের হার বেশি, কিন্তু তার সুদের হারও কমানো হয়েছে। অন্যদিকে, শেয়ারবাজারের অবস্থা তথৈবচ। ২০১০ সালে যে বাজার পড়ল, তারপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি আমাদের পুঁজিবাজার। ব্যাংকের সুদের ওপর ১০ শতাংশ উৎসে কর কাটা হচ্ছে, যদি গ্রাহকের টিআইএন থাকে, আর না থাকলে তার হার দাঁড়ায় ১৫ শতাংশ। উৎসে আয়কর কাটার ব্যাপারটা হলো, মূল আয়কর রিটার্ন দাখিল করার সময় এটা সমন্বয় করা হবে। অবসরপ্রাপ্ত মানুষের আয় তো সার্বিকভাবে করের আওতায় থাকে না, কিন্তু তা সত্ত্বেও তাঁদের ব্যাংক সুদ থেকে ১৫ শতাংশ কর কর্তন করা চরম অনৈতিক। আবার অনেক নারীও ব্যাংক সুদের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন, যাঁদের আয় আইন অনুসারেই করযোগ্য নয়। কথা হচ্ছে, আমাদের দেশের মানুষ সরকারের কাছ থেকে নাগরিক সেবা বলতে তো একরকম কিছুই পায় না। আবার আমাদের গড় আয়ও তো খুব বেশি নয়। সেখানে এসব বয়স্ক মানুষের আয় থেকে এভাবে কর কর্তন করা হচ্ছে। ফলে ব্যাপারটা মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো হয়ে যায়! আবার পেনশনার সঞ্চয়পত্র ছাড়া অন্যান্য সঞ্চয়পত্র থেকেও উৎসে কর কর্তন করা হচ্ছে। ফলে যাঁদের আয় করযোগ্য নয়, সরকার তাঁদের কাছ থেকেও আয়কর সংগ্রহ করছে।
সঞ্চয়ের মাধ্যমগুলোর মধ্যে শুধু বিমাই করমুক্ত। কিন্তু আমাদের দেশের বিমাকারীদের বিরুদ্ধে এত এত অভিযোগ যে প্রায় ৩০টি জীবন বিমা প্রতিষ্ঠান থাকলেও দেশের ৫ শতাংশ মানুষও বিমার আওতায় নেই।
আবার একই সঙ্গে সরকার নতুন মূসক আইনে সবকিছুর ওপর ১৫ শতাংশ মূসক আরোপের কথা ভাবছে। সেটা হলে আপনি যদি রেস্তোরাঁয় এক হাজার টাকার খাবার খান, তাহলে আপনাকে ১৫০ টাকা মূসক বা ভ্যাট দিতে হবে। জামাকাপড় কিনতে গেলেও একই অবস্থা হবে। ফলে জনগণের ওপর ব্যাপক হারে করের বোঝা চাপবে। ব্যবসায়ী ও নাগরিক সংগঠনগুলো সঠিকভাবেই এই প্রস্তাবিত নতুন মূসক আইনের বিরুদ্ধে কথা বলছে।
রাজস্বের মূলত দুটি খাত রয়েছে, প্রত্যক্ষ (আয়কর) ও পরোক্ষ (মূসক) কর। একটি গণতান্ত্রিক দেশে প্রত্যক্ষ খাত থেকেই বেশি কর ওঠার কথা, অর্থাৎ যাঁদের আয় বেশি, তাঁদের ওপর আণুক্রমিক হারে করারোপ করার কথা। অথচ আমাদের দেশে হয় তার উল্টো। আমাদের সংগৃহীত মোট রাজস্বের ৩০ শতাংশ আসে প্রত্যক্ষ কর থেকে, আর ৭০ শতাংশ আসে পরোক্ষ কর থেকে। অর্থাৎ এর মাধ্যমে সরকার পরিষ্কারভাবেই ধনিকশ্রেণিকে ছাড় দিচ্ছে, যেটা মোটেও আমাদের কাম্য নয়।
একদিকে সরকার জনগণের টুটি চেপে ধরছে, অন্যদিকে খবর বেরিয়েছে, ভুল দ্বিপক্ষীয় চুক্তির কারণে বাংলাদেশে কার্যরত বহুজাতিক কোম্পানিগুলো বছরে ৭০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। অ্যাকশন এইডের গবেষণায় বেরিয়ে এসেছে, পৃথিবীতে বাংলাদেশই সর্বোচ্চ ১৮টি ‘অপচুক্তি’ করেছে। অথচ সে বিষয়ে আমাদের মাথাব্যথা নেই।
তাই জনগণকে একটু স্বস্তি দিতে হলে সরকারকে কিছু পদক্ষেপ নিতে হবে, যার মধ্যে প্রথম হচ্ছে প্রস্তাবিত নতুন মূসক আইন বাতিল করে আগের নিয়মে ফিরে যাওয়া বা তাতে কিছু সংশোধনী আনা, যাতে জনগণের ওপর বোঝা না চাপে। প্রত্যক্ষ কর আদায় বাড়ানোর সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে, দরকার হলে কিছু খাতে করের হার কমিয়ে দেওয়া যেতে পারে, যাতে মানুষ কর দিতে উৎসাহী হয়, এতে পরিণামে কর আদায়ের পরিমাণ বাড়তে পারে। সঞ্চয়ের মাধ্যমগুলো আরও আকর্ষণীয় করতে হবে। সর্বোপরি, বিনিয়োগের পরিবেশ উন্নত করতে হবে, যাতে জনগণের এই সঞ্চয়ের টাকা অলস পড়ে না থাকে। অর্থাৎ ব্যক্তির নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। বাজেটের আগে সরকারের কাছে এটাই প্রত্যাশা।